ভূতো
ভূতো নামে একটা ছেলে থাকে ঢাকার মিরপুরে
সকাল বিকাল নাশতা করে রুটির মধ্যে ক্ষীর পুরে।
লিকলিকে তার হাত-পাগুলো চামড়া কালো কুচকুচে
বলে আমায় দাও না খাবার গরম গরম মুচমুচে।
পাড়ার লোকে ভূতোর নামে ছড়ায় নানা কুত্সা যে
ভূতো নাকি রাতের বেলা অন্ধকারে ভূত সাজে!
মুখে আজব মুখোশ আঁটা শরীর ঢাকা তেরপালে
মাঝে মাঝে বাঘ হয়ে যায়, হয়তো ভূতো শের পালে।
কখনো সে ঝিমায় বসে তেঁতুলগাছের মগডালে
ঘুম তাড়াতে চোখের ভেতর জল যে কত জগ ঢালে!
লটকে থাকে অবলীলায় উঁচু বাড়ির কার্নিশে
রূপ বদলে ঐশ্বরিয়া অথবা কুলকার্নি সে।
পাখির মতো উড়ে বেড়ায় বিশাল পাখা ঝাপটিয়ে
যা খুশি তাই ভাবতে পারো বাদুড় পেঁচা সাপ টিয়ে।
দেখেছ কি সাজটা ভূতোর কেউ কখনো নিজ চোখে
প্রমাণ ছাড়াই ভূতোর নামে ঝুট অপবাদ দিচ্ছ কে?
আচ্ছা তবে প্রমাণ দেব হাতেনাতে ধরব রে
মিলবে ঠিকই কোথায় কী কী হিসাবখানা গড়বড়ে।
রাতের বেলা নজরদারি ভূতোর বাড়ির চারপাশে
ভূতটি সেজে বের হবে যেই ছুটে যাবে তার পাশে।
কিন্তু ভূতো খাটের ওপর ঘুমায় শুধু নাক ডেকে
সবাই বলে নাকটা ভূতোর কাঁথা দিয়ে রাখ ঢেকে।
এমনি গেছে অনেক বছর খবর রাখে বউ কি তার
ভূতো এখন রাত্রি জাগে কারণ সে যে চৌকিদার!