ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ভূমিকম্প! ভূমিকম্প! কাঁপছে ঘর ও বাড়ি
ভয়ের চোটে বাইরে যেতে ছুটছ তাড়াতাড়ি?
হুড়োহুড়ির মধ্যে পড়ে হঠাৎ খেলে চাপা
ছিটকে পড়ে ভাঙল আঙুল, মচকে গেল বাঁ পা!

ভুল করেছ। একটা কথা মন দিয়ে আজ শোনো
ভূমিকম্পে হুড়মুড়িয়ে ছুটবে না কক্ষনো।
এ ব্যাপারে ঘটতে হবে দুটি কাজের মিলন—
পূর্ব থেকে প্রস্তুতি ও সঠিক অনুশীলন।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বাড়ির ভেতর নিরাপদ এক জায়গা রাখো চিনে
খুব সহজে পৌঁছুনো যায় রাতে কিংবা দিনে
ভারী যে আসবাব, দেয়ালে শক্ত করে বাঁধো
কোথাও ফাটল আছে কি না পরখ করো ছাদও
পানি ও বিদ্যুতের লাইন, সারাও ত্রুটি তাতে

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দাহ্য পদার্থকে রাখো সতর্কতার সাথে।
ভূমিকম্প শুরু হলে সামনে কাছে পিছে
শক্ত কোনো টেবিল পেলে যাও ঢুকে তার নিচে
এক হাতে ওর তলা ধরো অন্য হাতে পায়া
আপাতত শান্ত হয়ে বসে থাকো ভায়া।
টেবিল যদি না পাও মাথা বালিশচাপা দিয়ে
খাটের তলায় ঢোকো, দাঁড়াও ঘরের কোণে গিয়ে।

সুযোগ বুঝে বাড়িতে সেই নিরাপদ আশ্রয়ে
সবার সাথে মিলিত হও ধীরে ও নির্ভয়ে।

উপর থেকে নামতে হলে সিঁড়ির পথই সেরা
এ সময়ে বন্ধ রাখো লিফটে চলাফেরা
প্রস্তুতি ও অনুশীলন বাড়ায় সতর্কতা
মনে রেখো শিশু বুড়ো অসুস্থদের কথা।