মন্টুর বান্ধবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আজকে পরীক্ষার খাতা দেবে। মন্টুর বুক ধুকধুক করছে। অঙ্ক পরীক্ষার দিন তার মাথায় কিছু আসছিল না। খালি খাতা জমা দিতে লজ্জা লাগছিল, তাই মন্টু খাতাজুড়ে সুন্দর একটি ছবি এঁকেছে। একটা মেয়ের ছবি।
ক্লাসে স্যার খাতা দেওয়ার পর মন্টু ভয়ে ভয়ে খাতা খুলল। কী আশ্চর্য! পুরো এক শতে এক শ! খাতাভর্তি অঙ্ক! সঠিক এবং নির্ভুল! ছবিটাও নেই! অদ্ভুত কাণ্ড!
সে বুঝতে পারছিল না এসব কে করল। ভাবতে ভাবতে বাসায় গেল। আব্বু-আম্মু জিজ্ঞেস করল, ‘অঙ্ক পরীক্ষার রেজাল্ট দিয়েছে না?’ মন্টু হাসিমুখে তার খাতা এগিয়ে দিল। আব্বু-আম্মু খুশির চোটে জোরে একটা লাফ দিল।
‘একদম ফুল মার্কস!’ আব্বু-আম্মু তাকে জড়িয়ে ধরে বলল, ‘এবার তোর উন্নতি হয়েছে।’
কীভাবে যে কী হলো, ভাবতে ভাবতে মন্টু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার মা ডেকে উঠালো। বলল, ‘তুই কি পাশের ঘরের দেয়ালে ছবি এঁকেছিস? বাড়িওয়ালা এলে খুব বকা দেবে। আর এমন করিস না।’ তখন মন্টু ভাবল, আমি তো কোনো ছবি আঁকিনি! আচ্ছা, পাশের ঘরে গিয়েই দেখা যাক। গিয়ে দেখল, দেয়ালে সেই ছবিটা আঁকা, যেটা ও পরীক্ষার খাতায় এঁকেছিল। অবাক কাণ্ড!
হঠাৎ ছবিটা কথা বলে উঠল। ‘ভয় পেয়ো না, আমি তোমাকে কিছু করব না।’
মন্টু ভয়ে একটু পিছিয়ে গেল। বলল, ‘তুমি কি সেই ছবি, যেটা আমি পরীক্ষার খাতায় এঁকেছিলাম?’
ছবিটা বলল, ‘হ্যাঁ, আমি সেই ছবি। তোমার গণিত খাতায় সব অঙ্ক আমি করেছি।’
‘তুমি করেছ!’
‘হ্যাঁ। শোনো, তোমাকে ভালোভাবে পড়তে হবে। রোজ রোজ তো আমি তোমার অঙ্ক করে দিতে পারব না।’
‘আচ্ছা, পড়ব।’
এভাবে তারা দুজন বন্ধু হয়ে গেল। একদিন মন্টুর ছোট ভাই দেয়ালের ওই ছবির ওপর পেনসিল দিয়ে দাগ দিচ্ছিল। তখন মন্টু ছুটে এসে ছোট ভাইয়ের হাত থেকে পেনসিলটা নিয়ে নিল। তখন ছবিটা বলল, ‘তুমি আমার জান বাঁচিয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ।’
এভাবে তারা আরও ভালো বন্ধু হয়ে গেল। আর মন্টুও নিয়মিত পরীক্ষায় ভালো করতে লাগল।
চতুর্থ শ্রেণি, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা