
নীলক্ষেত পাখির দোকানে দেখা হলো ওদের। যে খাঁচায় নতুন কবুতরের ঠাঁই হলো সেখানে রয়েছে আরও চারটে কবুতর। তিনটে খুব ছটফটে আর এক কোনায় চুপচাপ, গম্ভীর হয়ে বসে আছে পুরোনোদের একজন। তার পাশেই বসল নতুন কবুতর। বিক্রি না হওয়া পর্যন্ত তাকে বন্দী থাকতে হবে জেনেও কেন এমন হাসিখুশি—এটা দেখে অবাক পুরোনো, গম্ভীর কবুতর! কিন্তু মুখে কিছুই বলল না। নতুন কবুতর বলল, ‘আমি ভাই নতুন এসেছি শহরে, গ্রামে এক শিকারির জালে আটকা পড়েছিলাম। তুমি কেমন করে এলে এখানে? তোমার কি মন খারাপ! কেন যেন খুব গম্ভীর দেখাচ্ছে।’
পুরোনো কবুতর তাও কিছু বলে না।
নতুন কবুতর ‘বকবকম’ করেই চলেছে, ‘দেখো, তুমি বন্দী; আমিও। দুজনা বন্ধু হলে মন্দ কী! বলো না ভাই; তোমার মন খারাপ কেন?’
‘সব বলব তোমাকে, তার আগে বিশ্রাম নাও।’ বলল পুরোনো কবুতর
‘কবুতরের আবার বিশ্রাম! সারা দিন ঘুরে বেড়ানো, কিছুক্ষণ পরপর খাওয়া আর বকবকম করা।’
‘বলতেই হবে আমাকে।’ অস্থির হয়ে উঠল নতুন কবুতর।
বেশ কিছুক্ষণ চুপ থাকার পর পুরোনো বলল নতুনকে, ‘হ্যাঁ, আমার মন খারাপ। জীবনে খুব শখ ছিল একটা বাড়ি দেখার, মানুষের বাড়ি। কিন্তু পারলাম না, বন্দীই থাকতে হবে মনে হয় সারাটা জীবন।’
‘আমি তো গ্রাম্য কবুতর, শহর চিনি না। তুমি কোন বাড়ির কথা বলছ, বুঝিয়ে বলবে?’
‘শোনো তাহলে’, বলতে শুরু করল পুরোনো কবুতর, ‘একটা বাড়ি আছে এই শহরে। এটা কোনো রাজপ্রাসাদ না, কিন্তু এ বাড়ি থেকেই জন্ম হয়েছিল এই দেশের। এক মহান মানুষের বাড়ি সেটা। আমার পূর্ব কবুতরের বংশ বাস করত সেখানে। মা-বাবার কাছেই শুনেছি সে বাড়ির কথা। মা-বাবা শুনেছে তাদের মা-বাবার মুখে। “সবাইকে জানতে হবে, ওই বাড়ির কথা”—এমনই নির্দেশ ছিল পূর্ব কবুতরদের। ভবিষ্যৎ বংশধরদেরও সে কথা জানাতে হবে।
‘সে বাড়িতে খুব সুখেই দিন কাটাচ্ছিল আমার পূর্ব বংশ।
‘সে রাতে ওরা ঘুমিয়েছিল। ওরা মানে এ বাড়ির কবুতরগুলো। কাজের লোক ছাড়া মোট আটজন থাকত বাড়িতে। বাড়ির দুজন মেয়ে দেশের বাইরে থাকে তখন।
‘একদিন ভোর হওয়ার আগেই গুলির শব্দে জেগে উঠল সবাই, সবার মনেই ভয়! কী হলো!
‘মা আর বাচ্চারা ভয়ে কেঁদে অস্থির। বাবা কবুতররা ধমক দিয়ে থামাল—চুপ করো সবাই! মায়েরা বাচ্চাদের বুকে নিয়ে দুই ডানায় জড়িয়ে রাখল। খুব ভয় পেল সবাই। হায়, কী হচ্ছে এসব এ শান্তির বাড়িটাতে! এমন সময় মনিবের কণ্ঠ শোনা গেল—“কী চাস তোরা! থামা গুলি, কী বলতে চাস বল”—কথা শেষ না হতেই আবার গুলির বৃষ্টি! থামতেই চায় না, এরই মধ্যে বাড়ির ভেতরে নারী-পুরুষের আর্তনাদ।
‘একসময় সুনসান নীরবতা। হঠাৎ একটা বাচ্চা ছেলের কান্নার শব্দে সচকিত হলো কবুতরগুলো। এ তো তাদের মনিবের ছেলের গলা, ওদের খুব কাছের বন্ধু! কেঁদে কেঁদে বলছে, “তোমরা আমাকে মার কাছে নিয়ে চলো, আমি মার কাছে যাব।”
‘জবাবে কেউ একজন কিছু বলল। এর কিছুক্ষণের মধ্যেই আরেকটা গুলির শব্দ হলো। এরপর বুটের শব্দ তুলে কারা যেন বেরিয়ে গেল বাড়ি থেকে।
‘কান্নায় ভেঙে পড়ল কবুতরেরা, কাঁদল সে বাড়ির বৃক্ষের দল, বাড়ির ফাঁকফোকরে বাস করা চড়ুইগুলো। বাড়ির আশপাশের গাছগাছালি, যত পাখি, বাগানের ফুল, প্রজাপতি সবাই কাঁদছে। এ বাড়ির কোনো মানুষ মনে হয় আর বেঁচে নেই!
‘মনিব আর এ বাড়ির সব মানুষের কথা বারবার মনে আসে কবুতরদের। মনিব হাসিমুখে নিজের হাতে খাওয়াতেন তাদের, সঙ্গে থাকত তাদের প্রাণের ছোট্ট বন্ধুটি। কবুতরদের খুঁটিয়ে খুঁটিয়ে খেতে দেখে খুব মজা পেত সে, প্রাণ খুলে খিলখিল করে হাসত। ছোট্ট তিন চাকার একটা সাইকেলে চেপে টুংটাং বেল বাজিয়ে সারা উঠোন ঘুরে বেড়াত। দেখে খুব মজা পেত কবুতরগুলো, হাসাহাসি করত নিজেদের মধ্যে। এ বাড়ির গৃহিণী কাজের ফাঁকে প্রতিদিন একবার আসতেন তাদের কাছে। খোঁজখবর রাখতেন। কাছে পেলে হাত বুলাতেন গায়ে, চোখ বুজে আদর নিত কবুতরগুলো।
‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের ধারণাই সত্য হলো, রক্তে একাকার সারা বাড়ি। দোতলায় ওঠার সিঁড়িতে পড়ে আছেন মহান মানুষটা, তাদের মনিব, এ দেশের রাজা! বাড়ির ভেতরে একে একে পড়ে আছেন গৃহিণী, কবুতরদের ছোট্ট বন্ধুসহ দুই ভাই আর দুজন নতুন বউ।
‘চোখের জল আর ধরে রাখতে পারল না কবুতরেরা। ঠিক করল এ বাড়ি ছেড়ে চলে যাবে। তা-ই করল।’ বলেই থামল পুরোনো।
কিছু পরে বলল, ‘সেই কবুতর বংশের আমিও একজন। এই দোকানের মালিকের কাছে আমরা পোষ মেনেছি।’
নতুন কবুতর বলল, ‘আচ্ছা ওই বাড়ির ভালো মানুষদের মারল কারা? ওরাও কি মানুষ!’
পুরোনো কবুতর বলল, ‘না। দেখতে মানুষের মতো হলেও ওরা আসলে “অমানুষ”।’