মিকি ইঁদুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোথায় নেই সে? ছোট সিনেমা, বড় সিনেমা, টিভি, কমিক বই—সব কটি মাধ্যমেই তাকে পাবে। তোমার প্রিয় টি-শার্ট কিংবা পেনসিল বক্সেও হয়তো আছে ওর একখানা ছবি। সে হলো সব কার্টুনের ওস্তাদ—মিকি মাউস! ১৯২৮ সালে, আজকের দিনেই প্রথম দেখা গিয়েছিল এই দুষ্টু ইঁদুরটাকে। প্লেন ক্রেজি নামে একটা স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়েছিলেন মিকির অন্যতম স্রষ্টা, ওয়াল্ট ডিজনি। মজার ব্যাপার হলো, মিকির সেই পরীক্ষামূলক প্রদর্শনী দেখে একেবারেই মন ভরেনি দর্শক আর কার্টুন পরিবেশকদের। হাই তুলে তারা বলেছিল, ‘ধুত্তোরি, এটা একটা কার্টুন হলো!’ অথচ এই মিকি মাউসের হাত ধরেই তৈরি হয়েছে আজকের ডিজনি, যে ডিজনির ছবি আর কার্টুন দেখতে তোমরা হুমড়ি খেয়ে পড়ো! মিকি হলো কার্টুন জগতের প্রথম ‘তারকা’। চলো, তার সম্পর্কে আরও কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক।
: মিকি মাউসের উচ্চতা দুই ফুট তিন ইঞ্চি। আর ওজন প্রায় ১০ কেজি!
: কার্টুনে মিকি মাউসের বউ মিনি মাউসকে তো তোমরা চেনো। যদিও মিকি মাউসের কোনো ছবিতেই দুজনের বিয়ে দেখানো হয়নি।
: মিকির বলা প্রথম শব্দ, ‘হট ডগস!’
: ওয়াল্ট ডিজনি প্রথমে এই কার্টুন ইঁদুরটির নাম রেখেছিলে মর্টিমার। কিন্তু ডিজনির স্ত্রীর নামটা পছন্দ হয়নি। তাই নাম বদলে রাখা হয় মিকি।
: মিকির হাঁটাচলা অনেকটা চার্লি চ্যাপলিনের কাছ থেকে অনুপ্রাণিত।
: ১৯২৮ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ওয়াল্ট ডিজনি একাই মিকি ও মিনির চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
: শুরুতে যখন অত্যাধুনিক অ্যানিমেশনের সুযোগ ছিল না, তখন সাড়ে ছয় মিনিটের একটা মিকি মাউসের কার্টুন ছবি বানাতে ৪৫ হাজার ছবি আঁকতে হতো!
: মিকির হাতে চারটা আঙুল। কারণ, ওয়াল্ট ডিজনির মনে হয়েছিল, একটা ইঁদুরের হাতে পাঁচটা আঙুল দিলে ঠিক মানায় না। তা ছাড়া ৫ নম্বর আঙুলটা আঁকতে না হলে কিছুটা খরচ বাঁচে!

সূত্র: ডিজনি পার্ক