
ছোট্টবেলার আমার গোপন ঝুলি
কাদা জড়ানো একটি মাথার খুলি
এক মুকুন্দদার বুকের গুলি
এসো, একাত্তরের গল্প বলি।
গনি ভাইয়ের ছুড়ে মারা জালে
কাদামাখা হাঁড়ির মতো কী যেন আটকালে
দেখি অবাক হয়ে, অল্প অল্প ভয়ে
এ যে একটি মাথার খুলি
এসো, একাত্তরের গল্প বলি।
সাপের মতো বয়ে চলা খালে
কচুরিপানার সাথে দেখি—
মনোযোগী শকুন ভেসে চলে
নিবাস ঘেঁষে ঘেঁষে, ভেসে ভেসে।
শকুন ঠোঁটে ছিন্নভিন্ন দেহ
মনে হচ্ছিল, মানুষ মতো কেহ!
কোমলমতি বোনটি ছিল সাথে
শিশির পায়ে সূর্য ওঠা প্রাতে
বোনটি আমার এতটাই বড় ছিল
তখন কেবল সতেরোতে পড়েছিল।
কেঁদেছিল, অঝোরে সে কেঁদেছিল
সে গাঁয়েরই মুকুন্দ, কেউ বলেছিল!
চিৎকারে তার অন্যেরা জড়ো হলে
বলে, কচুরিপানা হয়ে মানুষ ভাসে
বুকে বসে তাঁর শকুন-শকুনি হাসে!
দাদুবাড়ির সেই সাপের মতো খালে
তোমরা কি জানো—ওরা কারা?
কারা মুকুন্দকে এভাবে ভাসালে?
মুকুন্দরা পচে গলে, নদী-খালে
জলে, পলি হয়ে মাঠের পলে পলে
শস্য হয়ে ফলে, সুজল শ্যামলিমায়
এই সেই দেশ ও মাটি—
আমাদের স্বাধীন বাংলার ঠিকানায়।