
নদীর ওপারের তুলসীপাড়া জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানি মিলিটারি। খবরটা পেতেই হাকিমপাড়ার লোকজন ভয়ে সিঁটিয়ে গেল। কালু মিয়া তাঁর ধানখেতের দিকে তাকায় আর ভাবে, খেতের মধ্যে আগুন জ্বলছে। হারু মাঝি নৌকার গায়ে হাত বুলায় আর বলে, ‘জ্বালাইয়া দিবরে!’ শরিফা বানু তাঁর একমাত্র সম্বল মুরগিটাকে কোলে নিয়ে বসে থাকে। পাকিস্তানি মিলিটারি যদি খেয়ে ফেলে! ছোট হাবুল তার খেলনাগুলো মাটির তলায় গুপ্তধনের মতো লুকিয়ে ফেলে।
গ্রাম ছেড়ে পালানোর কথা ভাবছে সবাই। একজন ছাড়া। নাম তার বাটুল শাহ। বয়স ৩৩। উচ্চতা সাড়ে তিন ফুট। বাটুল শাহর চিন্তা নেই। উল্টো সবাইকে বলে বেড়াচ্ছে, ‘চিন্তার কুনু কারণ নাই। আমি আছি।’
বাটুল শাহ আছে এটা সবাই দেখছে। কিন্তু সে কী করবে কেউ জানে না। এদিকে মিলিটারি এল বলে। কেউ বলল, ‘নদীর ওপর সেতু উড়িয়ে দিলে মিলিটারির জিপ আর আসতে পারবে না। কিন্তু সেতু উড়াবে কী দিয়ে। সেতুর গায়ে ডানা নাই আবার গ্রামে কারও কাছে বোমাও নাই। তারপরও বাটুল শাহর এক কথা, ‘চিন্তার কুনু কারণ নাই, আমি আছি।’
‘তুমি পারবা? পাক মেলিটারির সাইজ দেখছ! একেকটা ছয় হাত লম্বা হবি।’
মুরব্বি করিম মিয়ার কথায় আরও অনেকে সায় দেয়। বাটুল শাহ কপাল কুঁচকে বলে, ‘সাইজ কুনু সমস্যা না। আপনাদের কইসি, গেরামে থাকেন, চিন্তা নাই, আমি আছি। যুদ্ধ করতে অস্ত্র লাগে না।’
‘তয় তুমি কি বাঁশের লাডি দিয়া যুদ্ধ করবা? লাডি তো তোমার চাইতে লম্বা।’
আরও অনেকে অনেক কথা বলে খেপিয়ে তুলল বাটুল শাহকে। বাটুল শাহও রাগ করে কোথায় যেন হারিয়ে গেল। গ্রামের সবাই আবার চিন্তায় পড়ে গেল। বাটুল শাহর কথায় কেউ কেউ আশা করতে শুরু করেছিল যে লোকটা একটা কিছু হয়তো করবে। এখন উপায়?
অনেক খুঁজে গ্রামবাসী বাটুল শাহকে খুঁজে পেল জঙ্গলে। কী যেন খুঁজছে। তারপর হঠাৎ চেঁচিয়ে উঠল ‘পাইছি!’ বলে। গ্রামবাসীর দিকে ফিরে বলল, ‘শোনো গেরামবাসী। আমারে সবাই একটা কইরা মুরগি দেও। খিচুড়ি আর মুরগি রান্না কইরা পাক মেলিটারিরে খাওয়ামু।’
সঙ্গে সঙ্গে ছি ছি রটে গেল গ্রামে। অনেকে বলতে লাগল বাটুল শাহ রাজাকার হয়ে গেছে!
এদিকে গ্রাম ছেড়ে পালানোর উপায় নেই। সব দিকেই পানি। আরেক দিকে পাকিস্তানি মিলিটারির ক্যাম্প।
পরদিন ঘুম থেকে উঠে বাটুল শাহ দেখে তার উঠোনে একপাল মুরগি বাঁধা। পাতিল ভর্তি করে কে যেন চাল-ডালও দিয়ে গেছে।
ভোর থেকেই কাজে নেমে পড়ল বাটুল শাহ। খিচুড়ি ও মুরগির মাংসের ঘ্রাণে গোটা গ্রাম ম-ম করছে। এর মাঝে খবর এল পাকিস্তানি সেনারা নাকি ব্রিজ পার হয়ে গ্রামে ঢুকে পড়েছে। বাটুল শাহ এক দৌড়ে এগিয়ে গেল পাকিস্তানি সেনাদের সামনে। মুখে হাসি ফুটিয়ে বলল, ‘হুজুর, আপনাদের জন্য খিচুড়ি রান্না করেছি। সঙ্গে মুরগির ঝালমাংস। আপনারা আমার বাড়ি চলেন।’ পাকিস্তানি সেনারা খুশিতে ডগমগ হয়ে বাটুল শাহর বাড়ি গেল। উঠোনের মাদুরে পেতে রাখা বাসনে খিচুড়ি বেড়ে দিল বাটুল শাহ। মসলাদার মাংসের গন্ধে কেউ আর দেরি করল না। হুমড়ি খেয়ে পড়ল খিচুড়ি-মাংসের ওপর। আড়াল থেকে গ্রামবাসী দেখছে ঘটনা। সবার চোখে ভয়।
বাটুল শাহ তার বাড়িতে ঢুকে পড়ল। ফিরে এল পাঁচ মিনিট পর। হাতে একগাছা দড়ি। উঠোনজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে পাকিস্তানি সেনারা। সবাই বেঘোরে ঘুমোচ্ছে। বাটুল শাহ এবার দড়ি দিয়ে ধীরে-সুস্থে সবাইকে বেঁধে ফেলল। গ্রামবাসীর ভয় কাটেনি। তাই তারা এগিয়ে আসছে না। বাটুল শাহ ভাবছে, কারও ঘুম ভাঙলে পরে তার শাস্তি দেওয়া যাবে। আর যার ঘুম কখনোই ভাঙবে না, তাকে নিয়ে চিন্তার কারণ নেই।
অনেক দিন পর বিস্মিত গ্রামবাসী যেদিন বাটুল শাহকে ছেঁকে ধরল, তখন সে রহস্যটা ফাঁস করল, ‘আরে মিয়ারা, জঙ্গলে গেছিলাম ধুতরার ফল কুড়াইতে। খিচুড়িতে মিশাইয়া দিসিলাম গোটা বিশেক। তোমাগোরে তো কইছিলাম, আমি আছি, চিন্তা নাই।’
সবাই খুশি হলো, একজন ছাড়া। কে সে? যে লোকটা গভীর রাতে বাটুল শাহকে চাল, ডাল আর মুরগি দিয়ে গিয়েছিল...!