
মেঘপরির মেয়ে মেঘা। মেঘের দেশে উড়ে বেড়ায়। তার সাদা মেঘের মতো ডানায় ছোট পাখিরা এসে বসে। মধুর সুরে গায়। সেই সুরে মেঘার মনটা ভরে যায়। খিলখিলিয়ে হাসে।
মেঘার এই সুখ দেখে ডাইনি কুটিলার চোখে ঘুম নেই। মেঘার মুখের হাসি কেড়ে নেওয়ার কথা ভাবে কুটিলা। সে ছোট পাখির রূপ ধরে মেঘার ডানায় গিয়ে বসে। তারপর কাঠঠোকরার মতো ঠোঁট বড় করে। কুট্ কুট্ করে কেটে দেয় মেঘার ডানা।
মেঘা শাঁ করে নামতে থাকে নিচের দিকে। পেছন থেকে কিট কিট হাসতে থাকে ডাইনি।
একটি খড়ের গাদায় ধাম করে পড়ে মেঘা। গড়িয়ে পড়ে নিচে।
সেটা এক চাষির বাড়ি। সাত সকালে দরজা খুলে চাষির বউ খুব অবাক। উঠানে খড়ের গাদার পাশে একটি ছোট মেয়ে পড়ে আছে। ফুটফুটে চেহারা। এখানে সে এল কীভাবে?
মেয়েটিকে ডেকে তুলল চাষির বউ। জানতে চাইল, ‘তুমি কে গো? বাড়ি কোথায়?’
মেঘা চোখ ডলে এদিক-ওদিক তাকায়। এ কোথায় এসেছে সে? তার মা কই? বাবা কই? ভাইবোন কই?
আপনজনদের জন্য মেঘা কাঁদতে শুরু করল। চোখ বেয়ে পানি পড়ছে তো পড়ছেই। সে পানিতে ভরে গেল উঠান। উঠানের পানি গড়িয়ে গেল মাঠে। মাঠের পানি গড়িয়ে গেল ঘাটে। মাঠ-ঘাট সব ডুবে গেল। বানের পানিতে ভরে গেল চারদিক।
সবাই তো ভয়ে আধমরা। তারা বলতে লাগল, ‘এ মেয়েকে শিগগির তাড়াও। সবাইকে ডুবিয়ে মারবে ও।’
কলাগাছ কেটে বিশাল এক ভেলা বানানো হলো। সেই ভেলায় মেঘাকে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে অনেক দূর চলে গেল সে। ভিড়ল গিয়ে এক ঘাটে।
এ আজব এক দেশ। চারদিক কেমন হলদেটে! গাছগুলো ন্যাড়া ন্যাড়া। পাতা নেই। ধু ধু মাঠ। কোথাও কোনো ফসল নেই। মাটি ফেটে চৌচির। একটুও ঘাস নেই।
কোথাও কোনো গরু নেই। মহিষ নেই। ছাগল নেই। ভেড়া নেই। মুরগি নেই। হাঁস নেই।
চারদিকে কত মানুষ! কারও মুখে হাসি নেই। চেহারা মলিন। কারও সাজপোশাক ভালো নয়।
একটা গাছের নিচে মুখ ভার করে বসে আছে এক বুড়ো। মেঘা গিয়ে তাকে বলল, ‘আপনি এভাবে বসে আছেন কেন? কী হয়েছে আপনার?’
বুড়ো বলল, ‘আমাদের অনেক দুঃখ মা! ৩০ বছর ধরে এ দেশের আকাশে মেঘ জমে না। বৃষ্টি জমে না। দেখছ না মাঠ-ঘাট কেমন শুকিয়ে হলুদ! আমাদের দেশে কোনো ফসল হয় না। পানির অভাবে পুকুর-নালা সব শুকিয়ে গেছে। মাছগুলো সব মরে গেছে। কোথাও কোনো গরু-ছাগল নেই।’
মেঘার মনটা ভারী হয়ে যায়। আহা, সত্যিই তো বেচারাদের বড় দুঃখ! সে জানতে চায়, ‘তাহলে তোমরা চলছ কীভাবে?’
বুড়ো মাথা নেড়ে বলে, ‘ওই ধারদেনা করে। তা তুমি কে গো মেয়ে? কোথা থেকে এলে এই অভাবের দেশে?’
মেঘা বলল, ‘আমি মেঘপরির মেয়ে মেঘা। মেঘের দেশে আমার বাড়ি। ডাইনি কুটিলা আমার ডানা কেটে দিয়েছে। তাই এখন আর উড়তে পারি না।’
বুড়ো বলল, ‘ইশ্! তুমিও দেখছি এক দুঃখিনী! আচ্ছা, তুমি তো মেঘের দেশে থাকো। তা আমাদের এখানে মেঘ এনে দিতে পারবে? পারবে একটুখানি বৃষ্টি নামাতে?’
মেঘা মুখ তুলে আকাশের দিকে তাকায়। নীল কাচের মতো ঝকঝক করছে আকাশটা। কোথাও এক চিলতে মেঘ নেই। এত বড় একটা আকাশে একটুখানি মেঘ না থাকলে হয়? মেঘা গায়ের সবটুকু জোর দিয়ে একটা ফুঁ দিল। সেই ফুঁ থেকে সাদা মেঘের একটা বল বের হলো। সেটা উড়তে উড়তে, ঘুরতে ঘুরতে চলে গেল দূর আকাশে। তারপর ভেলার মতো ভাসতে লাগল।
সারা দেশে বিরাট এক হইচই পড়ে গেল। ঘর থেকে হুড়মুড় করে বাইরে চলে এল সব মানুষ। খুশিতে তারা আটখানা। দেখো দেখো, আকাশে মেঘ জমেছে!
দেখতে দেখতে সেই মেঘ অনেক বড় হলো। সাদা মেঘ হয়ে গেল ছাই বরণ। ছাই থেকে কালো। সে মেঘ এখন আর হালকা নেই। অনেক ভারী। তার অনেক দাপট। দানবের মতো গর্জাতে লাগল মেঘ। দেখা দিল বিজলির চমক। নামল অঝোর বৃষ্টি। আকাশ থেকে ঝরো ঝরো ঝরতেই লাগল।
সারা দেশে খুশির বান ডাকল। বৃষ্টিতে ভিজে মনের সুখে গোসল করতে লাগল সবাই।
দেখতে দেখতে মাঠ-ঘাট ভরে গেল পানিতে। শুরু হলো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ। বিলগুলোতে ফুটতে লাগল শাপলা। পুকুরগুলো ভরে গেল মাছে। এ দেশের মানুষের মনে আর দুঃখ নেই।
মেঘা অবাক হয়ে দেখে, সুন্দর এক জোড়া নতুন ডানা গজিয়েছে তার। এটা কী করে হলো!
এদিকে দুঃখী বুড়োও আর সেভাবে নেই। তার জায়গায় এত বড় দাড়িওয়ালা এক সফেদ পুরুষ। মাথায় বিশাল এক পাগড়ি।
বুড়ো বলল, ‘আমি আসলে এক দরবেশ। বুড়ো সেজে তোমার মন পরীক্ষা করছিলাম। দেখলাম, তোমার মনটা সত্যিই খুব সুন্দর। কোনো কালিমা নেই। তাই পুরস্কার হিসেবে নতুন ডানা পেয়েছ।’
মেঘার মনের মেঘ কেটে গেল। দরবেশকে ধন্যবাদ জানিয়ে ফিরে চলল নিজের দেশে।
নতুন ডানা মেলে উড়তে উড়তে নিজের দেশে ফিরে গেল মেঘা। সাদা মেঘ খিলখিলিয়ে হেসে উঠল। ধূসর মেঘ গুড়গুড় করে ঝুমঝুমি বাজাল। কালো মেঘ কড়কড় করে বাজ ফেলল। মেঘার আগমনে উৎসবে মেতে উঠল সবাই।
মা এসে বুকে জড়িয়ে ধরল মেঘাকে। বলল, ‘কোথায় ছিলি তুই? আমি তো খুঁজে খুঁজে হয়রান!’
মেঘা খুলে বলল সব। মা বলল, ‘ওই পাজি ডাইনিটা উচিত সাজা পেয়েছে। তোর জমানো মেঘ থেকে যখন বিজলি চমকে ওঠে, সে আগুনে পুড়ে মরেছে কুটিলা।’
মেঘা এখন আগের মতো মেঘের দেশে উড়ে বেড়ায়। ধুলোট আর তুলোট মেঘ তাকে পাহারা দেয়। উড়তে উড়তে সে বহুদূর চলে যায়। পাখিদের সঙ্গে ভাব করে। আর যে দেশে খরা, সেখানে সে বৃষ্টি নামায়।