মোরগের বুদ্ধি

একটা ছিল কুকুর। আর এক ছিল মোরগ। দুজন ছিল খুব ভালো বন্ধু। দুই বন্ধু একসঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিল। পথে যেতে যেতে রাত হয়ে গেল। মোরগটার খুব খিদে পেল। কুকুরটা ওকে গাছের ডালে উঠে অপেক্ষা করতে বলল, যেন কোনো বিপদ না হয়। কুকুররা তো আবার রাতে ভালো দেখে।
কিছুক্ষণ পর মুখে একটা রুটি নিয়ে ফিরল কুকুরটা। তারপর দুজনে মিলে ভাগ করে খেল। খাওয়া শেষ হলে মোরগটা এক গাছের ওপরে একটা ডাল বেছে নিয়ে ঘুমাতে গেল। আর কুকুরটা? কুকুরটা রইল ওই গাছেরই গোড়ায় এক বড়সড় গর্তে। দুজনেই ঘুমিয়ে পড়ল।
ভোর হয়ে আসছে। মোরগ তার অভ্যাস মতো কোঁকর কোঁক করে ডেকে উঠল। সেই ডাক শুনে বড় লোভ হলো এক শিয়ালের। একটু দূরেই সে তার ছানাপোনা নিয়ে বাস করে। মোরগের ডাক শুনে সে এগিয়ে এল সেই গাছের তলায়। তারপর শিয়ালটা গাছের ডালের দিকে চেয়ে মোরগকে মিষ্টি করে বলল, ‘সত্যিই কি সুন্দর গলা তোমার, শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, নেমে এসো, আমি তোমার গলা ধরে বন্ধু হব।’
এই কথা শুনে মোরগটিও মিষ্টি করে বলল, ‘এই গাছের নিচে আমার দারোয়ান ঘুমাচ্ছে, তাকে আগে জাগাও, সে উঠে দরজা খুলে দিক, তখন আমি নিচে নামতে পারব।’
শিয়াল ভাবল, মোরগটা ওর সঙ্গে মজা করছে। শিয়াল তখন কেবলই খুঁজছে, কোথায় সেই দারোয়ান, কাকে দরজা খোলার কথা বলতে হবে। হঠাৎ কুকুর উঠে এক লাফে দাঁত দিয়ে শিয়ালটার ঘাড় চেপে ধরল। দু-এক কামড় খেয়েই শিয়ালটা দৌড়ে পালাল। আর মোরগটা প্রাণে বাঁচল।
তৃতীয় শ্রেণি, লিটল স্কলারস স্কুল, বরিশাল