যমজ কিডন্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

অত্যন্ত সৃজনশীল ছেলে আসিফ। উপস্থিত বুদ্ধি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। ওর আরেকটা গুণ হলো, ও খুব ভালো গান গাইতে পারে। কবিতাও লেখে। একবার হলো কী, পরীক্ষায় এক প্রশ্নে কতগুলো শব্দ দেওয়া আছে এবং সেগুলো দিয়ে কবিতা লিখতে হবে। আসিফ এত সুন্দর একটা কবিতা লিখল যে বাংলা স্যার তাকে পাঁচে ছয় দিয়ে দিলেন।
এমন বুদ্ধিমান একটা ছেলে কিনা পড়ল কিডন্যাপারের কবলে!
কোচিং সেন্টার থেকে বেরোতে আজ দেরি হয়ে গেল। বাইরে এসে দেখে তার বাবা নেই। বাবা বলছিলেন, আজ আসতে পারেন, না-ও পারেন। সে ধরে নিল, বাবা আজ আসবেন না। তাই হাঁটা ধরল।
ভাড়ার টাকা আছে, কিন্তু সে হেঁটেই যাবে। টাকাটা বাঁচাবে। এ রকম নানান কথা ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় একটা যুবক এসে আসিফের সামনে দাঁড়াল। লোকটা দেখতে অবশ্য তেমন ভয়ংকর না। বলল, ‘তুমি আসিফ না?’
লোকটার হাবভাব মোটেও ভালো লাগছে না আসিফের। তবু বলল, ‘জি’।
‘তোমার বাবা আমার শিক্ষক ছিলেন।’
‘কিন্তু আপনি আমাকে চিনলেন কী করে?’
‘আমি তোমাদের বাসায় গিয়েছিলাম। তাই চিনতে পারলাম।’
কোথায় কখন এই লোক বাসায় গেছে, সেটা মনে করতে পারল না আসিফ। বলল, ‘আমার কাছে কী চান?’
‘না মানে...’ চোখে চোখে লোকটা কাকে যেন ইশারা করল। ‘তোমার বাবার কাছে একটা জিনিস পৌঁছে দিতে হবে।’ তারপর হঠাৎ চিৎকার করে উঠল, ‘ওই দেখো, তোমার বাবা।’
আসিফ কল্পনাও করতে পারেনি, এটা ওদের চালাকি। সে পেছনে তাকাতেই লোকটা তার নাকে একটা রুমাল চেপে ধরল। নিশ্চয়ই ক্লোরোফর্ম। তারপর একটা ভ্যান এল। চার-পাঁচ জন মিলে তাকে ভ্যানে উঠিয়ে মুহূর্তেই হাওয়া!
রাত ৮টা বেজে ১৫ মিনিট। আসিফ এখনো বাসায় ফেরেনি। অথচ তার কোচিং শেষ হয় সাড়ে পাঁচটায়। মা-বাবা কী করবেন, বুঝতে পারছেন না। আর ভাইটার তো একেবারে পাগল-পাগল অবস্থা।
‘কোথায় যে গেল ছেলেটা?’ কাঁদো কাঁদো গলায় বললেন মা। ‘এই জিম, তোর কাছে আসিফের কোনো বন্ধুর নম্বর আছে?’
‘না মা। থাকলে তো আমি ফোন করতাম।’
‘দেখ না। আসিফের ডায়েরিতে কিছু লেখা আছে কি না।’
‘কীভাবে দেখব? আসিফ তো আমার কাছ থেকে লুকানোর জন্য ডায়েরিটা ওর ব্যাগে নিয়ে ঘোরে।’ অসহায়ভাবে বলল জিম। বলা হয়নি, জিম ওর বড় ভাই।

চোখ মেলতেই আসিফ দেখল, সে আছে একটা বড় রুমে। মাকড়সার জাল এবং ময়লায় ভরা একটা রুম। মাঝখানে একটা গোল পিলার। সেই পিলারে তাকে বেঁধে রাখা হয়েছে। ক্লোরোফর্মের প্রভাব এখনো যায়নি। তাই আবার তাকে ঘুমাতে হলো।

জেগে ওঠার পর সে দেখল, আকাশে একটা চাঁদ উঠেছে। কিন্তু তাকে আনন্দ দিতে পারছে না। ‘এভাবে ঘুমানো ঠিক হয়নি।’ মনে মনে বলল সে। কী করবে তা-ই ভাবছে। হঠাৎ দরজাটা খুলে গেল। তিনজন লোক ভেতরে ঢুকল। হাতে তেমন কোনো অস্ত্র নেই। এদের মধ্যে কাউকে পালের গোদা মনে হলো না।

আসিফের মুখে স্কচটেপ লাগানো, সে কিছু বলতে পারছে না। কেউ একজন আসছে মনে হচ্ছে। এ নিশ্চয়ই লিডার। তারপর যা দেখল, তা আসিফের কল্পনার অতীত। ঘরে ঢুকল সে নিজে অর্থাৎ তার মতো দেখতে একটা ছেলে! হুবহু এক। লম্বায়ও সমান। এসেই বলল, ‘কী খবর আসিফ?’

আসিফ কিছু বলতে চাইল, পারল না।

‘অ্যাই, ওর মুখের বাঁধন খোলো।’ বলল ছেলেটা।

স্কচটেপ খুলতেই আসিফ বলল, ‘কে তুমি?’

‘আমার নাম বলব না। তবে একটা কথা বলতে পারি, আজ থেকে তোমার স্থান হবে আমার।’

‘মানে?’

‘মানে হলো, আমরা তোমাকে সরিয়ে ফেলব। তোমার আর আমার চেহারা যেহেতু এক, তোমার জায়গাটা আমি দখল করব।’

‘কী! কী বলছ এসব?’

‘ সত্যি বলছি।’ হাসল ছেলেটা। তারপর করুণভাবে বলল, ‘আমার অনেক সম্পদ, কিন্তু কোনো পরিবার নেই। তাই তোমার পরিবার আমি দখল করব।’

‘না। তা তুমি করতে পার না।’

‘পারি। অবশ্যই পারি। বাই।’

সে চলে গেল। দুটো লোকও চলে গেল। একটা লোক এগিয়ে আসছে আসিফের মুখে স্কচটেপ লাগাতে।

এবার একটু আগে ফিরে যাই। লোকগুলো ঢোকার আগে আসিফ দেখেছিল গজ খানেক দূরে একটা লাইটার পড়ে আছে। অতি কষ্টে সে যখন লাইটারটার নাগাল পেল, তখনই দরজাটা খুলে গেল এবং তাদের প্রবেশ ঘটল। এই সময়ের মধ্যেই সে লাইটারটা বাগে এনে ফেলেছিল।

তারা যখন কথা বলছিল, আসিফ আস্তে আস্তে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দড়ির বাঁধন খুলে ফেলল। কিন্তু বোকামি করল না। যখন লোকটা তার দিকে স্কচটেপ হাতে এগিয়ে আসছিল, তখন একটা ফ্লাইং কিক মেরে নাক ফাটিয়ে দিল। তারপরই দিল দৌড়। লোকটা ক্রমাগত চিৎকার করছে। চিৎকার শুনে যখন অন্যরা বেরোল, ততক্ষণে আসিফ দৌড়ে গেটের বাইরে চলে এল। দারোয়ানটা তাকে ধরার জন্য আসছিল। সে একটা ঘুষি মেরেই তাকে শুইয়ে দিল। তারপর দে দৌড়!

‘এই যে আংকেল, এই জায়গাটার নাম কী?’

‘গুলিস্তান।’

‘একটা ফোন করতে পারব।’

‘অবশ্যই।’

‘হ্যালো! হ্যালো আব্বু, আমি আসিফ!’ 

অষ্টম শ্রেণি, রাজউক উত্তরা মডেল কলেজ