রংপাতার গাছ

বৃষ্টি হয় না। কী করি? মেঘ আঁকলাম।
মেঘ উড়ে গেল।
নদী আঁকলাম।
নদী উবে গেল।
জলা আঁকলাম।
জলা থাকল না।
স্কুলের মাঠ আঁকলাম।
স্কুলের মাঠ থাকল না।
কী আঁকি তবে? কী আঁকি আর?
অনেক চিন্তা করলাম। চিন্তা করলাম। চিন্তা করলাম। চিন্তা করে, চিন্তা করে, চিন্তা করে, শেষে এই রংপাতার গাছটা আঁকলাম।
রংপাতার গাছ! এ আবার কী রকমের? কী রকমের আবার? অনেক অনেক রঙের! লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, আসমানি, কমলা, সব রং। এত রঙের গাছ হয় নাকি?
আঁকলেই হয়।
রংপাতার গাছ! আঁকলাম তো আঁকলাম। এখন?
এমা! রংপাতার গাছে দেখি একটা ছোট্ট রঙিন পাখি এসে বসল।
‘পাখি ভাই, ও পাখি ভাই!’
ছোট্ট রঙিন পাখি বলল, ‘কী?’
‘বৃষ্টি হচ্ছে না কেন বলো তো?’
‘বোকা! স্কুলের মাঠ, জলা, নদী, মেঘ আঁকে! বৃষ্টি হয় না! বৃষ্টি না আঁকলে বৃষ্টি কোথা থেকে হবে শুনি? এমনি হয়ে যাবে? ’
তাই তো! তাই তো!
এত কী আঁকলাম! কত কী আঁকলাম! বৃষ্টিই তো, আঁকিনি তো! বৃষ্টি আঁকলাম! ছোট্ট রঙিন পাখির কথায় আঁকলাম। লাল, নীল, হলুদ, সবুজ রঙের বৃষ্টি। হলুদ, কমলা, বেগুনি, আরও কত রঙের বৃষ্টি। আঁকলাম আর বৃষ্টিও হলো। অনেক দিন পর অনেক রঙের বৃষ্টি হলো। আমি অনেক ভিজলাম বৃষ্টিতে। ছোট্ট রঙিন পাখিও ভিজল! রংপাতার গাছও ভিজল! মনটাই ভালো হয়ে গেল, ইসরে!
ভালো যে রংপাতার গাছ আঁকার বুদ্ধি মাথায় এসেছিল। ছোট্ট রঙিন পাখি কোথা থেকে আসত না হলে? বৃষ্টি আঁকার কথা কে বলতো তাহলে?
থ্যাংক ইউ, রংপাতার গাছ।
থ্যাংক ইউ, ছোট্ট রঙিন পাখি।
থ্যাংক ইউ, বৃষ্টি।
এই হলো গল্প।
আমার গল্প নয় কিন্তু মোটেও।
ছোট্ট একজন আর্টিস্ট মানুষের গল্প।
ছোট্ট সেই আর্টিস্ট মানুষটা কে?
বলব না।
কেন নয়, ছোট্ট সেই আর্টিস্ট মানুষটা তো আপনিও হতে পারেন। তাহলে তো আমাকে বকবেন! খুব বকবেন! আপনার রংপাতার গাছের গল্পটা কেন আমি মানুষকে বললাম? কেন? কেন? কেন?
রংপাতার গাছ! রংপাতার গাছ!
ভালো লাগল বলে বললাম রে বাবা!