রহস্য হাজির!
>গোয়েন্দারা নাকি রহস্যের গন্ধ পান। এই লেখাটা নাকের কাছে নিয়ে দেখো তো, গন্ধ-টন্ধ পাও কি না! পেলে বুঝবে, এখনই তুমি পাক্কা গোয়েন্দা হয়ে উঠেছ। এবার দুঁদে গোয়েন্দার মতোই এই দুটো রহস্যের সমাধান করো দেখি।

হাঁস হাপিশ!
‘মহা মুসিবত।’ বিড়বিড় করে বললেন ইন্সপেক্টর হাসমত।
শনিবার সকালে শহরের ধনকুবের শফিউদ্দিন আহমেদের ফোনে তাঁর ঘুম ভেঙেছে। ঘটনা কী? শফি সাহেবের ঘরে একটা সোনার হাঁস ছিল। সেটা নাকি হঠাৎ হাওয়া হয়ে গেছে।
‘মুসিবত’ সেটা না। মুসিবত হলো, ছোটবেলায় হাসমতকে স্কুলের বন্ধুরা ‘হাঁস’ বলে খ্যাপাত। ‘হাঁস চুরি’ রহস্যের সমাধান করতে এসে তাঁর বারবার সে কথা মনে পড়ে যাচ্ছে।
সোফায় গা এলিয়ে দিয়ে ইন্সপেক্টর বললেন, ‘সোনার জিনিসটা...ইয়ে মানে ওই হাঁসটা, কোথায় ছিল বলুন তো?’
‘দোতলায়। আমার শোবার ঘরের আলমারিতে। আলমারিতে তালা দিই না। বাড়িতে তো আমি, কাজের লোক মদন আর আমার শ্যালক মিজান ছাড়া কেউ থাকে না। আমিও নিজের ঘর ছেড়ে খুব একটা বেরোই না। গতকাল সন্ধ্যায় অবশ্য বেশ কজন বন্ধুবান্ধবকে দাওয়াত করেছিলাম। ওদের মধ্যে কেউ ওপরে উঠেছিল কি না, আমি খেয়াল করিনি।’
ইন্সপেক্টর এরপর কাজের লোক মদনের সঙ্গে কথা বললেন। মদনের বক্তব্য এমন, ‘আমি স্যার হাঁসের ব্যাপারে কিচ্ছু জানি না। স্বন্নের হাঁস জীবনে কুনোদিন দেহি নাই। সকালে বাজারে গেছিলাম। বাজারে অবশ্য হাঁস দেখছি। বোঝেনই তো শুক্কুরবার, ম্যালা দাম...’
‘আহ, বেশি কথা বোলো না তো।’ হাসমত ধমক দিয়ে মদনকে থামালেন। ‘যা জানতে চাই তা-ই বলো। গতকাল সারা সন্ধ্যা তুমি কোথায় ছিলে?’
‘আমি তো স্যার পাকের ঘরেই ছিলাম। ঘরে মেহমান আইলে স্যার একটু পরপর আমারে ডাকে। নড়নচড়নের উপায় আছে কন?’
নাহ, এই লোকের কথায় কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হাসমত এবার শফি সাহেবের শ্যালক মিজানকেও একই প্রশ্ন করলেন, ‘গতকাল সন্ধ্যায় আপনি কী করছিলেন?’
‘আমি তো ঘরেই ছিলাম। টেলিভিশনে সানডে নাইট দেখছিলাম।’
মাথা চুলকে ভাবতে বসলেন হাসমত। ভালো বিপদে পড়া গেল!
ছড়ায় ভুল
ঘরের প্রতিটা কোনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন ছোট মামা। তারপর রনির দিকে ফিরে বললেন, ‘বুঝলি রনি, রহস্যটা খুবই জটিল।’
‘পুরো ব্যাপারটা আরেকবার বুঝিয়ে বলো তো।’
মামা একটা লম্বা দম নিয়ে শুরু করলেন, ‘রায়হান ভাই আমার স্কুলের সিনিয়র। ইঞ্জিনিয়ার। খুব ভালো ছড়াও লেখেন। গত মাসে হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর পূর্বপুরুষ ছিল জমিদার। উত্তরাধিকার সূত্রে তিনি মহামূল্যবান কিছু সম্পদ পেয়েছিলেন। সব লুকিয়ে রেখেছেন এই ঘরে।’
‘কিন্তু এই ঘরে তো কিছুই নেই। দেয়ালজুড়ে শুধু ছোট ছোট ছড়া লেখা।’ মাথা চুলকে বলল রনি।
‘রহস্যটা তো এখানেই। রায়হান ভাইয়ের ছেলেপুলেরা বললেন, এই ঘরে একটা গোপন দরজা আছে। দেয়ালের একটা নির্দিষ্ট জায়গায় হাত রাখলেই দরজাটা খুলবে। কিন্তু ঠিক কোথায় হাত দিতে হবে, সেটা কেউ জানে না। আবার সেই নির্দিষ্ট জায়গায় হাত না রেখে অন্য কোথাও হাত দিলেই বিপদ। দরজাটা আজীবনের জন্য লক হয়ে যাবে।’
জিনিসগুলো লুকাতে এত আয়োজন কেন, রনি বুঝে পেল না। সে বরং দেয়ালে লেখা ছড়াগুলোর দিকে মনোযোগ দিল। যে দিকের দেয়ালে ঘরে ঢোকার দরজা, সে দিকটা ছাড়া বাকি তিনটা দেয়ালেই ছোট ছোট দুই লাইনের অনেকগুলো ছড়া লেখা। রনি কয়েকটা পড়ে দেখল।
‘ঘাসফড়িংয়ের লেজে ঢিল, তোমার আমার ভীষণ মিল।’
‘ছুটল কয়েক শ অশ্ব, এটাই হলো রহস্য!’
‘জাল ফেলেছি পুকুরে, কেউ ডেকে আন খুকুরে।’
‘অঙ্ক খাতায় ডিম পেয়েছি, ডিমটা খাব ভেজে। খুব দরকার একটা কড়াই, আমায় দেবে কে যে!’
বাহ! মজার সব ছড়া। এত সব ছড়ার ভিড়ে বড় করে লাল রঙে লেখা একটা চেনা ছড়ায় রনির চোখ আটকে গেল। লেখা আছে, ‘আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক ধরব ঘোড়া।’
রনি বলল, ‘ছোট মামা, এই ছড়াটায় ভুল কেন? “ধরব” না তো, “চড়ব” হবে।’
মামা কপাল কুঁচকে বললেন, ‘রায়হান ভাই ভুল করার লোক না। এটাই হয়তো ক্লু। ঘোড়া ধরতে বলছে। কিন্তু এখানে ঘোড়াটা কোথায়!’