
ভরদুপুরের প্রখর রোদ৷ প্রচণ্ড উত্তপ্ত সূর্যের দিকে অপলক তাকিয়ে রয়েছে ছেলেটি৷
ভীষণ বদরাগী শিক্ষক জলিল স্যার। ক্লাসে একটু দুষ্টুমি করলেই শাস্তি দেন। শাস্তি একটিই—সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকা। আদ্দিকালের প্রথা তিনি ছাড়তে পারেননি। আর বাড়ির কাজ না আনলে তো কোনো কথাই নেই। প্রথমে দু-চার ঘা বেত, সঙ্গে আদ্দিকালের শাস্তি কমন!
অন্তু আজ বাড়ির কাজ করেনি। তাই আদ্দিকালের শাস্তি ভোগ করছে। কিন্তু তার কাছে এটা কোনো শাস্তিই না! এককালে এই শাস্তিকেই সবচেয়ে বেশি ভয় পেত। তিন মাস আগে একটি দুর্ঘটনায় সব বদলে যায়। সেদিন অন্তু দ্বিতীয়বারের মতো এই শাস্তি ভোগ করছিল। প্রচণ্ড আলো ও তাপ সহ্য করতে না পেরে একটু অন্যদিকে তাকিয়েছিল (সূর্যের দিকে নয়)। তাতে জলিল স্যার রেগে গিয়ে দুই ঘা বেত দিয়ে সূর্যের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকার নির্দেশ দিলেন।
তারপর...
এক মিনিট...
দুই মিনিট...
তিন মিনিট...
অন্তুর মনে হলো সূর্যটা কয়েক গুণ বড় হয়ে পুরো আকাশ গ্রাস করে ফেলেছে। পরের ঘটনা কিছুই তার মনে নেই।
পরদিন জ্ঞান ফিরতেই সূর্যটাকে ও দেখল, হালকা নীলাভ। হালকা নীল সানগ্লাস পরলে যে রকম লাগে। একটি আরামদায়ক সূর্যদর্শন!
২
পেরিয়ে গেছে অনেকগুলো বছর৷
বর্তমান পৃথিবীর মানুষ প্রায় সাড়ে তিন হাজার বছর আগের এক পাষণ্ড শিক্ষক জলিল হাওলাদারের কাছে বেশ খানিকটা কৃতজ্ঞ। তৎকালীন সময়ে মধ্যযুগীয় কায়দায় ছাত্রদের শাস্তি দিতেন যিনি। কিন্তু কৃতজ্ঞতার কারণ হলো এই যে, একদিন তিনি অন্তু নামের এক ছেলেকে এই শাস্তি দিলে, জটিল স্নায়বিক গঠনের অধিকারী ছেলেটি জ্ঞান হারায় এবং সাময়িক স্মৃতিভ্রমে ভোগে। অতঃপর সে সূর্যকে নীলাভ দেখতে শুরু করে। কারণ, উত্তপ্ত সূর্যের প্রচুর আলো ও তাপ সহ্য করতে না পেরে ছেলেটির রেটিনার পেছনের আলোক সংবেদনশীল স্নায়ু ‘বড়’ ও ‘কোণ’ তাদের গঠনে পরিবর্তন আনে। ঘটনাটি অন্তু ও তার বন্ধু অনন্ত ছাড়া কেউ জানত না। ঘটনাটি জানাজানি হয়, যখন তার ছেলেও একই স্নায়বিক গঠন নিয়ে জন্মায় এবং ছেলেটির অস্বাভাবিকতা প্রকাশ পায়। সেই ছেলের মৃত্যুর পর তাকে নিয়ে ব্যাপক গবেষণা হয়। গবেষণার ফলাফল পেটেন্ট করে চিকিৎসাবিজ্ঞানে সে বছর নোবেল পায় দুই বিজ্ঞানী। পরবর্তী সময়ে আরও গবেষণা হতে থাকে এবং মানবদেহে ছোট্ট অপারেশনের মাধ্যমে এই পরিবর্তন আনা সম্ভব হয়। নোবেল পান আরও তিন চিকিৎসা বিজ্ঞানী। আরও কয়েক শ বছর পর বেশ সহজলভ্য ও সস্তা হয়ে যায় এই অপারেশন। তারপর তিন শতাব্দী পর পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই জন্মগতভাবে এই ক্ষমতা নিয়ে জন্মাতে থাকে। এই সহস্রাব্দের শুরুতে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে অচিরেই মানুষ তার চোখ থেকে বস্তুতে আলো ফেলতে পারবে!
নবম শ্রেণি, কুমিল্লা জিলা স্কুল