রোবটটা দুষ্টুমি করতে পারে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ইত্তিহাদ খুবই শান্ত স্বভাবের ছেলে। কারও সঙ্গে খুব একটা মেশে না। বন্ধুর সংখ্যাও কম। নিজের মধ্যেই থাকে। বিকেলে মাঝেমধ্যে বাইরে হাঁটতে যায়, কিন্তু কারও সঙ্গে খেলে না। একদিন মাঠে হাঁটতে হাঁটতে মাঠের এক কোণে একটা খেলনা রোবট দেখতে পায়। আশপাশে সবাইকে জিজ্ঞাসা করে খেলনাটা কার। কিন্তু খেলনার মালিককে খুঁজে পায় না।
ইত্তিহাদ খেলনাটা নিজের সঙ্গে নিয়ে আসে। আশপাশের সবাইকে জানিয়ে দেয়, কারও যদি একটা খেলনা হারিয়ে থাকে, তাহলে যেন ওর সঙ্গে যোগাযোগ করে।
ঘরে এসে রোবটটা নিয়ে একটু খেলার লোভ সে সামলাতে পারে না। খেলার সময় দেখে, রোবটটার হাত আর পায়ের স্ক্রু ঢিলে হয়ে আছে। সে দুটোই টাইট দিল। আবার এটাও লক্ষ করল, রোবটের ব্যাটারির জায়গাটা খালি। নতুন ব্যাটারি লাগিয়ে দেখল কোনো কাজ হয় না। তারপর কী ভেবে যেন দাদুভাইয়ের ঘরে গেল।
দাদুভাইয়ের একটা পুরোনো টর্চলাইট আছে। কী ভেবে কে জানে, ইত্তিহাদ টর্চলাইটের ব্যাটারিটা খুলে নিল। দাদুভাইয়ের যুগের এই টর্চলাইট কোনো কাজে আসে না। এটা নষ্ট। দাদু এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। ১০০ বছরের বেশি হবে টর্চটার বয়স। দাদুভাই মাঝেমধ্যে ব্যাটারি দুটো খুলে রোদে রাখতেন।
তো সেই ব্যাটারি রোবটের ভেতর ঢোকাতেই রোবটটা টিঁট টিঁট আওয়াজ দিতে শুরু করে। দু-একটা আওয়াজ দিয়েই থেমে যায়। ইত্তিহাদ রোবটটা তাকের ওপর রেখে পড়তে বসে। পড়া, রাতের খাওয়া শেষ করে সে যখন ঘুমাতে যাবে, কোলবালিশের সঙ্গে রোবটটাকেও সঙ্গে নেয়।
আম্মু জিজ্ঞাসা করে, ‘খেলনাটা কার?’
ইত্তিহাদ জবাব দেয়, ‘জানি না কার। মাঠে পেয়েছি। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারল না। যদি কেউ বলে এটা ওর, তাহলে দিয়ে দেব।’
আম্মু আর কিছু বলে না। কারণ সে জানে, ইত্তিহাদ মিথ্যা কথা বলে না।
বাসার সবাই তখন ঘুমিয়ে পড়ছে। ইত্তিহাদের ঘুম আসি আসি করছে। ঠিক তখন আবার সেই টিঁট টিঁট আওয়াজে ওর ঘুম উড়ে যায়। দেখে রোবটটা হাত-পা নেড়ে হাওয়ায় ভেসে তাকের ওপর গিয়ে বসে।
ইত্তিহাদ চট করে উঠে বসে। তখনই রোবটটা যান্ত্রিকভাবে বলতে শুরু করে, ‘তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমার হাত-পা ঠিক করে নতুন ব্যাটারি দিয়ে আমাকে বাঁচিয়েছ।’
ইত্তিহাদ অবাক। সে জিজ্ঞেস করে, ‘তুমি কে? কোথা থেকে এসেছ? এখানে কেন?’
রোবট উত্তর দেয়, ‘আমি রোবট এলিয়েন। এলিয়েনদের গ্রহ থেকে এসেছি। আমার সিনিয়ররা আমাকে শাস্তি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে।’
ইত্তিহাদ জিজ্ঞাসা করল, ‘কেন? তুমি কী করেছ?’
রোবট উত্তর দেয়, ‘আমি খুব একটা দুষ্টুমি করতে পারি না। তাই তারা আমাকে এই শাস্তি দিয়েছে। এখন তুমিই আমাকে আমার গ্রহে ফিরে যেতে সাহায্য করতে পারো।’
‘কীভাবে?’
‘ঠিক দুপুর দুইটা তিন মিনিটে তুমি আমাকে যেখানে পেয়েছ সেখানে রেখে আসবে। সিনিয়র এলিয়েনরা এসে আমাকে নিয়ে যাবে।’
‘ঠিক আছে। আমি তাই করব।’
সারা রাত দুজন মিলে গল্প করতে করতে ভোর হয়ে গেল। পরদিন ইত্তিহাদ রোবটটাকে নিয়ে সময়মতো নির্দিষ্ট জায়গায় গেল। কিছুক্ষণ পর দেখল, সেখানে একটা যান হঠাৎ করেই কোথা থেকে যেন হাজির হলো। রোবটটা সেই যানে উঠে ইত্তিহাদকে যান্ত্রিক ভাষায় ‘বাই’ বলল।
ইত্তিহাদের মনটা রোবটের জন্য কেঁদে উঠল। সে প্রার্থনা করল রোবটটা যেন এখন থেকে ঠিকমতো দুষ্টুমি করতে পারে।

ষষ্ঠ শ্রেণি, আলহাজ এয়াকুব আলী বালক উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম