লঙ্কায় অজগর-কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজগর কাঁধে সাহসী বাঁশরী
অজগর কাঁধে সাহসী বাঁশরী

‘আমার কাঁধের ওপর একটা বিশাল অজগর! আষ্টেপৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। কেমন একটা জ্যান্ত আর পিচ্ছিল স্পর্শ...’
হ্যাঁ, এই অভিজ্ঞতা আমার হয়েছে। কীভাবে? বলছি।
আমি ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ি। আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময়টা কেটেছে গত ২ থেকে ৯ জানুয়ারি। ‘পাশ ইয়থ ক্যাম্প ২০১৫’ তে অংশ নিতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে আমরা পাঁচজন (আমি, সাকিব আমজাদ, শাহেদ হাসান, কাশফিয়া খালদুম ও সাইফ চৌধুরী) গিয়েছিলাম শ্রীলঙ্কায়। অভিভাবক ছিলেন আমাদের শিক্ষিকা শেহেলা খান। সফরের উদ্দেশ্য ছিল—জার্মান ভাষা শেখা ও বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হওয়া।
৩ জানুয়ারি আমরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছালাম। ক্যান্ডি খুব সুন্দর জায়গা। সেখানে নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন এলাকা থেকে ৬৫ জন ছাত্রছাত্রী এসেছিল। ভিন্ন ভিন্ন দেশের হলেও সবার মধ্যে দুটি বিষয়ে মিল—আমরা সবাই ‘টিনেজার’ আর আমরা সবাই-ই জার্মান ভাষা শিক্ষার্থী। আমার মনে হয়, অনুষ্ঠানটিকে ক্যাম্প না বলে উৎসব বলাই ভালো। রং-বেরঙের ব্যানার-ফেস্টুনসহ শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নাচ-গানের মাধ্যমে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা ঘুরে দেখেছি শ্রীলঙ্কার প্রাচীনতম মন্দির মালাদা মালিগাওয়া, ক্যান্ডির বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন আর ‘এলিফ্যান্ট অরফানেজ’। অরফানেজে বাচ্চা হাতিদের খাওয়ানো, গোসল করার মজার দৃশ্যগুলো কখনো ভুলব না।
আরও গিয়েছিলাম সিগিরিয়া পাহাড়ে। এই পাহাড়ের পাদদেশে এক সাপুড়ের কাছেই দেখেছিলাম বিশাল অজগরটি। তিনি আমাদের সাপটিকে কাঁধে তুলে নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের দলের প্রায় সবাই সাপ দেখে ভয়ে শিহরিত, কেবল দিল্লির এক ছাত্রী সাপটিকে কাঁধে তুলে নিয়েছিল। তখনই আমি ঠিক করলাম, এই দুর্লভ সুযোগ হাতছাড়া করব না। ২০০ শ্রীলঙ্কান রুপির বিনিময়ে আমি অজগরটা কাঁধে তুলেছিলাম। সেই ফাঁকে শেহেলা মিসি তাঁর ক্যামেরায় আমার ছবি তুলে নিয়েছেন। বিষধর সাপকে সবাই ভয় পায়। কিন্তু অজগরটির কোনো বিষ ছিল না। তাই শ্রীলঙ্কা সফরে গিয়ে বিশাল অজগর আলিঙ্গনের স্মৃতি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা।