লাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙের ভেতর লাল কি খারাপ?
নাকি অনেক ভালো!
ভাবতে গিয়ে মাঝে মাঝে
হারাতে হয় তালও।
ক্লাসের খাতায় গোল্লা দিতে
টিচার ঝোঁকেন লাল-এ
খাতা দেখে আম্মু বকেন
চড়ও লাগান গালে।
রক্তের লাল রং তো ভালো
মানেন বুড়ো ছেলে
লাল রংটাই ভয়ের ব্যাপার
হাত-পা কেটে গেলে।
গাড়ির চালক বিরক্ত হয়
প্রতিটা সিগন্যালে
গাড়ি যখন থামাতে হয়
হলুদ হয়ে লাল-এ।
রেফারি লাল কার্ড দেখালে
সকল খেলার মাঠে
খেলোয়াড়ে গোমড়া মুখে
চোখ নামিয়ে হাঁটে।
মন্দ বলার কত্ত কারণ!
লাল খারাপের হাঁড়ি।
তাই বলে কি লালকে শুধু
দোষই দিতে পারি!
নতুন সালে দোলা লাগে
সবার খুশির পালে
ক্যালেন্ডারের সংখ্যাগুলো
রঙিন হলে লাল-এ।