লাল বাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

কক্সবাজার সাগরসৈকতে বসে ফারযাদ ভেজা বালু দিয়ে কী যেন একটা বানাচ্ছিল। একটু পর সৈকতে বেড়াতে আসা ছোট্ট সাবরিনা হাঁটতে হাঁটতে ওর পাশে এসে বসল। কৌতুকভরা কণ্ঠে জিজ্ঞেস করল—
‘তুমি কী বানাচ্ছ?’
‘কুমির।’
‘কুমির তো মানুষ খায়।’
‘জানি।’
‘তাহলে কুমির বানাচ্ছ কেন!’
ফারযাদ জবাব দিল না। একমনে কুমির বানাতে লাগল। ফারযাদের সাড়া না পেয়ে সাবরিনাও একটু উসখুস করছিল। একটু পর ও আবার জিজ্ঞেস করল—
‘তোমার নাম কী?’
‘ফারযাদ।’ বলেই ও আবার কুমির বানাতে মন দিল।
সাবরিনা বিরক্ত হয়ে বলল, ‘আমার নাম সাবরিনা। এখানে বেড়াতে এসেছি।’
‘ঠিক আছে সাবরিনা। এসো দুজনে মিলে বৃষ্টি আসার আগেই কুমিরটা বানিয়ে ফেলি। দেখছ না, আকাশ কালো হয়ে গেছে।’ সাবরিনা কুমির বানাতে ফারযাদের সঙ্গে হাত লাগাল।
একটু পরই ঝমঝম করে বৃষ্টি নামল। ওদের বানানো অসমাপ্ত কুমির ধুয়ে-মুছে মিশে গেল সৈকতের বালুতে।
পরদিন আবার সৈকতে দুজনের দেখা। সাবরিনা হাঁটতে হাঁটতে ফারযাদকে জিজ্ঞেস করল, ‘আজ কী বানাবে?’
‘আজ আর কিছু বানাব না। চলো, এখন আমরা তীরে বসে সাগরের ঢেউ গুনি।’
ওরা সাগরের ঢেউ গুনতে গুনতে ক্লান্ত হয়ে উঠল। একসময় সাবরিনা বলল—
‘এভাবে বসে থাকতে আর ভালো লাগে না। আচ্ছা, তুমি কি কোনো মজার গল্প জানো!’
ফারযাদ বলর, ‘আমি কোনো মজার গল্প জানি না। শুধু একটি লাল বাইকের গল্প জানি।’
সাবরিনা বলল, ‘ঠিক আছে। তবে তুমি তোমার লাল বাইকের গল্পটাই বলো। বানিয়ে বানিয়ে বলবে না। সবকিছু ঠিকঠাক বলবে কিন্তু।’ সাবরিনার শর্তে রাজি হয়ে ফারযাদ গল্প বলতে শুরু করল।
‘শোন, আমার একটা প্লাস্টিকের তৈরি লাল রঙের বাইক আছে। গত জন্মদিনে আব্বু এটা গুলশান মার্কেট থেকে কিনে দিয়েছিলেন। বাইকটা আমার এত ভালো লেগে গেল যে সব সময় ওটা নিয়েই ব্যস্ত থাকতাম। একদিন হঠাৎ মনে হলো, বাইকটা যেন আমার সঙ্গে কথা বলতে চায়! এ ধরনের উদ্ভট চিন্তা মাথায় আসায় আমি হেসে ফেললাম। সবাই জানে, পৃথিবীর কোনো বাইক কথা বলতে পারে না। তবু মনে খটকা থেকে গেল। যা-ই হোক, শেষ পর্যন্ত আমি ব্যাপারটা ভুলে গেলাম।
‘আরেক দিনের কথা বলি, সেদিন আমি বাইকটা নিয়ে ফ্ল্যাটের ভেতর ঘুর ঘুর করছিলাম। হঠাৎ বাইকটার মাথা খারাপ হয়ে গেল। অকারণেই একদিকে কাত হয়ে আমাকে নিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল। আছাড় খেয়ে ব্যথায় আমি চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকারে আম্মু বেডরুম থেকে ছুটে এলেন। সান্ত্বনা দিয়ে বললেন, “কাঁদে না, সোনা। এখুনি আমি দুষ্টুটাকে পিট্টি দিচ্ছি।” আম্মু মেঝে থেকে বাইকটা তুলে ঠাস ঠাস করে ওটার পিঠের ওপর দুটি চড় দিয়ে আমাকে বাইকের সিটের ওপর বসিয়ে দিলেন। তারপর আবার নিজের কাজে চলে গেলেন। আমি আবার বাইকটা চালাতে ব্যস্ত হয়ে উঠলাম। আশ্চর্য, বাইক একচুল এগোল না! আমি তখন বাইকটাকে পেছনে নিতে চেষ্টা করলাম। বাইক অনড় রইল। বিরক্ত হয়ে তখন হর্নের সুইচ চেপে ধরলাম। তীব্র স্বরে হর্ন বেজে উঠল। ছেড়ে দেওয়ার পরও থামল না। বাজতেই লাগল। আমি সিট থেকে নেমে দুহাতে বাইকের হ্যান্ডেল ধরে জোরে একটা ঝাঁকুনি দিলাম। সঙ্গে সঙ্গে হর্ন থেমে গেল। তবে বাইক সচল হলো না। ভাবলাম, আছাড় খেয়ে বাইকটা আবার আগের মতো বিগড়ে গেছে। এর আগেও কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই ভালো করে ঝাঁকুনি দেওয়ার পর আবার চলতে শুরু করেছে। আমি বাইকটা সচল করতে আরও জোরে ঝাঁকাতে লাগলাম। কয়েকটা ঝাঁকুনি দিয়েই আমার মনে হলো, বাইকটা যেন ঝাঁজালো গলায় বলছে, “বোকার মতো ঝাঁকাঝাঁকি কোরো না। আমি আর কোনো দিন সচল হব না।” আমি বললাম, এমন নিষ্ঠুর কথা বললে! তুমি না আমার বন্ধু! বাইক টুঁ শব্দ করল না। আমি লজ্জিত হয়ে ভাবলাম, মনে হয় ভুল শুনেছি। একটা নিষ্প্রাণ বাইকের কথা বলার তো প্রশ্নই ওঠে না। একটু পর আবার মনে হলো বাইকটা যেন বিরক্তি মাখা গলায় বলছে, “তুমি যা ভাবছ, তা ঠিক নয়। তুমি যা শুনেছ, সেটাই ঠিক। ভেবে দেখো, একটা লোহার তৈরি রোবট যদি কথা বলতে পারে, তাহলে আমি পারব না কেন।” আমি কিছু না ভেবেই বললাম, তুমি যদি এত কিছু পারো, তাহলে একা একা চলতে পারো না কেন? এবার ও অভিমানভরা গলায় বলল, “কেন আমি একা একা চলব? একটু আগেই তো তোমার আম্মু আমাকে অপমান করে গেলেন। কই, তুমি তো তখন কিছু বললে না। আবার বলে বন্ধু! ছি!” আমি বললাম, ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না! এবার বাইক আনন্দিত গলায় বলল, “সত্যি বলছ তো!” আমি বললাম সত্যি! সত্যি! সত্যি! বারবার সত্যি বলায় ও আমাকে চমকে দিয়ে হর্ন বাজিয়ে একা একাই চলতে শুরু করল।’
এতক্ষণ সাবরিনা গভীর মনোযোগে ফারযাদের লাল বাইকের গল্প শুনছিল। গল্প শেষ হতেই সাবরিনা বলল, ‘প্লাস্টিকের তৈরি বাইক কথা বলে কী করে?’ ফারযাদ চিন্তিত কণ্ঠে বলল, ‘এ কাহিনির এটাই তো সবচেয়ে বড় রহস্য!’