শত্রু-বন্ধু

কট কট কটাস, কট কট কটাস... মুরগির চিৎকার শুনে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে এল। দেখল, বাড়ির পাশের বাঁশঝাড়ে এক শিয়াল। ব্যস, আর যায় কোথায়! দিল পিটুনি।
মানুষের পিটুনি খেয়ে ভাঙা পা নিয়ে শিয়ালটা বাঁশঝাড়ে লুকিয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, ‘যাক, কোনো রকমে প্রাণটা বাঁচালাম। কিন্তু একি বাপু, দাঁড়াতে পারছি না কেন! উফ, কি ব্যথা!’ এ কথা বলেই সে অচেতন হয়ে পড়ে রইল।
এদিকে বাঁশঝাড়ের পাশে একটা ছাগল ঘাস খাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল কান্নার শব্দ। দেখল, দুটি ছোট্ট শিয়ালের বাচ্চা ক্ষুধায় কাঁদছে। ছাগলটা এদিক-ওদিক তাকিয়ে দেখল, ওদের মা আছে কি না। নাহ, ওদের মা তো নেই।
ছাগলের মায়া হলো। বাচ্চাদের কাছে গিয়ে তাদের আদর করতে লাগল। আর ভাবল, ‘শিয়াল তো আমাদের শত্রু। কিন্তু বাচ্চারা তো অবুঝ। একটু দুধ খাওয়ালে কী আর এমন ক্ষতি হবে?’ এই ভেবে সে শিয়ালের বাচ্চাদের দুধ খেতে দিল।
ওদিকে শেয়ালটার জ্ঞান ফিরেছে। সে ভাবল, ‘যাহ, মুরগির বাচ্চা খেতে গিয়ে বোধ হয় নিজের বাচ্চাদের হারালাম।’ আশপাশে সে তার বাচ্চাদের খুঁজতে লাগল।
হঠাৎ যা দেখল...এ ও কী সম্ভব! ‘ছাগল আমার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে! কিন্তু আমরাই তো তার শত্রু। সুযোগ পেলেই তো তাদের বাচ্চাদের ধরে খাই।’ এ কথা ভাবতে ভাবতে শিয়ালের চোখ দিয়ে পানি ঝরতে লাগল।
ষষ্ঠ শ্রেণি, বীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, দিনাজপুর