শিয়াল যখন গাধা

ক্রিং ক্রিং!
‘হ্যালো।’ গম্ভীর গলায় বলল শিয়াল।
‘ওস্তাদ! সর্বনাশ হয়েছে। গাধা বলছে, এখন থেকে তাকেই পণ্ডিত বলে ডাকতে হবে। সে নাকি গাধা পণ্ডিত। আর আপনি মূর্খ!’ ফোনের ও প্রান্তে শোনা গেল মোরগের উত্তেজিত কণ্ঠস্বর।
‘কী, এত বড় সাহস!’ রাগে দাঁত কিড়মিড় করে বলল শিয়াল...
মোরগ মনে মনে বলল, কাজ হয়েছে। শিয়ালের মাথায় আগুন ধরেছে। শিয়াল ব্যাটা এবার গাধার পিছে লাগবে। মোরগ জাতি কিছুদিন শান্তিতে থাকতে পারবে। এদিকে বেশ কদিন ধরে আরেকটা শিয়ালও বড্ড জ্বালাতন করছে। তাকেও যদি গাধা পণ্ডিতের পেছনে লাগিয়ে দেওয়া যায়, তাহলে কেল্লা ফতে। কিন্তু ওই শিয়ালটা তো ফোনই ধরছে না! দেখা যাক কী করা যায়...।
মোরগ এবার গেল গাধা পণ্ডিতের কাছে। বলল, ‘তা পণ্ডিতমশাই, আপনি তো শিয়াল মূর্খকে আপনার পণ্ডিতির কথা বলতে বললেন। তা তো বললাম। এখনই সে আসবে আপনাকে ধরতে! কী করবেন এখন?’
গাধা পণ্ডিত ছড়ি ঘোরাতে ঘোরাতে বলল, ‘আমি ঠাকুরমার ঝুলি পড়িয়া জানিয়াছি, কীভাবে দুষ্টকে দমন করিতে হয়। আজ শৃগাল মূর্খকে মিষ্ট দ্রাক্ষাফল চিনাইয়া দিব, এই বলিয়া দিলাম!’
‘সে আবার কী মশাই? অক্কাফল না ধাক্কাফল—কী একটা বললেন যেন?’
‘ইহা হইল দ্রাক্ষাফল! যাহাকে তোমরা কহো আঙুরফল! ইহাকে শৃগাল মূর্খ খাইতে ব্যর্থ হইয়া টইক্য বলিয়া জাহির করিয়াছিল!’ বলল গাধা পণ্ডিত।
‘টইক্য কী গাধা পণ্ডিতমশাই?’ ঝুঁটি চুলকাতে চুলকাতে বলল মোরগ।
‘আহা, টকের সাধু ভাষা পাইতেছিলাম না বিধায় টইক্য বলিয়া দিলাম। তোমরা ফাঁকিবাজ বিধায় সাধু ভাষা শেখো নাই। ইহা অত্যন্ত দরকারি ভাষা! ইহা শিখিতেই হইবে!’
ততক্ষণে শিয়াল সাহেব নাকে বিশাল চশমা এঁটে, শাল গায়ে জড়িয়ে, কানের ফাঁকে কলম গুঁজে, বুকপকেটে নোটবই আর জ্ঞানের বই বগলে চেপে হাজির। গালে মনে হচ্ছে পানও আছে।
গাধা পণ্ডিত শিয়ালের চশমা দেখে বলল, ‘ইহা কি আতশি কাচ?’
‘না, ব্যাটা গাধা। এটা হলো স্পেকটিকেলস।’ ভারিক্কি চালে বলল শিয়াল পণ্ডিত।
‘সাধু ভাষায় কহো বৎস। কহো ইশপিকটিকিলিশ।’
‘ওরে গাধা, এটা তো ইংরেজি। ইংরেজি ভাষার সাধু-চলিত হয় না।’ বলল শিয়াল।
বনের পশুপাখিরা সব তখন আড়ালে লুকিয়ে এই নাটক দেখছে।
হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে গাধা পণ্ডিত তার মুখোশ খুলে ফেলল। আরে, এ তো আরেকটা শিয়াল! মুখোশের তলায় ক্ষুধার্ত শিয়ালের মুখটা দেখেই চিনতে পারল মোরগ। এতক্ষণে বোঝা গেল, অন্য শিয়ালটা কেন ফোন ধরেনি!
তারপর আর কী?
মোরগের ঝাড়া দৌড় দেখে বুঝে ফেলে সবাই,
শিয়াল পণ্ডিতের চালাকি থেকে কারোই রক্ষা নেই!
এতটাক্ষণ ভাবছিল, এটা একটি গাধা,
এখন বোঝা গেল মোরগ ব্যাটা হাঁদা!
এদিকেও শিয়াল, ওদিকেও শিয়াল, মোরগ বোঝে নাই,
গাধাকে শিয়াল হতে দেখে দৌড়ে পালায় তাই!
চতুর্থ শ্রেণি, স্টামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা