শেষচুরি

গোপটু মিয়া। নামে ‘পটু’ থাকলেও কাজে সে অতটা পটু নয়। ১১ বছর ধরে সে চোরদের খাতায় নাম লেখাতে চাইলেও তা সম্ভব হয়নি। কোনো কিছু চুরি করতে গেলেই একটা না একটা কিছু গুবলেট পেকে যায়। তার ‘সফলভাবে’ চুরি করা জিনিসের মধ্যে আছে একটা টুথব্রাশ, একটা ছেঁড়া মানিব্যাগ (কুড়িয়ে পাওয়া), একটা চুইংগাম (যখন গোপটু স্কুলে পড়ে), একটা ম্যাচ, একটা চশমা ও এক জোড়া চপ্পল।
রেগেমেগে একবার গোপটু সিদ্ধান্ত নিয়েছিল, বড় কিছু চুরি করেই ছাড়বে। একদম সিনেমার ভিলেনদের গভীর রাতে সে গিয়েছিল এক ধনী লোকের বাসায়। উদ্দেশ্য—একটা দামি আংটি হাতিয়ে নেওয়া। দড়ি দিয়ে পাঁচিল টপকে যেই না সে নামতে গেছে...অমনি পটাং করে দড়ি গেছে ছিঁড়ে। পড়বি তো পড়, একদম সে বাড়ির অ্যালসেশিয়ান কুকুরটার ঘাড়ে!
আংটি নিয়ে পালানোর চেয়ে জান নিয়ে পালানোই সেবার দায় হয়ে পড়েছিল।
২.
গোপটুর মন খারাপ। এখনো কোনো সফল চুরি হলো না। এমন সময় তার বন্ধু সোপটু এল। বলল, ‘কীরে মন খারাপ?’
‘হ্যাঁ, রে।’
‘তা ১১ বছরে ১১০ বার হাজতে গেলে এমন তো হবেই। গোপটু শোন, তোকে বিনে পয়সায় টিপস দিই। রাতের বেলা সরিষার তেল মেখে চুরি করতে বের হবি। ভূতও ঠেকাতে পারবে না।’
গোপটু বড় বড় চোখ করে বলল, ‘সত্যি!’
সোপটু বলল, ‘অবশ্যই!’
৩.
রাতের বেলা সরিষার তেল মেখে গোপটু বেরোল। উদ্দেশ্য, বিকাশবাবুদের বাড়ির একটা সোনার মূর্তি চুরি করা! পাঁচিল টপকে ছাদ দিয়ে ভেতরে ঢুকল সে। পা টিপে টিপে এগিয়ে গেল মূর্তিটার দিকে। যখনই মূর্তিটা হাতে নিল...তখনই মালিকের ঘুম গেল ভেঙে, ‘চোর চোর!’
গোপটু দিল দৌড়, পেছনে বিকাশবাবু। প্রায় ধরেই ফেলেছিল গোপটুকে, কিন্তু পিছলে বেরিয়ে গেল সে।
‘আমি পেরেছি! আমি পেরেছি!’ বাইরে বেরিয়ে চিৎকার করছিল সে।
নিজের বাড়িতে সাবধানে ঢুকল গোপটু। স্ত্রী-সন্তান তখন ঘুমিয়ে আছে। মূর্তিটা সে লুকিয়ে রাখল।
৪.
সকালে গোপটু নিজের মানিব্যাগ খুলল। সে কি, মানিব্যাগ ফাঁকা! কালও তো টাকা ছিল। সারা বাড়ি খুঁজে গোপটু টাকাটা পেল তার ছেলের বালিশের নিচে! সে ডাকল, ‘রাফি।’
‘হ্যাঁ বাবা।’
‘এগুলো কী?’ টাকাটা দেখাল গোপটু। ‘তোমাকে আমি চুরি করা শিখিয়েছি?’
‘কেন বাবা? কাল যে তুমি একটা মূর্তি চুরি করে এনেছ সে খবর আমি ঠিকই জানি।’
চুপ হয়ে গেল গোপটু।
৫.
পরদিন সকালে বিকাশবাবু বাগানে পানি দিচ্ছিলেন। হঠাৎ বাগানের ভেতর তিনি কুড়িয়ে পেলেন তাঁর হারানো সোনার মূর্তি। তাজ্জব ব্যাপার! চোর মূর্তিটা ফিরিয়ে দিয়ে গেল কেন!
সপ্তম শ্রেণি, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ