
হঠাৎ পিঠে ধাক্কা খেয়ে চোখ মেলল টুনি। জানতে চাইল, ‘কয়টা বাজে?’
নূরী বলল, ‘ও মা! এখনো ঘুমুচ্ছ! চলো, তোমাকে একটা চমত্কার জিনিস দেখাব।’
কথাটা শুনেই চমকে উঠল টুনি। এক লাফে উঠে বসল বিছানায়। জানতে চাইল, ‘কী জিনিস?’
‘না দেখলে বুঝবে না।’
‘কোথায়?’
‘না গেলে জানবে কেমন করে?’
হঠাৎ ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো নূরী।
মামাবাড়ি বেড়াতে এসেছে টুনি। নূরী ওর মামাতো বোন। ওর মতোই পঞ্চম শ্রেণিতে পড়ে। পরীক্ষা শেষ। এবার ষষ্ঠ শ্রেণিতে উঠবে।
বেশ শীত পড়েছে। যদিও কুয়াশা নেই। কিন্তু ওদের শীত লাগছে না। দৌড়ে দৌড়ে যাচ্ছে দুজন। সামনে নূরী, পেছনে টুনি।
ছুটতে ছুটতে একটা বিশাল মাঠের সামনে এসে দাঁড়াল নূরী। কী সবুজ! এমন সবুজ মাঠ ও জীবনে দেখেনি। টুনি বলল, ‘মাঠ দেখাতে নিয়ে এসেছ?’
নূরী বলল, ‘উঁহু, ওই দ্যাখো...’
ওদিকে তাকিয়ে অবাক হলো টুনি। বলল, ‘বাহ্! কী সুন্দর। মাঠের মাঝখানে ছোট্ট একটা পুকুর। টলটলে পানি। পুকুরের পানি এত টলটলে হয়!
নূরী বলল, ‘আরও অবাক হতে চাও? একটু দাঁড়াও, দেখতে পাবে।’
অবাক চোখে টলটলে পুকুরের দিকে তাকিয়ে রইল টুনি। আর খানিক পরে... একি! সত্যিই ভীষণ অবাক হয়েছে ও। পুকুরের টলটলে পানিটা লাল হয়ে উঠছে। প্রথমে ছিল কমলার মতো। তারপর লাল। তারপর গাঢ় লাল। গাঢ় লাল পানিটা টলটল করতে লাগল ছোট্ট পুকুরে। এবার ভীষণ ভয় পেয়ে গেল টুনি। আর ভয় পেয়ে উল্টো ঘুরে ছুটতে শুরু করল।
নূরীও ছুটতে লাগল টুনির পেছনে। নূরীও ভয় পেয়ে গেছে। বাসায় ফিরে টুনি যদি সবাইকে বলে দেয়, তাহলে বাবা ওকেই বকা দেবেন। টুনি এসেছে বেড়াতে। ওকে এটা দেখানো কি ঠিক হয়েছে? ভাবতে ভাবতে ছুটছে নূরী।
শহরে এত খোলা জায়গা নেই। অনেকখানি দৌড়ানোর পর হাঁপিয়ে গেল টুনি। মাঠের ঠিক শেষ মাথায় এসে থেমে গেল। হাঁটুতে দুই হাত রেখে দম নিতে লাগল জোরে জোরে। ততক্ষণে ওর কাছে এসে জানতে চাইল নূরী, ‘ভয় পেয়েছ?’
এবার খিলখিল করে হেসে উঠল টুনি। হাসতে হাসতে বলল, ‘উঁহু।’
‘তাহলে ওভাবে ছুটে পালালে কেন?’
‘এমনি। আচ্ছা, প্রতিদিন কি এমন হয়?’
‘না।’
‘তবে?’
‘শুধু বছরের এই দিনে।’
টুনি এবার আজকের তারিখ মনে করার চেষ্টা করল। কিন্তু মনে পড়ছে না। নূরী বলল, ‘প্রতিবছর ৯ ডিসেম্বর ভোরে পুকুরটা লাল হয়ে যায়।’
চোখ দুটো কপালে তুলে দিয়ে টুনি বলল, ‘বলো কী? খুব ইন্টারেস্টিং। তা কেন হয় জানো?’
‘তিন বছর ধরে দেখছি। কেন হয় জানি না। কিন্তু তুমি এত ভয় পেলে কেন?’
‘জানি না।’
বলেই আবার যেই না ছুটতে গেল টুনি, অমনি ধাক্কা খেল লোকটির সঙ্গে। ধাক্কা খেয়ে পড়ে গেল মাঠে।
ওকে টেনে তুললেন লোকটি। লোকটির মুখের দিকে তাকাল টুনি। কিন্তু একটুও ভয় পেল না। কী সুন্দর চেহারা মানুষটার। মুখভরা ধবধবে সাদা দাড়ি। একমাথা চুল। চুলগুলোও পেকে সাদা হয়ে আছে। কিন্তু কী সুঠাম। টানটান হয়ে দাঁড়িয়ে আছেন। ভরাট গলায় জানতে চাইলেন, ‘ব্যথা পেয়েছ?’
নূরী জানতে চাইল, ‘কে আপনি?’
লোকটি মুচকি হেসে বললেন, ‘আমি! আমি কে? থাক। আমি কে বলতে চাই না। আশপাশের গাঁয়ের সবাই জানে, আমি শহীদ হয়ে গেছি। সেই দিনের পর থেকে... ৯ ডিসেম্বর ছিল সেদিন। হুঁ। ৯ ডিসেম্বর। তারিখটাই শুধু মনে আছে। বারটা মনে নেই। বারে আর কী আসে যায়? ওই ওখানে...’
বলেই ডান হাতের তর্জনী নিয়ে জায়গাটা দেখালেন লোকটি। আরে! লোকটি যে পুকুরটাই দেখাচ্ছেন। অবাক হয়ে নূরী বলল, ‘ওই পুকুরটা!’
‘হ্যাঁ, ওই পুকুরটা। ওই পুকুরপাড়ে আমাদের সবাইকে এনে দাঁড় করিয়েছিল ওরা। ভোরবেলা। তারপর... নাহ্! তোমরা খুব ছোট। তোমাদের এত কিছু ভেঙে বলা যাবে না। শুধু এইটুকু জেনে রাখো, সেদিন ওই পুকুরটা টকটকে লাল হয়ে গিয়েছিল আমাদের রক্তে।’
‘কারা করেছিল এসব?’
‘জানো না কারা করেছিল? তোমাদের কেউ কিছু বলেনি। কেউ কিছু শেখায়নি। উনিশ শ একাত্তর সালে এ দেশে কী হয়েছিল তোমরা জানো না?’
এবার মুখ খুলল টুনি, ‘জানি। ওরা ছিল পাকিস্তানি হানাদার আর রাজাকার।’
কাঁপতে কাঁপতে বললেন লোকটি, ‘ঠিক। ওরা ছিল পাকিস্তানি হানাদার আর রাজাকার। শ দেড়েক ছিলাম আমরা সেদিন। কিন্তু ভাগ্য কাকে বলে। একজন মাত্র বেঁচে গিয়েছিল সেখান থেকে। আর সেই একজন আমি। অনেক বছর পরে আজই প্রথম এসেছি এখানে। শুনেছি প্রতিবছর ৯ ডিসেম্বর নাকি পুকুরটা লাল হয়ে যায়। রক্তের মতো লাল। সত্যি?’
নূরী বলল, ‘আপনি ঠিকই শুনেছেন। তিন বছর ধরে আমি দেখে আসছি। আজও দেখেছি। ওকেও দেখিয়েছি। ভোরবেলা।’
লোকটি বললেন, ‘হুঁ। তাহলে ঠিক যে সময় ওরা আমাদের পবিত্র রক্তে পুকুরটা লাল করে দিয়েছিল, ঠিক সে সময়ই ওটা লাল হয়ে যায়। আচ্ছা, ওই পুকুরের কাছে গিয়ে দেখে আসি।’
এত দিন নূরী জানত না কেন পুকুরের টলটলে পানিটা লাল হয়ে যায়। আজ জানল। ততক্ষণে সূর্য উঠে গেছে। তবে রোদটা খুব ভালো লাগছে। টুনির ভয়ও কেটে গেছে। লোকটির সঙ্গে আবার ওরা পুকুরের কাছে এল।
পুকুরের কাছে এসে আবারও অবাক হলো ওরা। পুকুরের পানিটা আবার সেই আগের মতো, টলটলে। অথচ খানিকক্ষণ আগেও ছিল রক্তলাল।
অলংকরণ: জাহিন সাঈদ, পঞ্চম শ্রেণি, খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ