সুখী পরিবার

অতনুদের বাসার পেছনের গাছে তিনটা কাকের একটা ছোট্ট সংসার। বাবা, মা আর বাচ্চা কাক। বাবা কাক ‘কাকেরা কেন অতিরিক্ত ঢাকামুখী’ সেই বিষয়ে গবেষণাধর্মী একটা প্রতিষ্ঠানে চাকরি করেন। মা কাক, কাক শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য বাবা-মায়েদের মধ্যে সচেতনতা তৈরি করার সঙ্গে যুক্ত আছে।
দুজনেই অসম্ভব ব্যস্ত। তাই তাদের একমাত্র ছেলের পড়াশোনা যে গোল্লায় যাচ্ছে, সেটা কেউই খেয়াল করেনি। মিডটার্ম পরীক্ষার রেজাল্ট নিয়ে ছেলে শুকনো মুখে বাড়ি ফেরার পর তাদের টনক নড়ল। কাক পরিবারের ছোট্ট বাসাটায় একটা বড়সড় ভূমিকম্প হয়ে গেল। কঠিন বকাঝকার সঙ্গে ছেলে কাকের সব গল্পের বই, খেলার জিনিস নিয়ে নেওয়া হলো। তুমুল ঝামেলার পর সবাই ঘুমাতে গেল।
কিন্তু কষ্টে ছেলে কাকের সারা রাত ঘুম হলো না। সামান্য রেজাল্ট খারাপের জন্য তার সঙ্গে এত খারাপ ব্যবহার করা হলো? তাকে কি কেউ একটুও ভালোবাসে না? মনের দুঃখে ছেলে কাক ঠিক করল সে বাসা থেকে চলে যাবে।
পরের দিন স্কুলে যাওয়ার জন্য বের হয়ে অভিমানী ছেলে কাক স্কুলে না গিয়ে পালিয়ে গেল। রাত ১০টা বেজে গেছে, ছেলে বাসায় ফিরছে না দেখে মা আর বাবা দুশ্চিন্তায় অস্থির হয়ে গেল। আত্মীয়স্বজনেরা একের পর এক এসে বাড়ি ভর্তি করে দিল। সবাই ভাবছে ছেলেকে কিডন্যাপ করেছে কোনো কাক-ধরা। তাই সবাই মুক্তিপণ চাওয়া কোনো ফোনের অপেক্ষা করতে লাগল। কিন্তু সেই ফোন এল না।
এদিকে বাসা ছেড়ে আসার পর থেকে ছেলে কাক দুরবস্থার মধ্যে আছে। বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ সে খুব ভাব নিয়ে উড়ল। কিন্তু যখন সন্ধ্যা নামল, ওর ভয় লাগতে শুরু করল।
আশপাশে অচেনা সব পাখি বাসায় ফিরছে আর অদ্ভুত চোখে ছেলে কাকের দিকে তাকাচ্ছে। পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার পর পাখিদের আনাগোনাও বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটি বুঝতে পারল, বিরাট বোকামো হয়েছে। দ্রুত বাসায় যাওয়া উচিত। সে কিছুক্ষণ উড়ে বেড়ানোর পর আবিষ্কার করল যে রাস্তা চিনতে পারছে না। এলোপাতাড়ি উড়তে উড়তে সে এখানে এসেছে। অথচ এদিকের কিছুই চেনে না। শেষে বাধ্য হয়ে সারা রাত একটা গাছের ওপর বসে ভয়ে কাঁপতে কাঁপতে কাটাল।
পরের দিন সকালে সে একটা বদরাগী ধরনের চড়ুইকে তাদের বাসার এলাকাটা কোনদিকে জিজ্ঞেস করল। চড়ুই একটা রাস্তা দেখিয়ে দিল, সেদিকে দুপুর পর্যন্ত উড়ে যাওয়ার পর বুঝতে পারল ঘন বনের ভেতর চলে এসেছে। বেয়াদব চড়ুই তাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। সাধে কি আর মা বলে যে এই শহর কাক শিশুদের জন্য মোটেই নিরাপদ না। সেই জঙ্গল থেকে বের হয়ে ছেলে কাক উদ্ভ্রান্তের মতো উড়ে বেড়ানোর পর হাঁপিয়ে গিয়ে যখন কেবল একটা গাছে বসেছে, নিচ থেকে এক পাজি ছেলে ঢিল মেরে তাকে আহত করল।
আদরে-বিলাসিতায় মানুষ হওয়া শহুরে ছেলে কাক খেয়ে না-খেয়ে বনে দিন কাটাতে লাগল। সে কিছুতেই বের হওয়ার রাস্তা বের করতে পারে না, কোনো পাখি তাকে বলেও না। সে সারা দিন কাঁদে আর প্রার্থনা করে, যেন বাড়ি যেতে পারে। বেশ কয়েক দিন পর উড়তে উড়তে হঠাৎ সে এক জায়গায় কথাবার্তার আওয়াজ পেল। ঘন ঝোপে ঘেরা জায়গাটায় উঁকি দিয়ে দেখল কাকের একটা পরিবার পিকনিক করছে। কিছুক্ষণ চিন্তা করে ছেলে কাক আড়াল থেকে কাক পরিবারের সামনে গেল সাহায্য পাওয়ার জন্য। তারা খুশি মনেই তাকে শহরে নিয়ে যেতে রাজি হলো।
দীর্ঘ তিন মাস পর ছেলে কাক বাড়ি ফিরল। বাসা আবার আত্মীয়স্বজনে ভরে গেল। অতনুদের বাড়ির পেছনের গাছটায় অনেক দিন পরে উৎসব হলো।
এর মাঝে তিনটা কাক মনে মনে কিছু প্রতিজ্ঞা করে ফেলল। ছেলে কাক প্রতিজ্ঞা করল, তার মা-বাবা যতই বকুক এরপর থেকে সে আর কক্ষনো রাগ করবে না। মা আর বাবা কাক প্রতিজ্ঞা করল, তারা আর কখনো ছেলেকে এভাবে বকবে না। যা বলার বুঝিয়ে বলবে। সেই কাক পরিবারে এখন সুখ আর ধরে না।
দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা