সেই ছোট্ট মেয়েটি

সেই ছোট্ট মেয়েটির নাম প্রায়সী। বয়স ছয় বছর। কিন্তু এখনো স্কুলে ভর্তি হয়নি। কারণ, প্রায়সী যে দেশে থাকে, সে দেশে তাদের আমাদের মতো পড়ালেখা করতে হয় না। যে যার ইচ্ছামতো পড়ালেখা করে। ঘুরে বেড়ায়, যা খুশি করে।
প্রায়সী হলো সেখানকার রাজকুমারী। কারণ, প্রায়সীর মা রানি আর বাবা রাজা। সবাই ওদের কথামতো চলে। প্রায়সীর বাবা খুব রাগী। তাদের দুটি ঘোড়া আছে। কিন্তু প্রায়সী ঘোড়াকে খুব ভয় পায়।
প্রতিদিন বিকেলে প্রায়সী খেলা করে তার পাশের বাসার একটা মেয়ের সঙ্গে। মেয়েটার বয়স ১০ বছর। সে প্রায়সীকে খুব হিংসা করত। একদিন মেয়েটা একটা দুষ্টু বুদ্ধি করল। প্রায়সীকে কিডন্যাপ করে একটা গাছের মধ্যে লুকিয়ে রাখল। সেখানে মেয়েটির একটা পোষা বাঘ ছিল, নাম হালুম। হালুম প্রায়সীকে পাহারা দিত যেন সে পালিয়ে না যায়।
ওদিকে রাজা-রানি তো কেঁদেই অস্থির। চারদিকে খোঁজ পড়ে গেছে। দুষ্টু মেয়েটা রাজা-রানির কাছে গিয়ে কান্না করে বলল, ‘আপনার মেয়েকে খুঁজতে আমি সাহায্য করতে চাই। কিন্তু আমার কিছু টাকা লাগবে।’ রানি সঙ্গে সঙ্গে অনেক টাকা দিয়ে দিল। আসলে টাকা নেওয়াই ছিল তার উদ্দেশ্য। সেই টাকা নিয়ে মেয়েটা গেল পারলারে। সেখানে সে এত সুন্দর করে সাজল যে তাকে আর চেনাই যাচ্ছিল না।
ওদিকে হালুম তো পাহারা দিয়েই যাচ্ছে। সারা দিন না খেয়ে পাহারা দিতে দিতে সে ক্লান্ত। হালুম আবার মেয়েটার সব কথা শোনে। সে ছাড়া অন্য কেউ হালুমের গায়ে হাত দিলে তার খবর আছে!
যাহোক, একসময় মেয়েটা এল। হালুম অমনি ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে কামড়ে দিল। আসলে সেজেগুজে ছিল বলে সে মেয়েটিকে চিনতে পারেনি। একসময় সে তার ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে মেয়েটা আর নেই। হালুম মন খারাপ করে চলে গেল।
বাঘ সরে যেতেই এগিয়ে এল প্রায়সীর ঘোড়া দুটো। খুব কষ্টে তারা প্রায়সীকে গাছের ভেতর থেকে টেনে তুলল। এবার আর প্রায়সী ভয় পেল না, আনন্দে সে ঘোড়া দুটোকে জড়িয়ে ধরল। ঘোড়ার পিঠে চড়ে ফিরল প্রাসাদে। মেয়েকে দেখে রাজা-রানি, প্রজারা সবাই ভীষণ খুশি। প্রায়সীও বাবা-মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
অপহরণকারী মেয়েটার কথা প্রায়সী কাউকে বলেনি। বলেছে, খেলতে গিয়ে সে গাছের গর্তে পড়ে গিয়েছিল। মেয়েটা তো আর বেঁচে নেই। তা ছাড়া দুষ্টু হলেও সে ছিল প্রায়সীর বন্ধু।
নবম শ্রেণি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ