সেই পাখিটা

ইউক্যালিপটাস-গাছটার সবচেয়ে নিচু ডালে প্রতিদিন ভোরে একটা হলদে পাখি হাজিরা দিতে আসে। কেন যে আসে, মুক্তা জানে না। সে ধরে নিয়েছে পাখিটা হয়তো তার জন্যই আসে। পাখিটারও বুঝি মুক্তার মতোই আপন বলতে কেউ নেই। যতক্ষণ পর্যন্ত পাখিটি চলে না যায়, সে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। সূর্য একটু কিরণ দেওয়া শুরু করলেই পাখিটা ফুড়ুত করে উড়ে যায়।
এরই মধ্যে মুক্তার ডাক পড়ে। তাকে কাজে নেমে যেতে হয়। মুক্তার মতো আরও কিছু মেয়ে মিলে নানা ধরনের হাতের কাজ করে। সেলাই করা, বাঁশ-বেতের নানা জিনিস বানানো, আরও কত কী! মুক্তা বেশ কিছু রান্নাও শিখেছে। বাধ্য হয়েই বলা যায়। তবে সেলাই বা হাতের অন্য কাজগুলো করলে যদিও কিছু টাকা পাওয়া যায়, রান্না করলে তা পাওয়া যায় না। মুক্তা ঠিক করেছে তার বেশ কিছু টাকা জমলে সে ওই টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করবে।
মুক্তার মা যখন মারা যায়, মুক্তা তখন ছোট্টটি। বাবা তাকে ফেলে চলে যায়। তার দূরসম্পর্কের এক মামা তাকে এই এতিমখানায় রেখে গেছে। মুক্তা ভেবেছিল এতিমখানা এমন এক জায়গা, যেখানে সবাইকে একটা মা দেওয়া হয়। যে মা অনেক ভালোবাসা দেয়। কিন্তু এখন বোঝে এখানে কোনো মা নেই।
মুক্তা ভাগ্যকে মেনে নিয়েছে। এখানে একটা বান্ধবী পায় সে। নাম মালা। মুক্তা যদি কোনোদিন কাজ করে প্রশংসাস্বরূপ বেশি টাকা পেত তা দিয়ে বাইরে থেকে কিছু কিনে এনে বান্ধবীর সঙ্গে ভাগ করে খেত। এই যেমন পাঁচ টাকার চকলেট বা আইসক্রিম।
একদিন এতিমখানা পরিদর্শন করতে আসা এক ব্যক্তির মানিব্যাগ হারিয়ে গেল। সবাইকে বলা হলো, কেউ যদি ব্যাগটা দেখে বা নিয়ে থাকে তা হলে বলতে। পরে কারও কাছে পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমন সময় মালা বলল, ‘স্যার, আমি ব্যাগটি মুক্তার কাছে দেখেছি।’
মুক্তা তার বান্ধবীর কাছ থেকে এ কথা শুনে ভাষা হারিয়ে ফেলল। স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সে এর বিরোধিতা করল। কিন্তু পরে মুক্তার বালিশের নিচ থেকেই মানিব্যাগ পাওয়া গেল। তখন তার বলার আর কিছুই ছিল না। শাস্তিস্বরূপ মুক্তা কাজ করে এত দিন যে টাকা উপার্জন করেছে, তার অর্ধেক নিয়ে নেওয়া হলো।
সেদিন সে এতিমখানা থেকে বের হয়ে ঠিক করল, যেদিকে তার মন চাইবে, সেদিকেই চলে যাবে। সে ভাবতেও পারল না কীভাবে তার কাছে ওই মানিব্যাগ এল। তার টাকা কেটে নেওয়া হয়েছে এ নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু চুরির অপমান সে কোনো দিন ভুলতে পারবে না।
কিন্তু কোথায় আর যাবে। কাঁদতে কাঁদতে আবার এতিমখানায় ফিরে এল মুক্তা। এ জায়গাটাই যে তার শেষ সম্বল। এরপর থেকে সে আর কারও সঙ্গে বন্ধুত্ব করেনি। তার একমাত্র সঙ্গী হলদে পাখির সঙ্গে কথা বলেই নিজের সাধ মিটিয়েছে। পাখিটা বুঝেছে কি না, কে জানে।
মুক্তা একদিন জানতে পারল, এক বুড়োবুড়ি তাকে এতিমখানা থেকে নিয়ে যাবে। শুধু টুকটাক কাজ করতে হবে। তারাই মুক্তার থাকা-খাওয়া, পড়ার সব খরচ দেবে। মুক্তার কাছে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। কাজ করতে ওর কোনো ভয় নেই। কিন্তু পাখিটাকে একলা ফেলে তার যেতে ইচ্ছা করছিল না। পাখিটা যে একা হয়ে যাবে!
পরদিন মুক্তা ঘুম থেকে উঠল খুব ভোরে। যেন পাখিটা আসার সঙ্গে সঙ্গেই সে খবরটা দিতে পারে। এই প্রথম তার মনে হলো সে কারও মনে কষ্ট দিচ্ছে, যা তার একদমই ভালো লাগছিল না।
কিন্তু এ কি! হলদে পাখিটা যখন এল, দেখা গেল তার সঙ্গে আরেকটা ছোট্ট পাখি। কেবল একটু একটু উড়তে পারে। দেখে মুক্তা আর নিজেকে সামলাতে পারল না। আনন্দে কেঁদেই ফেলল। ইচ্ছে করছিল ওদের সঙ্গে পাখি হয়ে উড়ে যেতে। কিন্তু ওর যে ডানা নেই!
নবম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর