সোনার পুতলা
আজ থেকে ঠিক ৬৭ বছর আগে এই দিনেই জন্মেছিলেন হুমায়ূন আহমেদ। প্রিয় লেখকের জন্মক্ষণটা কেমন ছিল, সেটা তাঁর লেখা থেকেই জেনে নাও!

আমার জন্ম ১৩ নভেম্বর। ১৯৪৮ সন। শনিবার রাত দশটা তিরিশ মিনিট। শুনেছি ১৩ সংখ্যাটাই অশুভ। এই অশুভের সঙ্গে যুক্ত হল শনিবার। শনি-মঙ্গলবারও নাকি অশুভ। রাতটাও কৃষ্ণপক্ষের। জন্ম মুহূর্তে দপ করে হারিকেন নিভে গেল। ঘরে রাখা গামলার পানি উল্টে গেল। একজন ডাক্তার যিনি গত তিন দিন ধরে মার সঙ্গে আছেন তিনি টর্চলাইট জ্বেলে তার আলো ফেললেন আমার মুখে। ক্ষিপ্ত গলায় বললেন, এই জানোয়ারটা দেখি তার মাকে মেরেই ফেলেছিল।
আমি তখন গভীর বিস্ময়ে টর্চলাইটের ধাঁধানো আলোর দিকে তাকিয়ে আছি। চোখ বড় বড় করে দেখছি—এসব কী? অন্ধকার থেকে এ আমি কোথায় এলাম?
জন্মের পর পর কাঁদতে হয়। তাই নিয়ম।
চারপাশের রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি। ডাক্তার সাহেব আমাকে কাঁদাবার জন্য ঠাশ করে গালে চড় বসালেন। আমি জন্ম মুহূর্তেই মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম। ঘরে উপস্থিত আমার নানীজান আনন্দিত স্বরে বললেন, বামুন রাশির ছেলে। বামুন রাশি বলার অর্থ প্লেসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলা পেঁচিয়ে আছে।
শিশুর কান্নার শব্দ আমার নানাজানের কানে যাওয়ামাত্র তিনি ছুটে এসে বললেন, ছেলে না মেয়ে?
ডাক্তার সাহেব রহস্য করবার জন্য বললেন, মেয়ে, মেয়ে। ফুটফুটে মেয়ে।
নানাজান তৎক্ষণাৎ আধমণ মিষ্টি কিনতে লোক পাঠালেন। যখন জানলেন মেয়ে নয় ছেলে—তখন আবার লোক পাঠালেন—আধমণ নয় এবার মিষ্টি আসবে এক মণ। এই সমাজে পুরুষ এবং নারীর অবস্থান যে ভিন্ন তাও জন্মলগ্নেই জেনে গেলাম।
নভেম্বর মাসের দুর্দান্ত শীত।
গারো পাহাড় থেকে উড়ে আসছে অসম্ভব শীতল হাওয়া। মাটির মালশায় আগুন করে নানীজান সেঁক দিয়ে আমাকে গরম করার চেষ্টা করছেন। আশেপাশের বৌ-ঝিরা একের পর এক আসছে এবং আমাকে দেখে মুগ্ধ গলায় বলছে, ‘সোনার পুতলা।’
এতক্ষণ যা লিখলাম সবই শোনা কথা। মার কাছ থেকে শোনা। কিন্তু আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কারণ আমি ঘোর কৃষ্ণবর্ণের মানুষ। জন্মমুহূর্তের এতসব কথা আমার মারও মনে থাকার কথা নয়। তাঁর তখন জীবন সংশয়। প্রসব বেদনায় পুরো তিন দিন কাটা মুরগির মতো ছটফট করেছেন। অতিরিক্ত রকমের রক্ষ ক্ষরণ হচ্ছে। পাড়াগাঁর মতো জায়গায় তাঁকে রক্ত দেবার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাতেও তিনি লক্ষ করছেন তাঁর সোনার পুতলা গভীর বিস্ময়ে চারপাশের পৃথিবীকে দেখছে, কাঁদতে ভুলে গেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। আমার ধারণা মা যা বলেছেন তা অন্যদের কাছ থেকে শুনেই বলেছেন।
ধরে নিচ্ছি মা যা বলেছেন সবই সত্যি। ধরে নিচ্ছি এক সময় আমার গাত্র বর্ণ কাঁচা সোনার মতো ছিল। ধরে নিচ্ছি আমার জন্মের আনন্দ প্রকাশের জন্য সেই রাতে এক মণ মিষ্টি কিনে বিতরণ করা হয়েছিল। মিষ্টি কেনার অংশটি বিশ্বাসযোগ্য। নানাজানের অর্থবিত্ত তেমন ছিল না কিন্তু তিনি দিল দরিয়া ধরনের মানুষ ছিলেন। আমার মা ছিলেন তাঁর সবচেয়ে আদরের প্রথমা কন্যা। বিয়ে হয়ে যাবার পরও যে কন্যার মাথার চুল তিনি নিজে পরম যত্নে আঁচড়ে দিতেন। এই অতি আদরের কন্যার বিয়ের সময়ও তিনি জমি টমি বিক্রি করে খরচের চূড়ান্ত করলেন। পিতৃ হৃদয়ের মমতা প্রকাশ করলেন দুহাত খুলে টাকা খরচের মাধ্যমে।
উদাহরণ দিই—মোহনগঞ্জ স্টেশন থেকে বর আসবে হাঁটা পথে পাঁচ মিনিটের রাস্তা। পাল্কির ব্যবস্থা করলেই হয়। আমার নানাজান হাতির ব্যবস্থা করলেন। সুসং দুর্গাপুর থেকে দুটি হাতি আনানো হলো। যে লোক এই কাজ করতে পারে, সে তার প্রিয় কন্যার প্রথম সন্তান জন্মের খবরে বাজারের সমস্ত মিষ্টি কিনে ফেলতে পারে।
আমার বাবা তখন সিলেটে। বিশ্বনাথ থানার ওসি।
ছেলে হবার খবর তাঁর কাছে পৌঁছল। তাঁর মুখ অন্ধকার হয়ে গেল। বেচারার শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে। তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন। এক গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন। রূপার মল বানিয়েছেন। তাঁর মেয়ে মল পায়ে দিয়ে ঝম ঝম করে হাঁটবে—তিনি মুগ্ধ হয়ে দেখবেন। ছেলে হওয়ায় সব পরিকল্পনা মাঠে মারা গেল। তিনি একগাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে গেলেন। পাঠক-পাঠিকাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এইসব মেয়েলি পোষাক আমাকে দীর্ঘদিন পরতে হয়। বাবাকে সন্তুষ্ট করার জন্যে মা আমার মাথার চুলও লম্বা রেখে দেন। সেই বেণী করা চুলে রঙবেরঙের রীবন পরে আমার শৈশবের শুরু।
বাবা-মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটা জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা-মা হাসেন। খেলনা যখন কাঁদে বাবা-মার মুখ অন্ধকার হয়ে যায়। আমার বাবা-মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তাঁরা তাঁদের শিশু পুত্রের ভেতর নানান প্রতিভার লক্ষণ দেখে বার বার চমৎকৃত হলেন। হয়তো আমাকে চাবি দেওয়া একটা ঘোড়া কিনে দেওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে ভেঙে ফেললাম। আমার বাবা পুত্রপ্রতিভায় মুগ্ধ, হাসিমুখে বললেন, দেখ দেখ ছেলের কী কৌতূহল। সে ভেতরের কলকব্জা দেখতে চায়।
হুমায়ূন আহমেদের আমার ছেলেবেলা বই থেকে সংগৃহীত