স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রোহান ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে পড়ে। আয়ান তার সহপাঠী। রোহানকে বলল আয়ান, ‘আচ্ছা রোহান, স্বপ্নের মধ্যেও কি স্বপ্ন দেখা যায়?’
‘জানি না’, বলল রোহান। ‘কেন?’
‘না এমনি’, আয়ান বলল। ‘হতেও তো পারে, পারে না?’
‘হ্যাঁ পারে’, চিন্তিত মুখে রোহানের উত্তর। আয়ান আর কথা বাড়াল না।
রোহান কিন্তু ব্যাপারটা ভুলল না। সে বিষয়টি নিয়ে ভাবতে লাগল। তখন নিশুতি রাত। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ দেখল, সামনে একজন লোক বসে আছে। লোকটার মাথায় কাঁচাপাকা চুল। রোহান বুঝতে পারল না সে কোথায় আছে। লোকটাকে পরিচিত মনে হলো। কিন্তু ঠিক...চেনা গেল না।
লোকটা বলে উঠল, ‘কেমন আছ রোহান? তুমি ভাবছ এটা স্বপ্ন, তাই না? এটা স্বপ্নই। তবে, এই স্বপ্নের ভেতর আরও স্বপ্ন আছে। দাঁড়াও দেখাচ্ছি।’
রোহান কিছু বুঝল না। হঠাৎ মনে হলো সে যেন ঘুমিয়ে পড়েছে। ঘোরের মধ্যে আবার সে দেখল, সেই লোকটা দাঁড়িয়ে আছে। তাঁর মনে হতে লাগল, সে যেন স্বপ্নে ভেতর স্বপ্ন দেখছে।
স্বপ্নের ভেতর স্বপ্ন! এ কেমন করে সম্ভব! তাহলে কি আয়ানেরও এই অভিজ্ঞতা হয়েছে? আর লোকটাই বা কেমন করে তার মনের কথা জানতে পারছে? অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকিয়ে গেল।
একসময় লোকটা বলে উঠল, ‘স্বপ্নের ভেতর স্বপ্ন দেখা অবশ্যই সম্ভব।’
রোহান ভাবতে লাগল। ভেবে ভেবে কোনো কূল-কিনারা পেল না। কীভাবে সম্ভব? কেন সম্ভব?
ভাবতে ভাবতে সে শুনল লোকটা বলছে, ‘কী হলো, ঘুম থেকে উঠছ না কেন? স্কুলে যাবে না? তাড়াতাড়ি উঠে পড়ো।’ রোহান অবাক হয়ে গেল। হঠাৎ সে আবিষ্কার করল, সে বিছানায়। মা তাকে ডাকতে ডাকতে অস্থির করে ফেলছে। সে বিছানা ছেড়ে ওয়াশ রুমে গেল।
এরপর থেকে প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে থাকে। প্রতি রাতে সেই লোকটা রোহানকে স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য বলতে বলতে অস্থির করে ফেলে। রোহানও ঘুম থেকে উঠে লোকটার কথাগুলো ডায়েরিতে লিখে রাখা শুরু করল।
স্কুলে একদিন আয়ানকে স্বপ্নটির কথা বলল সে।
আয়ান শুনে অবাক! ‘তুইও তাহলে দেখছিস?’ রোহান বলল, ‘আমার মনে হচ্ছে এগুলো কোনো প্রকার সংকেত।’ রোহান আর আয়ান এই বিষয়টি নিয়ে গভীর আলোচনা শুরু করল। তারা প্রতিজ্ঞা করল, এটা নিয়ে গবেষণা করবে এবং এ কথা কাউকে জানাবে না।
১৫ বছর পরের ঘটনা। আয়ান আর রোহান এখন বড় বিজ্ঞানী। দুই বন্ধু মিলে স্বপ্ন দেখার কারণ আবিষ্কার করেছে। কৃত্রিমভাবে স্বপ্ন দেখার উপায়ও তারা বের করেছে। তারা জানে, কীভাবে স্বপ্নের মাধ্যমে সময় পরিভ্রমণ করা যায়। এর মাধ্যমে নিজের জীবনের বিভিন্ন সময়ে সংকেত পাঠানো যায়। তাই দুই বন্ধু খুব বিখ্যাত। এখন তারা নোবেল পুরস্কার নিতে এসেছে। মঞ্চে দাঁড়িয়ে কথা বলা শুরু করতেই রোহানের ১৫ বছর আগে দেখা স্বপ্নটার কথা মনে পড়ল। লোকটার পরিচয়ও হঠাৎ করেই সে বুঝতে পারল। লোকটা আর কেউ নয়, সে নিজে! বুড়ো রোহান!
নবম শ্রেণি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ