
আমার একদম স্বাধীনতা নেই। এক্কেবারেই নেই। উঁ...উঁ করে কাঁদতে বসেছে কুশিয়ারা। হইচই করে সারাক্ষণ বাড়ি মাথায় তুলে রাখে যে মেয়ে, হাসতে হাসতে যে মেয়ের হেঁচকি উঠে যায়, যে বই পড়তে পছন্দ করে, পছন্দ করে গল্প বলতে আর ছবি আঁকতে; কী হলো তার যে, সে স্বাধীনতা নিয়ে কাঁদতে বসেছে? প্রশ্নগুলো মোস্তাক চাচ্চুর মনে একঝলক খেলে যায়। মোস্তাক চাচ্চু একটু বেশিই আদর করেন কুশিয়ারাকে।
মোস্তাক চাচ্চু দৌড়ে যান কুশিয়ারার ঘরে। বিছানায় উপুড় হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এখন সে, ‘আমার এক্কেবারে স্বাধীনতা নেই।’ কাঁদতে কাঁদতে কথা বলা তার আরেকটা অভ্যাস। মাথায় সবুজ একটা ব্যান্ড পরেছে। এখন সেটা মাথার পেছনে চলে এসেছে।
মোস্তাক চাচ্চু ব্যান্ডটা খুলে নিয়ে চুলে বিলি কেটে দেন। কুশিয়ারা মাথা না তুলেই ধমকায়, ‘বিরক্ত কোরো না তো, চাচ্চু। আমার কি কাঁদারও স্বাধীনতা নেই?’
‘ঠিক আছে। স্বাধীনতা-রহস্য নিয়ে পরে কথা বলা যাবে। আপাতত তার কান্না থামাতে হবে,’ মনে মনে বলেন মোস্তাক চাচ্চু।
আঙুলগুলো চিরুনি বানিয়ে কুশিয়ারার চুল আঁচড়ে দিয়ে বলেন, ‘প্রচ্ছদটা লাল-সবুজ। তোমার প্রিয়। হলুদও আছে।’
যা বোঝার বুঝে যায় কুশিয়ারা। হুড়মুড়িয়ে উঠে বসে। চোখে পানি। চোখ দুটো ঝিলিক দিয়ে ওঠে। ঠোঁটে হাসি টেনে বলে, ‘এনেছ?’
‘এনেছি।’
‘নতুন?’
‘হ্যাঁ, নতুন। এবারের বইমেলায়ই বেরিয়েছে।’
‘কই? দাও, দাও।’
চাচ্চুর ঘরে এসে ‘দাও না চাচ্চু, দাও না চাচ্চু’ করতে থাকে কুশিয়ারা। চাচ্চু বলেন, ‘দেব, একটু বসো।’ কুশিয়ারা পা গুটিয়ে বসে খাটে। মোস্তাক চাচ্চু বসেন মেঝেতে।
কুশিয়ারা বলে, ‘কী হলো, দেবে না?’
‘দেব তো। আগে বলো, স্বাধীনতা নিয়ে কী যেন বলছিলে?’
মুখটা আবার অন্ধকার হয়ে যায় কুশিয়ারার। গাল ফুলিয়ে বলে, ‘দ্যাখো না চাচ্চু, আমার একদম স্বাধীনতা নেই। সারাক্ষণ শুধু এটা কোরো না, ওটা কোরো না—এসব।’
‘যেমন?’
‘তুমি আমাকে বই উপহার দাও। আমার বই পড়তে ভালো লাগে। কিন্তু বই পড়তে গেলেই দাদা আমাকে বকেন।’
‘আর?’
‘ছবি আঁকতে গেলে বকে।’
‘আর?’
‘মোবাইলে গেম খেললে বকে।’
কপালে চিন্তার রেখা ফুটিয়ে তুলে চাচ্চু বলেন, ‘এটা তো বেশ সমস্যার কথা দেখছি।’
কুশিয়ারা কঠিন গলায় বলে, ‘দাদা স্বাধীনতার মানেই বোঝেন না।’
কথা শুনে ভ্রু কুঁচকে যায় চাচ্চুর। মেঝে থেকে উঠে এসে কুশিয়ারার পাশে বসেন তিনি। কুশিয়ারার চিবুক টিপে দিয়ে বলেন, ‘এভাবে বলে না সোনা।’ কুশিয়ারা ফোঁপাতে থাকে। যেন আবার কাঁদবে।
চাচ্চু বলেন, ‘স্বাধীন শব্দটার সন্ধি বিচ্ছেদ করে দেখাও তো দেখি।’
‘এটা তো সোজা—স্ব+অধীন।’
‘বেশ। তার মানে তুমি স্বাধীন, মানে তুমি তোমার অধীন। তুমি যত বেশি তোমার অধীন, তুমি তত বেশি স্বাধীন।’
‘কঠিন কথা আমার ভালো লাগে না চাচ্চু। বইটা দাও।’
‘যদি না দিই?’
‘দেবে না?’
‘আমার তো না দেওয়ার স্বাধীনতা আছে।’
হাঁ করে তাকিয়ে থাকে কুশিয়ারা। চাচ্চু আবার বলেন, ‘কিন্তু ইচ্ছে হলেই সবকিছু করা যায় না। অন্যের দিকটাও ভাবতে হয়। এটাও স্বাধীনতা। এই যেমন এখন আমি তোমার কথা ভাবছি।’
‘ধুত্তুরি চাচ্চু, বইটা দাও তো!’
‘শোনো, তুমি যদি অন্যের সমস্যা না করে কাজগুলো করো, খেলার সময় খেলো, বই পড়ার সময় বই পড়ো, খাওয়ার সময় খাও, ঘুমানোর সময় ঘুমাও, তাহলে কেউ তোমাকে বকা দেবে না।’
‘আচ্ছা সব করব।’
‘এই নাও বই।’
কুশিয়ারা বইটা লুফে নেয়।
‘আর শোনো।’
‘আবার কী?’
‘তোমার দাদা মুক্তিযুদ্ধ না করলে স্বাধীনতা শব্দটাই তুমি পেতে না।’
‘জানি তো।’
‘তাহলে তুমি স্বাধীনতার মানে বোঝো?’
‘বুঝি।’ কুশিয়ারা হাসে।
‘তোমার দাদা?’
‘বোঝে তো।’ কুশিয়ারা আরও হাসে।
এরপর কুশিয়ারা বইটা নিয়ে দাদার ঘরের দিকে যেতে থাকে।