হরেক রকম ভূতের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

তালগাছের এক জুজুবুড়ি থাকে গড়ের মাঠে
সন্ধ্যা হলে সেদিক দিয়ে ভুলেও কি কেউ হাঁটে?
মাঝে মাঝেই কাঁদে সে ভূত করুণ নাঁকি স্বরে
পথ ভুলে কেউ গেলেই তাকে খপ্‌ করে সে ধরে!

পূর্বদিকের জঙ্গলে যে বামন ভূতের বাড়ি
দুই হাত সে লম্বা মোটে, তিন হাত তার দাড়ি

ঢিপির মধ্যে সেঁধিয়ে থাকে, নেই তো কোনো বায়না

লাজুক বড়, ভুলেও কভু লোকের সামনে যায় না।

শ্মশানপাড়ের বটগাছে যে হ্যাংলা ভূতটা থাকে

হাটের দিনে মাছ নিয়ে কেউ ফিরলে ধরে তাকে।

ফন্দি দারুণ, বিড়াল সেজে সঙ্গী হয়ে হাঁটা

ফিরলে বাসায় মাছটা হাওয়া ব্যাগে শুধুই কাঁটা!

এমনি অনেক ভূত আছে ভাই, নেই তো ভূতের অভাব

মোট কটা ভূত বাংলাদেশে, কে দেবে তার জবাব?

কী বললে গো, আবার বলো, ভূত বলে নেই কিছু?

আস্তে বলো, শুনতে পেলে নেবে তোমার পিছু!