হাসতে হাসতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

হাসতে আমার মানা আছে,
মায়ের আছে বারণ,
এই বারণের একটা আছে
সত্যিকারের কারণ।
হাসতে গেলে কাশতে কাশতে
লুটোপুটি খাই,
তখন আমি হাসির থেকে
মুক্তি কেবল চাই।
এই তো সেদিন দুপুরবেলা
একটি সিনেমায়,
তিনটি বোকার কাণ্ড দেখে
আমার হাসি পায়।
দেখে আমি হাসতে হাসতে
কাশতে কাশতে মরি,
হাসি-কাশি থামে না আর
কী যে তখন করি!
কাশির ভয়ে মনের চোঙায়
হাসি বন্দী রাখি,
হাসির সাথে আর করি না
মোটেই মাখামাখি।
মজার মজার হাসির ছড়া
বাক্সে রাখি ভরে,
কয়েকটা দিন রাখব ওদের
অমন আটক করে।
কাশির ব্যামো ভালো হলে
সকল দুঃখ ভুলে,
হাসির চোঙা, ছড়ার বাক্স
দেব আমি খুলে।
খোলা হাওয়ায় ভাসবে আমার
হাসি রাশি রাশি,
আমার হাসির ছোঁয়ায় সবার
মুখে ফুটবে হাসি।