হুমায়ূন আহমেদের শেখানো জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯ জুলাই ছিল প্রিয় লেখক হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। লেখালেখির জাদু ছাড়াও তিনি যে আরও কিছু জাদু জানতেন, সেটা কি জানো?
তাঁর লেখনীর জাদুর কথা তোমরা সবাই জানো। হ‌ুমায়ূন আহমেদের লেখা মজার সব গল্প পড়ে কেমন ভোজবাজির মতো মন ভালো হয়ে যায়! আবার মন খারাপ করা গল্প পড়ে কখনো কখনো কান্নাও পায়।
এই জাদুকর কিন্তু শুধু গল্প লেখার জাদুই নয়, হাতের ভেতর পয়সা লুকিয়ে ফেলার কৌশলও জানতেন! যাকে বলা হয় ‘পামিং’। ঢাকা ইমপিরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে একবার তিনি সুন্দরবনে শিক্ষাসফরে গিয়েছিলেন। সেবার শিক্ষার্থীদের তিনি শুধুই জাদু দেখাননি, জাদু শিখিয়েও দিয়েছেন!
হ‌ুমায়ূন আহমেদের ভাষায়, ‘জাদুশিল্পীর হাত আর চোখ যেদিকে যায়, মানুষের দৃষ্টিও সেদিকেই থাকে।’ এই ‘ফাঁকি’ কাজে লাগিয়েই পয়সা লুকিয়ে ফেলার জাদু দেখানো যায়।
ধরো, তুমি প্রথমে ডান হাত উঁচু করে দেখালে, তোমার হাতে একটা পয়সা আছে। এবার চট করে ডান হাত বাঁ হাতে ছুঁইয়ে বাঁ হাতের মুঠো উঁচু করে ধরো। এই কাজ করার সময় তোমার দৃষ্টি যদি ডান হাত থেকে দ্রুত বাঁ হাতে চলে যায়, তাহলে দর্শকের চোখও তোমার চোখ অনুসরণ করবে। সবাই ভাববে, পয়সাটা ডান হাত থেকে বাঁ হাতে চলে এসেছে। এবার নাটকীয় ভঙ্গিতে বাঁ হাতের মুঠো খুলে দেখাও, সেখানে পয়সা নেই! আসলে পয়সা কিন্তু তোমার ডান হাতেই রয়ে গেছে।

জাদুটা অবশ্য এতটা সহজও নয়। বারবার চেষ্টা করলে তুমিও হয়তো পারবে। হ‌ুমায়ূন আহমেদের ‘পামিং’ শেখানোর ভিডিও দেখতে পারো প্রথম আলোর অনলাইন সংস্করণে। প্রিয় লেখকের কাছ থেকে একটা জাদু শিখে নেওয়ার সুযোগ হাতছাড়া করবে কেন!

কে জানে, মজার সব গল্পও তিনি বোধ হয় পয়সার মতো হাতের ভেতর লুকিয়ে রাখতে জানতেন! সেই গল্পগুলোই হামাগুড়ি দিয়ে কলম বেয়ে কাগজে নেমে আসত!

হাতের ভেতর পয়সা লুকিয়ে ফেলার কৌশল দেখাচ্ছেন হ‌ুমায়ূন আহমেদ। ছবিটা ঢাকা ইমপিরিয়াল কলেজের সেই অনুষ্ঠানের ভিডিও থেকে সংগৃহীত