
সর্বনাশ হয়েছে! ছোট্ট মেয়ে পুপেদিকে হরণ করে নিয়ে গেছে চাঁদমামা। খরগোশের পিঠে চড়িয়ে, ‘কিছু না’র রাস্তা দিয়ে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে কোথায় যে তাকে নিয়ে গেছে, কেউ জানে না। এখন পুপেদিকে উদ্ধার করবে কে? তলোয়ার হাতে, পঙ্খিরাজ ঘোড়ায় চেপে হাজির হলো রাজপুত্তুর! নাম তার সুকুমার।
রবীন্দ্রনাথ ঠাকুরের সে বইয়ের ‘সুকুমার’ গল্প অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেছেন পরিচালক টোকন ঠাকুর। খুব শিগগিরই শিল্পকলা একাডেমীতে হবে ছবির প্রথম প্রদর্শনী। কী কী আছে ছবিতে, কেমন করে ছবিটা তৈরি হলো, অভিনয় করল কে কে—সব খোঁজখবর নিতে আমরা কথা বলেছিলাম টোকন ঠাকুর আর ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে।
নালন্দা স্কুলের চতুর্থ শ্রেণিপড়ুয়া সামাহ্ তৌফিক অভিনয় করেছে পুপেদি চরিত্রে। ওর ডাকনাম তাপসী। আমরা কি তাকে তাপসী বলে ডাকব নাকি পুপেদি ডাকব? প্রশ্ন শুনে ফিক করে হেসে ফেলল মেয়েটা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবলেই তাপসীর মনে নাকি একটা ছবি ভাসে। কী ছবি? ‘একটা বুড়ো লোক। মাথা নিচু করে শুধু লিখতেই থাকে লিখতেই থাকে...’ এমন একজন বুড়ো কবি তাপসীদের রাজপুত্তুর সিনেমাতেও আছে। ছবিতে সে পুপেদির দাদু। বুড়ো হলেও তাঁর কথাগুলো ছোটদের মতোই। সুকুমার যখন তার হাতের ছাতাটা উঁচু করে বলে, ‘এই দেখো, আমার আস্তাবলের ঘোড়া। রাত হলেই এটা পঙ্খিরাজ হয়ে যায়!’—কথাটা দাদু একেবারেই অবিশ্বাস করেন না। বরং বলেন, ‘তাই তো। আমি তোমার পঙ্খিরাজের নাম দিলাম ছত্রবতী।’ ছত্রবতীর পিঠে চড়ে যে রাজপুত্তুর পুপেদিকে উদ্ধার করতে যায়, সেই চরিত্রে অভিনয় করেছে বিস্ময় সরকার, ডাকনাম মুগ্ধ। ‘তুমিই তাহলে রাজপুত্তুর সিনেমার নায়ক?’ এই প্রশ্নে নালন্দা স্কুলে ক্লাস থ্রি পড়ুয়া ছেলেটি যা বলল, শুনে আমাদের রাজপুত্তুর ছবিতে পুপেদির বলা একটা সংলাপ মনে পড়ে গেল—‘রাজপুত্তুর, না লাজপুত্তুর?’ লজ্জায় রাঙা হয়ে মুগ্ধ উত্তর দিল, ‘হুম। আমিই নায়ক।’ সুকুমারের মতো মুগ্ধও নাকি কখনো কখনো ‘লাঠির ঘোড়া’ ছোটায়!
ছবির ফাঁকে ফাঁকে আছে অ্যানিমেশন। চাঁদমামা কেমন করে পুপেদিকে ধরে নিয়ে গেল, কেমন করে ঘণ্টাকর্ণ তার লেজ দিয়ে কানে ঘণ্টা বাজায়—সবই তোমরা দেখতে পাবে। আরও পাবে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনি কিংবা ‘বীরপুরুষ’ কবিতার খোকাকেও। রাজপুত্তুর দেখে তোমার নিজের মতো আবিষ্কার করতে পারো আরও অনেক কিছু। সেসব আবার বড়দের বলতে যেয়ো না। বড়রা কি আর সবকিছু বোঝে!