মোহাম্মদ নাসিরউদ্দীন: প্রবাদপ্রতিম সাময়িকপত্রসেবী

সওগাত ও মোহাম্মদ নাসিরউদ্দীনের (২০ নভেম্বর ১৮৮৮—২১ মে ১৯৯৪) প্রতিকৃতি অবলম্বনেগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সমাজের অগ্রগতির ইতিহাসের বিশাল অংশ জুড়ে রয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁর ‘সওগাত’ মাসিক সাহিত্য পত্রিকা ও তাঁর অন্যান্য সহযোগী সাপ্তাহিক, বার্ষিক ও বিশেষ সংখ্যা ও ‘সওগাত’–এরই প্রসূন সাপ্তাহিক ‘বেগম’–এর মাধ্যমে। বিশ শতকের দ্বিতীয় দশকে (১৯১৮) সূচনা ঘটিয়ে একুশ শতকের প্রথম দশক পর্যন্ত ‘বেগম’–এর মধ্য দিয়ে অব্যাহত থাকে মনীষী নাসিরউদ্দীনের (১৮৮৮-১৯৯৪) ‘সওগাত’ নামের সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি। ‘সওগাত’–এর একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল: রাজনীতিবর্জিত সাহিত্য হতে পারে না, আর জীবনের সর্বমাত্রিক সমস্যার সমাধান সাহিত্যের মাধ্যমেই হয়ে থাকে। ১ অতএব মুসলিম বাংলার বিংশ শতাব্দীর রাজনৈতিক সংগ্রামের মুখপত্রও ছিল ‘সওগাত’। সমালোচকেরাও একমত, মুসলমানের সাহিত্য ও সাংবাদিকতায় মেধা ও মুক্তবুদ্ধির যে দীপ্তি এখন লক্ষ করা যায়, তার স্ফুরণ ঘটেছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের হাতে, ‘সওগাত’–এর পৃষ্ঠাতে। আবুল ফজল লিখেছেন (১৯৭৯):

‘আমাদের সাহিত্য নির্মাণে, সাহিত্য সৃষ্টিতে এবং সাহিত্যের পৃষ্ঠপোষকতায় তাঁর অবদান তুলনাহীন।...তাঁর মত আত্মনিবেদিতপ্রাণ মানুষ আমাদের মধ্যে বিরল বল্লইে চলে। জনাব মোহাম্মদ নাসিরউদ্দীন না-হলে আমরা অনেকেই লেখক হিসাবে গড়ে উঠতে পারতাম কিনা সন্দেহ। অনুকূল ক্ষেত্র ছাড়া কিছুই জন্মে না, কিছুই সৃষ্টি হয় না—সাহিত্যও তার ব্যতিক্রম নয়।...নাসিরউদ্দীন বহুযুগের সমন্বিত এক ব্যক্তিত্ব। তিনি একটি ইতিহাস।’২

মোহাম্মদ নাসিরউদ্দীন তৎকালীন ত্রিপুরা (বর্তমান কুমিল্লা) জেলার চাঁদপুর থানার পাইকারি গ্রামে জন্মলাভ করেন। তাঁর পিতা ও মাতা যথাক্রমে আবদুর রহমান ও আমেনা বিবি। হরিণা গ্রামের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন, কিন্তু ম্যাট্রিক পাস করা হয়নি আর্থিক ও পারিবারিক বিপর্যয়ের কারণে। সংসারের প্রয়োজনে তিনি প্রথমে লঞ্চের (স্টিমার) টিকিটমাস্টাররূপে এবং পরে ওরিয়েন্টাল ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেছিলেন। এভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য অর্জন করে তিনি মন দিয়েছিলেন একটি উন্নত মানের সাহিত্য পত্রিকা প্রকাশে। আত্মকথায় তিনি লিখেছেন, ‘স্কুলে পড়াশোনার সময়ে হিন্দু ছাত্রদের কাছে “প্রবাসী” প্রভৃতি মাসিকপত্র পড়তে চেয়ে অপমানিত হয়েছিলেন। বন্ধুরা নাকি তাঁকে বলেছিলেন, তোমাদের মধ্যে এ রকম সাহিত্য পত্রিকা কেউ বের করতে পারে না তো পড়ার এত সখ কেন?’৩

মুসলমান সমাজে ভালো সাহিত্য পত্রিকার অভাব মোচনের জন্যই নাসিরউদ্দীন অর্থ উপার্জনের মতো ব্যবসা–বাণিজ্য ভালো বুঝলেও সাহিত্য ও সাহিত্যিক সৃষ্টির ব্রত গ্রহণ করেছিলেন। বস্তুতপক্ষে সাহিত্য পত্রিকা সম্পাদনার অসীম দক্ষতা-যোগ্যতাও তাঁর ছিল। মাসিক, সাপ্তাহিক ও বার্ষিক ‘সওগাত’ এবং সাপ্তাহিক ‘দেশের কথা’, ‘শিশু সওগাত’ ও ‘সওগাত সাহিত্য মজলিশ’ প্রভৃতির মাধ্যমে ত্রিশ ও চল্লিশের দশকে মুসলিম সাহিত্যের অন্যতম স্থপতি হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। বস্তুত দীর্ঘজীবন লাভ করায় জীবিত অবস্থাতেই মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য সাময়িকীর জগতে এক কিংবদন্তি পুরুষে পরিণত হয়েছিলেন। অসংখ্য পদক, পুরস্কার ও সংবর্ধনা তিনি লাভ করেছিলেন। ১৯৭৯ সালে তাঁকে বাংলাদেশ সরকার ‘একুশে পদক’ দিয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করে। বাংলাদেশের সর্বস্তরের জনগণও তাঁকে সংবর্ধিত করেন।

মুসলমান সমাজে ভালো সাহিত্য পত্রিকার অভাব মোচনের জন্যই তিনি অর্থ উপার্জনের মতো ব্যবসা–বাণিজ্য ভালো বুঝলেও সাহিত্য ও সাহিত্যিক সৃষ্টির ব্রত গ্রহণ করেছিলেন। বস্তুতপক্ষে সাহিত্য পত্রিকা সম্পাদনার অসীম দক্ষতা-যোগ্যতাও তাঁর ছিল। মাসিক, সাপ্তাহিক ও বার্ষিক সওগাত এবং সাপ্তাহিক ‘দেশের কথা’, ‘শিশু সওগাত’, ‘সওগাত সাহিত্য মজলিশ’ প্রভৃতির মাধ্যমে ত্রিশ ও চল্লিশের দশকে মুসলিম সাহিত্যের অন্যতম স্থপতি হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। বস্তুত দীর্ঘজীবন লাভ করায় জীবিত অবস্থাতেই মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য সাময়িকীর জগতে এক কিংবদন্তি পুরুষে পরিণত হয়েছিলেন।

বাঙালি মুসলমান সমাজের বিকাশের যে পর্যায়ে ‘সওগাত’ প্রকাশিত হয়েছিল, তা ছিল এককথায় ‘আইয়ামে জাহেলিয়াতের’ মতো। ‘সচিত্র’ পত্রিকা হবে শুনে বহু লোক তাঁকে তিরস্কার করেছিল। কিন্তু অজ্ঞতা, কুসংস্কারাচ্ছন্নতা, সংকীর্ণতা, ধর্মান্ধতার যুগে প্রতিটি বিষয়ে চিন্তার কুটিল গ্রন্থি উন্মোচনে ‘সওগাত’ সম্পাদক ছিলেন আপসহীন। এর লেখকেরাও ছিলেন উন্মুখ, উন্মুখর। সমাজ ও মানুষকে বহুপ্রকার সঞ্জীবনী সাহিত্যসুধা তাঁরা পান করিয়েছিলেন। এরই ফলে আমাদের সমাজে আত্মপ্রকাশ করেছেন প্রথম শ্রেণির একদল সৃজনশীল সাহিত্যিক, চিন্তাবিদ, কবি ও সাংবাদিক। কিন্তু পদে পদে বাধা ও বিড়ম্বনা বিব্রত করেছে তাঁদের। সে ইতিহাসও লেখা হয়েছে সম্পাদক কর্তৃক ‘বাংলা সাহিত্যে সওগাত যুগ’ শীর্ষক বিশাল গ্রন্থে, প্রগতিশীল সাহিত্যের ইতিবৃত্তে। প্রতিক্রিয়াশীলেরা তাঁকে (নাসিরউদ্দীনকে) শারীরিক নির্যাতনও করেছে। এরূপ নির্যাতন–নিপীড়ন ভোগ করেছেন বাংলার শ্রেষ্ঠ মনীষীরা—কাজী নজরুল ইসলাম, কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এখনো বাঙালি মুসলমান ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের (শিল্পী-সাহিত্যিক-চিন্তাবিদ) নাজেহাল করেন।

‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (২০ নভেম্বর ১৮৮৮—২১ মে ১৯৯৪)
ছবি: সংগৃহীত

তবে সেকাল ও একাল—এই দুই যুগের মধ্যে মাত্রাগত তারতম্য অবশ্যই রয়েছে। সেকালে ‘সুদ’ হারাম বলে মুসলমানরা গ্রহণ করত না, অথচ দাদন নিয়ে বহুগুণ অর্থ তারা মহাজনদের দিয়েছে। ‘ভিক্ষা’ করেছে, কিন্তু অর্থকরী কাজ করেনি। মোহাম্মদ নাসিরউদ্দীন লিখেছেন, তৎকালীন মুসলমান সমাজের বিভিন্ন কার্যকলাপ ও আচার–ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে এত নিম্ন স্তরের ছিল যে সেগুলো তাঁর মনকে পীড়িত করে। আত্মজীবনীতে আরও লিখেছেন তিনি, মুসলমানরা মাতৃভাষা বাংলা শেখানোর পরিবর্তে কোমলমতি বালক–বালিকাদের আরবি, ফারসি ও উর্দু ভাষা মুখস্থ করাত। পবিত্র কোরআনকে দুর্বোধ্য করে রেখে, এর ভুল অর্থ প্রচারের মাধ্যমে একশ্রেণির ধর্মব্যবসায়ী অশিক্ষিত মুসলমানদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করত। আর্থিক দিক দিয়ে লাভজনক কাজের নিন্দা করত। মুসলমান সমাজে এ জন্য ভিক্ষুকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল।

মুসলমানরা বাংলা ও ইংরেজি উভয় ভাষার প্রতিই উপেক্ষা প্রদর্শন করত। তাদের সাহিত্যের অভাব ছিল। মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছিল না। তারা কঠোর অবরোধ প্রথায় আবদ্ধ ছিল। সাংস্কৃতিক কার্যকলাপ, শরীরচর্চা ও খেলাধুলার প্রতি তাদের অনীহা ও নিঝেধাজ্ঞা ছিল। স্বসমাজের এরূপ দৈন্য দশাই তাঁকে আধুনিক যুগের উপযোগী একটি সাহিত্য পত্রিকা প্রকাশে উদ্বুদ্ধ করেছিল।

অতএব পত্রিকার মাধ্যমে অজ্ঞতা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করাই ছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের টার্গেট। কিন্তু কলকাতার মুসলমানদের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া গেল না। তাঁরা বললেন, ‘গল্প, উপন্যাস আর ছবি নিয়ে ও ধরনের কাগজ বের করার জন্য উৎসাহ দেয়া যায় না।’ এ থেকেই বোঝা যায়, মুসলমান সমাজে মুক্তবুদ্ধির ধারক পত্রপত্রিকা প্রকাশ করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল। সমাজে শিল্প–সাহিত্য–সংস্কৃতির চর্চা না থাকায় যুগোপযোগী সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের কথা প্রচার লাভ করত না। এরূপ পরিস্থিতিতে মোহাম্মদ নাসিরউদ্দীন সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে সচিত্র মাসিক পত্রিকা বের করেছিলেন ১৯১৮, বাংলা ১৩২৫ সনে। কিন্তু প্রথমে তিনি এ কাজে ব্যর্থ হয়েছিলেন। সাড়ে তিন বছর চলে বন্ধ হয়ে গেল ‘সওগাত’। ১৩৩৩ (১৯২৬) সনে পূর্ণ উদ্যমে মাসিক ‘সওগাত’ আবার বের হলো। গড়ে উঠল ‘সওগাত সাহিত্য মজলিশ’ (১৯২৭)। এরপর সাপ্তাহিক ‘সওগাত’ও নিয়মিত বের হতে আরম্ভ করে (১৯২৮)। এভাবেই নাসিরউদ্দীন ও তাঁর ‘সওগাত গোষ্ঠী’র লেখকদের পঁচিশ বছরের অক্লান্ত সাধনায় এ দেশকে উপহার দিয়েছিলেন প্রথম সারির একদল সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সাহিত্য-শিল্পের সুবিপুল সম্ভার। তিনিই প্রথম সমবেত করেছিলেন মুসলিম বাংলার প্রগতিশীল, মুক্তবুদ্ধির তরুণ–তরুণীদের, যাঁরা ‘বিমূঢ়’, অসহায় ছিলেন গোঁড়া অন্ধদের সাম্রাজ্যে।

এই মানুষগুলো নির্ভীকচিত্তে সংস্কারমুক্তির আন্দোলন করেছেন, প্রগতির পক্ষে আহ্বান জানিয়েছেন নিরন্তর তাঁদের রচনাবলির মাধ্যমে। তাঁরাই বর্তমান বাংলাদেশের প্রগতিশীলতা ও মুক্তবুদ্ধির পথিকৃৎ, সাহিত্যজগতের প্রথম প্রজন্ম। ৪

‘সওগাত’-এর একটি সংখ্যা
ছবি: সংগৃহীত

মোহাম্মদ নাসিরউদ্দীন পত্রিকা বের করার জন্য অর্থ সংগ্রহের নিমিত্ত প্রথমে (১৯১৮) কলকাতার সামর্থ্যবান মুসলমানদের নিয়ে একটি কোম্পানি গঠন করেছিলেন। শেয়ার বিক্রির মাধ্যমে ফান্ড সংগ্রহ করে সেই কোম্পানির পক্ষ থেকে পত্রিকা বের করে সমাজসেবা করবেন—এ ধরনের চিন্তা যে তরুণের মাথা থেকে বের হয়েছিল, তিনি যে সামান্য ব্যক্তি নন, তা কল্পনা করা যায়। ‘সওগাত’–এর পৃষ্ঠায় এই শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি ও উদ্দেশ্য বিস্তারিত লিপিবদ্ধ আছে। কোম্পানির নাম ছিল ‘মোসলেম প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি লিমিটেড’। এই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘মোসলেম সাহিত্য সমিতি’ নামে সাহিত্যিক প্রতিষ্ঠানও একটি গড়ে তোলার পরিকল্পনা তাঁর ছিল। এর তিন বছর আগে মুহম্মদ শহীদুল্লাহ, মোজাম্মেল হক প্রমুখের উদ্যোগে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’ গঠিত এবং ১৯১৮ সাল থেকে ত্রৈমাসিক ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’ প্রকাশিত হয়েছিল। কিন্তু এসবই তখনকার প্রয়োজনের তুলনায় ছিল যৎসামান্য।

মুসলমানদের সভ্য, উন্নত করার জন্যই ‘মোসলেম সভ্যতার ইতিবৃত্ত’ সাহিত্যিক শৈল্পিক কায়দায় উপস্থাপনের দরকার ছিল। ধর্মের বিরুদ্ধে গিয়ে বললে মুসলমানরা ‘নাস্তিকের কাজ’ বলে পরিহার করে চলবে। মুসলমানের ধর্ম ও সংস্কৃতি থেকে প্রাণশক্তি আহরণ করে তার আলোকে বা সাহায্যেই মুসলমানদের জাগ্রত, যুক্তিবুদ্ধি সমুন্নত করে তুলতে হবে—এই চেতনা থেকেই দেখা যায় মোহাম্মদ আকরম খাঁ, কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী নজরুল ইসলাম, ডা. মোহাম্মদ লুৎফর রহমান, বেগম রোকেয়া, এস. ওয়াজেদ আলি, মোহাম্মদ ওয়াজেদ আলী—সকলেই ইসলাম ধর্মের প্রাণ অনুসন্ধান করেছেন এবং যুগোপযোগী ব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের ‘আধুনিক’ করে তুলতে চেয়েছিলেন।

অসহযোগ ও খিলাফত আন্দোলন প্রভৃতির সময়ে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যক্রম তেমন ছিল না। মোহাম্মদ নাসিরউদ্দীনের ‘মোসলেম সাহিত্য সমিতি’ও সমাজের প্রাণশক্তির অভাবে সফলতা লাভ করল না। কিন্তু ১৯২৬ সালে ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ গড়ে ওঠার পরপর কলকাতায়ও ‘সওগাত সাহিত্য মজলিশ’ সরগরম হয়ে ওঠে। নজরুল ইসলাম ছিলেন এর মধ্যমণি। ‘সওগাত’ সম্পাদক প্রথম পর্বে ঘোষণা করেছিলেন, মোসলেম সাহিত্য সমিতিতে পঠিত ও আলোচিত ধর্ম, সমাজ ও সাহিত্যবিষয়ক আলোচনাসমূহ ‘সওগাত’–এ প্রকাশ করা হবে। ‘সওগাত’–এর একটি বিজ্ঞাপনে (প্রথম বর্ষ, অষ্টম সংখ্যা, ১৯১৯) বলা হয়:

‘প্রাচীন মোসলেম সভ্যতার ইতিবৃত্তসমূহ সর্বাগ্রে আলোচিত হইবে। আলোচনার সুবিধার জন্য এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থান হইতে মূল্যবান পুস্তক সমূহ সংগ্রহ করা হইবে।’৫

মুসলমানদের সভ্য, উন্নত করার জন্যই ‘মোসলেম সভ্যতার ইতিবৃত্ত’ সাহিত্যিক–শৈল্পিক কায়দায় উপস্থাপনের দরকার ছিল। ধর্মের বিরুদ্ধে গিয়ে বললে মুসলমানরা ‘নাস্তিকের কাজ’ বলে পরিহার করে চলবে। মুসলমানের ধর্ম ও সংস্কৃতি থেকে প্রাণশক্তি আহরণ করে তার আলোকে বা সাহায্যেই মুসলমানদের জাগ্রত, যুক্তিবুদ্ধি সমুন্নত করে তুলতে হবে—এই চেতনা থেকেই দেখা যায় মোহাম্মদ আকরম খাঁ, কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, কাজী নজরুল ইসলাম, ডা. মোহাম্মদ লুৎফর রহমান, রোকেয়া সাখাওয়াত হোসেন, এস. ওয়াজেদ আলি, মোহাম্মদ ওয়াজেদ আলী—সকলেই ইসলাম ধর্মের প্রাণ অনুসন্ধান করেছেন এবং যুগোপযোগী ব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের ‘আধুনিক’ করে তুলতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মওলানা আকরম খাঁর ‘সমস্যা ও সমাধানে’ সংগীত ইত্যাদি বিষয়ের ফতোয়াও বিনা তর্কে মুসলমান পাঠকসমাজও সেদিন গ্রহণ করে নেয়নি।

‘সচিত্র মাসিক পত্রিকা সওগাত’ নামের মধ্যে ‘সচিত্র’ কথাটা মুসলমান সমাজে ছিল এককথায় ‘অভিনব’। হজ করার জন্য দু–এক কপি ছবি তোলা প্রয়োজন হলেও মুসলমানরা সে জন্যও ‘পাপ’ হলো কি না চিন্তা করতেন। এই সেদিন পর্যন্তও এ নিয়ে আলোচনা হয়েছে। সেই সমাজের এক মুসলমান কর্তৃক ‘সচিত্র মাসিক পত্রিকা’ প্রকাশের সিদ্ধান্ত রীতিমতোই বিপ্লবাত্মক ছিল। এই পত্রিকার পূর্বনির্ধারিত ‘সম্পাদকীয় নীতিমালা’ ছিল আরও আনন্দদায়ক। এ রকম সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে যথাযথ সামর্থ্য ও দক্ষতা নিয়ে পত্রিকা প্রকাশের প্রচেষ্টা মুসলমানদের মধ্যে আগে চোখে পড়েনি। সম্পাদক লিখেছেন, ‘সওগাত’–এর সম্পাদকীয় নীতি ছিল:

১. লেখকগণকে স্বাধীন মত প্রকাশের সুযোগ এবং মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাসমৃদ্ধ রচনাকে অগ্রাধিকার প্রদান করা হবে;

২. প্রথম শ্রেণীর মাসিকের আদর্শে প্রবন্ধ, গল্প, উপন্যাস প্রভৃতি এবং ছবি দ্বারা পত্রিকার অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধি করা হবে:

৩. সমাজের অজ্ঞতা ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করা হবে;

৪. পত্রিকার প্রতি পাঠক সাধারণের আকর্ষণ বৃদ্ধির জন্য বিবিধ বিষয়ে সচিত্র প্রবন্ধ এবং মুসলিম জগতের সচিত্র বিবরণ নিয়মিত প্রকাশ করা হবে;

৫. নারীশিক্ষা ও নারী জাগরণমূলক প্রবন্ধাদি এবং ‘চিত্রে মহিলা জগৎ’ বিভাগ অন্তর্ভুক্ত করে মহিলাদেরকে সাহিত্য সাধনা ও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা হবে;

৬. নতুন সাহিত্যিক সৃষ্টির উদ্দেশ্যে তরুণ লেখকগণের রচনা প্রকাশ করে তাঁদের উৎসাহিত করা হবে; এবং

৭. নির্ভীক ও নিরপেক্ষ সম্পাদকীয়-নীতি গ্রহণ করা হবে।৬

ঐতিহ্যবাহী ‘সওগাত’ পত্রিকার ছাপাখানা
ছবি: প্রথম আলো

পত্রিকার আয়োজন উদ্যোগ এবার কিছুটা পোক্ত হলেও মুসলমান সমাজে প্রগতিশীল লেখকের অভাববশত ‘সওগাত’–এর পরিকল্পনা অনুযায়ী রচনা সংগ্রহ করা বেশ কষ্টকর ছিল। এ ছাড়া শিল্পীরও অভাব ছিল। ছবিসহ পত্রিকা বের করতে হলে চিত্রশিল্পীর একান্ত প্রয়োজন। মোহাম্মদ নসিরউদ্দীনের ইচ্ছা ছিল ‘সওগাত’–এর জন্য মুসলমান শিল্পীর সহযোগিতা গ্রহণ; কিন্তু বহু অনুসন্ধান করেও তখন বাঙালি মুসলমান চিত্রশিল্পীর খোঁজ পাওয়া সম্ভব হলো না। ছবি আঁকা গুনাহর (পাপ) কাজ, এই কুসংস্কারের ফলে তখনো মুসলমানদের মধ্য থেকে এ ক্ষেত্রে কেউ আবির্ভূত হননি। মুসলমানদের বাংলা হরফের প্রেস সমস্যাও ছিল। সারা কলকাতায় রঙিন প্রচ্ছদ, হাফটোন ছবিসহ পত্রিকা ছাপানোর উপযুক্ত মুসলমান মালিকানার প্রেস একটিও ছিল না।

অতএব নাসিরউদ্দীনকে পত্রিকা প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে হিন্দু লেখক, শিল্পী, প্রেস ও কর্মীর ওপর নির্ভর করতে হয়েছিল। এ ছাড়া তখনকার বিশ্বযুদ্ধ–পরবর্তী (১৯১৪-১৮) আর্থিক সামাজিক মন্দাও চলছে। মুসলমান সমাজের সাময়িক পত্রিকা পরিস্থিতিও প্রতিকূল ছিল। তখনকার মুসলিম সাময়িকপত্রগুলো ধর্মীয় ও সামাজিক বিষয়ে তর্কবিতর্ক দলাদলিতে লিপ্ত। পরস্পরের প্রতি বিদ্রুপ ও গালিবর্ষণ ছিল কয়েকটি সাপ্তাহিক পত্রিকার প্রধান বিষয়। কোনো পত্রিকাকে ‘ভারতী’, ‘প্রবাসী’ প্রভৃতির মতো সাংগঠনিক ভিত্তিতে দাঁড় করানোর গুরুত্বপূর্ণ কোনো প্রচেষ্টা তখনো গৃহীত হয়নি। এমতাবস্থায় মুসলমান লেখকদের রচনা যত দূর সম্ভব সংগ্রহ করে অনেক হাপটোন টাইপ, রেখাচিত্রসহ ‘সওগাত’–এর যাত্রা শুরু হয়েছিল। ৭

মুসলিম সম্পাদিত কোনো পত্রিকায় এর আগে মানুষের ছবিসহ নানাবিধ একরঙা ও তিনরঙা হাফটোন ছবি, কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয়নি। কিন্তু চিরাচরিত বিধিনিষেধ ভঙ্গ করে নাসিরউদ্দীন ‘সওগাত’–এ প্রাতঃস্মরণীয়, ঐতিহাসিক, বিদুষী ভদ্রমহিলাদের ছবি ও কার্টুনচিত্র ছাপতে শুরু করলেন। এ পত্রিকাতেই প্রথম মুসলিম নেতৃবৃন্দের সভাসমিতির বিবরণসহ ছবি ছাপানো হয়েছিল।

১৩২৫–এর প্রথম সংখ্যা ‘সওগাত’–এ যাঁদের লেখা ছাপা হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন, শ্রীমতী মানকুমারী বসু, ইসমাইল হোসেন সিরাজী, মোহাম্মদ কে. চাঁদ, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, জলধর সেন, কায়কোবাদ, সত্যেন্দ্রনাথ দত্ত, মওলানা মোহাম্মদ মনিরুজ্জামান এলামাবাদী, ভুজঙ্গধর রায় চৌধুরী, ওসমান আলী, জীবেন্দ্রকুমার দত্ত, পাঁচুলাল ঘোষ, ফজলুর রহিম চৌধুরী, রসময় লাহা, আবদুল গফুর, ব্রজমোহন দাস, চণ্ডীচরণ মিত্র প্রমুখ। রোকেয়ার ‘সওগাত’ শীর্ষক কবিতাটি প্রচ্ছদের পরেই প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল

১৩২৫–এর প্রথম সংখ্যা ‘সওগাত’–এ যাঁদের লেখা ছাপা হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম রোকেয়া সাখাওয়াত হোসেন, শ্রীমতী মানকুমারী বসু, ইসমাইল হোসেন সিরাজী, মোহাম্মদ কে. চাঁদ, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, জলধর সেন, কায়কোবাদ, সত্যেন্দ্রনাথ দত্ত, মওলানা মোহাম্মদ মনিরুজ্জামান এলামাবাদী, ভুজঙ্গধর রায় চৌধুরী, ওসমান আলী, জীবেন্দ্রকুমার দত্ত, পাঁচুলাল ঘোষ, ফজলুর রহিম চৌধুরী, রসময় লাহা, আবদুল গফুর, ব্রজমোহন দাস, চণ্ডীচরণ মিত্র প্রমুখ। রোকেয়ার ‘সওগাত’ শীর্ষক কবিতাটি প্রচ্ছদের পরেই প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল—

‘জাগো বঙ্গবাসি।

দেখ, কে দুয়ারে

অতি ধীরে ধীরে করে করাঘাত।

ঐ শুন শুন!

কেবা তোমাদের

সুমধুর স্বরে বলে সুপ্রভাত।৮

‘সওগাত’–এর প্রথম সংখ্যা হাতে করে সম্পাদক নাসিরউদ্দীন জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করলে কবি বলেছিলেন, ‘সওগাত, নামটি বড় সুন্দর হয়েছে।’ ‘সওগাত’–এর পাতা ওলটাতে ওলটাতে তিনি বলেছিলেন, ‘মুসলমান সমাজ থেকে যে এরূপ একখানা সুন্দর সচিত্র মাসিক পত্রিকা বের হতে পারে এটা আমার ধারণা ছিল না।’ ‘সওগাত’–এর দ্বিতীয় সংখ্যার জন্য খুশি হয়ে তিনি লিখে দিয়েছিলেন ‘পথের সাথী’—

‘অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

তখন আমি ছিলাম শয়ন পাতি।

বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক

ধরায় তখন তিমির গহন রাতি।

ঘরের লোকে কেঁদে কইল মোরে,

‘আঁধার পথ চিনবে কেমন করে’

আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধরে’

হাতে আমার এই ত আছে বাতি।’৯

‘সওগাত’ প্রথমে সম্পাদক কর্তৃক ‘৮ জাকারিয়া স্ট্রীট, কলকাতা থেকে প্রকাশিত এবং প্রিয়নাথ দাস কর্তৃক ফাইন আর্ট প্রিন্টিং সিণ্ডিকেট, ১৪৮, বারাণসী ঘোষ স্ট্রিট, কলকাতা’ থেকে মুদ্রিত হয়েছিল। ‘অগ্রহায়ণ ১৩২৫’ চিহ্নিত প্রথম সংখ্যার প্রকাশকাল ২ ডিসেম্বর ১৯১৮, পৃষ্ঠা সংখ্যা ৭৮, মুদ্রণ সংখ্যা ৫০০, দাম পাঁচ আনা। দ্বিতীয় সংখ্যা থেকে ১০০০ কপি মুদ্রিত হয়; পরে তা ১৫০০–তে পৌঁছায়। মুদ্রণসংখ্যা বেড়ে কখনো কখনো ১৭৫০ ও ২০০০ হয়েছে। শুধু শেষ দিকে তা নেমে এসেছে ১০০০–এ। সপ্তম সংখ্যা থেকে প্রকাশের ঠিকানা ‘২৮৫/৯ বহুবাজার স্ট্রীট’। মুদ্রক ‘টি.সি. দাস, চেরী প্রেস, ৯৩/১ এ বহুবাজার স্ট্রীট’। তৃতীয় বর্ষে মুদ্রাকর বদল হয়েছে দুবার। দ্বিতীয় বর্ষের দ্বিতীয় থেকে পঞ্চম সংখ্যা পর্যন্ত সম্পাদক হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দীনের নামের ওপরে যুগ্ম সম্পাদক হিসেবে আবদুল করিম সাহিত্যবিশারদের নামও যুক্ত ছিল। ৩ বর্ষ ৫ সংখ্যার মুদ্রক এম রায়, আর মনো প্রেস, ৩৭০ আপার সারকুলার রোড। তৃতীয় বর্ষ পঞ্চম সংখ্যার (প্রকাশকাল ১০ এপ্রিল ১৯২২) পরে পত্রিকা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। দ্বিতীয় পর্ব আরম্ভ হয় ১৯২৬ সালে।১০

আমাদের ত্রুটিবিচ্যুতি যাহা ছিল, তাহার দায়িত্ব অস্বীকার করি না; কিন্তু আমরা নিঃসঙ্কোচে বলিতে পারি যে, বিষম প্রতিকূল অবস্থার সহিত সংগ্রামে আমাদের পরাজয় ঘটিবার পূর্বে ‘সওগাতের’ প্রচার বন্ধ করিতে আমরা সম্মত হই নাই। মানুষের সঙ্কল্প যতই সাধু হোক, চেষ্টা যতই আন্তরিকতাপূর্ণ হোক, প্রতিকূল ঘটনাস্রোতের প্রচণ্ডগতি রোধ করিয়া দাঁড়ানো তাঁহার সাধ্যাতীত। এই জন্য আমাদের শত অক্ষমতার জন্য আমরা ‘সওগাতের’ পাঠক সাধারণের নিকট লজ্জিত থাকিলেও ইচ্ছাকৃত গুরু অপরাধে অপরাধী নহি।

‘সওগাত’–এর উদার ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির পরিচয় এর পৃষ্ঠাতেই সুপ্রত্যক্ষ। এই দৃষ্টিভঙ্গিই, সে কালের পটভূমিতে, হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় পরিচালিত সম্পাদিত পত্রিকাসমূহের মধ্যে ‘সওগাত’কে বিশিষ্ট করে রেখেছে।১১ মুসলিম প্রসঙ্গ প্রাধান্য পেলেও এর উদার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে কম গুরুত্ব দেওয়া চলে না। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংখ্যায় ঐতিহাসিকভাবে খ্যাত কতিপয় মুসলমান মহিলার পরিচয় দান করেছেন। প্রথম পর্বের ‘সওগাত’–এর সাহিত্যিক তাৎপর্য নিরূপণের জন্য এর একটি প্রতিবেদন ‘বর্তমান বঙ্গীয় মুসলমান সাহিত্যিকগণের সংক্ষিপ্ত পরিচয়’–এর কথা স্মরণ করা যেতে পারে।

‘সওগাত’ পত্রিকা যে ট্রেডল মেশিনে ছাপা হতো
ছবি: সংগৃহীত

ঈশ্বরচন্দ্র গুপ্ত সংগ্রহ করেছিলেন অনেক কবির জীবনী। ঈশ্বরগুপ্তের কবিতা সংগ্রহ করেছিলেন ‘বঙ্গদর্শন’ সম্পাদক বঙ্কিমচন্দ্র। মোহাম্মদ নাসিরউদ্দীনও প্রথম মুসলমান সাহিত্যিকদের ছবিসহ পরিচিতি ছাপাতে শুরু করেন। দীর্ঘস্থায়িত্বের দিক থেকেও ‘সওগাত’ ‘মুসলিম বাঙলার সাময়িকপত্র’ জগতে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলার অসংখ্য অখ্যাত, হবু–খ্যাত কবি-সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তির সুপ্ত প্রতিভার আবিষ্কারক ও উৎসাহদাতা ‘সওগাত’ সম্পাদক নাসিরউদ্দীনের অবদান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বঙ্কিমচন্দ্রের ভূমিকার সঙ্গে তুলনা করেছেন আবদুল হাকিম বিক্রমপুরী (১৯৭৯)—

‘বঙ্কিমচন্দ্রের কাল হইতে শুরু করিয়া আজ পর্যন্ত যত সাময়িক সাহিত্যপত্রিকা প্রকাশিত হইয়াছে তন্মধ্যে কোন কোন অতি পুরাতন মাসিক নমুনাস্বরূপ দেখিয়াছি, কতকগুলি নিয়মিত পাঠক হিসাবে পড়িয়াছি, আর কতকগুলিতে নিজের লেখা প্রকাশিত হইয়াছে। সে হিসাবে স্বীয় ক্ষুদ্র অভিজ্ঞতা হইতে সংক্ষেপে এটুকু বলিতে পারি বাঙলার পুরাতন ও নূতন শ্রেষ্ঠ মাসিক পত্রিকাগুলির মধ্যে বৈচিত্র্যে, বৈশিষ্ট্যে, অনুপম রুচিজ্ঞানে, সম্পাদনা কুশলতায়, স্থায়িত্বে সওগাত অন্যতম। শ্রেষ্ঠ সাময়িকপত্রিকা প্রবাসী ভারতবর্ষ প্রভৃতি এত দীর্ঘস্থায়ী হয় নাই।’১২

‘সওগাত’ বাংলা সাহিত্যের ইতিহাসে নানা অনুষঙ্গে বহুভাবে ব্যবহৃত একটি নাম। ‘সওগাত’ যখন বের হয়, কাজী নজরুল ইসলামও তখন পল্টনে থেকে সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর নতুন লেখা গল্প ও রচনা তিনি ‘সওগাত’–এ পাঠালেন। পত্রালাপের মাধ্যমে সম্পাদকের সঙ্গে গড়ে ওঠে তাঁর আন্তরিক সৌহার্দ্য। কলকাতায় ফিরে (যুদ্ধ শেষে) তরুণ, বেকার চালচুলোহীন কবির সঙ্গে যাঁদের স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে, ‘সওগাত’ সম্পাদক তাঁদের মধ্যে প্রধানতম। দ্বিতীয়বার (১৯২৬) ‘সওগাত’ যখন বের হয়, তখন নজরুল ‘সওগাত’–এর শুধু নন, সারা বঙ্গের বিতর্কিত কবি হয়ে উঠেছেন। ‘বিদ্রোহী’ কবিতা বের হওয়ার পরেই গোলাম মোস্তফা, মোহিতলাল মজুমদার প্রমুখ বয়োজ্যেষ্ঠরা নজরুলকে রঙ্গব্যঙ্গ করে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সকলপক্ষের লেখকের বক্তব্য বা মত প্রকাশের স্বাধীনতাদানের ঘটনা থেকে বোঝা যায়, ‘সওগাত’ প্রথম থেকেই মুক্তবুদ্ধির চর্চায় দ্বিধাহীন ছিল। আষাঢ় ১৩৩৩–এ নবপর্যায়ে ‘সওগাত’–এর সম্পাদকীয়টি ছিল নিম্নরূপ:

রহমানুর রাহিম আল্লাহতা’লার কৃপায় আজ ‘সওগাত’ আবার নবজন্ম লাভ করিল। ‘সওগাত’ যখন প্রথম বাহির হয়, বঙ্গীয় মোসলেম সমাজ ইহাকে সাদর অভিনন্দন করিয়াছিলেন; নবীণ প্রবীন সাহিত্যিকমণ্ডলী ইহার সহায়তা করিতে অগ্রসর হইয়াছিলেন। তখন আমরা মনে করিয়াছিলাম, বুঝিবা আমাদের সঙ্কল্প সিদ্ধ হইতে চলিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুসলমান সমাজের দুর্ভাগ্য যে, অনতিদীর্ঘকাল পরেই নানা অপ্রত্যাশিতপূর্ব কারণে ‘সওগাতের’ প্রচার বন্ধ হইয়া যায়।...

আমাদের ত্রুটিবিচ্যুতি যাহা ছিল, তাহার দায়িত্ব অস্বীকার করি না; কিন্তু আমরা নিঃসঙ্কোচে বলিতে পারি যে, বিষম প্রতিকূল অবস্থার সহিত সংগ্রামে আমাদের পরাজয় ঘটিবার পূর্বে ‘সওগাতের’ প্রচার বন্ধ করিতে আমরা সম্মত হই নাই। মানুষের সঙ্কল্প যতই সাধু হোক, চেষ্টা যতই আন্তরিকতাপূর্ণ হোক, প্রতিকূল ঘটনাস্রোতের প্রচণ্ড গতি রোধ করিয়া দাঁড়ানো তাঁহার সাধ্যাতীত। এই জন্য আমাদের শত অক্ষমতার জন্য আমরা ‘সওগাতের’ পাঠক সাধারণের নিকট লজ্জিত থাকিলেও ইচ্ছাকৃত গুরু অপরাধে অপরাধী নহি।

যাহা হৌক, পুরাতন কাহিনীর আবৃত্তি করিয়া কোনো লাভ নাই। বর্তমান সময়ে মুসলমান সমাজে একখানিও উল্লেখযোগ্য মাসিক সাহিত্যপত্র নাই। নানা অবস্থার ঘাত-প্রতিঘাতে, মুসলমান সমাজ যেন আজ এই অভাব উপলব্ধি করিয়াছে। তাই চারদিক হইতে কেবল একটা আকুল আকাঙ্ক্ষা-বাণী ধ্বনিত হইতেছে। মুসলমানের যাহা নাই এবং যাহা না থাকাতে পরের দ্বারে ভিখারীর বেশে গিয়া দাঁড়াইতে হয়, তাহার সবগুলিই আমাদের চাই। এই সর্বব্যাপী আকাঙ্ক্ষার একটী মাত্র দিক পূরণ যদি আমাদের দ্বারা সম্ভবপর হয়, এই ভরসায় দ্বিধাহীন চিত্তে আমরা পুনর্বার ‘সওগাত’ হস্তে সমাজের খেদমতে উপস্থিত হইলাম।

যে কার্য্যে পূর্বে একবার বিফলকাম হইয়াছি, তাহাতে পুনর্বার উদ্যোগী হইতে আমাদের দ্বিধা না হওয়ার কারণ এই যে, আমরা জানি, বিফলতাই সাফল্যের ভিত্তি।...সমাজ যদি পূর্ণ সহানুভূতির সহিত আমাদের পৃষ্ঠপোষকতা করেন, তাহা হইলে আমরা কোনক্রমেই পশ্চাৎপদ হইব না।...

‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনকে নিয়ে ডাকটিকিট
ছবি: বাংলাদেশ ডাক বিভাগ

মুসলমান সমাজ একান্তই দরিদ্র, সুতরাং জীবনের প্রতি ক্ষেত্রে তাহারা উদ্যম ও উৎসাহহীন। এ অবস্থায় সওগাতের ন্যায় একখানি ব্যয়বহুল মাসিকপত্র পরিচালনা মোসলেম যুবক ও প্রচারক সম্প্রদায়ের সাহায্য ব্যতীত অসম্ভব বলিলেই চলে।১৩

বস্তুতপক্ষে মোহাম্মদ নাসিরউদ্দীন যে সত্যি-সত্যিই আর ‘পশ্চাৎপদ’ হননি, সে তো ‘সওগাত’–এর শতবার্ষিকী উদ্‌যাপনের মধ্য দিয়ে আমরা নিজেরাও তার সাক্ষ্য বহন করে চলেছি। ‘সওগাত’ হাতে মনীষী নাসিরউদ্দীনের আত্মপ্রকাশ না ঘটলে সাহিত্য-সংস্কৃতি ও চিন্তার অগ্রগতির ক্ষেত্রে এখনো আমরা অনেক পেছনে যে পড়ে থাকতাম, তাতে কোনোই সন্দেহ নেই। জীবনের সবক্ষেত্রে আমাদের অগ্রগতির মসৃণ সড়কে তুলে দিয়ে আমাদের ঋণী করে রেখেছেন তিনি।

আজ মোহাম্মদ নাসিরউদ্দীনের জন্মদিনে তাঁকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।

তথ্যনির্দেশ

১. সম্পাদকীয়, সাপ্তাহিক বিচিত্রা, ১৫ বর্ষ, ৩৬ সংখ্যা, ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭ (‘শতাব্দীর সাহিত্যব্যক্তিত্ব: মোহাম্মদ নাসিরউদ্দীন’, প্রচ্ছদকাহিনি ছিল)।

২. উপরিউক্ত, পৃ. ১৯।

৩. বিলাতের এক ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধি, শ্রী এম সি দত্তের পরামর্শে এবং সহযোগিতায় ওরিয়েন্টাল সিকিউরিটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চাঁদপুরের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন ১৩১৭ বঙ্গাব্দে, ১৯১০ খ্রিষ্টাব্দে, তখন নাসিরউদ্দীনের বয়স বাইশ বছর। সূত্র: সওগাত, অগ্রহায়ণ-পৌষ, ১৩৮৬, পৃ. ৬৫।

৪. এ বিষয়ে আল ইসলাহ ও মোহাম্মদীতেও লেখকেরা আক্ষেপের সঙ্গে বলেছেন, হিন্দু সমাজ অপেক্ষা মুসলমানদের মধ্যে ভিক্ষাবৃত্তি বেশি। আল মুসলিম পত্রিকায় এম, আনোয়ারা বেগম (পশ্চিমবঙ্গের বিখ্যাত ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা সিরাজের মাতা) ১৯২৬ সালে লিখেছিলেন, হাঁড়ি-পাতিল, অর্থাৎ মাটির জিনিস তৈরির কুমারের কাজ, বেতের জিনিস তৈরির ঋষি-মুচির কাজ, ধোপার কাজ—সবই হিন্দুদের অধিকারে দিয়ে দেওয়া হয়েছে। না খেয়ে, হিন্দুর দ্বারে ভিক্ষা করে মুসলমান, তথাপি ঘৃণায় বা অবজ্ঞায় সে সব কাজ করে না। তিনি লিখেছিলেন, মুসলিম সমাজের আর্থিক দৈন্য দূর করার জন্য লাভজনক যেকোনো ব্যবসাই করা যেতে পারে! মুসলমানদের মধ্যে কত প্রকার বিভ্রান্তি যে ছিল তার দলিল ঐকালের পত্রিকার পাতায় রয়েছে।

৫. ১৩২৬ সনের ভাদ্র সংখ্যার শেষে মুদ্রিত দুই–তিন পৃষ্ঠাব্যাপী বিজ্ঞাপন ও আবেদনে নাসিরউদ্দীন সাহেবের সমাজের উন্নয়নের জন্য কাতর ব্যাকুলতা ধরা পড়েছে। তাঁর সামর্থ্য অতি স্বল্প, কিন্তু সমাজের জন্য কিছু করা দরকার। সংগঠন শক্তি ও উদ্ভাবনাবুদ্ধিবলেই তিনি ধাপে ধাপে নিজ সংকল্প বাস্তবায়িত করতে পেরেছিলেন। ‘সওগাত’ কীভাবে গড়ে উঠল, তার ইতিহাস জানার জন্য প্রথম পর্বের পৃষ্ঠাগুলো পাঠ করা দরকার। মুসলমান সমাজ নিয়ে তিনি কীভাবে ভাবিত, চিন্তিত: কিংবা সাফল্যের এবং সার্থকতার পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে দেখে তিনি কতটা উদ্দীপিত হন, তা–ও এতে প্রতিফলিত আছে।

৬. সওগাত, ‘মোহাম্মদ নাসিরউদ্দীন জাতীয় সম্বর্ধনা সংখ্যা’, অগ্রহায়ণ-পৌষ, ১৩৮৬, পৃ. ৬৮।

৭. উপরিউক্ত।

৮. বেগম রোকেয়া, সওগাত (কবিতা), সওগাত, অগ্রহায়ণ, ১৩২৫, পৃ. ১।

৯. সওগাতের ‘মোহাম্মদ নাসিরউদ্দীন জাতীয় সম্বর্ধনা সংখ্যা’, ১৩৮৬ থেকে উদ্ধৃত।

১০. আনিসুজ্জামান, মুসলিম বাংলার সাময়িকপত্র, ঢাকা ১৯৬৯, পৃ. ২৫৬-৫৭।

১১. মোহাম্মদ মনিরুজ্জামান, সাময়িকপত্রে সাহিত্যচিন্তা সওগাত, সাহিত্যপত্রিকা (ঢাবি) শীত ১৩৮৭, পৃ. ৭০।

১২. আবদুল হাকিম বিক্রমপুরী, সওগাত-সম্পাদক ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সম্বর্ধনা সংখ্যা ১৩৮৬’, পৃ. ৩৫। ১৩. বিবিধ প্রসঙ্গ (সম্পাদকীয়), মাসিক সওগাত, আষাঢ় ১৩৩৩।