হুমায়ূন আহমেদ দ্য ম্যাজিশিয়ান

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ধ্রুব এষ। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের সূত্রে গড়ে ওঠা সম্পর্ক, বইয়ের প্রচ্ছদ নিয়ে নানা ঘটনা আর ব্যক্তিগত মুহূর্তের স্মৃতিতে উঠে এসেছে এক আশ্চর্য মানুষ। লেখকের চোখে যিনি এক ম্যাজিশিয়ান।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ – ১৯ জুলাই ২০১২), প্রতিকৃতি: মাসুক হেলালগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার পায় তারে।

জীবনানন্দ থেকে অবশ্যই।

হুমায়ূন আহমেদকে নিয়ে একটা আধা ফিকশন আমি লিখছি। সেই আধা ফিকশনের নাম এখন পর্যন্ত ‘একবার পায় তারে’ আছে।

এ পৃথিবী একবার পায় তারে। পেয়েছিল।

আমার আধা ফিকশনের কিছু অংশ:

১.

হুমায়ূন আহমেদ লেখেন সকালে। দোকানের ক্যাশবাক্স বা বিভূতিভূষণের লেখার বাক্সসদৃশ একটা বাক্স বানিয়ে নিয়েছেন। কাগজ–কলম মজুত থাকে সেই বাক্সে—সাধারণত এ–ফোর সাইজের কাগজ এবং বলপয়েন্ট কলমের প্যাকেট। লেখক মেঝেতে ম্যাটে বসে সেই বাক্সের ওপর কাগজ রেখে লেখেন। লেখার ধরন দেখলে মনে হবে, কিছু পিঁপড়াকে সারিবদ্ধভাবে কাগজে বিচরণ করতে ছেড়ে দিচ্ছেন। পিঁপড়ার মতো ছোট কিন্তু সুস্পষ্ট প্রতিটা অক্ষর। বাংলাভাষী যেকোনো কম্পোজিটর কম্পোজ করে দিতে পারবে। হাতে লেখা একটা পাণ্ডুলিপির অর্ধেকমতো একবারই পড়তে দিয়েছিলেন। ফটোকপি করে। শিরোনামহীন গল্প সেটা তখনো। পড়ে আমি ময়মনসিংহ অঞ্চলের ভাষায় ‘তবদা’। দম আটকে আসা একটা গল্প। বউকে খুন করে এক লোক বিয়েবাড়িতে দাওয়াত খেতে গেছে। বাসায় ফিরে দেখে, তার মৃত বউ খাটে বসে আছে। অর্ধেকমতো পাণ্ডুলিপি এখানে শেষ হয়ে গেছে। কোনো মানে হয়? বছর চলে গেল, দেড় বছর—সেই গল্পের কোনো খবর নাই আর। ভুলে গেলেন নাকি? প্রচ্ছদও হয় নাই। অন্য কিছু বইয়ের নাম দিয়েছেন, সেসব প্রচ্ছদ এর

মধ্যে করেছি।

হুমায়ূন আহমেদ
প্রতিকৃতি: মাসুক হেলাল

রবীন্দ্রনাথ, জীবনানন্দর অসংখ্য কবিতা মুখস্থ তাঁর। গীতবিতান–এর অসংখ্য চরণ। সেসব থেকে অনেক বইয়ের নাম নিয়েছেন। কিছু বইয়ের নাম নিয়েছেন জীবনানন্দের কবিতা থেকে—এইসব দিনরাত্রি, নিশিকাব্য, মাতাল হাওয়া, নক্ষত্রের রাত—এসব। আরেকটা বইয়ের নাম দিলেন যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।

‘প্রচ্ছদ করো। “গিয়েছে ডুবে” না “গিয়াছে ডুবে” চেক করে নিয়ো।’

চেক করে নিলাম—‘গিয়েছে ডুবে’। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। প্রচ্ছদ বানালাম। হ্যান্ডমেড পেপারে পোস্টার কালারে ধূসর মেঘ এঁকে ফটোগ্রাফি করালাম। ফটোগ্রাফার: জামিল রহীম। ডিটিপি-সিটিপি আমাদের মুদ্রণজগতে তখনো দাঁত কেলিয়ে বহাল হয় নাই। থ্রিআর প্রিন্ট ফটোগ্রাফি দেখলাম। একটা পছন্দ করে সেটাকে টুয়েলভআর প্রিন্ট করাতে বললাম জামিলকে। জামিল দুটা প্রিন্ট করিয়ে আনল। একটার রং থ্রিআর প্রিন্টের মতো হয়েছে, একটার হয় নাই, মুদ্রণত্রুটিবশত সবুজাভ হয়ে গেছে। মনে হলো পঞ্চমীর চাঁদ তাতে ডুবেছে। এই প্রিন্টটা দেখালাম স্যারকে এবং এটাই প্রচ্ছদ হলো। যথানিয়মে বই প্রকাশিত হলো জ্ঞানকোষ প্রকাশনী থেকে। প্রথম নিউমার্কেটের ফুটপাতে দেখলাম। উঠিয়ে পাতা ওলটাতেই ‘!’। আরে! এ তো সেই গল্পটা! বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফিরে লোকটা দেখল, তার মৃত বউ খাটে বসে আছে!

প্রকাশক সৌজন্য কপি বই দেবেন। সমস্যা নাই। কিন্তু এই গল্প এখনই না পড়লে হবে? বইটা কিনলাম, পড়লাম এবং দম ফেললাম। নিজের করা প্রচ্ছদের বই সম্ভবত ওই একবারই কিনে পড়েছি।

হুমায়ূন আহমেদ
প্রতিকৃতি: মাসুক হেলাল

২.

আমান ভাই এলেন সন্ধ্যায়। কডের প্যান্ট, কডের জ্যাকেট পরিহিত আমান ভাই। জ্যাকেটের পকেটভর্তি বটগাছের বাদামি পাতা। শাহবাগের মোড়ে এরা হাওয়ায় উড়ে উড়ে মাটিতে পড়ছিল। আমান ভাই পকেট ভরে এনেছেন এই সব পাতা দিয়ে আমি কী করি দেখবেন। কী করব? পাতা কেটে গাছ বানালাম, ছোট দুটো ফিগার বানালাম। কাগজে সেঁটে ফ্লোরে রেখে দিলাম।

জর্জ ভাই এ সময় হুমায়ূন স্যারের অরণ্য বইয়ের প্রচ্ছদ করতে বললেন। হামিদ ভাই রজনী বইয়ের। দুইটা বইয়ের প্রচ্ছদ বানালাম চারটা। যেদিন দেখাতে যাব, তার আগের দিন আমীরুল ভাই এলেন বিকেলে। আড্ডা জমল এবং কপট সংঘাত—দুই মাস্টার শেফ তারা ভাই ও আমীরুল ভাইয়ের মধ্যে। নিয়মিত ব্যাপার। শামীম ভাই, আমি দর্শক–শ্রোতা এবং বিনোদন উপভোগকারীমাত্র।

কপট সংঘাত উইথ কফি অ্যান্ড সিগারেট। আমীরুল ভাই চেইন স্মোকার। একটার পর একটা ধরিয়ে টানেন। একটাতে সুখটান দিয়ে বললেন, ‘এইটা কী, মিয়া?’

‘শুকনা পাতার গাছ। আমান ভাই কয়টা পাতা দিসিল, এমনি বানাইসি।’

‘দেখি।’

দেখালাম।

‘আরে! এইটা এনে ফালাইয়া রাখসো ক্যান, মিয়া? হুমায়ূন ভাইরে দেখাও। কনফার্ম কভার।’

আমীরুল ভাই প্রচ্ছদ বোঝেন।

পাঁচটা প্রচ্ছদ দেখালাম স্যারকে। একটা প্রচ্ছদ রজনীর হলো, একটা প্রচ্ছদ অরণ্য বইয়ের। তিনটার একটা নতুন বই হবে, বইয়ের নাম মেঘের ছায়া। একটা বাতিল। একটা সামনে রেখে স্যার ঝিম মারলেন। পাতার গাছ প্রচ্ছদটা। আমি পাতার গাছের কাঠ হয়ে থাকলাম। এই প্রচ্ছদ স্যারের পছন্দ হয় নাই? খুব কি অপদার্থ রকমের হয়েছে? পাঁচ মিনিট, সাত মিনিট, স্যার একটা স্লিপে

কিছু লিখলেন,

‘মেনু সাহেবকে চিনো?’

‘জি।’

‘মেনু সাহেবকে এই প্রচ্ছদটা দিবা। বলবা, তার নতুন বই এটা। ছায়াবীথি।’

হুমায়ূন আহমেদ
প্রতিকৃতি: মাসুক হেলাল

পার্ল প্রকাশনের মিনু ভাইকে স্যার ‘মেনু সাহেব’ বলতেন।

‘বইয়ের নাম কী রঙে দিবা?’

‘পাতার টেক্সচার দিয়া বানাব।’

কিন্তু সেটা কীভাবে করব? পাতার টেক্সচার রাখব ছায়াবীথি টাইপে? সংকোচের সঙ্গে গেলাম মঈন ভাইয়ের প্রেসে।

মঈন ভাই হুমায়ূন স্যারের শ্রেষ্ঠ উপন্যাস, দ্বৈরথ, শওকত আলী স্যারের ওয়ারিশ-এর অবিস্মরণীয় প্রচ্ছদ করেছেন। পরন্তু মুদ্রণবিশারদ।

‘মঈন ভাই, “ছায়াবীথি” লেখাটা আমি পাতার টেক্সচার দিয়ে বানাতে চাই। কেমনে কী করব বলে দেবেন?’

এক টুকরা কাগজে মঈন ভাই ‘গুপ্ত কৌশল’ লিখে দিলেন, ‘এটা মানুদাকে দেখালেই বুঝবে।’

গ্রাফিকস হাউসের মানুদা দেখে বুঝল।

ছায়াবীথির প্রচ্ছদ ছাপা হলো।

খুব প্রশংসা হলো প্রচ্ছদের।

হুমায়ূন আহমেদ
প্রতিকৃতি: মাসুক হেলাল

৩.

হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্র তিন খণ্ড এবং ছোটদের যত লেখা প্রকাশিত হবে। প্রকাশক প্রচ্ছদ করে দিতে বললেন। প্রচ্ছদ বানালাম। সেই ১৭ জুলাইয়ের পর আমি আর প্রচ্ছদ দেখাতে যাই না স্যারকে। প্রকাশক প্রচ্ছদ নিয়ে গেলেন। ছোটদের যত লেখার প্রচ্ছদ ওকে। সায়েন্স ফিকশন সমগ্র–এর একটা প্রচ্ছদও স্যারের পছন্দ হলো না। প্রকাশককে বললেন, ‘ধ্রুব সায়েন্সে পড়ে নাই তো, সায়েন্স ফিকশন ব্যাপারটা ধরতে পারে না।’

ছেলেমানুষি রাগের কথা! সায়েন্স ফিকশন ব্যাপারটা ধরতে গেলে কেন সায়েন্সের ছাত্র হতে হবে? ফিকশন পড়তে গেলে ধরা যাক কারও বাস্তুশাস্ত্রজ্ঞান থাকতে হবে কেন? হেসে দিলাম।

প্রকাশক বললেন, ‘লক্ষ্মী দাদা, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। আরও তিনটা প্রচ্ছদ

করে দেন।’

করে দেব।

ধ্রুব এষ
প্রতিকৃতি: মাসুক হেলাল

সন্ধ্যায় আজিজ মার্কেটের ‘বইপত্র’ থেকে তিনটা বই কিনলাম। স্যুররিয়েলিজমের তিন গুরু সালভাদর দালি, রেনে ম্যাগ্রিৎ ও ম্যাক্স আর্নেস্টের পেইন্টিংয়ের বই। সালভাদর দালির একটা পেইন্টিং আর রেনে ম্যাগ্রিতের দুইটা পেইন্টিং ব্যবহার করে প্রচ্ছদ বানালাম সায়েন্স ফিকশন সমগ্র তিন খণ্ডের। দেখামাত্র ওকে এবারে। অথচ স্যুররিয়েলিজম পছন্দ করেন না মানুষটা। বুনুয়েলের সিনেমা, দালির পেইন্টিং—সব সময় বলেন মাথার ওপর দিয়ে যায়। পরে আমার প্ররোচনায় বুনুয়েলের একটা সিনেমা দেখেছিলেন—দ্য গ্রেট ম্যাডক্যাপ—মহান উদ্ভট!

এই সব লিখছি আমার আধা ফিকশনে। এখন এই লেখা শেষ করি। হুমায়ূন আহমেদ ম্যাজিক দেখাতে পারতেন। হাতসাফাই। ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানের সদস্য ছিলেন। অনেকে তাঁর ম্যাজিক দেখেছেন। আমি দেখি নাই। সত্যি কি দেখি নাই?

হুমায়ূন আহমেদ দ্য ম্যাজিশিয়ান। আশ্চর্য এই একজন মানুষের নৈকট্যের স্মৃতি মাথায় নিয়ে আমি মরব, তার আগে ডিমেনশিয়ায় যদি আক্রান্ত না হই।

ধ্রুব এষ: চিত্রশিল্পী ও সাহিত্যিক