তৌকীরের ‘তীর্থযাত্রী’ ও ‘প্লেটোর সংলাপ’

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্যছবি সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় ‘প্লেটোর সংলাপ’ পড়ার পর মনের মধ্যে তিনটি চাওয়া তৈরি হয়েছিল। সক্রেটিসকে খুব কাছে থেকে দেখার ইচ্ছা হয়েছিল, সরদার ফজলুল করিমের মুখ থেকে আরও কিছু কথা শুনতে ইচ্ছা হয়েছিল এবং প্লেটোর বর্ণনায় আর কোনো বই আছে কি না, সেটাও পড়ার ইচ্ছা তৈরি হয়েছিল।

খুবই আশ্চর্যের বিষয়, মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’ দেখার পর একই অনুভূতি হলো।

১৮ মার্চ নিউইয়র্কের কুইন্স থিয়েটারে হয়ে গেল হুমায়ূন কবীরের রচনা ‘তীর্থযাত্রী এবং তিনজন তার্কিক’ অবলম্বনে নাটক ‘তীর্থযাত্রী’র উদ্বোধনী প্রদর্শন। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ। হলভর্তি দর্শক টিকিট কেটে নাটকটি দেখলেন। নিউইয়র্কের বাঙালিদের জন্য রচিত হলো আরেকটি ইতিহাস। কেন ইতিহাস, সেটা বলছি।

এত দিন নিউইয়র্কে বিভিন্ন প্রদর্শনী দেখে দেখে একটাই অনুভূতি হয়েছে আমার, এখানে যাঁরা নাচ করেন, তাঁদের মধ্যে বেশির ভাগই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভুল নাচ করেন। যাঁরা আবৃত্তি করেন, তাঁদের মধ্যে অনেকেই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভুল আবৃত্তি করেন। যাঁরা গান করেন, তাঁদের মধ্যে অনেকেই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভুল সুরে গান করেন। তাঁদের দোষ দিয়ে লাভ নেই, এখানে শিক্ষক, প্রশিক্ষকসহ সব সুযোগ–সুবিধারই অভাব। যিনি এই সুযোগ–সুবিধার অভাবকে কাটিয়ে শিল্পীদের ভেতর থেকে শৈল্পিক বিষয়টি বের করে আনতে পারেন, তিনিই ইতিহাসের রচয়িতা হয়ে উঠতে পারেন। তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’ দেখতে গিয়ে আবারও বিষয়টি মনে হলো। আমি নিশ্চিত যে নাটকটির নির্দেশনা দিতে গিয়ে তৌকীর আহমেদকে অবশ্যই অভিনেতা ও অভিনেত্রীদের শক্তি ও দুর্বলতার দিকগুলো ভালো করেই সমন্বয় ঘটাতে হয়েছে। ভালো নির্দেশকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, শক্তির পাশাপাশি অভিনেতার দুর্বলতাগুলোও এমনভাবে চরিত্রের অংশ হিসেবে দাঁড় করিয়ে দেন যে মনে হতে থাকে, এই চরিত্রের বোধ হয় এভাবেই অভিনয় জরুরি ছিল। সেই সজ্জা থেকে বের হয়ে অন্য কোনো ভালো কাজ করা অবশ্য সেই অভিনেতার জন্য ভবিষ্যতে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সক্রেটিসের সঙ্গে প্লেটোর যেমন আলাপচারিতা আমরা পাই ‘প্লেটোর সংলাপ’ থেকে, গ্যালিলিও ও আন্দ্রেয়ার যেমন বাক্‌যুদ্ধ দেখি, তেমনই আমাদের আশপাশে ঘুরে বেড়ানো হাজারো প্রশ্নে কিছু চমকপ্রদ অথচ নতুন ভাবনা আমরা পেয়েছি ‘তীর্থযাত্রী’ থেকে। যুদ্ধ শেষ করে জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে ওঠা তিন তীর্থযাত্রীর কথোপকথনে আমার ভাবতে শুরু করি, যুদ্ধ কী, কেন? সভ্যতার সংজ্ঞা কী, অধিকারের ব্যাপ্তি কতটুকু, কোন কোন পরাজয় আসলে জয়ের চেয়ে গৌরবের, আচার্য কখন দ্রোণাচার্য হয়ে ওঠেন, একটা লড়াই বিভিন্ন স্তরে কীভাবে বাঁচার লড়াই, মর্যাদার লড়াই এবং প্রাপ্তিযোগের লড়াই হয়ে ওঠে, নীতি ও নৈতিকতার সর্বজনীন রূপ কি আসলেই আছে? এসব প্রশ্ন এবং সর্বোপরি আমাদের তীর্থযাত্রার আপেক্ষিকতা কোথায় লুকানো—সবকিছুই নির্দেশক তুলে এনেছেন তিন তার্কিকের কথোপকথনে।

আমার তিন কন্যা নোরা, জারা, অরোরাকে নিয়ে আমি আর মুন যখন থিয়েটার হলে ঢুকছি, তখন চারপাশে লোকারণ্য। ছোট মেয়ে অরোরা জিজ্ঞাসা করল, ‘আমরা যে নাটক দেখতে যাচ্ছি, তার প্লটটা আসলে কী বাবা?’

‘তীর্থযাত্রী’ নাটকে অভিনেতারা
ছবি: সংগৃহীত

অরোরা জর্জ জে রায়ান স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ইচ্ছা করেই তাদের মঞ্চনাটক দেখতে নিয়ে গেছি আমরা। আমি বললাম, ‘দেখো, লেখক নিজেই বলেছেন তাঁর লেখা “তীর্থযাত্রী এবং তিনজন তার্কিক”–এর বড় দুর্বলতা হচ্ছে, এর কোনো নির্দিষ্ট প্লট নেই। বইটি কোনো উপন্যাস বা গল্পের ধাঁচে লেখা নয়। বইটিতে লেখকের কিছু বিক্ষিপ্ত চিন্তাকে স্থান দেওয়া হয়েছে।’

তখন জারা বলল, ‘বেশ কঠিন হবে মনে হচ্ছে!’ নোরা বলল, ‘তাহলে আমরা দেখব কী?’

‘চলো দেখা যাক,’ ছোট করে উত্তর দিলাম আমি। কারণ, প্রশ্নগুলোর উত্তর তখনো আমার অজানা। অবাক কাণ্ড হলো, নাটকটি দেখতে শুরু করার পর থেকে কখনো আমার মনে হয়নি যে এর নির্দিষ্ট কোনো প্লট নেই। লেখকের কথার মধ্যেই অবশ্য তার একটা উত্তর পাওয়া গেছে, এটি নির্দেশক তৌকীর আহমেদের একটা সাহসী সিদ্ধান্ত।

তিনজন তার্কিককে দিয়ে একজন লেখকের কিছু বিক্ষিপ্ত ভাবনাকে মঞ্চে তুলে আনা যে কতটা কঠিন কাজ, সেটা প্রতিটি দৃশ্যে আমরা অনুভব করেছি। আমরা এ-ও অনুভব করেছি যে তৌকীর আহমেদ বেশ দক্ষতার সঙ্গেই সেটা সম্পন্ন করেছেন। হাজারো প্রশ্নের উত্তর নিয়ে প্রতিটি দৃশ্যই বেশ রঙিন এবং ঘটনাবহুলভাবে সাজানো। তৌকীর আহমেদ একই সঙ্গে মঞ্চ ও চলচ্চিত্রের মানুষ হওয়ার কারণে মঞ্চের প্রতিটি মুহূর্তেই চমৎকার সব ফ্রেম পাওয়া যাচ্ছিল। সেই ফ্রেম কম্পোজিশনের ফ্রেম, সুন্দর পোশাকসজ্জার ফ্রেম, সামান্য অথচ অর্থবহ মঞ্চসজ্জার ফ্রেম, চমৎকার আলোকনির্দেশনার ফ্রেম এবং পরিমিত সংগীত সংযোজনের ফ্রেম।

‘তীর্থযাত্রী’ নাটকে অভিনেতারা
ছবি: সংগৃহীত

সক্রেটিসের সঙ্গে প্লেটোর যেমন আলাপচারিতা আমরা পাই ‘প্লেটোর সংলাপ’ থেকে, গ্যালিলিও ও আন্দ্রেয়ার যেমন বাক্‌যুদ্ধ দেখি, তেমনই আমাদের আশপাশে ঘুরে বেড়ানো হাজারো প্রশ্নে কিছু চমকপ্রদ অথচ নতুন ভাবনা আমরা পেয়েছি ‘তীর্থযাত্রী’ থেকে। যুদ্ধ শেষ করে জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে ওঠা তিন তীর্থযাত্রীর কথোপকথনে আমার ভাবতে শুরু করি, যুদ্ধ কী, কেন? সভ্যতার সংজ্ঞা কী, অধিকারের ব্যাপ্তি কতটুকু, কোন কোন পরাজয় আসলে জয়ের চেয়ে গৌরবের, আচার্য কখন দ্রোণাচার্য হয়ে ওঠেন, একটা লড়াই বিভিন্ন স্তরে স্তরে কীভাবে বাঁচার লড়াই, মর্যাদার লড়াই এবং প্রাপ্তিযোগের লড়াই হয়ে উঠে, নীতি ও নৈতিকতার সর্বজনীন রূপ কি আসলেই আছে? এসব প্রশ্ন এবং সর্বোপরি আমাদের তীর্থযাত্রার আপেক্ষিকতা কোথায় লুকানো—সবকিছুই নির্দেশক তুলে এনেছেন তিন তার্কিকের কথোপকথনে। দেখতে দেখতে আবারও আমাদের ভাবনার জায়গায় নাড়া দেয় যখন চরিত্রগুলো বলে, মন্দ ও মন্দের সংঘাত নতুন কিছু নয়, তবে ভালোর সঙ্গে ভালোর সংঘাতেই মানবতার আসল পরাজয়। যখন দেখা যায়, একই জল্লাদ একজনকে ফাঁসিতে ঝোলায়, আবার পরক্ষণেই আরেকজনের কবরে ফুল নিয়ে উপস্থিত হয়—কতশত প্রশ্ন আসে, কিন্তু তিনজনের পথচলা আর শেষ হয় না।

‘তীর্থযাত্রী’ নাটকে অভিনেতারা
ছবি: সংগৃহীত

নির্দেশক কঠিন কঠিন সব প্রশ্নকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। স্পষ্টতই উপলব্ধি করা গেছে যে কঠিন ভাবনাগুলোর চাপ যেন দর্শকের জন্য ক্লান্তিকর হয়ে না ওঠে, সেটাই ছিল নির্দেশকের মূল যুদ্ধের জায়গা। এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে তৌকীর আহমেদ সেই যুদ্ধের বিজয়ী গ্ল্যাডিয়েটর।

নিঃসন্দেহে বলা যায়, তৌকীর আহমেদের নির্দেশনা এবং হলভর্তি দর্শক নিউইয়র্কে বাংলা মঞ্চনাটকের চর্চাকে বেশ বেগবান করবে। তবে তৌকীর আহমেদের উদ্দেশে আমার শুধু এটুকুই বলা, আপনি আপনার খুব সামান্যই দিয়েছেন। আপনার ভাবনার বেশির ভাগ দিয়ে তৈরি করা প্রযোজনাটির অপেক্ষায় রইলাম।

আর লেখক হুমায়ূন কবীরের উদ্দেশে বলব, ‘প্লেটোর সংলাপ’ একবার পড়ার পর মন্ত্রমুগ্ধ হয়ে আরও তিনবার পড়েছিলাম। তেমনি ‘তীর্থযাত্রী ও তিনজন তার্কিক’–এর বক্তব্য আরও কয়েকবার দেখার জন্য অনেকেই অপেক্ষমাণ।

তৌকীর আহমেদ নির্দেশিত ‘তীর্থযত্রী’ প্রযোজনা দেখতে দেখতে কারও কারও মনে পড়ছিল ‘প্লেটোর সংলাপ’–এর কথা
ছবি: সংগৃহীত

নাটকটিতে অভিনয় করেছেন কামাল হোসেন, জাকির হোসেন রনি, আহমেদ নাসিম, শুক্লা রায়, মিল্টন আহমেদ, লায়লা ফারজানা, হীরা চৌধুরী, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, মিলাদুন নাহার অ্যানী, শরীফ হোসেন, হৃদয় অনির্বাণ খন্দকার, মার্জিয়া স্মৃতি। সংগীত আয়োজনে: পিন্টু ঘোষ, বিপাশা হায়াত। হারমোনিয়াম: সাত্তার মাহমুদ, ঢোল: চামেলি গোমেজ, গিটার: আল-আমিন, মন্দিরা: শহীদ হাসান। প্রপস ও সেট নির্মাণ: আইনুল ইসলামি ও হৃদয় অনির্বাণ খন্দকার। পোশাক পরিকল্পনা: মার্জিয়া স্মৃতি। আলোক পরিকল্পনা: শামীম মামুন, জিয়াউল হক। ব্যবস্থাপনা: রহমতুল্লাহ তুহিন। প্রধান সমন্বয়কারী: জাকির হোসেন। প্রযোজনা অধিকর্তা: বশিরুল হক, আবু হোসেইন।