বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের খোঁজে (শেষ পর্ব)

বাঙালি মুসলমানের আত্মপরিচয় কোনো সরল বা একরৈখিক ইতিহাস নয়। কখনো বাঙালিত্ব ও মুসলমানিত্বের সমন্বয়, কখনো স্বাতন্ত্র্যবাদী চেতনা, আবার কখনো জাতীয়তাবাদের বহুত্ববাদী আকাঙ্ক্ষা—বিভিন্ন ঐতিহাসিক পর্বে এই পরিচয় নানা রূপ পেয়েছে। ধারাবাহিক রচনার আজ শেষ পর্বে সাহিত্য ও ইতিহাসের সূত্র ধরে সেই আত্মপরিচয়ের বিবর্তন এবং বাংলাদেশের জাতিসত্তা নির্মাণের স্বরূপ অনুসন্ধান করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের পর্বে আমরা মীর মশাররফ হোসেনের মানস-প্রবণতা ব্যাখ্যার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় এখানে প্রসঙ্গত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি কায়কোবাদের কথাও উল্লেখ করা যায়। তাঁর প্রধান কীর্তি মহাশ্মশান হিন্দু-মুসলমানের যুদ্ধ নিয়ে রচিত। কিন্তু মহাকাব্যটিতে কায়কোবাদ এই বার্তাই দিতে চেয়েছেন যে হিন্দু-মুসলমানের এই লড়াই শুধু বাংলাকে নয়, পুরো ভারতবর্ষকে হীনবল করেছে, বীরহীন করেছে, ‘মহাশ্মশানে’ পরিণত করেছে। এতে ইংরেজদেরই সুবিধা হয়েছে পরবর্তী দুই শ বছর শাসন করতে। আসলে মহাকাব্যটিতে বিবদমান দুই সম্প্রদায়ের মিলনাকাঙ্ক্ষার সংগুপ্ত সুরই শেষ পর্যন্ত প্রধান হয়ে উঠেছে। এ কারণেই পরবর্তীকালে মুনীর চৌধুরী মহাশ্মশান থেকে প্রেরণা নিয়ে রচনা করে উঠতে পেরেছিলেন রক্তাক্ত প্রান্তর-এর মতো ‘যুদ্ধবিরোধী’ মনোভাবের প্রেমের নাটক। সাম্প্রদায়িক সতর্কতা সম্পর্কে কাব্যের ভূমিকায় কায়কোবাদ বলেছিলেন, ‘আমার এই কাব্যে আমি কোনো সম্প্রদায়ের লোককেই আক্রমণ করি নাই; হিন্দু লেখকগণ যেমন মুসলমানদিগকে অযথা আক্রমণ করিয়া পিয়ন চাপরাশী কুলি মজুর রূপে রঙ্গমঞ্চে আনয়ন করিয়া বাহবা লইয়াছেন...আমি হিন্দুদিগের প্রতি তেমন ব্যবহার করি নাই।’ শুধু মহাশ্মশান-এর কথাই বলি কেন, কায়কোবাদের অসংখ্য গীতিকবিতায় হিন্দু-মুসলমানের মিলিত জনসমাজের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তাঁর অশ্রুমালা কাব্যের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় লেখা আছে: ‘হিন্দু ও মুসলমান পত্রিকার সম্পাদকগণ এবং কলিকাতা গেজেট ইহার সাদর অভ্যর্থনা’ করেছিল। কেন সমাদর করেছিল তা বোঝার জন্য এই স্বল্প পরিসরে কোনো কবিতার ভেতরে প্রবেশ না করে শুধু ‘শ্মশান সঙ্গীত’, ‘পিসীমা আমার’, ‘প্রেম-প্রতিমা’, ‘বিরহিণী রাধা’, ‘জন্মভূমি’, ‘ঈদ-আবাহন’, ‘দিল্লী’, ‘তাজমহল’ ইত্যাদি কবিতার নাম দেখলেই বোঝা যাবে। তাঁর দুটি কাব্যগ্রন্থের নাম শিবমন্দির ও শ্মশানভস্ম। বলা বাহুল্য, মহাশ্মশানসহ কায়কোবাদের প্রায় সব কাব্যগ্রন্থের ভাষা অতিমাত্রায় সংস্কৃতশাসিত।

উনিশ শতকের শেষ দিকের বাঙালি মুসলমান লেখকদের এই মনোভঙ্গি অনেক সমালোচকের চোখ এড়ায়নি। আনিসুজ্জামান তাঁর স্বরূপের সন্ধানে বইয়ে মনিরুজ্জামান এসলামাবাদী সম্পর্কে বলেছেন, ‘ভারতবর্ষের প্রকৃত ইতিহাস উদ্ধার করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি সাধন করবেন, এই ছিল মনিরুজ্জামান এসলামাবাদীর উদ্দেশ্য। কায়কোবাদ, নওসের আলী খাঁ ইউসফজী এবং গোলাম হোসেনও খুব আন্তরিকভাবে হিন্দু-মুসলমানের মিলন কামনা করেছিলেন। পরে বিংশ শতাব্দীতে আর যেসব লেখক এ ধরনের মনোভাবের পরিচয় দিয়েছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সৈয়দ এমদাদ আলী, শেখ হবিবর রহমান এবং আকবর উদ্দীন।’ তবে এ কথাও সত্য যে মীর মশাররফ হোসেনসহ উনিশ শতকের কোনো কোনো বাঙালি মুসলমান লেখক বিশ শতকের শুরুতে এসে ‘হিন্দুকে চূড়ান্ত গালিগালাজ’ করে সাম্প্রদায়িক মনোভঙ্গির পরিচয়ও দিয়েছেন। লক্ষণীয় হচ্ছে, বিশ শতকে রচিত মীর মশাররফ হোসেনের ওই সব সাম্প্রদায়িক রচনাসহ অন্যদের সমশ্রেণির রচনাবলিকে উত্তর প্রজন্মের বাঙালি মুসলমান খুব যে আমলে নিয়েছে, তা নয়।

বিশ শতকের শুরু থেকে নব্য শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি মুসলমানের ব্যক্তিত্ব ও আত্মসচেতনতা দানা বাঁধতে থাকে; নিজেকে জানান দেওয়ার মতো কথা জমা হতে থাকে। কিন্তু কথা প্রকাশের জায়গা তো তাদের কম। তাই তারা একের পর এক প্রকাশ করতে থাকে লহরী, ছোলতান, নবনূর, মোহাম্মদী, বাসনা, ইসলাম-আভা, কোহিনূর, আল-এসলাম, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, সাধনা, বঙ্গনূর, সওগাত, মোসলেম ভারত, আঙ্গুর, শিক্ষক, ইসলাম-দর্শন ইত্যাদি পত্রিকা বা সাময়িকপত্র।

চার

গঙ্গা ও ব্রহ্মপুত্রের গতি পূর্ব দিকে সরে যাওয়ার ফলে যে নতুন ভূখণ্ড জেগে ওঠে সেটাই এখনকার বাংলাদেশের অধিকাংশ অঞ্চল। এই অঞ্চলে বসতি গড়ে উঠেছিল নতুন আবাদি জমিকে কেন্দ্র করে। ফলে এখানকার মানুষের প্রধান জীবিকা হবে কৃষি, এতে আর সন্দেহ কী। এ বিষয়ে রিচার্ড ইটন, অসীম রায়, আকবর আলি খানসহ আরও অনেকে গবেষণা করেছেন। কৃষিপ্রধান এলাকা হওয়ায় আন্তর্জাতিক বাজারে পাটের দাম বাড়লে সংগত কারণেই এর প্রভাব পূর্ব বাংলার কৃষকের ঘরে না পড়ার কোনো কারণ ছিল না। আদতে তা–ই হয়েছিল। উনিশ শতকের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে হঠাৎ পাটের দাম বেড়ে যায়। এতে বাঙালি মুসলমান কৃষকের হাতে বেশ টাকাপয়সা আসে। সে টাকায় তাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা নিয়ে কলকাতাসহ নানা স্থানে বিচিত্র সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। উদ্দেশ্য, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া। এই ঘটনা বাঙালি মুসলমান সমাজে মধ্যবিত্তের বিকাশ অনেকটা ত্বরান্বিত করেছিল। বিশ শতকের শুরুর দিক থেকে ব্যাপারটা দৃশ্যমান হতে শুরু করে।

বিশ শতকের শুরু থেকে নব্য শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি মুসলমানের ব্যক্তিত্ব ও আত্মসচেতনতা দানা বাঁধতে থাকে; নিজেকে জানান দেওয়ার মতো কথা জমা হতে থাকে। কিন্তু কথা প্রকাশের জায়গা তো তাদের কম। তাই তারা একের পর এক প্রকাশ করতে থাকে লহরী, ছোলতান, নবনূর, মোহাম্মদী, বাসনা, ইসলাম-আভা, কোহিনূর, আল-এসলাম, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, সাধনা, বঙ্গনূর, সওগাত, মোসলেম ভারত, আঙ্গুর, শিক্ষক, ইসলাম-দর্শন ইত্যাদি পত্রিকা বা সাময়িকপত্র। এগুলো কলকাতা ও পূর্ব বাংলার নানা জায়গা থেকে প্রকাশিত হতে থাকে। মধ্যবিত্তের বিকাশের শুরুতে সবখানে এমনই হয়। উনিশ শতকে হিন্দু মধ্যবিত্তের উন্মেষ পর্বেও এমনটি হয়েছিল; পত্রপত্রিকার প্রকাশ যেকোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে গিয়েছিল।

বাঙালি মুসলমানদের সম্পাদিত পত্রপত্রিকাগুলো বহুবিচিত্র চিন্তা ও বাহাসে মুখর হয়ে ওঠে। সেখানে সাহিত্য, সংস্কৃতি ও চিন্তামূলক নানা লেখাপত্র দেদার ছাপা হতে থাকে। প্রকাশিত হতে থাকে নিজ সম্প্রদায়ের বঞ্চনার ফিরিস্তিও। প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের তুলনায় বাঙালি মুসলমান কীভাবে কোথায় কোথায় বঞ্চিত তার কথাও থাকত ওই সব লেখাপত্রে।

তবে মুসলমানদের সম্পাদিত হিন্দু-মোসলেম সম্মিলনী, হিতকরী, কোহিনূর, নবনূর, আল-এসলাম পত্রিকা সম্পর্কে আনিসুজ্জামান লিখেছেন, ‘সাময়িকপত্র প্রকাশ করে তাঁরা হিন্দু-মুসলমানের মিলন ঘটাতে চেয়েছিলেন। এসব পত্রিকার ঘোষিত উদ্দেশ্য ছিল এটিই।’ এই উদ্দেশ্য শুধু উল্লেখিত পত্রিকাগুলোর ছিল তা নয়, অধিকাংশ পত্রিকার মনোভঙ্গি ছিল এটিই। সবচেয়ে চিত্তাকর্ষক তথ্য হচ্ছে, এসব পত্রিকার একটা বড় অংশ কলকাতা থেকে দূরের বিভিন্ন মফস্সল থেকে প্রকাশিত হয়েছিল।

বাঙালি মুসলমানের এই জাগরণ পর্বের চিন্তা ও সাহিত্যকর্ম হিন্দুর মতো সমৃদ্ধ ও শিল্পোত্তীর্ণ ছিল, তা নয়। কারণ, আধুনিক শিক্ষাদীক্ষায় সবেমাত্র তার হাতেখড়ি হতে শুরু করেছে। তবু বাঙালি মুসলমানের এই জাগরণের সবচেয়ে বড় দিক ছিল এই যে সে উনিশ শতকের বাঙালি হিন্দুর মতো একা বড় হতে চায়নি, প্রতিবেশীকে নিয়েই বড় হতে চেয়েছে। তবে এ কথাও সত্য যে বাঙালি মুসলমানের এই জাগরণ ছিল বাঙালি হিন্দুর জাগরণের দ্বারা প্রভাবিত।

বিশ শতকের প্রথম দিকের উপন্যাসের চেয়ে কবিতা বরং বেশি স্পষ্ট। এই কবিতা অনেক সামষ্টিক কল–কোলাহলে ভরা। উৎসাহ-উদ্দীপনা-জাগরণ—এই সব কবিতার কেন্দ্রীয় বিষয়। অনেক সময় কবিরা প্রেরণার জন্য মুসলিম ইতিহাস-ঐতিহ্যের মধ্যে ডুব দিয়েছেন, এসব নিয়ে বড়াই করেছেন। কিন্তু প্রায় সবার অভিমুখ ছিল বর্তমান ও ভবিষ্যতের দিকে। কবি মোজাম্মেল হক ও ইসমাইল হোসেন শিরাজীর মধ্যে এই সময়ের বৈশিষ্ট্য সবচেয়ে প্রকট আকারে ধরা পড়েছে। নিজ সম্প্রদায়ের জাগরণ-প্রত্যাশার পাশাপাশি বাঙালিত্ব ও হিন্দু-মুসলমানের যৌথতার কথা তাঁরা তাঁদের কবিতার পর কবিতায় বলে গেছেন নিরলসভাবে।

বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমান যেসব উপন্যাস লিখেছে, তার একটা বড় অংশ যতটা না সাহিত্য তার চেয়ে বেশি নিজস্ব সমাজের সংস্কারের প্রতি মনোযোগী। মোহাম্মদ নজিবর রহমানের আনোয়ারা, মুহাম্মদ মোজাম্মেল হকের জোহরা, কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ এই তালিকায় পড়বে। এসব উপন্যাস যে শিল্পোত্তীর্ণ তা হলফ করে বলা যাবে না। কিন্তু বাঙালি মুসলমান সমাজ যে একটা আধুনিক জীবনে প্রবেশ করছে বা করতে চাচ্ছে, তা এসব উপন্যাসে নতুন-পুরোনোর দ্বন্দ্বের রূপায়ণের মধ্য দিয়ে বাঙ্ময় হয়ে উঠেছে।

বিশ শতকের প্রথম দিকের উপন্যাসের চেয়ে কবিতা বরং বেশি স্পষ্ট। এই কবিতা অনেক সামষ্টিক কল–কোলাহলে ভরা। উৎসাহ-উদ্দীপনা-জাগরণ—এই সব কবিতার কেন্দ্রীয় বিষয়। অনেক সময় কবিরা প্রেরণার জন্য মুসলিম ইতিহাস-ঐতিহ্যের মধ্যে ডুব দিয়েছেন, এসব নিয়ে বড়াই করেছেন। কিন্তু প্রায় সবার অভিমুখ ছিল বর্তমান ও ভবিষ্যতের দিকে। কবি মোজাম্মেল হক ও ইসমাইল হোসেন শিরাজীর মধ্যে এই সময়ের বৈশিষ্ট্য সবচেয়ে প্রকট আকারে ধরা পড়েছে। নিজ সম্প্রদায়ের জাগরণ-প্রত্যাশার পাশাপাশি বাঙালিত্ব ও হিন্দু-মুসলমানের যৌথতার কথা তাঁরা তাঁদের কবিতার পর কবিতায় বলে গেছেন নিরলসভাবে। সমাজ মঙ্গল কাব্যে মোজাম্মেল হক বলেছেন, ‘ভয় নাই ভয় নাই-/ভারতবর্ষে হিন্দু-মোস্লেম/আমরা দু’টি ভাই।’ কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দীন এই ধারার গর্ভজাত শৈল্পিক অভিপ্রকাশ। তাঁদের হাত ধরেই বাঙালি মুসলমানের কবিতা উত্তীর্ণ শিল্পের দরজা দিয়ে প্রবেশ করতে থাকে। তাঁদের নির্মিত পথেই বাঙালি মুসলমানের কবিতা আরও বেশি প্রত্যয়ের সঙ্গে নিজ সম্প্রদায়ের গণ্ডি পার হতে পেরেছে।

এই পর্বে, অর্থাৎ বিশ শতকের প্রথম দুই দশকে বাঙালি মুসলমানের কবিতা নিজ সম্প্রদায়ের প্রতি অত্যধিক বিশ্বস্ত থেকেও হিন্দু-মুসলমানের সমন্বিত বাংলা ও বাঙালিত্বে নিষ্ঠ থাকতে পারার একটি রাজনৈতিক কারণ আছে বলে মনে হয়। এই সময় বাঙালি হিন্দু লেখক, সাহিত্যিক, চিন্তকদের মধ্যে একটি সমন্বয়ী মানসিকতার প্রকাশ ঘটেছিল। বাঙালি মুসলমানের মধ্যে মধ্যবিত্তের বিকাশ, তাদের রাজনৈতিক হিসাবদারি বা দর–কষাকষির সামর্থ্য ইত্যাদি এর পেছনে কাজ করে থাকতে পারে। আর অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলনের একটা মিলমিশের ব্যাপার তো আছেই। বেঙ্গল প্যাক্ট ও চিত্তরঞ্জন দাশের ব্যাপারটা একটু পরে হলেও এই মনোভঙ্গির গঠন ও প্রকাশে যথেষ্ট সহায়ক হয়েছিল বলে মনে হয়। এই সময়ে হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেনের রচনাবলি ও কর্মতৎপরতা দেখলে বিষয়টা বোঝা যেতে পারে। এই সময়-পরিসরে বাঙালি মুসলমানদের মধ্যে একই সঙ্গে মুসলমানিত্ব ও বাঙালিত্বে আস্থা রেখে সমন্বয়ী মানসিকতার পরিচয় দিয়েছেন মুহম্মদ শহীদুল্লাহ, মনিরুজ্জামান এসলামাবাদী, মাওলানা আকরম খাঁ, এমদাদ আলী, আবদুল করিম সাহিত্যবিশারদ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন প্রমুখ। কিছু ক্ষেত্রে কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেনসহ শিখাগোষ্ঠীর লেখক-চিন্তকদেরও এই তালিকার অন্তর্ভুক্ত করা যাবে।

শুধু উল্লেখিত কবি-সাহিত্যিকেরা নন, এই স্বাতন্ত্র্যবাদী চিন্তা পূর্ব বাংলার চল্লিশের দশকের প্রায় সব বাঙালি মুসলমানকে কমবেশি নাড়া দিয়েছিল। বাঙালিত্ব ও মুসলমানিত্বের মধ্যে যে ভারসাম্য-সমন্বয় এতকাল কাজ করছিল, তা এ সময় সংকটে পড়ে। লাহোর প্রস্তাবের পর থেকে পাকিস্তানি জাতীয়তাবাদ বেশ কিছুকাল এখানকার জনগোষ্ঠীকে সংগত কারণেই গ্রস্ত করে রাখে। এই সময়ের উপন্যাস, গল্প ও কবিতা সেই কালের কামড়ের দাগ বহন করে আছে। কোন কোন বাঙালি মুসলমান লেখকের মধ্যে পাকিস্তানি জাতীয়তাবাদী চিন্তা ও মুসলমানিত্ব প্রধান হয়ে উঠেছিল, সেই প্রশ্ন অবান্তর। কারণ, নতুন-পুরোনো প্রায় সব কবি-সাহিত্যিকই ওই জাতীয়তাবাদী ‘জ্বর ও ঘোরে’ আক্রান্ত হয়েছিলেন।

পাঁচ

কিন্তু ক্রমে মুসলমানদের প্রত্যাশা বেড়ে যেতে থাকে। তারা শাসনক্ষমতায় বেশি বেশি হিস্যা দাবি করতে থাকে। কংগ্রেসের একক কর্তৃত্বের বাসনাও ক্রমে গভীরতর হতে থাকে। চিত্তরঞ্জনের মৃত্যু, বেঙ্গল প্যাক্টের বাতিল হওয়া, ১৯২৬ সালের দাঙ্গা, হিন্দু মহাসভার উত্থান, বাঙালি মুসলমানের সংখ্যাবৃদ্ধি ইত্যাদি বাংলার রাজনীতিকে ক্রমে ঘোলাটে করে তোলে। এসবের পরিপ্রেক্ষিতে বাঙালি মুসলমানের মধ্যে দেখা দেয় স্বাতন্ত্র্যবাদী চিন্তা। গোলাম মোস্তফা, শাহাদাৎ হোসেন, আবুল মনসুর আহমদ, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান, আবুল কালাম শামসুদ্দীনসহ নতুন-পুরোনো আরও অনেকে এই তালিকায় আসবেন।

শুধু উল্লেখিত কবি-সাহিত্যিকেরা নন, এই স্বাতন্ত্র্যবাদী চিন্তা পূর্ব বাংলার চল্লিশের দশকের প্রায় সব বাঙালি মুসলমানকে কমবেশি নাড়া দিয়েছিল। বাঙালিত্ব ও মুসলমানিত্বের মধ্যে যে ভারসাম্য-সমন্বয় এতকাল কাজ করছিল, তা এ সময় সংকটে পড়ে। লাহোর প্রস্তাবের পর থেকে পাকিস্তানি জাতীয়তাবাদ বেশ কিছুকাল এখানকার জনগোষ্ঠীকে সংগত কারণেই গ্রস্ত করে রাখে। এই সময়ের উপন্যাস, গল্প ও কবিতা সেই কালের কামড়ের দাগ বহন করে আছে। কোন কোন বাঙালি মুসলমান লেখকের মধ্যে পাকিস্তানি জাতীয়তাবাদী চিন্তা ও মুসলমানিত্ব প্রধান হয়ে উঠেছিল, সেই প্রশ্ন অবান্তর। কারণ, নতুন-পুরোনো প্রায় সব কবি-সাহিত্যিকই ওই জাতীয়তাবাদী ‘জ্বর ও ঘোরে’ আক্রান্ত হয়েছিলেন। আসলে তাঁরা সমকালের নিজ জনগোষ্ঠীর অব্যক্ত কথাকেই ভাষা দিয়েছিলেন। এটা ছিল বাঙালি মুসলমানের অনিবার্য রূপান্তর। কারণ, সেদিন তার কাছে সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অর্থনৈতিক মুক্তির স্বপ্ন আর আধিপত্যের বাইরে থাকার সুন্দর সুখচ্ছবি।

এই রূপান্তরের ফলে সে যে তার বাঙালিত্ব বিসর্জন দিয়েছিল, তা নয়। উত্তরকালে পাকিস্তানিত্ব ও বাঙালিত্বকে যেভাবে বাইনারি আকারে বর্ণনা করা হয়েছে, ব্যাপারটা আদৌ তা ছিল না। কিন্তু ক্রমে পাকিস্তান রাষ্ট্রের খাসলতের মধ্যে এই জনগোষ্ঠীর স্বকীয়তা অস্বীকারের প্রবণতা বাড়তে থাকে। ওই রাষ্ট্রীয় চাপের মধ্যে ক্রমে বাঙালিত্বের বোধ বড় হয়ে দেখা দিতে থাকে। একেই বাংলাদেশের ইতিহাসে বাঙালি জাতীয়তাবাদ নামে ডাকা হয়। এই জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল এই যে তা বাঙালিত্বকে মাথায় তুলে ধরেছিল, কিন্তু মুসলমানিত্ব বিসর্জন দেয়নি। পঞ্চাশ ও ষাটের দশকের সাহিত্যকর্ম দেখলে ব্যাপারটা বোঝা যায়। এই সময়ের প্রগতিশীল সাহিত্য দুই ঐতিহ্য থেকেই উপকরণ গ্রহণ করেছে। ষাটের জাতীয়তাবাদী চেতনার মধ্যে ওই এজমালি ব্যাপারটা বেশ সক্রিয় ছিল। ষাটের দশকের জাতীয়তাবাদকে স্বাধীনতার পরবর্তীকালে যে ধর্মের বিপরীতে দাঁড় করানো হয়, তা অনেকটা ঠিক হলেও পুরোপুরি ঠিক নয়। এই জাতীয়তাবাদী চেতনার মধ্যে একটা বহুত্ববাদী আদর্শ বেশ জারি ছিল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানের মিলিত আকাঙ্ক্ষাই তো বাংলাদেশ রাষ্ট্রকে সম্ভব করে তুলেছিল। ফলে বাংলাদেশ বাঙালি মুসলমানের দেশ—এই ধারণা পুরোপুরি ইতিহাসসম্মত নয়।

কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ‘বাঙালি মুসলমান’ শব্দগুচ্ছটি প্রায়ই পরিচয়বাদী রাজনীতির বয়ান তৈরির হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু বাঙালি মুসলমান জনগোষ্ঠীর ইতিহাস ও সাহিত্য ওই সংকীর্ণ পরিচয়বাদী রাজনীতির সাক্ষ্য দেয় না। স্বাধীন বাংলাদেশের সাহিত্যের প্রবণতা বিশ্লেষণেও এই সত্য বেরিয়ে আসবে বলে মনে করি। সেই আলোচনা-বিশ্লেষণ আপাতত অন্য পরিসরের জন্য তোলা রইল।

কুদরত-ই-হুদা: প্রাবন্ধিক ও গবেষক