‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’। অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’। এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)। এ থেকে স্পষ্টতই বোঝা সম্ভব, সাহিত্যশিল্পী হিসেবে মীর মশাররফ হোসেনের (১৮৪৭-১৯১১) স্বীকৃতি ও সাফল্যের রূপটি কেমন ছিল!
বাঙালি মুসলমান সমাজের এক যুগসন্ধিক্ষণে মীর মশাররফ হোসেনের আবির্ভাব। আধুনিক বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে তিনিই প্রথম সফল সাহিত্যশিল্পী। তাঁর সাহিত্যকর্ম ও চিন্তাধারার ভেতর দিয়ে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক চেতনা, জীবনভাবনা ও সমাজ-সমকালের গভীর পরিচয় প্রতিফলিত। তবে এ কথাও স্মরণ করা প্রয়োজন যে উনিশ শতকের বাংলা সাহিত্যের মূল ধারারও তিনি একজন গুরুত্বপূর্ণ লেখক।
ব্রিটিশ বণিকের রাষ্ট্রক্ষমতা দখলের ফলে বঙ্গদেশের সমাজব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসে। নতুন সমাজবিন্যাসে বিত্তের পাশাপাশি বিদ্যার প্রভাবও প্রতিষ্ঠিত হয় সমাজে। এ সূত্রে আত্মপ্রকাশ করে নতুন মধ্যশ্রেণি। ফলে বাংলা সাহিত্যের রূপ-রীতি-চেতনা-রুচিগত রূপান্তর ঘটে। জীবন ও জীবিকার ক্ষেত্রে বাঙালি হিন্দুর পুনর্গঠনের সামর্থ্য ও সুযোগ বেশি থাকায় আর্থসামাজিক জীবনে যেমন, সাহিত্য-সংস্কৃতিতেও তেমনি তাদের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাঙালি মুসলমান পিছিয়ে পড়ে এবং জাতীয় জীবনের সব ক্ষেত্রেই তাদের আবির্ভাব বিলম্বিত হয়।
উনিশ শতকে নবচেতনায় উদ্বুদ্ধ বাঙালি হিন্দুর প্রয়াস-প্রযত্নে যে সৃজনশীল ও মননধর্মী সাহিত্য গড়ে ওঠে, তাতে ওই শতকের প্রথমার্ধ পর্যন্ত মুসলিম লেখকের কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাঙালি মুসলমানের সাহিত্য-সংস্কৃতিচর্চায় এ মূলধারা থেকে বিচ্ছিন্নতার পেছনে সংগত কিছু সামাজিক-সাংস্কৃতিক কারণ নিহিত ছিল। উচ্চবিত্ত মুসলমানের শিক্ষা-সংস্কৃতিচর্চা অব্যাহত ছিল আরবি-ফারসি-উর্দু ভাষার মাধ্যমে, স্বভাবতই সেখানে বাংলা ভাষার কোনো স্থান ছিল না। নিম্নবর্গের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মুসলমানের সাংস্কৃতিক উদ্যোগ সীমাবদ্ধ ছিল লোকজ সাহিত্য ও জীবনবিচ্ছিন্ন দোভাষী পুঁথির জগতে। এ অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয় মুসলিম মধ্যশ্রেণির আবির্ভাব পর্যন্ত। প্রকৃতপক্ষে নব্য-উত্থিত শিক্ষিত মুসলিম মধ্যশ্রেণিই আত্মপ্রকাশের গরজে ও অগ্রসর হিন্দু সম্প্রদায়ের প্রভাব-প্রেরণায় সাহিত্যচর্চায় উদ্যোগী হয়। সূচনা পর্বের এ প্রয়াসে মশাররফের ভূমিকা ছিল পথিকৃতের।
এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারে মশাররফের জন্ম। নিস্তরঙ্গ অনুদার গ্রামীণ পরিবেশে তাঁর ছেলেবেলার দিনগুলো কেটেছে। শ্রেয়বোধ ও উদার জীবনভাবনার চর্চা সেখানে অনুপস্থিত ছিল। পারিবারিকভাবে তিনি আভিজাত্যের অহমিকা ও নৈতিক অনাচারের উত্তরাধিকার অর্জন করেন। সীমাবদ্ধ শিক্ষা ও সামন্ত–রুচির প্রভাব তাঁর মন-মনন-মানসকে আচ্ছন্ন করে রেখেছিল। জন্মসূত্রে লাহিনীপাড়া এবং কর্মসূত্রে পদমদী-দেলদুয়ারের মতো মফস্সল ও পল্লিগ্রামে তাঁর জীবনের একটা বড় সময় কেটেছে। সাহিত্যচর্চার পরিপূর্ণ সুযোগ ও আবহ সেখানে ছিল না। একমাত্র ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’র সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার ব্যতিরেকে মফস্সলে কোনো বড় মাপের ব্যক্তিত্বের সান্নিধ্য-সাহচর্য লাভের সুযোগও তিনি পাননি। উনিশ শতকের বেশির ভাগ মনীষী-লেখক-বুদ্ধিজীবীই গ্রাম বা মফস্সল থেকে কলকাতা মহানগরীতে গিয়ে তাঁদের প্রতিভার বিকাশ ঘটান। নাগরিক সমাজের প্রভাব ও চলমান ঘটনায় তাঁরা বিশেষভাবে আন্দোলিত হয়েছিলেন। কিন্তু মশাররফ ছিলেন এর ব্যতিক্রম। জীবন-জীবিকার প্রয়োজনে তিনি মফস্সলেই অবস্থান করেন। নাগরিক বৈদগ্ধ্য ও মহৎ জীবনাদর্শের সঙ্গে তাঁর সরাসরি যোগ ঘটেনি। মশাররফ নগরজীবনের সঙ্গে যতটুকু পরিচিত ছিলেন, তাতে সেই জীবনের ক্লেদ-গ্লানিই তাঁকে স্পর্শ করেছে, বিদ্যাসাগর-বঙ্কিমের মতো পরিশীলিত সামাজিক-সাংস্কৃতিক জীবনের প্রভাব তাঁর ওপর পড়েনি। মূলত এ সীমাবদ্ধতার কারণেই তাঁর মধ্যে মহৎ শিল্পী হওয়ার যে সম্ভাবনা ছিল, তা পুরোপুরি বিকশিত হতে পারেনি।
বাঙালি মুসলমান সমাজের এক যুগসন্ধিক্ষণে মীর মশাররফ হোসেনের আবির্ভাব। আধুনিক বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে তিনিই প্রথম সফল সাহিত্যশিল্পী। তাঁর সাহিত্যকর্ম ও চিন্তাধারার ভেতর দিয়ে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক চেতনা, জীবনভাবনা ও সমাজ-সমকালের গভীর পরিচয় প্রতিফলিত। তবে এ কথাও স্মরণ করা প্রয়োজন যে উনিশ শতকের বাংলা সাহিত্যের মূল ধারারও তিনি গুরুত্বপূর্ণ লেখক।
উনিশ শতকে বাঙালি মুসলমান সমাজে বাংলা গদ্য বা আধুনিক সাহিত্যের চর্চা ছিল না। তাই মশাররফের প্রথম গ্রন্থ ‘রত্নবতী’ (১৮৬৯) যখন প্রকাশ পায়, তখন ‘ক্যালকাটা রিভিউ’ (১৮৭০) পত্রিকায় সন্দেহ প্রকাশ করা হয় যে বইটি মুসলমানের ছদ্মনামে ভিন্নধর্মী কোনো লেখকের রচিত। দোভাষী পুঁথির উদ্ভট কাহিনির বাইরে বাঙালি মুসলমানের পক্ষে বিশুদ্ধ বাংলা ভাষায় সাহিত্যরচনা ছিল অবিশ্বাস্য ঘটনা। ‘রত্নবতী’ সম্পর্কে ‘রহস্য-সন্দর্ভ’ পত্রিকায় (১৮৭০, পর্ব ৫/৫৪ খ–) রাজেন্দ্রলাল মিত্রও মন্তব্য করেন, ‘দোভাষী পুঁথির নিতান্ত গতানুগতিক পদ্যচর্চা ভিন্ন বাঙালি মুসলমান “বাঙ্গালা লিখিতে পারে না” বলে যে ধারণা, প্রচলিত মশাররফ হোসেন “সেই বোধের একেবারে নিরাকরণ করিয়াছেন”।’ সমালোচক এ গ্রন্থের ভাষাবৈশিষ্ট্যের বিস্তর প্রশংসা করে বলেছেন, লেখকের নামের উল্লেখ না থাকলে ‘গ্রন্থখানি সুশিক্ষিত বাঙ্গালি হিন্দু দ্বারা বিরচিত’ বলে অনায়াস সিদ্ধান্ত করা যেত। হিন্দু পরিচালিত অন্যান্য পত্র-পত্রিকায়ও মশাররফের ভাষাশৈলীর এমন সমধর্মী মূল্যায়নই করা হয়। গ্রন্থ পর্যালোচনায় লেখকের শিল্পবোধ, প্রসঙ্গ কিংবা প্রকরণ নয়, ভাষার বিষয়টিই বেশি প্রাধান্য ও বিবেচনা লাভ করেছে। গদ্যশিল্পী হিসেবে মশাররফের যে প্রতিষ্ঠা ও খ্যাতি, তা তাঁর প্রথম গ্রন্থেই অর্জিত হয়।
মশাররফের সাহিত্যকর্মের সামগ্রিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে তাঁর রচিত সাহিত্যের শিল্পসাফল্য কম নয়। তিনি বিচিত্র বিষয় নিয়ে বিভিন্ন আঙ্গিকে লিখেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। গদ্যে-পদ্যে তাঁর ছিল সমান অধিকার। ‘রত্নবতী’ ও ‘বসন্তকুমারী’—কল্পিত বিষয়াশ্রয়ী এই দুটি বই ছাড়া তিনি মূলত ইতিহাস, পুরাণ ও সমকালীন ঘটনা থেকেই তাঁর শিল্পকর্মের বিষয় নির্বাচন করেছেন। বাংলা সাহিত্যের ধ্রুপদি রচনাধারায় তাঁর ‘বিষাদ-সিন্ধু’ অন্তর্ভুক্ত। এ গদ্য-মহাকাব্যের বিষয়বস্তুতে ধর্মীয় চেতনার যোগ থাকলেও মূলত মানবীয় প্রণয়কাহিনি রচনাই তাঁর উদ্দেশ্য ছিল। নীতি ও ধর্ম প্রবল জীবনাগ্রহসমন্বিত শিল্পচেতনার কাছে পরাজিত হয়েছে। মানবিক ধারায় স্নাত শিল্পী রূপজ মোহে আচ্ছন্ন নিয়তিলাঞ্ছিত এক অসহায় মানবের কাহিনিই এখানে পরিবেশন করেছেন। শিল্পবোধের স্বাক্ষর হিসেবে ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘বসন্তকুমারী’, ‘জমীদার দর্পণ’ কিংবা ‘এসলামের জয়’-এর কথাও উল্লেখ করতে হয়। অসমাপ্ত শিল্পকর্ম হলেও অকপট সত্যভাষণ, গভীর জীবনবোধ ও অনবদ্য সমাজচিত্র অঙ্কন তাঁর আত্মচরিতকে একটি ভিন্ন মর্যাদা দিয়েছে। নকশাধর্মী রম্যসাহিত্যের ধারায় তাঁর ‘গাজী মিয়াঁর বস্তানী’র নামও বিশেষ উল্লেখযোগ্য। ঐতিহ্যপ্রীতি, বিচিত্র অভিজ্ঞতা, প্রখর সমাজদৃষ্টি ও প্রবল হৃদয়াবেগের সমন্বয়ে গড়ে উঠেছে তাঁর শিল্পভুবন। বিষয় নির্বাচন ও আঙ্গিকের বৈশিষ্ট্যের কারণে মশাররফ বাংলা সাহিত্যে জীবনধর্মী ও সৃজনপ্রয়াসী বিশিষ্ট সাহিত্যশিল্পীর আসনে প্রতিষ্ঠিত।
মশাররফের সাহিত্যকর্মের সামগ্রিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে তাঁর রচিত সাহিত্যের শিল্পসাফল্য কম নয়। তিনি বিচিত্র বিষয় নিয়ে বিভিন্ন আঙ্গিকে লিখেছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। গদ্যে-পদ্যে তাঁর ছিল সমান অধিকার। ‘রত্নবতী’ও ‘বসন্তকুমারী’—কল্পিত বিষয়াশ্রয়ী এই দুটি বই ছাড়া তিনি মূলত ইতিহাস, পুরাণ ও সমকালীন ঘটনা থেকেই তাঁর শিল্পকর্মের বিষয় নির্বাচন করেছেন। বাংলা সাহিত্যের ধ্রুপদি রচনাধারায় তাঁর ‘বিষাদ-সিন্ধু’ অন্তর্ভুক্ত।
অবশ্য মশাররফের সাহিত্যসৃষ্টির ধারা পূর্বাপর একই খাতে প্রবাহিত হয়নি। তাঁর মানস-রূপান্তরের পরিচয় মেলে উত্তরজীবনের ব্যবসা-বুদ্ধি প্রণোদিত ধর্মাশ্রিত গ্রন্থ রচনার উদ্যোগে। যৌবনে প্রবল মানবিক বোধে উদ্বুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত মশাররফ যখন পঞ্চাশোর্ধ বয়সে প্রায় ‘বটতলার পুঁথি’র সঙ্গে তুলনীয় শিল্পগুণহীন পদ্যে ধর্মকাহিনির চর্চায় আত্মনিবেদিত, তখন তাঁর শিল্পসামর্থ্যের অবসান ঘটেছে। তাঁর শিল্পপ্রতিভার অবক্ষয়ের চিহ্ন এ পর্যায়ের রচনায় অত্যন্ত স্পষ্ট। মশাররফের মনোজগতের এমন পরিবর্তনের ব্যাখ্যা সমকালীন সামাজিক-রাজনীতিক ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এক দিকে হিন্দুধর্মীয় জাতীয়তাবাদী চিন্তাচেতনা ও সাহিত্যে জাতিবৈরী মনোভাব, অপর দিকে জাতিগত স্বাতন্ত্র্যের আলোকে মুসলিম স্বার্থ সংরক্ষণের চেষ্টা ও ধর্মীয় উজ্জীবনের প্রয়াস মশাররফকে প্রভাবিত করে থাকবে। জীবনবাদী ও সমাজমনস্ক বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রেও জীবনের শেষ প্রান্তে এমন ধর্মকেন্দ্রিকতার মনোভাব লক্ষ করা যায়।
নিজস্ব উদ্ভাবিত কল্পনাশ্রয়ী কাহিনির ব্যবহার মশাররফের রচনায় অত্যন্ত স্বল্প। মূলত ইতিহাস, পুরাণ, সাময়িক ঘটনা বা সামাজিক সমস্যা তাঁর সাহিত্যরচনার প্রেরণা হয়েছে। সে কারণে তাঁর রচনা কোনো কোনো ক্ষেত্রে বিবৃতিধর্মী, প্রতিবেদনমূলক ও উদ্দেশ্যপন্থী হয়ে উঠেছে। জীবনের ক্লেদাক্ত দিক উন্মোচন করতে গিয়ে তিনি কোথাও কোথাও রুচিবিকার ঘটিয়েছেন (‘এর উপায় কি?’)। নিতান্ত ব্যক্তিগত বিদ্বেষের বিষয়কেও সাহিত্যের উপজীব্য করায় তাঁর রচনা শিল্পের স্বভাবধর্ম বিচ্যুত হয়েছে (‘গাজী মিয়াঁর বস্তানী’)
মশাররফ ছিলেন সমাজমনস্ক শিল্পী। তাঁর শিল্পকর্মের বিষয় নির্বাচনের প্রতি দৃষ্টি দিলে এ কথার সত্যতা প্রমাণিত হবে। তাঁর চিন্তাচেতনার কেন্দ্রভূমিতে ছিল সমাজের অবস্থান। তাঁর সমাজসম্পৃক্ত রচনায় প্রতিফলিত হয়েছে ঐতিহ্যপ্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক অনাচার-কুপ্রথা, ভোগবিলাসমত্ত নিপীড়ক জমিদারের স্বরূপ, বিচারক-আমলা-কর্মচারীর দুর্নীতি-স্খলন, মুসলিম সমাজের অবক্ষয়-অবনতি—এমন নানা প্রসঙ্গ। এ সূত্রে তাঁর সম্পাদিত ‘আজীজন নেহার’ (১৮৭৪) ও ‘হিতকরী’ (১৮৯০) পত্রিকার ভূমিকাও স্মরণীয়। যথেষ্ট ঝুঁকি নিয়ে সাহস ও নির্ভীকতার সঙ্গে তিনি লেখনির মাধ্যমে প্রতিবাদী ও সংস্কারমূলক সামাজিক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে ‘গো-জীবন’ (১৮৮৯) ও জমিদারের অত্যাচার-অনাচার বিষয়ে ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) রচনা করে তিনি নিন্দিত ও বিপন্ন হন। তাঁর সমাজসম্পৃক্ত রচনার জন্য সমকালে ক্রিয়া-প্রতিক্রিয়া কম হয়নি। তাঁর সৃজনশীল ও মননধর্মী উভয় ধারার রচনাতেই সমাজভাবনার পরিচয় মেলে।
তবে সব ক্ষেত্রেই যে মশাররফের সমাজচিন্তা যুগোপযোগী ও প্রগতিশীল ছিল, এ কথা বলা চলে না। বিশেষ করে উত্তরকালে তাঁর অসাম্প্রদায়িক চেতনার কিছু পরিবর্তন ঘটে। মাদ্রাসা শিক্ষার ঐতিহ্যিক কাঠামো বজায় রাখা, নারীশিক্ষার প্রতি স্ববিরোধী মনোভাব, রাজনীতি ও আন্দোলন সম্পর্কে অনীহা পোষণ তাঁর সমাজচিন্তার সীমাবদ্ধতাকে নির্দেশ করে। তাঁর মধ্যে একদিকে স্বজাত্যবোধ ও স্বদেশপ্রেম এবং অপর দিকে রাজভক্তি ও শাসকানুগত্যের বিপরীতধর্মী মনোভাবও প্রকাশিত। একটি দোলাচল মনোবৃত্তি তাঁর সমাজচিন্তাকে সামান্য হলেও কিছুটা লক্ষ্যহীন ও দ্বিধাগ্রস্ত করেছে।
কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) আগে মশাররফই প্রথম মুসলিম সাহিত্যশিল্পী যিনি সমগ্র বাঙালি সমাজের বিশেষ মনোযোগ আকর্ষণে সক্ষম হন এবং আপন প্রতিভার গুণে বাংলা সাহিত্যে সম্মানজনক আসন লাভ করেন। অনন্য ভাষাশিল্পী হিসেবে, সমাজমনস্ক ভাবুক হিসেবে, জীবনবাদী ও বৈচিত্র্যপ্রয়াসী লেখক হিসেবে, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সাহিত্যিক হিসেবে মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে স্বতন্ত্র শিল্পী-ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
সাহিত্যক্ষেত্রে মশাররফের আবির্ভাবে সমকালীন প্রতিক্রিয়া যথেষ্টই তীব্র হয়েছিল। অসামান্য স্বীকৃতি ও সমাদরপ্রাপ্তির পাশাপাশি নিন্দিত-সমালোচিতও কম হননি। লক্ষ করার বিষয় এই, যে পরিমাণ মনোযোগ, সম্মান ও প্রশংসা তিনি হিন্দুসমাজের কাছ থেকে অর্জন করেন, দুর্ভাগ্যের বিষয়, প্রায় সমপরিমাণ অবহেলা, অনাদর ও উপেক্ষা পেতে হয় স্বসম্প্রদায়ের পক্ষ থেকে। ‘বঙ্গদর্শন’সহ সেকালের উল্লেখযোগ্য প্রায় সব পত্র-পত্রিকায় মশাররফের শিল্পকর্মের আলোচনা প্রসঙ্গে তাঁর আবির্ভাব অভিনন্দিত হয়। ‘ক্যালকাটা রিভিউ’ (১৮৭০) পত্রিকায় প্রকাশিত মশাররফের প্রথম গ্রন্থ ‘রত্নবতী’র (১৮৬৯) পরিচিতি থেকে শুরু করে দেড় শ বছরের বেশি সময় ধরে মশাররফ-সম্পর্কিত আলোচনার ধারা বহমান। এই লঘু-গুরু মূল্যায়নের ধারণাগ্রহণ মশাররফচর্চার গতিপ্রকৃতি ও স্বরূপ নির্ণয়ের জন্য বিশেষ জরুরি ও প্রয়োজনীয়।
কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) আগে মশাররফই প্রথম মুসলিম সাহিত্যশিল্পী যিনি সমগ্র বাঙালি সমাজের বিশেষ মনোযোগ আকর্ষণে সক্ষম হন এবং আপন প্রতিভার গুণে বাংলা সাহিত্যে সম্মানজনক আসন লাভ করেন। অনন্য ভাষাশিল্পী হিসেবে, সমাজমনস্ক ভাবুক হিসেবে, জীবনবাদী ও বৈচিত্র্যপ্রয়াসী লেখক হিসেবে, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সাহিত্যিক হিসেবে মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে স্বতন্ত্র শিল্পী-ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
মশাররফের গভীর জীবনদর্শন ও মনোভাবনায় যে সমাজ–রূপান্তরের দ্রোহ প্রচ্ছন্ন ছিল, তার আভাস দিয়েই এই মশাররফ–সমীক্ষণ সম্পন্ন হবে। শাস্ত্র-সমাজ-শাসক অনেক ক্ষেত্রেই স্বাধীনচিন্তা ও মতপ্রকাশের প্রবল অন্তরায় ও প্রতিবন্ধক। এ সীমাবদ্ধতা অগ্রাহ্য করেই আত্মপ্রকাশের পথ সৃষ্টি করতে হয়। সে কারণেই মশাররফের কণ্ঠে নিজের জীবনদর্শনস্বরূপ উচ্চারিত হয়েছে—‘জগৎ পরাধীন, কিন্তু মন স্বাধীন’। তাঁর নানা রচনায় এই তাত্পর্যপূর্ণ প্রবচনতুল্য উক্তি পুনঃপুন উল্লেখ করেছেন। পরাধীন জগতের বাসিন্দা হয়েও স্বাধীন মন নিয়ে যথেষ্ট ঝুঁকি স্বীকার করেই এ কথা বলতে হয়েছে। যেকোনো দুঃসময়ে, সংকটে বা ক্রান্তিকালে স্বাধীন মন নিয়ে মুক্তকণ্ঠে নিঃশঙ্কচিত্তে কথা বলার অধিকার মশাররফ চেয়েছিলেন। ‘স্বাধীনতা কি মধুমাখা কথা’—এ আকাঙ্ক্ষার তাত্পর্য উত্তরকালের মানুষের ভেতরে চারিয়ে দিতে চেয়েছিলেন; তাই কালান্তরের মশাররফ মানুষের শঙ্কাহীন ভরসার শক্তি, কালের বিষাদ-সিন্ধুর তলদেশ থেকে অমৃত আহরণের প্রেরণা। সেই সূত্রে মীর-মানসের মূল সুরের ধ্রুবপদ বেঁধে দিয়েছে এই কথাটি: ‘জগৎ পরাধীন, মন স্বাধীন’!