বাঙালির সন্তান কি কানাডার মাটিতেই ঘুমিয়ে থাকবেন?
১২ এপ্রিল কানাডায় প্রয়াত হয়েছেন কবি ইকবাল হাসান। তাঁকে শ্রদ্ধা।
কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পাননি কবি ইকবাল হাসান। পেয়েছিলেন বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার। ৭৩ বছরের জীবন পেলেন তিনি। কিন্তু একাডেমি পুরস্কার অর্জনের যোগ্যতায় পৌঁছেছিলেন ইকবাল হাসান অনেক আগেই। আসলে একাডেমির যোগ্যতাই তো প্রশ্নবোধক হয়ে আছে এবং ক্রমেই প্রশ্নের ভেতরই ডুবে যাচ্ছে। দিন দিন অবনমনই কি বাংলার ঐতিহ্য হয়ে উঠছে? নইলে সৃজনক্ষমতা দেখানোর এত পরে কেন তাঁর মূল্যায়ন? আবার অনেকেই সেই মূল্যায়নের মধ্যে পড়েনও না। কতজনের জীবন ও কর্ম যে গুম হয়ে যায় শিল্প–সাহিত্যর প্রবল থাবায়!
তবে ইকবাল হাসান এমন কোনো কবি নন যে তাঁকে কেউ চেনেন না। গত শতাব্দীর সত্তরের দশকে তিনি লিখতে শুরু করেন। বরিশালে জন্মেছিলেন, ১৯৫২ সালে। মারা গেলেন টরন্টোয়, ১২ এপ্রিল ২০২৩। জীবনের অনেকটা সময় তিনি পশ্চিমে, প্রবাসেই কাটিয়ে গেলেন। ঢাকায় আসা–যাওয়া ছল দু-তিন বছরে একবার। বইমেলায় আসতেন। তরুণদের লেখার সঙ্গে পরিচিত থাকতেন বিরল ক্ষমতার অধিকারী ইকবাল হাসান। সদালাপী। মৃত্যুর আগে কিছুদিন তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ফেসবুকে কথা হচ্ছিল আমার ইকবাল ভাইয়ের সঙ্গে। সুস্থ হয়ে এবার দেশে এলে বড় একটা আড্ডা হবে, এ রকম আমাদের কথাবিনিময় ছিল। সেই কথা আর হবে না। চিরকালের জন্য আমরা কবিকে প্রবাস থেকে গভীরতর প্রবাসে হারিয়ে ফেললাম। বাংলা কবিতা তাঁকে স্মরণ করবে, আমরা তাঁকে স্মরণ করতে থাকব। আমাদের সাময়িকীগুলো, আমাদের ঈদ সংখ্যাগুলো তাঁকে স্মরণ করতে থাকবে। ইকবাল হাসানকে স্মরণ করবে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, পাঠকেরা। বাঙালির সন্তান কি কানাডার মাটিতেই ঘুমিয়ে থাকবেন? বরিশালের কবি কুসুমকুমারী দাশের ছেলেই একদা লিখেছিলেন, ‘দূর দেশে সোনা আছে বলে চলে গেল যুবকের দল’—এটাই বাস্তবতা। আমরা প্রিয়জন হারিয়ে ফেললাম। আমাদের অন্তরে আরেকটু ব্যথা জমা হলো, কবির জন্য, ইকবাল হাসানের জন্য। আমাদের নিয়তিই কি এ রকম যে আমরা ক্রমেই ব্যথায় নীল হয়ে উঠব?
একদা ঝিনেদায় যখন কলেজে পড়তাম, ইকবাল হাসানের কবিতা পড়তাম ‘ইত্তেফাক’–এ। গত শতকের আশির দশকের অন্তিমে ফরিদ কবিরের সম্পাদনায় প্রকাশিত দুই বাংলার কবিদের হাতের লেখায় একটি করে কবিতা ও কবির ছবি ছাপা হওয়া একটি বই আমার হাতে আসে। সেখানেই ইকবাল হাসানের হাতের লেখার কবিতাটি পড়ি ও তাঁর ছবি দেখি। পরে ঢাকায় এসে ইকবাল ভাইয়ের সঙ্গে আরও সম্পর্কে জড়িয়ে পড়ি। অবশ্য তত দিনে ইকবাল ভাই কানাডায় চলে গেছেন স্থায়ীভাবেই। তবে বইমেলার সময় আসতেন। দেখা হতো, আড্ডা হতো। তরুণ কারও কবিতা ভালো লাগলে নিজেই যেচে তাঁকে জানাতেন। ঠিক এভাবেই তাঁর সঙ্গে আমার আলাপ, খাতির। পরে একদিন জানলাম, আমাদের ঝিনেদার মাসুদ আহমেদ সঞ্জু ভাই ইকবাল ভাইয়ের ভায়রা। আমি সঞ্জু ভাইয়ের ফেসবুক থেকে তাঁর স্ট্যাটাস তুলে দিচ্ছি, ‘কানাডাপ্রবাসী ম্যাসের মেজ ভায়রা প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান গতকাল টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী কবি তসলিমা হাসান ও একমাত্র কন্যা যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী শচি হাসানকে রেখে যান। তাঁর জানাজা আজ টরন্টোর নাগেট মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার পর, রিচমন্ড হিলের মুসলিম সিমেট্রিতে তাঁকে দাফন করা হবে।’ আশির দশকে জার্মানির বন শহরে সঞ্জু ভাই ও ইকবাল হাসানের স্মৃতিময় মুহূর্ত আছে অনেক।
মৃত্যুর আগে কিছুদিন তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ফেসবুকে কথা হচ্ছিল আমার ইকবাল ভাইয়ের সঙ্গে। সুস্থ হয়ে এবার দেশে এলে বড় একটা আড্ডা হবে, এ রকম করে আমাদের কথাবিনিময় ছিল। সেই কথা আর হবে না। চিরকালের জন্য আমরা কবিকে প্রবাস থেকে গভীরতর প্রবাসে হারিয়ে ফেললাম। বাংলা কবিতা তাঁকে স্মরণ করবে, আমরা তাঁকে স্মরণ করতে থাকব।
‘অসামান্য ব্যবধান’, ‘মানুষের খাদ্য তালিকায়’, ‘কপাটবিহীন ঘর’, ‘জ্যোৎস্নার চিত্রকলা’, ‘দূর কোনও নক্ষত্রের দিকে’ ইকবাল হাসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এ ছাড়া গল্পের বই ‘মৃত ইঁদুর ও মানুষের গল্প’। কিছু নিবন্ধের বই আছে তাঁর। শহীদ কাদরী সম্পাদনা করেছেন জনাব ইকবাল হাসান। প্রবাসী লেখকদের নিয়ে বিশেষ করে কানাডা ও আমেরিকায় থাকা বাঙালি কবি-লেখকদের নিয়ে কবিতায়, আড্ডায় মেতে কাটিয়ে দিয়েছেন তিনি তাঁর দীর্ঘ প্রবাসজীবন। ঢাকায় যে দু–একপশলা আড্ডা হয়েছে আমার ইকবাল ভাইয়ের সঙ্গে, সেটা হয়তো দৈনিক ‘সমকাল’ অফিসে। পত্রিকাটির তদানীন্তন সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের বিশেষ স্নেহধন্য ছিলেন ইকবাল হাসান। হয়তো বা বরিশালের দিক থেকে তাঁরা আত্মীয় হয়ে থাকতে পারেন।
ইকবাল হাসান চলে গেলেন। কানাডার মাটিতে তিনি ঘুমিয়ে গেলেন চিরকালের জন্য। আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলা ভাষার এক কবিকে হারিয়ে ফেললাম।
আপনি চলে গেলেন ইকবাল ভাই, আপনার কবিতা তো থেকে যাচ্ছে আমাদের সঙ্গে, পাঠকের সঙ্গে। বিদায়, মানুষ ইকবাল হাসান। কবি ইকবাল হাসান তো বিদায় নিতে পারবেন না। তাঁর কবিতারাই ইকবাল হাসান হয়ে থেকে যাচ্ছে আমাদের মুখোমুখি।