মহাফেজখানা থেকে
মহাকাব্যের তিন নারী: হেলেন দ্রৌপদী সীতা
২০০৪ সালের ১০ সেপ্টেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ লেখাটি প্রথম প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
দেশ, কাল ও ইতিহাসের অলংকৃত আখ্যান ও বয়ানের ভেতর দিয়ে অসংখ্য মিথের সজ্জায় মহাকাব্য নির্মাণ করে একটি লুক্কায়িত গভীর মিল ও একাত্মবোধের প্রতিমা, ভূগোলভাঙা মানুষের অন্তঃসত্য।
গ্রিক মহাকাব্য ইলিয়াড, অডিসি আর ভারতীয় রামায়ণ ও মহাভারত পরস্পর সম্পর্করহিত দুই ভিন্ন দেশকালে রচিত। এগুলো নিজ নিজ সময় ও ইতিহাসে সমাজ, মানুষ, স্বপ্ন, বিশ্বাস, লড়াই, দ্বন্দ্ব—সবকিছু বাস্তব-অধিবাস্তব চরিত্র ও ঘটনা সমবায়ে উপস্থাপন করেছে। তবু তারই ভেতর থেকে কখনো কখনো ঘটনা বা চরিত্র-অভিপ্রায়ের আশ্চর্য সাদৃশ্য অনুরণিত, যেন বলতে চায়: মানুষ আদতে একই আকাঙ্ক্ষা ও বেদনামণ্ডলীতে পরিবেষ্টিত।
হোমারের ইলিয়াড ও অডিসি খ্রিষ্টপূর্ব সপ্তম-অষ্টম শতকে লেখা আর ব্যাসদেব ও বাল্মীকির যথাক্রমে মহাভারত ও রামায়ণ আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ থেকে খ্রিষ্টীয় চতুর্থ শতকের মধ্যে রচিত। সম্পূর্ণ ভিন্ন দুই ভূগোলে; কিন্তু সম্পূর্ণ কখনোই ভিন্ন হতে পারেনি স্বভাবে, গঠনে, বিন্যাসে।
তাই ইলিয়াডে ট্রয়রাজপুত্র প্যারিস কর্তৃক অপহৃত গ্রিক রাজবধূ হেলেন, রামায়ণে রাবণ কর্তৃক অপহৃত পরস্ত্রী সীতা, মহাভারতে দুর্যোধন-দুঃশাসন প্রমুখের অনৈতিক ক্রোধে বস্ত্রছিন্না দ্রৌপদী—এই কেন্দ্রীকৃত সমধর্মী ঘটনা প্রতিটি কাব্যেই বিশাল সংঘাত ও দ্বন্দ্বযুদ্ধের নেপথ্য কারণ হয়েছে।
গ্রিস ও ভারত উভয় দেশের মহাকাব্যকারগণই তাঁদের রচনায় সুগ্রন্থিত করেছেন নিজস্ব দেশ, ভূমি ও জীবনের বিশাল আখ্যান; কষ্টকল্পিত অতিবাস্তবতার কোনো দোহাই তাতে নেই। সেই শৈল্পিক দায় বা প্রবণতার ভেতর থেকেই উত্সারিত হয় সাদৃশ্যমুকুলগুলো। সেখানে এক করে নেওয়া যায় সম্পত্তি বা আত্মসম্মানে বাধা এলে মানুষ কীভাবে সর্বস্ব পণ করে সংগ্রামে নামে, দেবতারূপী অতিক্ষমতাধর সত্তাগুলো কীভাবে বিভক্ত হয়ে যায়, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে নয়, অনেকটা জেদ, প্রতিদ্বন্দ্ব ও ক্রোধের মধ্য দিয়ে, কেমন ভয়ংকরভাবে তারা নিয়ন্ত্রণ করছে মানুষের ভাগ্য। তবে ইলিয়াডের দেবতা ও রামায়ণ-মহাভারতের দেবতার মধ্যে বিস্তর ভাবগত ফারাক রয়েছে। ইলিয়াড বা অডিসিতে দেবতা সাহায্যকারী বা অনিষ্টকারী শক্তি, রামায়ণ বা মহাভারতে দেবতা সম্পূর্ণভাবে অংশী প্রতিটি ঘটনার, দেবতার স্বরূপ সেখানে মানবিক। জিউস-হেরা-এথেনা ও অ্যাপোলো-আফ্রোদিতির দ্বিপক্ষীয় অবস্থান কখনো কখনো স্থূলভাবে নিয়ন্ত্রণ করে ট্রয়যুদ্ধের পরিণাম, কিন্তু রামায়ণ মহাভারতে সেই রূপটা যতটা না প্রত্যক্ষ প্রভাব বা সক্রিয়তার, তার চেয়ে বেশি দার্শনিকতার। একজন শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পিছপা না হওয়ার জন্য যেসব ধর্ম ও কর্মবাণী শোনান, তা একটি বিশাল জীবন-দর্শনের কথা বলছে।
জিউস-হেরা-এথেনা ও অ্যাপোলো-আফ্রোদিতির দ্বিপক্ষীয় অবস্থান কখনো কখনো স্থূলভাবে নিয়ন্ত্রণ করে ট্রয়যুদ্ধের পরিণাম, কিন্তু রামায়ণ মহাভারতে সেই রূপটা যতটা না প্রত্যক্ষ প্রভাব বা সক্রিয়তার, তার চেয়ে বেশি দার্শনিকতার। একজন শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পিছপা না হওয়ার জন্য যেসব ধর্ম ও কর্মবাণী শোনান, তা একটি বিশাল জীবন-দর্শনের কথা বলছে।
তবু মিলের অসংখ্য ঘটনা ও চরিত্র রয়েছে। আগামেমনন তাঁর কন্যাকে বলি দেন বিপদোত্তরণের জন্য, অন্যদিকে রাম প্রজাতোষণের জন্য বিসর্জন দেন সীতাকে, প্রেমিকা দিদোর আত্মহত্যার কারণ হয়েছিলেন ইনিয়াস। সবই ধর্মের কারণে। এসব অসংখ্য মিলের মধ্যে বিচার করা চলে সীতা, দ্রৌপদী ও হেলেনকে। তারাই কেন্দ্রীয় চরিত্র। সীতার জন্যই লঙ্কাকাণ্ড, দ্রৌপদীর বস্ত্রহরণের পরে পাণ্ডবেরা প্রজ্বলিত হয়েছেন সবচেয়ে, ভীমের দুঃশাসন, রক্তপান ও দুর্যোধনের ঊরুভঙ্গের সংকল্প ওই জঘন্য ঘটনার পরেই নেওয়া হয়েছে। আর ট্রয়যুদ্ধের পুরোটাই হেলেনের জন্য।
‘সীতা’ ও ‘দ্রৌপদী’র একটা নিদারুণ মিল আছে। তাঁরা দুজনেই নিগৃহীত, সেদিক থেকে ‘হেলেন’ স্বাধীনচেতা, হোক তা হেলেন-কথিত আফ্রোদিতি প্রকল্প, তবু মানবিক পটভূমি থেকে বিচার করলে দেখা যায়, হেলেন প্যারিসের সঙ্গে দেশান্তরি হওয়ার সিদ্ধান্ত ও কর্ম নিজেই সম্পাদন করেছেন। কিন্তু সীতা প্রচণ্ড বাধা দিয়ে, অনেক অনুনয় করেও বাধ্য হয়েছেন রাবণের কাছে আত্মসমর্পণে। আকাশপথে রাবণের রথে করে অপহৃত হওয়ার কালে শেষ ভরসা হিসেবে সীতা নিজ বস্ত্রের টুকরো টুকরো অংশ পথের চিহ্ন হিসেবে ছড়িয়ে যান।
দুর্যোধন-দুঃশাসন প্রমুখ কর্তৃক দ্রৌপদীর লজ্জা-নিগ্রহের নেপথ্যে দ্রৌপদী সম্পূর্ণ অজ্ঞ। পঞ্চস্বামী, সর্বতোভাবে যুধিষ্ঠিরের কৃতবাজিতেই সেই গ্লানিময় অভিজ্ঞতার মুখোমুখি দ্রৌপদী।
সীতার জন্মভূমিতে লাঙলের কর্ষণ থেকে, কৃষিজমির নিগড়ে উত্সারিত সীতা; দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে জাত, আর হেলেন ডিমের ভেতর থেকে। কোনো না কোনোভাবে তাঁরা তিনজনই জন্মের অতিপ্রাকৃতিক ইতিহাসে এক। যেন স্বভাব সমাজের ভেতর একটি নিগ্রহের রূপক হিসেবে অধিষ্ঠিত হওয়ার প্রাক্-ইঙ্গিত হিসেবে তাঁদের আবির্ভাবকে চয়ন করা হয়েছে। তবে জন্মের বিশেষ সূত্রে সমধর্মী হলেও স্বভাবে-বৈশিষ্ট্যে তাঁরা ভিন্ন হয়ে ওঠেন। সেটা ইতিহাস ও সমাজ-সাংস্কৃতিক দিক থেকেও নিষ্পন্ন হয়েছে। গ্রিস যখন সমৃদ্ধির উঁচু পর্যায়ে, রাষ্ট্র-সমাজে চিন্তার অগ্রগতি সাধিত হয়েছে, গণতন্ত্রের ভিত্তিভূমি নির্মিত হয়ে যাচ্ছে, আবার সাম্রাজ্য বিস্তারের অদম্য আকাঙ্ক্ষাও বাড়ছে রাষ্ট্রশক্তির ভেতর, হোমারের মহাকাব্যের রচনাকাল তার খুব বেশি আগে নয়। তাই বুঝি হেলেন বা একজন নারীও সেখানে স্বাধীনচেতা হয়ে উঠেছেন। সেটা অবশ্য অভিজাতমণ্ডলীতে। যুদ্ধে পরাজিত রাজ্য বা দেশের নারীদের সেবাদাসী বানানোর ধারা তখনো চলছেই। আগামেমননও তা-ই করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত বন্দিনী ক্রাইসিসের প্রেমেই পড়ে গিয়েছিলেন। ইলিয়াডে দেব ও দেবী চরিত্র অনেক সময় দ্বন্দ্বে-সংঘাতে লিপ্ত। হেরা সমকক্ষ হয়ে ওঠেন জিউস বা অ্যাপোলোর। সেই দেবসমাজের নারীক্ষমতার প্রতীক যেন দেখা যায় হেলেন চরিত্রে। তারই জন্য একটি বিশাল যুদ্ধ সংঘটনের পরও কোথাও হেলেনকে সমতুল ব্যথিত, গ্লানিদগ্ধ হতে দেখা যায় না। বরং সব ঘটনার জন্য দেবী আফ্রোদিতিকে দায়ী করে নিজে দায়মুক্ত হতে চান তিনি।
কিন্তু সীতা মুমূর্ষু, নিজে নির্দোষ হয়েও নিজেকে দায়দগ্ধ করেন তিনি সব সর্বনাশা ঘটনার। দ্রৌপদী সেখানে সম্পূর্ণ ভিন্নধর্মী। নিজেকে অপরের লালসা বা জেদ বা ক্রোধের উপাদান হিসেবে মেনে নিয়ে যন্ত্রণাক্লিষ্ট হওয়া তাঁর কাজ নয়। বনপর্বে তিনি ধর্মবীর যুধিষ্ঠিরের সঙ্গে তর্কেও লিপ্ত হন। সমাজ-ধর্ম ও নীতিনৈতিকতা নিয়ে যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদীর দীর্ঘ কথোপকথন চিত্তাকর্ষক। তত্কালীন ভারতের নারীর অবস্থা, শরীরোর্ধ্ব মননশীল একটি সমসত্তা হিসেবে তার পরিচয়কে গ্রন্থিত করে। পাশা খেলায় বাজি হারার পর নিজেকে পণ হিসেবে জানার সময় দ্রৌপদী প্রশ্ন করে, ‘যুধিষ্ঠির কি আগে নিজেই বাজিতে হেরেছেন, না আগে আমাকে বাজি রেখে হারিয়ে পরে নিজে হেরেছেন?’ অর্থাৎ ‘আগে নিজেকে হারলে তো আমি তখন আর তাঁর সম্পত্তি নই।’ ফলে যুধিষ্ঠিরের তখন আর দ্রৌপদীকে পণ হিসেবে নেওয়ার অধিকার থাকে না। দ্রৌপদীর ব্যক্তিত্ব ও স্বাধীন চিন্তার পরিচয় মেলে এ রকম আরও কোনো ঘটনায়। সত্যভামা যখন দ্রৌপদীকে তার পঞ্চস্বামীর সঙ্গে নিখাদ সংসার যাপনের রহস্য জানতে চায়, দ্রৌপদী যা বলেন, তার সারবাংলা হলো, তিনি কখনো স্বামীর অপ্রিয় কিছু করেন না। মন্দ কথা বলেন না। অপ্রিয়ভাবে দৃষ্টিপাত করতে, অপ্রিয়ভাবে থাকতে, চলতে, ইঙ্গিত করতে, আসন গ্রহণ করতেও তার শঙ্কা হয়। কথাগুলোতে শুধু স্বামীভক্তির তথাকথিত পবিত্রতার কথা নেই, জীবনযাপনের নিজস্ব আদর্শের কথাও তা প্রতিভাত করে। মহাভারতের রচনাকাল খুবই দীর্ঘ, সেটা মূলপর্ব ও ব্রাহ্মণ্য অংশের রচনাপর্ব—এই দুই পর্বে বিভক্ত। নারীর অধিকার যখন খর্ব হতে চলেছে, ব্রাহ্মণ্য মতবাদে জন্ম নেওয়া নব্য হিন্দু ধর্মের নির্মাণের সময় পর্যন্ত এর রচনাপর্যায় প্রশস্ত বলে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়-প্রাধান্যের রূপ যেমন পাওয়া যায়, তেমনি পরবর্তী প্রক্ষিপ্ত অংশগুলোয় নারীর চরম অবমূল্যায়নও চোখে পড়ে। পণ্ডিতদের মত, দ্রৌপদী রাজশাসন ও পরিবারের বহুপুরুষের বেষ্টনীতেও সর্বজ্ঞ ছিলেন। দ্রৌপদী বলেন, ‘রাজার ও যশস্বী পাণ্ডবদের সমস্ত আয় এবং ব্যয় একা আমিই জানি, ধর্মচারী স্বামীদের ধনভান্ডারের বিষয়ে একা আমিই জানি’, তিনিই আবার প্রক্ষিপ্ত অংশের ব্রাহ্মণ্য রচয়িতাদের সংযোজিত বয়ানে বলেন, ‘আমি শাশুড়ির সঙ্গেও তর্ক করি না। সর্বদা বশবর্তিনী হয়ে থাকি।’ এমনকি উলুপী, চিত্রাঙ্গদা প্রমুখ নারীর সঙ্গে অর্জুনের সাময়িক বৈবাহিক সম্পর্কের কথা জেনেও অবিচল তিনি। তবু সমগ্র মহাভারত পাঠ করলে দ্রৌপদীর তুলনামূলক বিশেষত্ব চোখে পড়ে, যা হেলেন কিংবা সীতার চেয়ে ভিন্ন, নানা দিক থেকে।
হেলেনও ব্যক্তিত্বসম্পন্না। ব্যক্তিত্বহীন, পলায়নপর আলেকজান্দ্রাস বা প্যারিসকে ভর্ৎসনা করতে ছাড়েন না তিনি। তিনি বলেন, ‘যিনি আমার একদিন স্বামী ছিলেন, সেই বীরপুরুষের হাতে পরাজিত হয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছ। অথচ আগে তুমি আস্ফালন করে বলতে, মেনেলাসের থেকে তুমি সর্বতোভাবে শ্রেষ্ঠ। তাহলে যাও তার কাছে, যুদ্ধে আহ্বান জানাওগে।’ আত্মসম্মানবোধ নিয়ে হেলেন এ জায়গায় অন্য সবার চেয়ে তীব্র, পরক্ষণেই প্যারিসের সঙ্গে রাতযাপন তাঁর চরিত্রের এমন একটি দিক ফুটিয়ে তুলেছে, যা সাধারণত প্রবৃত্তিগত আপসের কথা বলে। মেনেলাসের বীরত্ব, গুণ নিয়ে উচ্চকিত হয়ে বা থেকেও প্যারিস বা পরপুরুষের সঙ্গে পালিয়ে আসার কারণ হিসেবে তার শরীরী চাহিদার দিকটিকেই চিহ্নিত করা যায়। নিজের ভালো লাগার বা আকর্ষণের বা শরীরী আকাঙ্ক্ষার নিজেরই অধিকৃত প্রবণতাগুলোকে পাশ্চাত্যের নারীবাদ এখন যেভাবে দেখছে, হেলেন যেন তার আইকন, হোক পুরাণের স্বভাবমতে আফ্রোদিতির পরিকল্পনা, তবু নেপথ্যের সমাজভাবনা এ রকমই। কিন্তু প্রাচ্যের নারী-পুরুষ বা স্বামী-স্ত্রী সম্পর্কের দায়বদ্ধতার, একমুখিনতার যে সূত্রগুলো ক্রমেই ভারতীয় হিন্দু সমাজে শাস্ত্রায়িত হয়েছে, তার আদর্শ হিসেবে দ্রৌপদী বা সীতা কখনোই হেলেন হতে পারেন না। দ্রৌপদী পাঁচ স্বামীরই সম-অনুরক্তা হওয়ার নীতিকে বাহ্যত মেনে নেন, সীতা শত নিগ্রহের মধ্যেও বলতে পারেন, ‘রাম ধ্যান রাম প্রাণ, শ্রীরাম দেবতা।/ রাম বিনা অন্য জনে নাহি জানে সীতা’/ এই সীতা অগ্নিপরীক্ষার মুখে, বনবাসের কালে, পাতাল প্রবেশের সময়ও স্বামীনিষ্ঠায় অবিচল। তবু সীতা তাঁর স্বভাবশীতল, গভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন, তীক্ষ্ণ অভিযোগে—‘কী কার্য্য আমার রঘুনাথ এ জীবনে/ প্রবেশ করিনু অগ্নি তোমার বচনে/’—এই দীর্ঘ কাব্যসংলাপে স্বামী কর্তৃক সীতার বহুদিনের লাঞ্ছনা, অপমানের প্রতিক্রিয়া যেন অনর্গল ঝরে পড়ে, কিন্তু তারপরও কবি সীতাকে পতিনিষ্ঠার জায়গা থেকে বিচ্যুত করতে চাননি। তাই অসংগতভাবে সীতা পরক্ষণেই বলেন, ‘জন্মে জন্মে প্রভু মোর তুমি হয়ো পতি।/ আর কোন জন্মে মোর করো না দুর্গতি/’
মহাভারতের রচনাকাল খুবই দীর্ঘ, সেটা মূলপর্ব ও ব্রাহ্মণ্য অংশের রচনাপর্ব—এই দুই পর্বে বিভক্ত। নারীর অধিকার যখন খর্ব হতে চলেছে, ব্রাহ্মণ্য মতবাদে জন্ম নেওয়া নব্য হিন্দু ধর্মের নির্মাণের সময় পর্যন্ত এর রচনাপর্যায় প্রশস্ত বলে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়-প্রাধান্যের রূপ যেমন পাওয়া যায়, তেমনি পরবর্তী প্রক্ষিপ্ত অংশগুলোয় নারীর চরম অবমূল্যায়নও চোখে পড়ে। পণ্ডিতদের মত, দ্রৌপদী রাজশাসন ও পরিবারের বহুপুরুষের বেষ্টনীতেও সর্বজ্ঞ ছিলেন।
তবে ‘পতিনিষ্ঠা’ সংসারব্রতের দিক থেকে ভিন্ন হলেও হেলেন, সীতা, দ্রৌপদী প্রত্যেকেই নিজ নিজ জন্মজীবন নিয়ে দগ্ধ। ইলিয়াডের ষষ্ঠ পর্বে হেলেন হেক্টরকে বলছেন, ‘হে ভ্রাতঃ, যেদিন আমার মা আমাকে এই পৃথিবীর ভূমি পরে প্রসব করেন, সেদিন নিশ্চয় কোনো দূষিত ঘূর্ণিবায়ু নরকের অন্ধকার গর্ভ হতে আমার ঘৃণিত ও অধঃপতিত আত্মাকে নিয়ে আসে এই মর্ত্যলোকের মাটিতে। ...ক্রমে এক ভয়ংকর দুর্ভাগ্যের দ্বারা তাড়িত হয়ে এখানে আনীত হই আমি।’ মানুষ নয়, তাঁর ধারণা, ‘এসব দুঃখ ও দুর্ভাগ্য নিশ্চয় দেবতাদের চক্রান্তের ফল।’ দেবতাকে চক্রান্তকারী হিসেবে দেখা সীতা বা দ্রৌপদীর পক্ষে সম্ভব নয়। আবার নিজের দ্বিতীয় স্বামীকে যেভাবে ভর্ৎসনা করেন, তা-ও অভিনব—‘যদি এঁর থেকে যোগ্যতর কোনো ব্যক্তির স্ত্রী হবার সৌভাগ্য হতো আমার, তাহলে তিনি নিশ্চয় এ ধরনের অপমান বা অপরের কটুবাক্য সহ্য করতেন না।’ পূর্বস্বামী মেনেলাস নয়, পরের স্বামী প্যারিসও নয়, নিজের জীবনের পক্ষে আরও কোনো যোগ্যতর স্বামীকে আকাঙ্ক্ষা করেন তিনি। ভারতীয় নারীর অভিলাষ প্রকাশের থেকে সম্পূর্ণ ভিন্ন তাঁর এই বাসনার ধরন। আলেকজান্দ্রাস ও তার দ্বারা সংঘটিত ‘অবৈধ’ প্রণয়ের কর্মকে ‘ঘৃণ্য আত্মার দ্বারা কৃত পাপের বোঝা’ আখ্যা দেন ঠিকই, তবু তিনি উচ্চাভিলাষী হন যে জিউসের ইচ্ছায় তাঁদের দুজনের প্রণয়জনিত সব অবাঞ্ছিত ঘটনার কথা পরিণত হবে এক অমর সংগীতের বিষয়বস্তুরূপে। হেলেন নিজের সম্পর্কে স্থির, দৃঢ়, নারী হিসেবে কেবল নিজেকে অপবাদের ভাগী করে ঘোষণা দিতে নারাজ তিনি। সীতা তেমনটি নয়, কখনোই।
আর দ্রৌপদী স্বামীদের দোষ-দুর্বলতার প্রতিবাদ করেন, উষ্মা প্রকাশ করেন, কিন্তু ভিন্ন স্বামী আকাঙ্ক্ষা করেন না। হেলেনের মতো তাঁর চরিত্রে গুণের অভাববোধের জায়গা থেকে আর কোনো পুরুষের বাসনা নেই। তিনি উল্টো স্বামীকেই শোধরাতে চান। প্রহ্লাদ প্রভৃতি চরিত্রের দৃষ্টান্ত পর্যন্ত উপস্থাপন করেন এই মহীয়সী। উদ্দেশ্য ধর্মপ্রাণ, ক্ষমাশীল, সংযত যুধিষ্ঠিরকে প্রতিশোধস্পৃহ করে কৌরবদের দেওয়া লাঞ্ছনা ও অপমানের শোধ তোলা।
সীতা হনুমানের কাছ থেকে রাবণবধ ও সীতামুক্তি লক্ষ্যে রামের বিরাট প্রস্তুতি ও যুদ্ধ ঘোষণার কথা জেনে খুশিতে বিহ্বল হন, হেলেনও চান প্যারিস তাঁকে রক্ষার জন্য সদর্পে উঠে দাঁড়াক, কিন্তু তা দ্রৌপদীর মতো এমন বহুশাখ চিন্তা-মনন ও আবেগের সমন্বয়ে প্রজ্ঞার আলোকে নয়।
তবে হেলেনও তার পরিবারের বা শ্বশুরালয়ের সম্মানিত বীর ব্যক্তিবর্গের গর্বে দীপ্ত।
দ্রৌপদী ও সীতা উভয়েরই বিবাহ হয়েছে স্বয়ম্ভর সভায়। তাঁদের জয় করার জন্য অর্জুন ও রাম প্রত্যেককেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। নারীর এমনই স্থান ছিল বর্তমান ব্রাহ্মণ্য হিন্দুত্বের পূর্বভারতে। আর হেলেনও নিজের ইচ্ছায় চলে যান প্যারিসের সঙ্গে। কিন্তু সীতা ও দ্রৌপদী পতিব্রতার, শীতল রমণীরূপ আঁকা হয়েছে পরিকল্পিত রচনা কৌশলে।
আর দ্রৌপদী স্বামীদের দোষ-দুর্বলতার প্রতিবাদ করেন, উষ্মা প্রকাশ করেন, কিন্তু ভিন্ন স্বামী আকাঙ্ক্ষা করেন না। হেলেনের মতো তাঁর চরিত্রে গুণের অভাববোধের জায়গা থেকে আর কোনো পুরুষের বাসনা নেই। তিনি উল্টো স্বামীকেই শোধরাতে চান। প্রহ্লাদ প্রভৃতি চরিত্রের দৃষ্টান্ত পর্যন্ত উপস্থাপন করেন এই মহীয়সী। উদ্দেশ্য ধর্মপ্রাণ, ক্ষমাশীল, সংযত যুধিষ্ঠিরকে প্রতিশোধস্পৃহ করে কৌরবদের দেওয়া লাঞ্ছনা ও অপমানের শোধ তোলা।
পতি-অনুগতা হয়েও সীতা বলতে পারেন রামকে, ‘তুমি আমি একসঙ্গে বেড়ে উঠেছি, সেই (এত দিনের) সংসর্গেও যদি তুমি আমাকে না জেনে থাকো, তবে চিরদিনের জন্যই আমি হতভাগিনী।’ এ কথা বলতে পারেন না হেলেন। সীতা পতিবিহ্বল, বনে সহচরী হতে চান, কিন্তু তা কেবল পতিব্রত থেকে নয়, ভালোবাসার প্রবল টানেও। রামায়ণের পরবর্তীকালের প্রক্ষিপ্ত চয়নে সীতাকে যেভাবে দেখানো হয়েছে তার থেকে বিপরীত। সীতা রাবণকে বলেন, ‘ইন্দ্রের ভার্যা শচীকে অপহরণ করেও বাঁচা সম্ভব, কিন্তু রামের ভার্যা আমাকে নিয়ে গিয়ে তুমি স্বস্তি পাবে না।’ এ অহংকার শুধু পতি রামকে নিয়ে নয়, রামের শৌর্য ও তাঁর প্রতি ভালোবাসার বিশ্বাস থেকেও। এভাবে সীতাও অনেক সময় হয়ে উঠেছেন ভিন্নধর্মী, বহুমাত্রিক। সে প্রগাঢ় প্রেমবোধের বৈশিষ্ট্য আবার নেই দ্রৌপদী ও হেলেনের মধ্যে। সীতা অগ্নিপ্রবেশ করেন কেবল পতিকথা রক্ষার্থে নয়, নিজের ক্ষোভ ও গ্লানিতে, অভিমানেও। অগ্নি সীতাকে রক্ষা করেছেন। যেন প্রকৃতি জানে সত্যের রূপ। প্রকৃতি রক্ষা করেছে সত্যসীতাকে। যেমন শেষ মুহূর্তে নিশ্চিত লজ্জার চূড়ান্ত রূপ থেকে কৃষ্ণ বাঁচিয়েছেন দ্রৌপদীকে। তবে সেই দ্রৌপদীও স্বর্গারোহণে ব্যর্থ হন অন্তিমে। যুধিষ্ঠিরের কথায়, ‘তাঁর রূপের অহংকারই তাঁর নরকপতনের কারণ।’ সীতা ও হেলেনের পতনেও কি নেই এ রূপ? নেপথ্যে?
তারপরও দ্রৌপদী সীতার থেকে অনেক দিক দিয়ে ভিন্ন। দ্রৌপদী পাঁচ স্বামীকে বরণ করে নিয়েছেন। কখনো অর্জুন, কখনো যুধিষ্ঠির বা কখনো ভীমের প্রতি ‘অনৈতিক’ভাবে অধিক প্রীতি ও আকর্ষণ প্রকাশিত হয়েছে তাঁর। নিজের মনের আকাঙ্ক্ষা ও স্বাধীন নির্বাচনকে উসকে দিয়েছেন দ্রৌপদী। মহাভারত অনেক পরে শেষ হলেও এর রচনার শুরু রামায়ণের অন্তত ২০০ বছর আগে। তাই তার সমকালীন ভারতীয় সমাজে নারীর অপেক্ষাকৃত স্বাধীন অবস্থান লক্ষ করা যায়। দ্রৌপদী প্রতিশোধস্পৃহ, কীচক বধের উদগ্র স্পৃহায় তিনি উজ্জীবিত করেছেন ভীমকে। সীতা এমত নয়।
আর হেলেন অত্যধিক স্বাধীনচেতা, খানিকটা অসংযতও। মেনেলাস ও প্যারিসের পর জানা যায়, তিনি এজিসথাসেরও প্রণয়াবদ্ধ হন। আগামেমননপুত্র ওরেস্তেসের চোখে ঘৃণ্য, ধিক্কৃত তিনি। হেলেনের চরিত্রে একজন বাসনাশীল উদগ্র রক্ত-মাংসের নারী বা মানুষের বৈশিষ্ট্যাবলি বিদ্যমান, আর অনেক ব্যতিক্রম বিবেচনার পরও সীতা ও দ্রৌপদী অনেকটাই একটি ধর্মসমাজের রাজতান্ত্রিকতার ভেতর থেকে উত্সারিত নানা প্রকল্পের ছাঁচে নির্মিত আদর্শ বা সামাজিক আইকন। তবু মাঝেমধ্যেই অভিযোগ, প্রতিবাদ, দ্রোহের গভীর, সূক্ষ্ম, অন্তরানুরণিত উচ্চারণে তাঁরা প্রত্যেকেই ভাঙতে চেয়েছেন দেশকালের প্রথা, কঠিন নারীশর্তগুলো। এখানে তাঁরা এক একটি সর্বজনীন মানবিক অধিকারের আকাঙ্ক্ষায়।
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০০৪, সাহিত্য সাময়িকী, প্রথম আলো