নিম্নবর্গীয় মানুষের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ার কারণ কী
নারায়ণগঞ্জের আলী হাসানের একটি র্যাপ গান ভাইরাল হলো কিছুদিন আগে। আর হিরো আলম নিয়ে পক্ষে-বিপক্ষে কথা তো চলছেই। এখন মাঝেমধ্যই এই যে ‘নিম্নবর্গীয়’ মানুষজনের কণ্ঠস্বর ও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং মানুষ সেগুলো শুনছে, দেখছে আর দেদার মতামত-মন্তব্য দিচ্ছে, এর পেছনের কারণগুলো কী কী?
আমরা এমন এক সময়ে বড় হয়েছি, যখন চলচ্চিত্র আমাদের দৃষ্টিভঙ্গি গড়েছে, জীবনাচরণে প্রভাব ফেলেছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মূল্যবোধকে অনুপ্রাণিত করেছে। পর্দায় উঠে আসা বয়ান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের জীবনের পালে হাওয়া দিয়েছে। যেমন একসময় আমরা চলচ্চিত্রে দেখেছি, স্কুলশিক্ষক মানেই নীতিনিষ্ঠ। ঢালিউড-বলিউডের অনেক সিনেমায় পুলিশ অফিসারমাত্রই সৎ এবং মাফিয়াদের দুশমন—এমনই দেখানো হয়েছে। আর এর মধ্য দিয়ে আসলে একটি নির্দিষ্ট ধরনের বয়ানকেই প্রতিষ্ঠা দেওয়া হয়েছে।
আমি জীবনে প্রথম সিনেমা দেখি চার বছর বয়সে। বাবার কর্মসূত্রে আমরা তখন কোয়ার্টারে থাকতাম। আশির দশকে প্রতিবেশীরা ছিলেন আত্মীয়ের চেয়ে আপন। বিশেষ করে শিশুদের যেকোনো বাসায় অবাধ প্রবেশগম্যতা ছিল। আমি দুপুরের খাবার খুব কমই খেয়েছি নিজের বাসায়। যাহোক, মূল গল্পে ফিরি, এক প্রতিবেশীর বাসায় নতুন ভিসিআর কেনায় একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। সেই ভিসিআরেই প্রথম দেখলাম হিন্দি সিনেমা ‘তেরে মেহেরবানিয়া’। নায়ক ও তার অনুগত কুকুরের হৃদয়স্পর্শী কাহিনি। পুলিশ কর্মকর্তা মনিব অপরাধীদের হাতে খুন হওয়ার পর এক এক করে আততায়ীদের মেরে বদলা নেয় সেই প্রভুভক্ত কুকুর। ওই সিনেমা দেখে আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরি। এরপর আমার মা ঘোষণা দেন, আমাকে আর কখনো সিনেমা দেখতে দেওয়া হবে না। যদিও বাস্তবে তেমনটা ঘটেনি।
ফরাসি দার্শনিক জঁ ফ্রাসোয়া লিওতার বলেছেন, একটি নির্দিষ্ট সময়সীমায় মানুষ একটি ‘গ্র্যান্ড ন্যারেটিভ’ বা মহাবয়ানের আওতাধীন থাকে। সে সময়ের ঐতিহাসিক ঘটনাবলি, আর্থসামাজিক, সাংস্কৃতিক ঘটন-অঘটন—সবকিছুই সেই মহাবয়ানের দ্বারা প্রভাবিত হতে পারে। সেটা হতে পারে কোনো ধর্মবিশ্বাস, মতবাদ বা কোনো প্রযুক্তি। আর এই মহাবয়ান অবশ্যই ক্ষমতাকাঠামোর সঙ্গে সম্পৃক্ত হয়। মোটাদাগে বলা যেতে পারে, বয়ানের লাগাম যাঁর হাতে, ক্ষমতাও তাঁর হাতে।
কাউকে নিয়ন্ত্রণ করতে হলে এখন তাই সবার আগে তার বয়ান দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া প্রয়োজন, আন্তোনিও গ্রামশি যাকে বলছেন ‘এজেন্সি’। ঔপনিবেশিক প্রেক্ষাপটে এই ‘বয়ানহীন’ মানুষদের তিনি বলছেন ‘সাব–অল্টার্ন’ বা নিম্নবর্গীয়, যাঁরা সামাজিক, রাজনৈতিক ও ভূতাত্ত্বিকভাবে ক্ষমতার বিভাজনক্রমের একেবারে তলানিতে অবস্থান করেন। ঔপনিবেশিক শাসকেরা প্রথমেই উপনিবেশিতের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে বাতিল করে ছুড়ে ফেলেছে আস্তাকুঁড়ে। এরপর তাঁদের উন্নয়নের মহাবয়ান প্রতিষ্ঠা করেছেন। এখন নিম্নবর্গের কথা কে বলবে?
সেই পাশার দান উল্টে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম আর স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থানে। টুইটার, ফেসবুক, ইউটিউব, টিকটক—এসব মাধ্যম কোনো না কোনোভাবে সবাইকেই ‘এজেন্সি’ দিচ্ছে নিজের বয়ান তুলে ধরার। এ ব্যবস্থায় নানা ধরনের ফিল্টার পার হয়ে নানা রকমের কথা ভেসে উঠছে। তৈরি হচ্ছে মাইক্রোন্যারেটিভস বা ক্ষুদ্র বয়ান।
একজন বুদ্ধিজীবী, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, রাজনীতিবিদ বা মানবাধিকারকর্মীও যখন নিম্নবর্গের গল্প বলছেন, তখন সেই বয়ানের মালিক হয়ে যাচ্ছেন তিনি। বেশির ভাগ ক্ষেত্রে সাব-অল্টার্ন বা নিম্নবর্গের ‘এজেন্সি’ নিয়ে তিনি বা তাঁরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করতে মরিয়া। ভারতীয় তাত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলছেন, ‘অনেক মানুষই সাব–অল্টার্নিটি (বয়ানহীনত্ব) দাবি করতে চায়। তারা সবচেয়ে কম আকর্ষণীয় এবং সবচেয়ে বিপজ্জনক। আমি বোঝাতে চাইছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্বেষের শিকার সংখ্যালঘু হলেই আপনি “সাব–অল্টার্ন” নন। প্রথমে বুঝতে হবে, এখানে বিদ্বেষের কৌশলটা কী। তাঁরা আধিপত্যের মতবাদের মধ্যেই আছেন, পিঠার টুকরা চাইছেন, কিন্তু তাঁদের দেওয়া হচ্ছে না, কাজেই তাঁদের কথা বলতে দিন, আধিপত্যের মতবাদকে ব্যবহার করুন। তাঁদের নিজেদের সাব–অল্টার্ন বলা উচিত নয়।’
ধর্মীয় কিতাব, ছাপা বই, পত্রিকার নিবন্ধ, চলচ্চিত্র, বেতার বা টেলিভিশন—কোনোটিই নিম্নবর্গের মানুষের কথা বলার যথার্থ মাধ্যম হয়ে উঠতে পারেনি। কারণ, প্রতিটি মাধ্যমেই অন্য কেউ বলছে। অথবা একটা পরিপূর্ণ মহাবয়ানের সঙ্গে জৈব সম্পর্ক বহাল রাখতে সেখানে আপনার বয়ানটুকু সম্পাদনা করা হচ্ছে। এই মাধ্যমগুলোর কাজের প্রণালিই এমন।
কিন্তু এত দিনের সেই বিধিব্যবস্থা, সেই পাশার দান উল্টে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম আর স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থানে। টুইটার, ফেসবুক, ইউটিউব, টিকটক—এসব মাধ্যম কোনো না কোনোভাবে সবাইকেই ‘এজেন্সি’ দিচ্ছে নিজের বয়ান তুলে ধরার। এ ব্যবস্থায় নানা ধরনের ফিল্টার পার হয়ে নানা রকমের কথা ভেসে উঠছে। তৈরি হচ্ছে মাইক্রোন্যারেটিভস বা ক্ষুদ্র বয়ান। আর এভাবেই নারায়ণগঞ্জের হার্ডওয়্যারদোকানি আলী হাসান হিপহপের মাধ্যমে তুলে ধরতে পারেন তাঁর ‘ব্যবসার পরিস্থিতি’। বাবার দোকানের হাল ধরার পর লোকসানের মুখে যাকে দোকান বন্ধ করে দিতে হয়; কারণ, অনিয়ম আর অসংগতির সংস্কৃতির সঙ্গে তিনি পেরে উঠতে পারেননি। এরপর সমাজের নিচুতলার এই মানুষটি বাঁধলেন র্যাপ গান, ‘মুরগি খুঁজি তিতি তিতি...কী খবর, বস?/ তোর বসে খাইছে লস...।’ শহরতলির গলিঘুঁজিতে এত দিনের চাপা পড়ে থাকা কথাগুলো ছন্দে ছন্দে মুহূর্তেই গোটা দেশে ছড়িয়ে গেল। এখন পর্যন্ত ইউটিউবে আলী হাসানের গানটি দেখা হয়েছে ৩ কোটি ৮০ লাখ বার। কেন মানুষ তাঁর মতো অখ্যাত, পাড়া-মহল্লার এক তরুণের র্যাপ গান এত দেখল এবং এখনো দেখছে? কারণ, ‘অসম্পাদিত’ বয়ান দিতে পেরেছেন তিনি, তুলে ধরতে পেরেছেন নিম্নবর্গের ‘আসল’ কণ্ঠস্বর।
এখন আর সামষ্টিক অবচেতনকে এক মহাবয়ান দিয়ে প্রভাবিত করার উপায় থাকছে না। বারবার তৈরি হচ্ছে ফাটল। তবে এই ফাটল দিয়েই কি বেরিয়ে আসতে পারে সেই সাব–অল্টার্নরূপী নিম্নবর্গীয়ের কণ্ঠ? এ ক্ষেত্রে শ্রেণিবিভেদ পুরোপুরি ঘুচে না গেলেও ধীরে ধীরে তা ম্লান হয়ে আসছে বা তৈরি হচ্ছে পাল্টা মতবাদ।
একটি বৈচিত্র্যময় সমাজে সব ধরনের আওয়াজই শুনতে পাওয়ার কথা। সেটা মাঝেমধ্যে গোলযোগ মনে হলেও এক কণ্ঠের ‘স্বৈরতন্ত্র’-এর চেয়ে তা কি বেশি গ্রহণযোগ্য নয়?
আসলে প্রত্যেকের নিজের কথা বলার ‘এজেন্সি’ থাকুক। অন্য কেউ তা নেড়ে না নিক। নিম্নবর্গীয়ের ভাষাতেই নিম্নবর্গীয়ের কথা শোনা গেলে তার চেয়ে সুখকর আর কী হতে পারে!