ভূরাজনীতি কি সাহিত্যকে প্রভাবিত করে

‘ভূরাজনীতি’ শব্দটি আমাদের দেশে এখন খুব শোনা যাচ্ছে। ভূরাজনীতি কি সাহিত্যকেও প্রভাবিত করে? সাহিত্যের ভূরাজনীতি কেমন?

কোলাজ: সৈয়দ লতিফ হোসাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১

৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভের পর আনন্দিত হওয়ার বদলে রবীন্দ্রনাথ ভীত হয়েছিলেন। তাঁর দুর্বল ও ঝুলে পড়া ইংরেজি অনুবাদ পড়ে সুইডিশ সাহেবরা প্রীত হবেন, এমন আস্থা তাঁর ছিল না। ১৯১২ সালের শেষদিকে বসন্ত কুমার রায় নামের এক ভারতীয় লেখক শিকাগোতে তাঁর সঙ্গে দেখা করে বলেছিলেন, আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। উচিত কেন, আপনি নির্ঘাৎ পাবেন। উত্তরে রবীন্দ্রনাথ বিরস বদনে বলেছিলেন, ওরা কি দেবে? জগদীশ বোসকেই দিল না, সেখানে আমাকে কেন দেবে?

কেন তিনি নোবেল পুরস্কার পেলেন, এই বিতর্ক সোয়া শ বছর পরও স্তিমিত হয়নি। তাঁর দুই প্রধান পৃষ্ঠপোষক এজরা পাউন্ড ও ডব্লিউ বি ইয়েটস নোবেলপ্রাপ্তিতে কবির ওপর বিরক্ত হয়েছিলেন। একসময় তাঁরা দুজনই রবি ঠাকুরের কবিতা পড়ে সম্মোহিত ছিলেন, নোবেল পাওয়ার পর তাঁর বাপোদ্ধার করে ছেড়েছেন। পাউন্ড ঠাট্টা করে ‘যদিরিন্দ্রনাথ মাওহারস অকুপেশন’ নামের এক গল্প লিখে জ্বালা মেটান। ইয়েটস তীব্র রোষে বলেন, রবি ঠাকুর, শুধু রবি ঠাকুর কেন, কোনো ভারতীয়ই ইংরেজি জানে না। পরবর্তীকালে রবি ঠাকুরের প্রতি সমালোচনা আরও বেড়েছে। বিখ্যাত ব্রিটিশ কবি ফিলিপ লারকিন তো কোনো রাখঢাক ছাড়াই বলেছিলেন, ‘ফাক টেগোর’।

তাঁর প্রতি সমসাময়িক ও উত্তরসূরি লেখকদের যদি এই মনোভাব হয়, তাহলে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার রবি ঠাকুর পেলেন কীভাবে? সম্ভবত এর উত্তর: রাজনীতি। আমরা এমন এক সময়ের কথা বলছি, যখন বিশ্ব এক মহাযুদ্ধের মুখোমুখি। সেই তপ্ত সময়ে প্রয়োজন ছিল এমন একজন সন্ত লেখকের, যাঁর বাণী পৃথিবীর মানুষকে বিভক্ত করার বদলে সম্মিলিত করবে। ইংরেজি গীতাঞ্জলি ছিল সেই রকম একটি গ্রন্থ। হয়তো অন্য কারণও ছিল। রবীন্দ্র সমালোচক হিসেবে পরিচিত লেখক নিত্যপ্রিয় ঘোষ দাবি করেছেন, সুইডেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম পেছন থেকে কলকাঠি নেড়ে এই পুরস্কারের ব্যবস্থা করে দেন। এর আগের বছর গ্রীষ্মে কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুরবাড়িতে এসে যে উষ্ণ আতিথেয়তা তিনি লাভ করেন, তা তাঁকে এতটাই আপ্লুত করে যে তিনি নিজে উদ্যোগ নিয়ে নোবেল কমিটির কাছে রবীন্দ্রনাথের নাম প্রস্তাব করেন। মজার কথা হলো, রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশাতেই এই গুজব শুনেছিলেন। ১৯১৪ সালে এডওয়ার্ড টমসনকে লেখা এক চিঠিতে তিনি কৌতুকের সঙ্গে জানান, এই রাজপুত্রের সঙ্গে তাঁর কখনো দেখাই হয়নি।

এই পুরস্কার, শুধু এই পুরস্কার কেন, সব নোবেল পুরস্কারের পেছনেই কোনো না কোনো রাজনীতি কাজ করে, সে কথা ভাবার ও বিশ্বাস করার কারণ রয়েছে। ইয়েটসের একটি কথা থেকেও তার আভাস মেলে। রবীন্দ্রনাথকে যাঁরা ইংল্যান্ডের রক্ষণশীল ও শ্বেতকায়-প্রধান রয়্যাল সোসাইটি অব লিটারেচারের সদস্যপদ প্রদানের জন্য সুপারিশ করেন, তাঁরা বাঙালি কবির কবিতা সম্বন্ধে খুব সামান্যই জানতেন। এ ব্যাপারে ইয়েটসের মতামত চাওয়া হলে এই আইরিশ কবির উত্তর ছিল, এখন ভারতে স্বাধীনতা আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এই সময় ‘ভারতের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তিকে যদি সোসাইটির সদস্যপদ দেওয়া হয়, তা আমাদের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হবে’।

অন্য আরেকটি বিষয় মাথায় রাখা ভালো। আলফ্রেড নোবেল নিজে তাঁর সময়ের জন্য যথেষ্ট উদারনৈতিক ও প্রগতিশীল হলেও যে নোবেল কমিটির হাতে পুরস্কারের বিষয়টি ছেড়ে দেওয়া হয়, তাঁরা প্রায় সবাই ছিলেন রক্ষণশীল ও খ্রিষ্টবাদী। নোবেল পুরস্কারের সবচেয়ে প্রামাণ্য ইতিহাসগ্রন্থের লেখক বার্টন ফেল্ডম্যান লিখেছেন, এই কমিটির সদস্য প্রায় সবাই ছিলেন পরিণত বয়সের এবং প্রায় কেউই কবি বা সাহিত্যিক হিসেবে শ্রদ্ধেয় ছিলেন না। খ্রিষ্টীয় নীতিবাদ রক্ষা ছিল তাঁদের একটি অলিখিত উদ্দেশ্য। এই নীতিবাদী অবস্থানের কারণে নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হননি লিও তলস্তয় (‘খ্রিষ্টবিরোধী’ ও ‘অরাজকতাবাদী’) ও ইবসেন (‘যৌনতা’ ও ‘নেতিবাদ’)। কমিটির চোখে, তলস্তয় ও ইবসেনের তুলনায় রবীন্দ্রনাথ ছিলেন খ্রিষ্টীয় চৈতন্যে রঞ্জিত, কারও কারও চোখে ‘আইডিয়াল ক্রিশ্চিয়ান’।

দুই

পুরস্কার, তা সাহিত্য বা অন্য যা কিছুর জন্যই হোক, তাতে ‘রাজনীতি’ থাকবে, এতে বিস্ময়ের কিছু নেই। রাজদরবার অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান—পুরস্কারদাতা যে–ই হোক, তার বা তাদের ‘ইচ্ছা’ দ্বারাই পুরস্কারগ্রহীতা নির্ধারিত হবেন, সেটাই স্বাভাবিক। এই পুরস্কার রাজনীতি ও সরকারি মতাদর্শ দ্বারা প্রভাবিত, এই যুক্তিতে পাকিস্তান আমলে আদমজী সাহিত্য পুরস্কার গ্রহণে কেউ কেউ অনাগ্রহ প্রকাশ করেছিলেন। কার্যত একই যুক্তিতে জ্যঁ পল সার্ত্রে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। নোবেল কমিটিকে এক চিঠিতে তিনি জানিয়েছিলেন, ‘আমি আজীবন কর্তাব্যক্তিদের নির্দেশমতো কাজ করতে অস্বীকার করেছি। ফ্রান্সের রাষ্ট্রীয় সম্মান, “লিজিয়ন অব অনার” গ্রহণেও আমি অস্বীকার করেছি। এখন আমি আর নতুন করে “প্রতিষ্ঠানবদ্ধ” (ইনস্টিটিউশনালাইজড) হতে চাই না।’

পুরস্কার শুধু লেখক হিসেবে স্বীকৃতি নয়, তার জন্য অল্পবিস্তর রুপোর চাকতিপ্রাপ্তিও বটে। রাজনৈতিকভাবে বিতর্কিত জেনেও অনেক লেখক শুধু ওই চাক্তির কথা ভেবে বিবেকের দংশন সত্ত্বেও প্রাতিষ্ঠানিক পুরস্কার গ্রহণে সম্মত হন। পুরস্কারদাতা ঋণখেলাপি অথবা ভূমিদস্যু, সে কথা জেনেও আমাদের অনেক মান্যবর লেখক কড়কড়ে পাঁচ লাখ টাকার লোভ সংবরণ করতে না পেরে সেসব সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন।

সার্ত্রের কাছেও বিষয়টি কিছুটা দ্বিধা সৃষ্টি করেছিল। সে সময় নোবেল পুরস্কারের মূল্যমান ছিল আড়াই লাখ সুইডিশ ক্রোনার। এতগুলো টাকা পাওয়া গেলে তা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনকে সাহায্য করা যাবে, এমন একটি ভাবনা তাঁর মাথায় এসেছিল। কিন্তু নোবেল কমিটিকে লেখা তাঁর চিঠি অনুসারে, ‘তা হতো আমার নীতি ও আদর্শের সঙ্গে প্রতারণা।’

সোভিয়েত আমলে এবং পরেও—নোবেল পুরস্কার ছিল পূর্ব ও পশ্চিমের অব্যাহত ঠান্ডা লড়াইয়ের রণক্ষেত্র। এই পুরস্কার শুধু তাদের অনুমোদিত লেখক পাবেন, এমন একটি অলিখিত শর্ত সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া ছিল। শুধু রাষ্ট্রীয় সমর্থনের অভাবে ১৯৫৮ সালে বরিস পাস্তারনাক তাঁর ডক্টর জিভাগো উপন্যাসের জন্য নোবেল পুরস্কারের পদক ও অর্থ গ্রহণে সক্ষম হননি। অনুমান করি, এই গ্রন্থের প্রসাদগুণে যতটা নয়, তার চেয়ে অনেক বেশি তার সোভিয়েতবিরোধী বক্তব্যের জন্য নোবেল কমিটি এই পুরস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সোভিয়েত নেতা ক্রুশ্চেভ এতটা ক্ষিপ্ত হন যে পাস্তারনাককে তিনি ‘জুডাস’, অর্থাৎ বিশ্বাসঘাতক বলে ভর্ৎসনা করেন। বাধ্য হয়ে পাস্তারনাক নোবেল কমিটিকে জানালেন, স্টকহোমে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়।

মস্কো যে ভাষায় পাস্তারনাককে আক্রমণ করে, সেটি অবশ্যই একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিন্তু নোবেল কমিটি যে অন্য সবকিছু বাদ দিয়ে ঠিক এই বইটিকে পুরস্কারের জন্য বেছে নেয়, সেটিও কম রাজনৈতিক ছিল না। পরে রাজনৈতিক চাপের মুখে নোবেল কমিটি ১৯৬৫ সালে পাস্তারনাকের তুলনায় অনেক দুর্বল মিখাইল শলোকফকে নোবেল পুরস্কার দিয়ে মস্কোর সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলে।

নোবেলকে পাল্লা দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন লেনিন শান্তি পুরস্কারের ব্যবস্থা করেছিল। এটি যে শুধু কমিউনিস্ট অথবা সোভিয়েত ব্যবস্থার সমর্থকদের জন্য পূর্বস্থিরীকৃত একটি পুরস্কার, সে ব্যাপারে কখনোই কোনো সন্দেহ ছিল না। অনেক যোগ্য লোক (যেমন ফয়েজ আহমদ ফয়েজ) এই পুরস্কার পেয়েছেন বটে, তবে সাহিত্যগুণে নয়, দলীয় আনুগত্যের কারণেই। লেনিন পুরস্কারের জন্য সার্ত্রের নামও প্রস্তাব করা হয়েছিল, তিনি স্পষ্ট ভাষায় ‘না’ বলে দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও ইংল্যান্ডের ‘বুকার’ পুরস্কার তুলনামূলকভাবে কম বিতর্কিত; কারণ, এর পেছনে কোনো সরকারি গোপন হাত নেই। তবে বিতর্ক যে একদম নেই, তা–ও নয়। ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড শুধু মার্কিন লেখকদের জন্য। অন্যদিকে বুকার শুধু কমনওয়েলথভুক্ত দেশগুলোর ইংরেজি ভাষার লেখকদের জন্য। ফলে উভয় পুরস্কারের একটি ভৌগোলিক—এবং রাজনৈতিক—সীমাবদ্ধতা রয়েছে। কমনওয়েলথ কথাটার মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের ছাপ সাঁটা আছে, সে কারণে ভারতীয়-মার্কিন লেখক অমিতাভ ঘোষ মনোনীত হয়েও এই পুরস্কার প্রত্যাখান করেছিলেন।

নোবেল বা বুকারের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য রয়েছে, এমন বিতর্কও কম হয়নি। পুরস্কার কমিটিতে যাঁরা থাকেন, তাঁদের অধিকাংশ শুভ্রকেশ পুরুষ, তাঁরা যাঁদের পুরস্কৃত করেন, তাঁদের অধিকাংশই পুরুষ। এ অভিযোগের জবাবে ইংল্যান্ডে শুধু নারী লেখকদের জন্য ‘অরেঞ্জ প্রাইজ’ চালু হলে দেখা গেল, অনেক নারী লেখকই তাকে শুভ্রকেশ পুরুষদের অনুকম্পা ভেবে তা প্রত্যাখ্যান করছেন। লেখক তো লেখকই, তার আবার নারী-পুরুষ ভেদ কী, এই যুক্তিতে ব্রিটিশ ঔপন্যাসিক এ এস বেইয়াট তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছিলেন।

প্রতিটি পুরস্কারের জন্য লেখকদের একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, সে কারণেও সাহিত্য পুরস্কারের ব্যাপারে আপত্তি উঠেছে। হতে পারে লেখক নিজে সে প্রতিযোগিতার প্রত্যক্ষ অংশগ্রহণকারী নন, কিন্তু আরও এক-দুই ডজন লেখকের সঙ্গে পাল্লা দিয়েই তাঁকে সে পুরস্কার—হোক তা নোবেল বা বাংলা একাডেমি—জোটাতে হয়। কারও কারও কাছে, যেমন ফরাসি লেখক জোসেফ আন্দ্রাস এই প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকার করে সে দেশের সম্মানজনক গাঙ্কুর পুরস্কার প্রত্যাখান করেছিলেন। একই কারণে ব্রিটিশ লেখক জন লে কারে বুকার পুরস্কার প্রত্যাখান করেছিলেন।

রাষ্ট্রীয় পৌরোহিত্যে প্রদত্ত সাহিত্য পুরস্কারে দলীয় রাজনীতির প্রভাব থাকায় এখন অনেকেই বলা শুরু করেছেন, এসব সাহিত্য পুরস্কারের কোনো মূল্য নেই। ভারতে বাঘা বাঘা লেখক সে দেশের হিন্দুত্ববাদী সরকারের সাম্প্রদায়িক নীতির প্রতিবাদে দেশের সবচেয়ে মূল্যবান ‘আকাদেমি পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন। রাজনীতির প্রতিবাদে এই প্রত্যাখ্যান, সেটাও যে রাজনৈতিক, তাতে কোনো সন্দেহ নেই।

তিন

নোবেল বা বুকারের মতো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের গুরুত্ব অস্বীকার করার জো নেই। হোক তা রাজনীতি দ্বারা দুষ্ট অথবা ক্ষমতাসীন

মহলের আনুকূল্যে অভিষিক্ত, যাঁরা পুরস্কৃত হয়েছেন, তাঁদের কমবেশি সবাই লেখক হিসেবে যোগ্য। আন্তর্জাতিকভাবে অজ্ঞাত অথবা স্বল্প পরিচিত অনেক লেখকই আজ আমাদের সেলফে শোভা পায় শুধু নোবেলের কল্যাণে। নাগিব মাহফুজ বা সিম্বোরস্কাকে আমরা হয়তো কোনো দিনই পড়ার সুযোগ পেতাম না, যদি না তাঁরা নোবেল পুরস্কারের বদৌলতে বহু ভাষায় অনূদিত হয়ে আমাদের হাতে পৌঁছাতেন। নোবেল ছাড়া আবদুলরাজাক গুরনাহকেই আমরা কীভাবে চিনতাম!

অস্ট্রেলিয়ার ‘ভিক্টোরিয়ান প্রাইজ ফর লিটারেচার’ না পেলে কুর্দি-ইরানি লেখক বেহরুজ বুশানি আমাদের কাছে অজ্ঞাতই থেকে যেতেন। ২০১৯ সালে তাঁকে যখন এই পুরস্কার দেওয়া হয়, তখন তিনি পাপুয়া নিউগিনিতে উদ্বাস্তু। ছয় বছর চেষ্টা করেও তিনি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পাননি। পুরস্কার লাভের পর সব সমস্যা রাতারাতি মিটে গেল।

রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যঁ পল সার্ত্রে, বরিস পাস্তারনাক, মো ইয়ান

নোবেলের মতো পুরস্কার শুধু লেখকের জন্য নয়, পুরস্কৃত লেখকের দেশের জন্যও গভীর শ্লাঘার। আমরা এখনো যখনই সুযোগ পাই, মনে করিয়ে দিই যে রবীন্দ্রনাথই প্রথম এশীয় লেখক, যিনি নোবেল পেয়েছিলেন। সাহিত্যে তাদের একটি নোবেল পেতেই হবে, এই ধনুর্ভঙ্গ পণ থেকে চীন সরকার পেছনের দরজা দিয়ে কত চেষ্টাই না করেছে (যার হাস্যকর বিবরণ রয়েছে জুলিয়া লোভেলের চায়নাস কোয়েস্ট ফর আ নোবেল প্রাইজ ইন লিটারেচার গ্রন্থে)। ২০০০ সালে ভিন্নমতাবলম্বী লেখক গাও জিনজিয়াং আকস্মিকভাবে এই পুরস্কার জিতে নিলে চীনা নেতৃত্ব কিছুটা হতভম্ব হয়ে পড়ে। না যায় তাঁকে ফেলা, না যায় তাঁকে রাখা। প্রথমে চীনা নেতৃত্ব এই ঘোষণায় উৎফুল্ল হয়েছিল। কিন্তু যেই জানা গেল, এই লেখক সরকারি ‘লাইন’ মেনে চলেন না, চীনা সরকারের সুর বদলে গেল। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, দুরভিসন্ধিমূলক—এই অভিযোগে চীনা কর্তৃপক্ষ নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছিল। পরে ২০১২ সালে মো ইয়ানকে সে পুরস্কার দিয়ে নোবেল কমিটি চীনা সরকারের সঙ্গে রফা করে।

শোনা যায়, হিটলারকেও নাকি নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। ব্রিটিশ-পাকিস্তানি লেখক তারিক আলী একসময় সে তথ্য উদ্ধৃত করে নোবেলকে ‘মূল্যহীন পুরস্কার’ নামে অভিহিত করেছিলেন। কথাটা মোটেই সত্য নয়। ঠাট্টা হিসেবেই ১৯৩৯ সালে হিটলারকে কেউ একজন মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু তাঁকে সাহিত্য বা শান্তি—কোনো ক্ষেত্রেই নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

একজন সার্ত্রে বা জন লে কারের কথা বাদ দিই, অধিকাংশ লেখকের জন্যই নোবেল বা বুকারের মতো পুরস্কার জীবন বদলে দেওয়ার মতো ঘটনা। খ্যাতি ও পুস্তক বিক্রয়ের সুযোগ তো রয়েছেই। সবচেয়ে বড় যা, তা হলো নগদ অর্থপ্রাপ্তি। আদমজীর পাঁচ হাজার টাকা অথবা নোবেলের ১০ লাখ ডলার, আকাশের চাঁদ পাওয়ার মতো ঘটনা। নোবেল পাওয়ার পর রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতনের বিদ্যালয়কে ঋণমুক্ত করার কথা ভেবেছিলেন। আলব্যের কাম্যু প্রথম বাড়ির মালিক হয়েছিলেন নোবেলের অর্থ দিয়ে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর দীর্ঘদিনের স্বপ্ন—একটি দৈনিক পত্রিকা, নোবেলের অর্থ দিয়েই প্রকাশ করতে পেরেছিলেন।

অতএব, হোক না বিতর্ক, থাক না রাজনীতি, বেঁচে থাক সাহিত্য পুরস্কার।

হাসান ফেরদৌস লেখক ও প্রাবন্ধিক