একজন আনিসুজ্জামান

আজ প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুজ্জামান
ছবি: প্রথম আলো

আনিসুজ্জামানের টেবিলে এখন আমাকে বসতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যে টেবিলে তিনি বসতেন, সেই টেবিলে। তাঁর মৃত্যুর পর এত দিন ফাঁকাই ছিল টেবিলটা। বিশাল বড় টেবিল, ঘরের সঙ্গে খাপছাড়া। অনেকবার তাঁর ঘরে গিয়ে বসেছি, কথা বলেছি তাঁর সঙ্গে। কখনো মনে হয়নি টেবিলটা বড়। তাঁর ব্যক্তিত্ব যতখানি বড় হয়ে উঠেছিল, সেই তুলনায় টেবিলটাকে ছোট মনে হতো। এখন আমি বসতে গিয়ে দেখছি, ওই বিশাল টেবিলের পাশে আমাকে ক্ষুদ্র, নগণ্য মনে হয়। খুব অস্বস্তি হয়।
আনিসুজ্জামান তাঁর ব্যক্তিত্বকে বড় করে তুলতে পেরেছিলেন। লেখালেখি দিয়ে, কাজ দিয়ে তিনি বড় হয়ে উঠেছিলেন। এটা সবাই মানবেন। কিন্তু আমার মনে হয়, তাঁর ব্যক্তিত্ব বড় হয়ে উঠেছিল তাঁর চিন্তা ও ভাবনার কারণে। বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, নিজের মতো ভেবেছেন। ভাষা আন্দোলনের সময়ে তাঁর বয়স ছিল ১৫, পাকিস্তান আন্দোলনের অভিজ্ঞতায় পূর্ণ এক টগবগে কিশোর তখন। উনসত্তরের গণ–অভ্যুত্থানের সময়ে তিনি পরিণত পুরুষ—মুক্ত মত আর জাতিগত মুক্তির পক্ষে ছিল যাঁর অবস্থান। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা–পরবর্তী সময়েও তিনি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন।

আর সবার সঙ্গে আনিসুজ্জামানের পার্থক্য এখানেই—তিনি সময়কে নিবিড়ভাবে দেখতে পারতেন, নিজের অবস্থান নির্ধারণ করতে পারতেন এবং প্রতিনিয়ত নতুন করে নিজেকে তৈরি করতে পারতেন। বিভিন্ন কর্মকাণ্ড ও সভা-সেমিনারে ব্যস্ত থেকেছেন অনেক। তাঁর বক্তব্য ও কথা শুনে বোঝা যায়, বাংলাদেশের ইতিহাস আর রাজনীতিকে তিনি কোন ইতিবাচক ও অগ্রসর চিন্তায় মূল্যায়ন করতেন। তাঁর বক্তব্য যাঁরা শুনেছেন, তাঁরা জানেন, কাগজে না লিখেও কী দারুণ শব্দচয়নে কথা বলতে পারতেন। গলাটাও ছিল ভরাট, গমগম করত। শুধু মুখের কথা নয়, আনিসুজ্জামানের গদ্য লেখাও ঝরঝরে।

যেকোনো কাজের ক্ষেত্রেও ছিল তাঁর অসম্ভব দায়িত্ববোধ। প্রথম আলোর ‘ভাষা প্রতিযোগ’ করতে গিয়ে দেখেছি, সময়ের প্রতি কী দায়িত্বশীল তিনি। অন্যের ওপর নির্ভর করতে চাইতেন না। অসমতল পথে বা সিঁড়িতে আমি তাঁর পাশে হাঁটার সময়ে কয়েকবার হাত ধরে সহযোগিতা করতে চেয়েছি। তিনি স্মিতহাস্যে আমার হাত ফিরিয়ে দিয়েছেন। তাঁর দায়িত্ববোধের প্রশংসা করেন তাঁরাও, যাঁরা তাঁর কাছে উচ্চতর গবেষণা করেছেন। গবেষণাকাজে তাঁর ওপর নির্ভর করা যেত। তিনি তাঁর বৈশ্বিক ও বৈদেশিক জ্ঞানকে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহার করতে পেরেছেন। তাঁর প্রজ্ঞা তিনি অর্থের কাছে বিকিয়ে দেননি।

আর সবার সঙ্গে আনিসুজ্জামানের পার্থক্য এখানেই—তিনি সময়কে নিবিড়ভাবে দেখতে পারতেন
ছবি: প্রথম আলো
আনিসুজ্জামান তাঁর ব্যক্তিত্বকে বড় করে তুলতে পেরেছিলেন। লেখালেখি দিয়ে, কাজ দিয়ে তিনি বড় হয়ে উঠেছিলেন। এটা সবাই মানবেন। কিন্তু আমার মনে হয়, তাঁর ব্যক্তিত্ব বড় হয়ে উঠেছিল তাঁর চিন্তা ও ভাবনার কারণে। বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, নিজের মতো ভেবেছেন

‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ (১৯৬৪) আনিসুজ্জামানের পিএইচডি অভিসন্দর্ভের গ্রন্থরূপ। এখানে তিনি বাঙালির ইতিহাস ও বাংলা সাহিত্যের ধারায় মুসলমান লেখকদের অবস্থান চিহ্নিত করতে চেয়েছেন। ‘পুরোনো বাংলা গদ্য’ (১৯৮৪) তাঁর আরেকটি গবেষণাগ্রন্থ। এ বইয়ে তিনি উনিশ শতকীয় গদ্যের অনুসন্ধান করেছেন এবং সেগুলোর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন। ২০২১ সালে প্রথমা প্রকাশন থেকে বের হয় আনিসুজ্জামানের তিনটি বই: ‘মহামানবের সাগরতীরে’, ‘স্মৃতির মানুষ’, ‘আমার অভিধান’। এর একটি বইয়ে সময়ের রূপান্তরে পরিবর্তিত সমাজ-রাজনীতির কথা বলেছেন; একটিতে সময়ের মানদণ্ডে ব্যক্তির মূল্য নির্ধারণ করেছেন; আরেকটিতে খুঁজেছেন সময়ের পরিপ্রেক্ষিতে বদলে যাওয়া বাংলা শব্দের যথার্থ রূপ।

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় আনিসুজ্জামানের আফসোস ছিল; খোদ বাংলাদেশেই ইংরেজির সর্বগ্রাসী বিদ্যমানতা তাঁকে ব্যথিত করেছে। শিক্ষা ও শিক্ষাপদ্ধতি নিয়েও তিনি ভেবেছেন। দুঃখ করে বলেছেন, মুখস্থবিদ্যার ওপরে জোর দেওয়ার কারণে আমার শিক্ষায় গলদ থেকে যাচ্ছে। দীর্ঘদিনের উপনিবেশে পৃথিবীর অনেক ভাষা লোপ পেয়েছে। দুই শ বছরের ব্রিটিশ উপনিবেশে ভারতের অনেক ভাষাও হারিয়ে গেছে, বিভাষী উপাদানও যোগ হয়েছে অনেক ভাষায়। এ ক্ষেত্রে আনিসুজ্জামান গর্ব নিয়ে বলেছেন, বাংলা অঞ্চলে বাংলা ভাষার প্রবল প্রতাপের সঙ্গে ইংরেজি পেরে ওঠেনি!

আনিসুজ্জামান গবেষণার পদ্ধতি জানতেন, গবেষণার উপযোগী ক্ষেত্রগুলোও চিনতেন। কিন্তু এ ব্যাপারে যথেষ্ট মনোযোগী হননি বলে অধ্যাপক আবদুর রাজ্জাক দুঃখ করেছেন। আবার আখতারুজ্জামান ইলিয়াস তাঁকে সভা-সেমিনার বাদ দিয়ে লিখতে বলেছেন। আনিসুজ্জামান তাঁর স্মৃতিচারণামূলক একটি লেখায় সেই কথা উল্লেখ করে বলেছেন, তিনি গেছেন অসুস্থ আখতারুজ্জামান ইলিয়াসকে দেখতে। তখন তাঁকে উদ্দেশ্য করে ইলিয়াস বললেন, ‘আপনি সমাজসেবক হয়ে গেলেন! অপ্রীতিকর হলেও অনুরোধ, উপরোধ উপেক্ষা করেন—সভা–সমিতি বাদ দিয়ে লেখেন।’

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় আনিসুজ্জামানের আফসোস ছিল
ছবি: প্রথম আলো

সময় সবাইকে একরকম দায়িত্ব দেয় না। আনিসুজ্জামান তাঁর বিস্তৃত অভিজ্ঞতা থেকে সভা-সেমিনারে যা বলেছেন এবং বিভিন্ন অনুরোধ-উপরোধে যা লিখেছেন, তাতে এমন অনেক উপাদান আছে, যা অনেক গবেষণাকে অতিক্রম করে যায়। বিচারপতি হাবিবুর রহমান প্রসঙ্গে আনিসুজ্জামান লিখেছিলেন: ‘...শেষ জীবনে অভিভাবকস্বরূপ ছিলেন। তাঁর প্রজ্ঞা ও শ্রেয়োবোধ থেকে তিন যে-পথপ্রদর্শন করেছিলেন, আমাদের কল্যাণ সেখানে নিহিত ছিল।’ আনিসুজ্জামান প্রসঙ্গেও কথাটি সত্য। জাতির পথনির্দেশনের গুরুভার তিনি মৃদুহাস্যে কাঁধে তুলে নিয়েছিলেন—বিভিন্ন সামাজিক, আনুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক কাজের মধ্য দিয়ে। যত দিন বেঁচে ছিলেন, আমাদের ভাষা, শিক্ষা ও সমাজ-রাজনীতির অভিভাবক হয়ে ছিলেন।

আনিসুজ্জামান চাইতেন উদার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। মানুষের ওপর বরাবরই তাঁর আস্থা ছিল। তিনি মনে করতেন, এই মানুষই নতুন বাংলাদেশ নির্মাণ করবে। ‘এই মাটি এই মানুষ’ শিরোনামের একটি লেখার উপসংহারে তিনি লিখেছেন: ‘বাংলাদেশ মানে কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন, কঠোর জীবনসংগ্রাম, স্বার্থত্যাগ ও আত্মদান, বাংলাদেশ মানে চরিতার্থতার জন্য অপেক্ষমাণ স্বপ্ন, অশেষ সম্ভাবনা, নতুন সূর্যোদয়।’