আমরা যারা ভালো মানুষ
পাশের বাড়িতে ঝগড়া–ফ্যাসাদ হলে কান পেতে শুনি আর মুখ টিপে হাসি। পরের বিপদে ‘উঁহু, উঁহু’ সমবেদনার ভঙ্গি করি আর মনে মনে বলি, ‘বাপস, বাঁচা গেছে, বিপদ আমার হয়নি!’ অন্যের সুসংবাদ শুনলে মনে হয়, ‘এ আর এমন কী!’ নিজেরটা ঢেঁড়া পিটিয়ে জানাতে ভালো লাগে। রাস্তায় অন্যকে আইন ভাঙতে দেখলে মেজাজ খারাপ করি, কিন্তু নিজের সুবিধার জন্য আইনের দফারফা করতে কসুর করি না।
কথায় কথায় নিন্দার ফোয়ারা বইয়ে দিই, নিজের সমালোচনা শুনলে মেজাজ তিরিক্ষি হয়ে যায়। নিজেরটা ষোলোর ওপর আঠারো আনা বুঝি, অন্যেরটা বুঝতে হৃদয়ে বড় ব্যথা লাগে। কেউ ডানে যেতে বললে সন্দেহের কাঁটা কুটকুট করে মনের মধ্যে—নিশ্চয়ই ভালো যা কিছু বাঁয়ে আছে, নইলে ডানে যেতে বলল কেন? কারও দুঃখ-দুর্দশা দেখলে উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, ‘জগৎ দুঃখময়। এ নিয়ে হল্লা মাচানোর কী আছে!’ নিজের দুঃখের সময় হাহাকারে আকাশ ভরিয়ে ফেলে ভাবি, ‘কী হৃদয়হীন সবাই। আর কেমন বিশ্বাসঘাতক!’
কারও ভালো দেখলে, কাউকে উন্নতি করতে দেখলে বুকের মধ্যে ধক করে ওঠে। মনে মনে বলি, ‘উড়ুক! কত আর উড়বে! ঠিকই ধপাস করে পড়বে দুদিন পর।’ বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি আর অপেক্ষা করি, পতন ঘটবে কবে। তারপরও যদি আগের মতোই তরতর করে এগোতে থাকে সে, প্রবল দুঃখে খানখান হতে হতে ভাবি, ‘দুনিয়ায় ইনসাফ নেই। অযোগ্যের, অপদার্থের কপালেই যত বরমাল্য!’
কেউ নিয়মের কথা বললে শরীর জ্বলে ওঠে। শার্টের হাতা গুটিয়ে বলি, ‘দুনিয়া বেনিয়মে ভরা, ভারি নিয়ম দেখাতে এসেছেন!’ আবার নিজের সুবিধা হলেই বড্ড নীতিবাগীশ হয়ে যাই। বিশাল লেকচার ঝেড়ে দিয়ে শেষে বলি, ‘বুঝলেন তো, এ জন্যই আমাদের এ অবস্থা!’ কিউতে সবার আগের জায়গাটা, বাসের সেরা আসন, ঝুড়ির সবচেয়ে রসাল আমটা আমার চাই। অন্য কেউ নিতে চাইলেই দাঁত-মুখ খিঁচিয়ে বলতে ইচ্ছা করে, ‘আহ্লাদ! আমরা কি ভেসে এসেছি?’
মনের মধ্যে সারা দিন কেবল জ্বালা আর জ্বালা। অন্যের ভালো দেখে জ্বালা, নিজের কেন আরও ভালো হচ্ছে না, এ নিয়ে জ্বালা। পৃথিবীর সব অ্যান্টাসিডেও এ জ্বালা কমে না।
কারা আমরা? আমরাই তো সবাই!
আমরা ছাপোষা মানুষ। নেহাতই ভালো মানুষ।