মহাফেজখানা থেকে
রেল পাগলা
১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো যাত্রা শুরু করে। পত্রিকাটির উদ্বোধনী সংখ্যায় ছিল সদ্য প্রয়াত লেখক ও সাংবাদিক মনজুরুল হকের ‘রেলপাগলা’ শিরোনামে এ লেখা। রেলগাড়িকেন্দ্রিক তখনকার জাপানিদের জীবন-উদ্যাপনকে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন তাঁর এ লেখায়। এত দিন শুধু ছাপা কাগজে থাকা সেই লেখা আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
টোকিও শহরতলিতে আমার বসবাস। নগর টোকিওর ব্যস্ত কেন্দ্রস্থল, যেখানে কাজের সূত্রে সপ্তাহে পাঁচ দিন আমার যাতায়াত, সেখান থেকে আমার বাসস্থানের দূরত্ব সময়ের হিসাবে প্রায় দুই ঘণ্টা। প্রতিদিন এ রকম আসা-যাওয়া বিড়ম্বনা মনে হলেও আমার বেলায় অবশ্য এতটা দূরে থাকার বাড়তি কিছু সুবিধাও রয়ে গেছে।
নিয়মিত অফিসযাত্রী হলেও প্রতিদিন ঘড়ি মিলিয়ে ঠিক একই সময়ে অফিসে হাজিরা দেওয়ার ঝামেলা থেকে আমি মুক্ত। আর তাই শহরের কংক্রিটের জঞ্জাল থেকে দূরে সরে গিয়ে সমুদ্র উপকূলের নিরিবিলি সবুজের টানে সাড়া দেওয়ার মূল আপত্তি যে ঘড়ির কাঁটা, আমার বেলায় তা বলা যায় অকার্যকর। ফলে দূর থেকে প্রকৃতির সংস্পর্শে আসার বাড়তি সুবিধা আমি ভোগ করে আসছি। ঘড়ির কাঁটা মিলিয়ে প্রতিদিন একই সময়ে ঘর থেকে বের হতে হয় না বলে রাশ আওয়ার বা অফিসের প্রচণ্ড ভিড়ের সময় বলতে যা বোঝায়, সে রকম চাপাচাপির রেলযাত্রা এড়িয়ে যাওয়াও আমার পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে। শুধু তা–ই নয়, যাত্রাপথের সবচেয়ে বড় পথ প্রায় এক ঘণ্টার যে রেলভ্রমণ, তা–ও বেশ আরামেই আমি সেরে নিতে পারি। বই পড়ার এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। এ ছাড়া অফ পিক আওয়ারের খোলামেলা রেলের কামরায় প্রতিদিনের এ রকম ভ্রমণে বিচিত্র অনেক চরিত্রেরও সাক্ষাৎ মেলে। এটাও কোনো অবস্থাতেই একেবারে কম পাওনা নয়। জাপানের এমনই এক অদ্ভুত চরিত্র হচ্ছে রেলপাগলা।
রেলপাগলাদের আসলেই ‘পাগল’ আখ্যায়িত করা চলে কি না, সেই প্রশ্নে আমি অবশ্য মোটেই সন্দেহমুক্ত নই। রেলগাড়ির কামরায় চোখে পড়ার মতো ব্যতিক্রমী কিছু আচার-আচরণের মধ্যেই তাঁদের যাবতীয় পাগলামি সীমাবদ্ধ। ট্রেন থেকে নেমে পড়ার পর তাঁরা হয়ে যান অন্যদের মতোই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষজন। সবচেয়ে বড় কথা, পাগলামিসদৃশ মনে হতে পারে সে রকম কিছু আচার-আচরণ রেলের কামরার ভেতরে দেখিয়ে গেলেও গন্তব্য চলে এলে জায়গামতো নেমে পড়তে তাঁদের প্রায় কখনই ভুল হয় না। ছুটির দিনগুলোতে রাতের ট্রেনের মাতাল যাত্রীদের থেকে বিশেষ এই ক্ষেত্রে তাঁদের বড় রকমের এই পার্থক্য আসলেই চোখে পড়ার মতো। এ ছাড়া ট্রেন থেকে নেমে তাঁরা যখন স্টেশনের বাইরে চলে আসেন, সেখানে ভালোভাবে খেয়াল করলেও পাগলামির কোনো ছাপ তাঁদের চালচলনে কোথাও আর খুঁজে পাওয়ার উপায় থাকে না। আর তাই রেলপাগলাদের আমাদের আশপাশে চোখে পড়া পাগলদের সঙ্গে গুলিয়ে ফেলা আসলেই উচিত হবে না।
এই আলোচনার প্রসঙ্গে এখানে অবশ্য আরেকটি কথাও বলে নিতে হয়। বিজ্ঞজনদের অনেকেই কিন্তু আমরা যারা তথাকথিত সুস্থ মস্তিষ্কের দাবিদার, তাদের নির্ধারণ করে দেওয়া পাগলের সংজ্ঞা মেনে নিতে রাজি নন। চেক প্রজাতন্ত্রের সদ্য প্রয়াত খ্যাতিমান কবি মিরোস্লাভ হোলুব তাঁর এক কবিতায় যেমন উল্লেখ করেছেন, কবিকে রপ্ত করে নিতে হয় রজ্জুপথে চলার কৌশল। আর তা নিশ্চিত করতেই যেন ক্ষমতার অনুসারী কবিরা প্রচার করতে শুরু করেন কীভাবে সুস্থ থাকতে হয় তাঁর নির্দেশাবলি।
এই আলোচনার প্রসঙ্গে এখানে অবশ্য আরেকটি কথাও বলে নিতে হয়। বিজ্ঞজনদের অনেকেই কিন্তু আমরা যারা তথাকথিত সুস্থ মস্তিষ্কের দাবিদার, তাদের নির্ধারণ করে দেওয়া পাগলের সংজ্ঞা মেনে নিতে রাজি নন। চেক প্রজাতন্ত্রের সদ্য প্রয়াত খ্যাতিমান কবি মিরোস্লাভ হোলুব তাঁর এক কবিতায় যেমন উল্লেখ করেছেন, কবিকে রপ্ত করে নিতে হয় রজ্জুপথে চলার কৌশল। আর তা নিশ্চিত করতেই যেন ক্ষমতার অনুসারী কবিরা প্রচার করতে শুরু করেন কীভাবে সুস্থ থাকতে হয় তার নির্দেশাবলি।
ফরাসি পণ্ডিত মিশের ফুকো তো পাগলের সংজ্ঞা নির্ধারণের প্রচলিত ধারণা সরাসরি নাকচ করে দিয়েছেন। কে পাগল আর কে সুস্থ, তা বিচার-বিবেচনার দায়িত্ব পালনের অধিকার আমাদের আদৌ রয়েছে কি না, সেই প্রশ্নে যথেষ্ট সন্দেহের অবকাশ হয়ে গেছে বলে আমি নিজেও মনে করি। বিংশ শতাব্দীর এই ক্রান্তিলগ্নে (১৯৯৮) এসে তালিবানি মন-মানসিকতার অধিকারী বঙ্গসন্তানদের আমরা পাগল আখ্যায়িত করতে পারি কি না, সেই প্রশ্নেও মনে হয় সঠিক উত্তর খুঁজে পাওয়ার আগে আরও গভীর আলোচনার সূত্রপাতের প্রয়োজন রয়েছে। আমার বর্ণনার রেলপাগলাদের কিন্তু কোনো অবস্থাতেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিত্ব আখ্যায়িত করার উপায় নেই। তাঁদের চালচলনে ভারসাম্যহীনতার অতি সূক্ষ্ম কোনো সুতার উপস্থিতি শুধু এখানেই লক্ষ করা যায়, রেলের কামরায় প্রবেশ করার পর এ রকম লোকজন অদ্ভুত এক মোহ অনুভব করতে শুরু করেন, আর সে রকম মোহের বশবর্তী হয়েই আর দশজন যাত্রীর চেয়ে তাঁদের আচরণে ফুটে ওঠে বেশ কিছু ব্যতিক্রমধর্মী প্রবণতা। এর বাইরে তাঁরা সবাই হচ্ছেন অতি নিরীহ সজ্জন ব্যক্তি।
জাপানের এই রেলপাগলাদের প্রধান আকর্ষণ হচ্ছে রেলের প্রথম ওয়াগন। ওই কামরায় একেবারে সামনে দাঁড়ালে ট্রেনের চলার পথ পরিষ্কারভাবে চোখের সামনে ফুটে ওঠে। বলা বাহুল্য, অফ পিক আওয়ারের ট্রেনে সে রকম জুতসই কোনো অবস্থানে জায়গা পাওয়ার আরেক দাবিদার হচ্ছে শিশুরা। তবে তাই বলে কোনো রেলপাগলাকে আমি কখনো দেখিনি জায়গা দখলের লড়াইয়ে কোনো শিশুর সঙ্গে প্রতিযোগিতার অবতীর্ণ হতে। বরং শিশুদের সঙ্গে রেলপাগলাদের শান্তিপূর্ণ সহাবস্থান এ রকম ইঙ্গিতই দিয়ে থাকে যে রেলপাগলারা মোটেই ক্ষতিকর কোনো চরিত্র নন।
রেলগাড়ির কামরায় কখনো তাঁদের দেখা যায় রেলের কন্ডাক্টরের মতো টিকিট বিক্রির আওয়াজ দিয়ে যেতে, কখনো আবার চিত্কার করে তাঁরা অন্য যাত্রীদের স্টেশনের নাম মনে করিয়ে দেন। শুধু তা–ই নয়, উঁচু গলায় গড়গড়িয়ে বলে চলেন কোথায় বিশেষ সেই ট্রেনের গন্তব্য, কোন স্টেশনে এক্সপ্রেস ট্রেনের জন্য গাড়ি বদল করতে হবে, কোথায় নামলে পাওয়া যাবে দূরের যাত্রাপথের গাড়ি। নতুন কোনো যাত্রী তাঁদের সহসা রেল কোম্পানির কর্মচারী বলেও ভুল করে থাকতে পারেন।
জাপানের প্রায় সব কটি রেলপথেই অল্পবিস্তর এ রকম রেলপাগলাদের দেখা মেলে। আর রেলপথ জাপানি জীবনধারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হওয়ায় দেশজুড়ে রেলপাগলাদের সংখ্যা যে একেবারে কম নয়, তা–ও সহজেই বোঝা যায়। এ দেশের রেলজীবনের এক নিয়মিত অঙ্গই বলা যায় এ রকম অদ্ভুত চরিত্রের মানুষদের। আপাতদৃষ্টিতে সুস্থ স্বাভাবিক মানুষ তাঁরা। তবে রেলের কামরায় পা রাখার পরই কোনো এক নিশির ডাকে হয়ে ওঠেন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্ব।
জাপানের প্রায় সব কটি রেলপথেই অল্পবিস্তর এ রকম রেলপাগলাদের দেখা মেলে। আর রেলপথ জাপানি জীবনধারার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হওয়ায় দেশজুড়ে রেলপাগলাদের সংখ্যা যে একেবারে কম নয়, তা–ও সহজেই বোঝা যায়। এ দেশের রেলজীবনের এক নিয়মিত অঙ্গই বলা যায় এ রকম অদ্ভুত চরিত্রের মানুষদের। আপাতদৃষ্টিতে সুস্থ স্বাভাবিক মানুষ তাঁরা, তবে রেলের কামরায় পা রাখার পরই কোনো এক নিশির ডাকে হয়ে ওঠেন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্ব।
বলা হয়ে থাকে, দেশজুড়ে সাপের মতো বিস্তৃত অসংখ্য সব রেলপথ জাপানি জীবনধারাকে সচল রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে জাপানের বড় শহরগুলোর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত বিভিন্ন কমিউটার রেলপথের অস্তিত্ব বাদ দিয়ে এই দেশের ছবি কল্পনা করা আসলেই কিন্তু সম্ভব নয়। রেলপথ শুধু জনগণের জন্য পরিবহনব্যবস্থাকেই সহজ করে তোলেনি, সেই সঙ্গে দেশের অর্থনীতির জন্যও রেখে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে রেল যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ জাপানে হচ্ছে নিয়মিতভাবে চোখে পড়া ঘটনা। অথচ এই দেশে রেলপথের প্রচলন কিন্তু আমাদের ভারতবর্ষে রেলের আবির্ভাবের অনেক পরে। বাংলাদেশে রেলের প্রয়োজনীয়তাকে আমরা ভুলতে শুরু করলেও রেলপথ যে হচ্ছে পরিবেশের প্রতি অনেক বেশি যত্নশীল এক যোগাযোগমাধ্যম, অগ্রসর দেশগুলো কিন্তু সে রকম চিন্তাভাবনা থেকেই রেলের গুরুত্ব নতুনভাবে এখন অনুধাবন করতে শুরু করেছে। ফলে রেল যোগাযোগকে কেন্দ্র করে নতুন যেসব বৈপ্লবিক পরিবর্তন বিভিন্ন দেশে কার্যকর হতে শুরু করেছে, সেই মূলধারা থেকে ক্রমশ পিছিয়ে পড়ে আমরা যেন হারিয়ে যেতে শুরু করেছি অনিশ্চিত কোনো এক ভবিষ্যতের গোলকধাঁধায়। ফলে রেল ভ্রমণ কিংবা রেলগাড়ি—কোনোটাই এখন আর কোনো রকম উত্তেজনা আমাদের মনে জাগিয়ে তোলে না। এ রকম অপরিণামদর্শী ধ্যানধারণার অবশ্যম্ভাবী প্রাপ্তি হিসেবেই আমাদের পুরো অঞ্চলের একসময়ের সচল রেলপথ এখন যেন হয়ে দাঁড়িয়েছে অতীতের কঙ্কালবিশেষ।
যে রেলপাগলাদের প্রসঙ্গ ধরে এই আলোচনার সূত্রপাত, তাঁরাও কিন্তু রেলের সঙ্গেই পরোপুরিভাবে সংযুক্ত কিছু চরিত্র। হতে পারে কোনো এক স্বপ্নের টানে রেলের চলার গতি তাঁদের মনে অস্থির এক আবেগ জাগিয়ে তোলে। আর সে রকম আবেগের বশবর্তী হয়ে ভুলে যান তাঁরা আশপাশের জগতের। তাঁদের পৃথিবীও যেন কেন্দ্রীভূত হয়ে পড়ে রেলের ক্ষুদ্র গণ্ডি আর তার চলার গতির মধ্যে। ফলে জগৎসংসারের সবকিছুকেই রেলের পরিমাপের ভেতরে ফেলে নিয়ে শুরু হয় তাঁদের কিছুটা খামখেয়ালি আচরণ।
জাপানের রেলপথগুলোতে অবশ্য এ রকম রেলপাগলা ছাড়াও রেলের নিশির ডাক অনুভব করে যাওয়া আরেক শ্রেণির লোকের সাক্ষাৎ মাঝেমধ্যেই মেলে, নিজের জীবন রেলের চাকায় পিষ্ট করে দিতে কোনোরকম দ্বিধা যাঁরা করেন না। এই দেশে প্রতিবছর আত্মহত্যাকারীদের সংখ্যা কিন্তু একেবারে কম কোনো কিছু নয়। আর এই আত্মহননকারীদের মধ্যে বেশ বড় সংখ্যার লোকজনই কোনো এক রহস্যময় কারণে রেলের নিশির ডাক অনুভব করে ঝাঁপিয়ে পড়েন চলমান কোনো ট্রেনের সামনে। রেলপাগলাদের সাময়িক পাগলামির কারণ সম্পর্কে আঁচ করতে পারা গেলেও নিজের প্রাণ নির্দ্বিধায় রেলের চাকার নিচে বিসর্জন দিয়ে যাওয়া বড় মাপের এ রকম পাগলদের আচার-আচরণ বুঝে ওঠা আসলেই মুশকিল।
টোকিও, ১ অক্টোবর ১৯৯৮