অরুণদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণ বসু (১০ নভেম্বর ১৯৫৩—৭ অক্টোবর ২০২১)
প্রতিকৃতি: মাসুক হেলাল

সম্প্রতি মারা গেছেন প্রথমা প্রকাশনের সমন্বয়কারী অরুণ বসু

অরুণদা ফোন করে বললেন, ‘আপনি ফোন করে খোঁজ নিয়েছেন বলে আপনাকে ফোন করে জানাচ্ছি। আমার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। ডেঙ্গু আর জন্ডিস আছে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছি। ভালো আছি।’

আমি বললাম, ‘কোনো হেল্প লাগলে জানাবেন।’

এই পর্যন্ত কথা! প্রথমবার অসুস্থতা েথকে সুস্থ হয়ে অরুণদা হাসপাতাল ছাড়লেন। কাজপাগল মানুষ। প্রথমা প্রকাশনের কত বইয়ের পাণ্ডুলিপি সংশোধনের কাজ বাকি। তিনি ছুটে এলেন অফিসে।

আমি তখন কানাডা আর আমেরিকা সফর করছি। সে সময় অরুণদা নাকি আমাদের সহকর্মী এ কে এম জাকারিয়াকে বলেছিলেন, ‘শরীরটা তেমন ভালো না। যদি দরকার হয়, আবার চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। আনিস থাকলে ভালো হতো। ও বলেছিল, “কিছু লাগলে জানাবেন”।’

শুনে জাকারিয়া বলেছিল, ‘দাদা, চিকিৎসার জন্য কিছু লাগলে আমাকে জানাবেন।’

এরপর তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোহরাওয়ার্দী হাসপাতালেই। আমি কিছুই জানি না। জানি যে তিনি সুস্থ হয়ে অফিস করছেন।

হঠাৎই খবর, অরুণদা মারা গেছেন। এ কী কথা! তিন দিন আগেও শুনেছি, তিনি মতি ভাইয়ের বাসায় তাঁর সামনে বসে আছেন।

এখন ঢাকায় ফিরেছি। অরুণদার ডেস্ক তো আমি যে ফ্লোরে বসি, সেখানেই। ফাঁকা।

জাকারিয়া খুব ভালো কফি বানায়। তাকে বলি, ‘শুধু নিজের জন্য বানিও না, দুই কাপ বানাও।’ জাকারিয়া বানাত তিন কাপ। একটা নিজের জন্য, একটা আমার জন্য, একটা অরুণদার জন্য।

এখন জাকারিয়া আমাকে বলে, ‘আমার কফি খেয়ে কিন্তু অরুণদা মারা গেছেন। এরপর কিন্তু আপনার পালা!’

অরুণদা আমার বই রক্তে আঁকা ভোর প্রকাশ করে দিয়েছেন এই সেপ্টেম্বরে। যখন বইটা বেরোয়, তিনি তখন হাসপাতালে।

আমি লিখছি। ৫০ হাজার শব্দ লিখলে হয়, ৬০ হাজার শব্দ লিখলে বেশ মোটা বই হয়, আমার বইয়ের শব্দসংখ্যা ১ লাখ ছাড়াল, ১ লাখ ৫০ হাজার অতিক্রম করল। আমি অরুণদাকে ই-মেইল করে রাখি। ভয়ে ভয়ে থাকি, এত মোটা বই কি প্রথমা বের করবে? এত মোটা বই কি পাঠকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে! লেখা শেষ হলে, ভয়ে ভয়েই অরুণদাকে বলি, ‘দাদা, এত মোটা বই এডিট করতে কাকে দেবেন? যাঁকে দেবেন, তিনি অনেক সময় নেবেন। আপনিই পড়ে দেন।’

অরুণদাই বইটা পড়লেন। কিছু কারেকশন দিলেন। একটা গোটা চ্যাপ্টার তাঁর কথামতো ফেলে দিলাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘চরমপত্র’ পাঠ করা হচ্ছে, একটা দৃশ্য রচনা করলাম। ‘আকাশবাণী’ কলকাতার দুজন সংবাদপাঠক ও পর্যালোচকের নাম যুক্ত করলাম।

তিনি বললেন, ‘বইটা হয়েছে। এটা করতে হবে।’

আমি বললাম, ‘মতি ভাইকে বলেন কথাটা।’

অরুণদা মতি ভাইকে বললেন, ‘আনিসের বইটা ভালো হয়েছে। এটা পাবলিশ করতে হবে।’

মতি ভাই বললেন, ‘করেন।’

বইটা বের হয়ে গেলে অরুণদা বললেন, ‘আমি আপনার বইয়ের আলোচনা লিখব। বড় আলোচনা। আপনারা ছাপবেন?’

হ্যাঁ। কেন নয়?

বেশ বড় আলোচনা কিন্তু।

হ্যাঁ।

অরুণদা গত বছরও আমার বই এখানে থেমো নার আলোচনা লিখে দিয়েছিলেন। প্রথম আলো ছাপা সংস্করণেই তা বেরিয়েছিল।

আমি অন্য আলোর বিভাগীয় সম্পাদক আলতাফ শাহনেওয়াজকে বলে রাখলাম, ‘আলতাফ, অরুণদা একটা আলোচনা লিখবেন। সেটা ফেব্রুয়ারিতে অন্য আলোর প্রিন্টে দিও।’

আমি আর আলতাফ সেই আশায় আছি। অরুণদা লিখবেন, আমরা সেটা ফেব্রুয়ারিতে প্রকাশ করব।

এর মধ্যে অরুণদা হঠাৎ করে মরে বসে থাকলেন! কাজটা কি তিনি ঠিক করলেন?

অরুণদার সঙ্গে আড্ডা মানেই কত কিছু জানা, কত কিছু শেখা। পাতার পর পাতা উদ্ধৃতিযোগ্য লেখা মুখস্থ ছিল তাঁর। এসে বলতেন, ‘ রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ॥’

এটা চাণক্য শ্লোক: ১০।

‘যে উৎসবের সময়, চরম বিপদের সময়, দুর্ভিক্ষে, খাদ্যাভাবে, শত্রু পরিবেষ্টিত অবস্থায়, রাজদ্বারে, বিচারালয়ে এবং শ্মশানঘাটে সর্বদাই সহায় এবং পাশে থাকে, তাকেই কেবল বন্ধু বলে।’

কখনো হয়তো তপন রায়চৌধুরীর রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা বই থেকে মুখস্থ বলতে থাকতেন: ‘ক দেহি, মহারানি ভিক্টোরিয়া এহন কী করতে আছে?’ দ্বিতীয় জনের উত্তর, ‘হে কি আমাগো মতো? পানি নাবতেই পান্থাভাত খাইয়া কাঁথা মুড়ি দিয়া উব্বুত।’

মুখস্থ বলতে পারতেন মহাভারত থেকে, রবীন্দ্রনাথ থেকে, আরও কত কত কাব্যনাট্য থেকে, ছোটগল্প থেকে। প্রথম আলো যে ভাষা প্রতিযোগ করত, তার দায়িত্ব নিয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াতেন, তখন ছেলেদের শোনাতেন কবিতা—স্মৃতি থেকে, বই না দেখে—‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’। কিংবা,

‘অসময়ে মেহমান

ঘরে ঢুকে বসে যান

বোঝালাম ঝামেলার

যতগুলো দিক আছে,

তিনি হেসে বললেন

ঠিক আছে ঠিক আছে।’

তাঁর কাছেই জানতে পারতাম শঙ্খ ঘোষের শারীরিক অবস্থা। কবি ভালো আছেন, কিংবা নেই। শঙ্খ ঘোষের সঙ্গে তাঁর ছিল পারিবারিক যোগাযোগ। শঙ্খ ঘোষের জামাতার সঙ্গে ফোনে কথা বলে আমাদের জানাতেন, কবি এখন একেবারেই কথা বলতে পারছেন না। দেবেশ রায়ের সঙ্গেও তাঁর ছিল বন্ধুত্ব। এই রকম পর্যায়েই চলতেন। স্থপতি নাহাস খলিল বা কবি শামসুর রাহমান, ওয়াহিদুল হক কিংবা বিপ্লব বালা—আবৃত্তির মানুষেরা, কবিতার মানুষেরা, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ছায়ানট, কণ্ঠশীলন—এই ঘরানায় ছিল তাঁর নিত্য ওঠাবসা।

প্রথমায় তিনি কতগুলো কঠিন সম্পাদনার দায়িত্ব পালন করেন। যেমন: মাসরুর আরেফিনের বই আগস্ট আবছায়া অরুণদা সম্পাদনা করেছিলেন। সরাফ আহমেদের বই ১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন সম্পাদনা করেছেন। গত এক বছরে প্রথমা থেকে যাঁদের বই বেরিয়েছে, তাঁরা সবাই অরুণদাকে স্মরণ করছেন, বলছেন, কী যত্ন নিয়েই না অরুণদা বই সম্পাদনার কাজটা করতেন!

আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। সংসারের দিকে দেখতেন না। একমাত্র পুত্র মেঘমল্লার বসু সুন্দর কিছু লিখলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করতেন। কিন্তু সংসারটা গুছিয়ে চালাতে হয়, সামলে রাখতে হয়, এই বিদ্যা তাঁর জানা ছিল না। ফলে বৌদির জন্য তিনি কিছু রেখে গেছেন, আমার মনে হয় না। যদি রাখেন, তাহলে হয়তো ঋণ রেখে যেতে পারেন।

কিন্তু আমাদের তিনি ঋণী করে রেখে গেছেন। আমরা তাঁর সাহচর্যে আলো পেয়েছি, আনন্দ পেয়েছি। তিনি অক্ষতিকর মানুষ ছিলেন, মানুষের উপকার করতেন, মানুষের ভালো চাইতেন, কারও ক্ষতি চাইতেন না।

বাংলাদেশ, বাঙালি জাতীয়তা, সাম্প্রদায়িকতা, হিন্দু-মুসলিম সম্পর্ক—নানান বিষয়ে তাঁর সঙ্গে আমার মতের মিল হতো। কোনো কোনো বিষয়ে হতোও না। কিন্তু তিনি মন খুলে মনের কথা বলতেন, আমিও বলতাম। তাঁর খুবই প্রিয় একটা প্রসঙ্গ ছিল একাত্তর। মুক্তিযুদ্ধের সময় তাঁকে বন্দী করা হয়েছিল, থানায় এবং কারাগারে ছিলেন, মুক্তিও পেয়েছিলেন। সেই গল্প বলতে তিনি খুবই পছন্দ করতেন।

আমেরিকা থেকে ফিরে এসে প্রথম আলো অফিসের লিফটের সামনে দেখি, অরুণদার ছবি। তাকিয়ে থাকলাম মুখটার দিকে। মনে হচ্ছে জীবন্ত।

এখনো মনে হয়, অরুণদা মারা যাননি। তিনি এখনই আসবেন, বলবেন, ‘শোনেন, কলকাতা থেকে শঙ্খদার জামাতা ফোন করেছিল, বলল...’