১৫ আগস্ট শ্রদ্ধাঞ্জলি
একাত্তরে বঙ্গবন্ধু বন্দী থাকাকালে সাহিত্যিক মনোজ বসুর লেখা ‘মুজিবের কথা’
বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম চীনে গিয়েছিলেন ১৯৫২ সালের অক্টোবর মাসে। ভারতীয় প্রতিনিধি হয়ে কথাসাহিত্যিক মনোজ বসুও গিয়েছিলেন ওই সম্মেলনে। এই ঘটনার অনেক পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে অন্তরীণ, সেই সময়, ১৯৭১ সালের ১৫ আগস্টে, মনোজ বসু আনন্দবাজার পত্রিকায় এই লেখা লিখেছিলেন ভারতের স্বাধীনতা দিবসে। জাতির পিতার প্রয়াণবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হলো দুর্লভ সেই লেখা। সঙ্গে থাকল শান্তি সম্মেলন ও মনোজ বসুকে নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা।
অক্টোবর ১৯৫২—আজ থেকে ১৯ বছর আগে। পিকিংয়ের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে ৩৭টা দেশের প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা এসে গেছেন। ভারত থেকে ৫৩ জন, অধমও তার মধ্যে। পাকিস্তানের উভয় খণ্ড থেকে মোট ৩০। সম্মেলনের বুলেটিনে এক যুবকের নাম-পরিচয় পাচ্ছি: মুজিবুর রহমান (এই লেখায় মনোজ বসু শেখ মুজিবুর রহমানকে ‘মুজিবর রহমান’ বা ‘মুজিবর’ লিখেছেন। এখানে প্রকাশের সময় বঙ্গবন্ধুর নামটি শুদ্ধভাবে লেখা হলো।)—রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের প্রাদেশিক জেনারেল সেক্রেটারি। বয়সে তরুণ হলেও মুজিবুরের বড় খাতির পাকিস্তান দলের মধ্যে, সবাই সব ব্যাপারে তাঁর কথা শুনতে চান।
পিকিং (বর্তমানে বেইজিং) হোটেলে আমার পাশের ঘরে তাঁরা আছেন। ভারি মজা। কনফারেন্সের সময়টুকু হিন্দুস্তানি-পাকিস্তানি হয়ে আলাদা আলাদা ব্লকে বাস। হল থেকে বেরিয়ে এসেই গলাগলি। পাকিস্তানিদের একদিন দাওয়াত দিলাম আমরা ভারতীয়রা—আগে তাঁরা খাইয়েছিলেন, তারই শোধ দিচ্ছি। বিরাট ব্যাঙ্কুয়েট হলে ভোজের আসর—ভারতীয়দের তরফে আমার ওপর বলবার ভার পড়েছে। ১৬ বছর আগে (জ্যৈষ্ঠ ১২১৩) ছাপা চীন দেখে এলাম (চীন ভ্রমণের ওপর লেখা মনোজ বসুর বই) থেকে যৎসামান্য তুলে দিচ্ছি:
‘গলা খাঁকারি দিয়ে উঠে দাঁড়িয়েছি আসরের মাঝখানে। চতুর্দিকে একনজর তাকিয়ে নিই। আজকে ছাড়ব একখানা বঙ্গ ভাষায়। সুবোধ বন্দ্যোপাধ্যায় (পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী, এসইউসি পার্টির কর্ণধার) সেই যে বলেছিলেন, দেখা যাক কেমনতরো দাঁড়ায় এই ঘরোয়া সম্মেলন। সামনেই তরুণ বন্ধু মুজিবুর রহমান—আওয়ামী লীগের সেক্রেটারি। জেল খেটে এসেছেন ভাষা আন্দোলনে, বাংলা চাই—বলতে বলতে গুলির মুখে যারা প্রাণ দিয়েছিল, তাদেরই সহযাত্রী। আর রয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান (কিছুদিন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন), দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তফাজ্জল হোসেন (তেজস্বী সাংবাদিক, মানিক মিয়া নামে প্রসিদ্ধ, পাকিস্তানের মিলিটারি সরকারের হাতে অনেক নির্যাতন ভোগ করেছেন, মৃত্যু হয়েছে কিছুকাল আগে), যুগের দাবীর সম্পাদক খোন্দকার ইলিয়াস (এখন আত্মগোপন করে আছেন)—বাংলা ভাষার দাবি এঁদের সকলের কণ্ঠে। বাঁ দিকে দেখতে পাচ্ছি ইউসুফ হাসানকে—আলিগড়ের এমএ, উর্দুভাষী হয়েও বাংলা ভাষার প্রবল সমর্থক। এই বিদেশে বাংলায় বসবার এর চেয়ে ভালো জায়গা আর কোথায়?
‘গোড়ায় একটুখানি ভূমিকা করে নিই ইংরেজিতে। মশাইরা অবধান করুন। আমি ভারতীয় বটে, কিন্তু জন্মস্থান পূর্ব পাকিস্তানে। আজকে আমার নিজ ভাষা বাংলায় কিছু বলব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাষা। নিখিল পাকিস্তানের বড় হিস্যাদার যে পূর্ব বাংলা, তারও ভাষা এই।
‘খুব হাততালি পশ্চিম পাকিস্তান থেকে যাঁরা এসেছেন, উৎসাহ তাঁদেরই উত্তাল। মিয়া ইফতিখারউদ্দিন (পশ্চিম পাকিস্তানের প্রগতিশীল নেতা) হইহই করে উঠলেন উল্লাসে...।
‘সেই রাতে খাওয়াদাওয়ার পর মুজিবুর রহমান এসেছেন আমার ঘরে। এমনি চলত আমাদের—কোনো দিন আমি যেতাম ওদের আস্তানায়, কোনো দিন বা আসতেন ওঁদের কেউ কেউ। খাস বাংলায় অনেক রাত্রি অবধি গল্পগুজব চলত। বক্তৃতার আসরের ওই হাততালির কথা উঠল। কি গো ভায়া, পশ্চিম পাকিস্তানিদের খুব তো নিন্দেমন্দ করেন বাংলা ভাষায় শত্রু বলে। অমন সংবর্ধনা কী জন্যে হলো তবে?
‘মুজিবুর বললেন, ভাষা আন্দোলনের পর থেকে ওরা আমাদের ভয় করে। গুতোয় পড়ে বাংলা ভাষার এত খাতির।
‘আবার বললেন, যে কটি এসেছে—এরা লোক ভালো, আমাদের মনের দরদ বোঝে। এদের দেখে সকলের আন্দাজ নেবেন না।
‘দেশে থাকতে শুনে গিয়েছিলাম দুই বাংলার মধ্যে যাতায়াতের পাসপোর্ট হচ্ছে। একদিন সেই কথা উঠল। মুজিবুর বললেন, কেন বলুন দিকি?
‘আমার বিদ্যাবুদ্ধিমতো জবাব দিই। ভাষা আন্দোলনের পর কর্তারা বোধ হয় সন্দেহ করছেন, পশ্চিম বাংলা থেকে অবাঞ্ছিত মানুষ গিয়ে উসকানি দেয়। সেই সব মানুষ আটকানোর মতলব।
‘হলো না। মুজিবুর রহমান বলতে লাগলেন, এ হচ্ছে—পূর্ব বাংলার যতগুলো হিন্দু আছে তাদের তাড়াবার ফিকির। পাসপোর্ট চালু হবার মুখে আবার একদফা পালানোর হিড়িক পড়ে যাবে, দেখতে পাবেন।
‘অবাক হয়ে গেছি। মুজিবুর জোর দিয়ে বলতে লাগলেন। হ্যাঁ, তাই। হিন্দুরা চলে গেলে পূর্ব বাংলার আমরা গুনতিতে কম হয়ে যাব পশ্চিম পাকিস্তান থেকে। তখন আর এন্তেজারি ঘটবে না, ও-তরফ থেকে যা বলবে জো হুকুম বলে মেনে নিতে হবে।
‘উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, ভিটেমাটি ছেড়ে যাঁরা চলে গেছেন, আমি পশ্চিম বাংলায় গিয়ে হাতে-পায়ে ধরব তাঁদের। নিজের দেশভুঁই কি জন্যে ছাড়তে যাবেন? আর এই শুনে রাখুন—হাঙ্গামা যতই হোক, হিন্দু-মুসলমান দাঙ্গা পূর্ব বাংলায় কোনো দিন আর হবে না।’ (চীন দেখে এলাম—প. ১৯৫-১৯৬)
১১ অক্টোবরের রাতের অধিবেশনে মুজিবের বক্তৃতা। আমার ওই রাতে পিকিং থেকে প্রকাশিত সুমুদ্রিত গ্রন্থে কনফারেন্সের যাবতীয় বক্তৃতা সংক্ষেপে ছাপা হয়ে আছে। এতকাল পর আজ আবার মুজিবের বক্তৃতা পড়ছি। মাও সে তুংয়ের নতুন চীন এশিয়ার শান্তি প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছে, এমনি কথা দিয়ে আরম্ভ। এশীয় জাতিপুঞ্জের মধ্যে মহাচীন প্রধান স্থান নিতে যাচ্ছে, এদের বিস্ময়কর দ্রুত উন্নতি আকাশদীপের মতন আলো দেখাচ্ছে পদানত জাতিদের সামনে। চীনের মুক্তি আন্দোলনের সাফল্য জন-আন্দোলনে সর্বত্র বিপুল শক্তি সঞ্চার করছে। এশীয় সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যের অভাব। তারা নিজেরা বাঁচতে চায়—কারও ওপর ঈর্ষা-ঘৃণা নেই, সবাই বাঁচুক—এই তাদের কামনা।
বিপুল অনুপ্রেরণা এখান থেকে নিয়ে যাচ্ছি, বললেন মুজিব বক্তৃতার উপসংহারে। এই অনুপ্রেরণা আমাদের ছাত্রছাত্রী মক্তবে সর্বশ্রেণির ও সব মতের মানুষের মনে অদম্য সাহস ও সংকল্পদৃঢ়তা এনে দেবে।
আমাদের দুজনের বক্তৃতা নিয়ে বেশ একটু মজা হয়েছিল, চীন দেখে এলাম থেকে তুলে দিচ্ছি:
বক্তৃতা শেষ করে নিজের সিটে যাচ্ছি—
‘গভীর প্রীতিতে সেকহ্যান্ড করলেন পাকিস্তানের মুজিবুর রহমান। মুজিবুর বললেন, বড় ভালো বলেছেন দাদা—
‘মুজিবুর রহমানের বক্তৃতা হলো মাঝে আরও কতকগুলো হয়ে যাবার পর। ইনিও বললেন বাংলায়। ছিয়াশিজন বক্তার মধ্যে বাংলার মোট দুজন—পাকিস্তানের মুজিবুর রহমান আর ভারতের এই অধম। ভারি এক মজা হলো এই নিয়ে। গল্পটা বলি। এক ভদ্রলোক গুটি গুটি এসে বসলেন আমার পাশের খালি চেয়ারে। মার্কিন মুলুকের মানুষ বলে আন্দাজ হলো। চুপি চুপি বললেন, মশায়, আপনি বলেছেন—আর ওই যে উনি বলছেন, দুজনের একই ভাষা নাকি?
‘আজ্ঞে হ্যাঁ। বাংলা।
‘এই রকম অক্ষর?
‘এক ভাষা তা দুই অক্ষর হবে কী করে?
‘বুক চিতিয়ে দেমাক করি, বাংলার নাম জানো না—কে এই হে তুমি?—টেগোর যে ভাষায় লিখতেন।
‘কদ্দুর কী বুঝল, মা সরস্বতী জানেন। আমতা-আমতা করে বললেন, সে তো বটেই। কিন্তু উনি এক দেশের মানুষ, আপনি অন্য দেশের, অথচ দুটো দেশের ভাষা এক রকম—
‘বুঝতে পারলে না, বাংলা আন্তর্জাতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে। এ দেশ-সে দেশের মানুষ ওই এক ভাষায় কথা বলে, এক রকম অক্ষর তাদের, মা বলে ভাবে ওই ভাষাকে, তার জন্য জান কবুল করে। তোমাদের ইংরেজির মতন আরকি।
‘খুব হাসতে লাগলাম। হাসতে হাসতে স্তব্ধ হয়ে যাই। বাংলাদেশ দু-টুকরা হয়ে গেছে আজকে। তবু একই ভাষা। বাংলা ভাষা বেঁধে রেখেছে আমাদের।
বিপুল অনুপ্রেরণা এখান থেকে নিয়ে যাচ্ছি, বললেন মুজিব বক্তৃতার ভাষায়। বাংলা ভাষা বেঁধে রেখেছে আমাদের। র্যাডক্লিফের খড়্গ মাটি কেটে ভাগ করে দিয়েছে, ভাষার ওপরে তার কোপ পড়েনি। সাত সমুদ্র পারের বিদেশি চোখেও এই ঐক্য ধরা পড়ে গেছে। (চীন দেখে এলাম, পৃ. ২২৪-২২৫)
মুজিবুরের সঙ্গে আর একবার মাত্র দেখা—ঢাকায়। ইলেকশনে মুসলিম লীগ গো-হারা হেরেছে, ভাষাসংগ্রামীদের জয়জয়কার—ফজলুল হক প্রধানমন্ত্রী। সেই সময় সাংস্কৃতিক উৎসবে দাওয়াত খেয়ে পরমানন্দে কয়েকটা দিন কাটিয়ে এলাম। আওয়ামী লীগের কর্তারা একদিন আমাদের ডাকলেন। একেবারে নদীর ওপর দোতলায় হলঘর—হাসিমুখ মুজিব আমাদের বুকে জড়িয়ে ওপরে নিয়ে গেলেন। আতাউর রহমান, তোফাজ্জল হোসেন প্রমুখ পিকিংয়ের অপর বান্ধবদেরও পেলাম সেখানে। হাসি-তামাশা ফুর্তিফার্তি গল্পগাছা এবং চা-মিষ্টান্ন—গুরুতর কিছু নয়।
হালফিলের একটা-দুটো গল্প বলি। বাংলাদেশের এক বন্ধুর মুখে শুনলাম, আমারই অঞ্চলের তিনি। ইলেকশন জিতে ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হলেন, কর্মী ও ভোটাররা খুব মাতামাতি করছে। এক বুড়ি এসে শুধায়: কে জিতল বাবা? বন্ধুটির নাম বলে দিল একজন—শুনে বুড়ির হাউ হাউ করে কান্না: কী সর্বনাশ মুজিব হয়নি? আমি যে মুজিবের নৌকায় দিয়ে এলাম। সবাই বোঝাচ্ছে, যিনি হয়েছেন তিনি মুজিবের লোক। সব জায়গায় একলা মুজিব কী করে হবেন? দলের মানুষের হওয়া মানে মুজিবেরই হওয়া। কোনো সান্ত্বনা বুড়ি কানে নেয় না, কাঁদে।
আর একটা গল্প। হিন্দুদেরই এখন উৎখাত করছে, পাকিস্তানি সেনারা প্ল্যান করে নেমেছে। দেশছাড়া করছে, আর নয়তো একেবারে খতম। আসছে তারা, খবর পেয়ে এক গ্রামের হিন্দুপাড়া জনশূন্য, সবাই গেছে, একজন শুধু পালাতে পারেনি। মানুষটা খোঁড়া এবং বুদ্ধিসুদ্ধি নেই, একেবারে হাবা।
হানাদার এসে পড়ল। এসে তাদের যা কাজ—মানুষ নেই তো জিনিসপত্র যা আছে সর্বাগ্রে লুটতরাজ করল, আগুন দেবে এরপর। হাঁদা লোকটাকে পেয়ে গেল, তারপর ঘরে ঢুকে দেখল বেড়ায় টাঙানো মুজিবের ছবি। ছবির আংটায় দড়ি পরিয়ে ওরা মাদুলির মতন লোকটার গলায় ঝুলিয়ে দিল—মুজিবের ছবি ঠিক বুকের ওপরটায়। লোকটাকে বেড়ার গায়ে দাঁড় করিয়ে দিয়ে দ্রুম করে গুলি। অব্যর্থ লক্ষ্য, গুলি মুজিবের ছবি ভেদ করে লোকটার বুকে ঢুকে গেল। পড়ে গেল সে। তখন কী স্ফূর্তি সেনাদলের—‘মুজিব বধ, মুজিব বধ’ করে নাচনা শুরু করল।
এবারে তাদের দলপতি—ছবি নয়, আসল মানুষটির বধের আয়োজন করেছে। বিচার হচ্ছে বুধবার (১১ আগস্ট ১৯৭১) থেকে, ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছে। বিশ্ববিবেক কি একেবারে মরেছে? আমরা কী জঙ্গলরাজ্যে আছি?
শান্তি সম্মেলন শুরু হল। তিনশত আটাত্তর জন সদস্য সাঁইত্রিশটা দেশ থেকে যোগদান করেছে সাঁইত্রিশটা দেশের পতাকা উড়ছে। শান্তির কপোত এঁকে সমস্ত হলটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রত্যেক টেবিলে হেডফোন আছে। আমরা পাকিস্তানের প্রতিনিধিরা একপাশে বসেছি। বিভিন্ন দেশের নেতারা বক্তৃতা করতে শুরু করলেন । প্রত্যেক দেশের একজন বা দুইজন সভাপতিত্ব করতেন। বক্তৃতা চলছে। পাকিস্তানের পক্ষ থেকেও অনেকেই বক্তৃতা করলেন। পূর্ব পাকিস্তান থেকে আতাউর রহমান খান ও আমি বক্তৃতা করলাম। আমি বাংলায় বক্তৃতা করলাম। আতাউর রহমান সাহেব ইংরেজি করে দিলেন। ইংরেজি থেকে চীনা, রুশ ও স্পেনিশ ভাষায় প্রতিনিধিরা শুনবেন। কেন বাংলায় বক্তৃতা করব না? ভারত থেকে মনোজ বসু বাংলায় বক্তৃতা করেছেন। পূর্ব বাংলার ছাত্ররা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য। বাংলা পাকিস্তানের সংখ্যাগুরু লোকের ভাষা। কবিগুরু রবীন্দ্রনাথকে না জানে এমন শিক্ষিত লোক চীন কেন দুনিয়ায় অন্যান্য দেশেও আমি খুব কম দেখেছি। আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি। তবু আমার মাতৃভাষায় বলা কর্তব্য। আমার বক্তৃতার পরে মনোজ বসু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘ভাই মুজিব, আজ আমরা দুই দেশের লোক, কিন্তু আমাদের ভাষাকে ভাগ করতে কেউ পারে নাই। আর পারবেও না। তোমরা বাংলা ভাষাকে জাতীয় মর্যাদা দিতে যে ত্যাগ স্বীকার করেছ আমরা বাংলা ভাষাভাষী ভারতবর্ষের লোকেরাও তার জন্য গর্ব অনুভব করি।’ বক্তৃতার পর, খন্দকার ইলিয়াস তো আমার গলাই ছাড়ে না। যদিও আমরা পরামর্শ করেই বক্তৃতা ঠিক করেছি। ক্ষিতীশ বাবু পিরোজপুরের লোক ছিলেন, বাংলা গানে মাতিয়ে তুলেছেন । সকলকে বললেন, বাংলা ভাষাই আমাদের গর্ব।
শািন্ত সম্মেলন ও মনোজ বসু প্রসঙ্গে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে। এখানে বইটির বানানরীতি অক্ষুণ্ন রাখা হয়েছে।)