জীবনের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কঠিন সময়েও জীবন থেমে যাবে না, প্রাত্যহিক কাজের মধ্যে তাই চাপমুক্ত হতে আমরা কখনো গান শুনছি, সিনেমা দেখছি কিংবা বই। এই আগ্ৰহে থেকেই বিচরণ করছি সাহিত্যের নানা শাখায়। এখানে অন্য আলোর পাঠকের জন্য কয়েকজন প্রয়াত দিকপাল সাহিত্যিকের বাছাই কিছু সাক্ষাৎকারের অংশ তুলে দেওয়া হচ্ছে, তা আমাদের এ কঠিন সময় মোকাবেলায় সাহস যোগাবে।

আলবেয়ার খামু
আলবেয়ার খামু

আলবেয়ার কামু : জীবনের আরাধনা

আমার জন্য ব্যাপারটা ভয়ানক রকম বিস্ময়কর: দুনিয়াটা যদি একেবারে সহজ-সরল হতো, তাহলে আমাদের কাছে শিল্প বলে কিছুই আর থাকত না, তবে আমি যদি খুঁজে বের করি যে এই বিশ্বের কোনো একটি তাৎপর্যময় অর্থ আছে, তাহলে আমার পক্ষে আর কিছুই লেখা সম্ভব নয়।

প্লেগের মাধ্যমে আমি বলতে চেয়েছি সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিটাকে, আমরা সবাই যার শিকার, যেখানে আমরা সবাই শাস্তি ভোগ করছি আর এখানে বিরাজ করছে ভয় প্রদর্শন, হুমকি, গুম, হত্যা…আর এসব থেকেই তৈরি হচ্ছে চরম এক নৈরাজ্যকর পরিস্থিতি; আর আমরা যেখানে বাস করতে চাইছি, সেখানে আমাদের জন্য যেন অনিবার্য হয়ে আছে নির্বাসন। একই সঙ্গে একই সময়ে আমি আমাদের অস্তিত্বের সাধারণ ধারণাটিকে বোঝাবার জন্য ব্যাখ্যা দেবার চেষ্টা করছি।

আলজেরিয়ায় রাতের বেলা কুকুরের তীব্র ঘেউ ঘেউ ইউরোপের যেকোনো দেশের তুলনায় দশ গুণ বেশি শোনা যায়। এই ডাক আমাদের স্মৃতিকাতর করে তোলে। আমাদের আবদ্ধ, স্থবির দেশে আমরা একটি ঘরের জন্য হাহাকার করতে থাকি। আজ এই শূন্যতা আমার ভেতর ভাষার আকার নিচ্ছে। আমি যেন স্মৃতির ভেতর একা একা এই শব্দগুলোকে শুনছি।

জানালার বাইরে একটা বাগান, আমি শুধু দেয়ালগুলোকেই দেখছি; গাছের কয়েকটি ডাল যেন আলোক প্রবাহে উচ্ছল হয়ে পড়েছে; আর একটু ওপরে দেখলাম আরও কিছু ডাল নিজেদের সীমানাকে বিস্তৃত করেছে, আর তাদের মাথার অনেক ওপরে জ্বলে আছে সূর্যটা। বাতাসের বিজয়ী উল্লাস চারপাশটাকে কেমন সজীব করে তুলেছে, মনে হচ্ছে পুরো বিশ্বে যেন এই আলোক-আনন্দ ছড়িয়ে পড়ছে।

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস : হলদে গোলাপ

আপনার পাঠকেরা জানে, হলুদ আপনার প্রিয় রং। কেমন ঘনত্ব থাকে সে রঙে?

একথা আগে একবার কোথায় যেন বলেছিলাম যে সে রঙে বেলা তিনটার রোদে জ্যামাইকা থেকে ক্যারিবিয়ানের দিকে তাকিয়ে থাকলে যেমনটা দেখায়, ঠিক সে রকম! 

প্রিয় পাখি?

ক্যানারি পাখির কথা আগেও বহুবার বলেছি। আমার প্রিয় কমলা রঙের ক্যানারি পাখির ঝাঁক।

প্রিয় সুরকার?

তিনি বেলা বারটোক।

প্রিয় চিত্রকর?

গয়্যা

প্রিয় নির্মাতা?

‘দ্য ইমমর্ট্যাল স্টোরি’ চলচ্চিত্রটির জন্য অরসন ওয়েলস, আর অবশ্যই কুরোসাওয়া; তাঁর ‘রেডবিয়ার্ড’ ছবিটি এমন এক আশ্চর্য নির্মাণ, যা আমাকে বিধ্বস্ত করে দেয়!

আপনার বাড়ির আনাচকানাচ আর টবে শুধুই হলদে ফুলের গাছ; প্রতিটি ফুলদানিতেও হলদে ফুল!

এই আয়োজনটি অনর্থক নয়, নিরাপদ আর সুস্থ থাকবার জন্য আমি চাই আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলুক নারী আর অজস্র হলদে গোলাপ। চারদিকে এ রঙের ফুল থাকলেই কেবল মনে হয় যে তেমন ভয়ানক কিছু আমার ভাগ্যে লেখা নেই। অঘটন কিছুই ঘটবে না।

লেখার টেবিলেও তো মার্সেদিস প্রতিদিন একটি করে হলদে গোলাপ রেখে দেয়!

হ্যাঁ, নিয়মিতই রাখে; এমন বহুবারই হয়েছে, লিখতে বসেছি কিন্তু যা লিখতে চাইছি তা কিছুতেই লিখতে পারছি না, পৃষ্ঠার পর পৃষ্ঠা যা তা লিখে চলেছি, ঘরের মেঝে ভরে উঠছে তালগোল পাকানো কাগজের টুকরোয়, হঠাৎ চোখ পড়তেই দেখি ফুলদানিটা খালি; ভয়ে চিৎকার করে উঠলাম, সঙ্গে সঙ্গে কেউ একজন কয়েকটি ফুল সাজিয়ে দিয়ে গেল, তৎক্ষণাৎ আমার ভেতরটাও যেন অদ্ভুত মায়াবী সঙ্গীতে তরঙ্গায়িত হয়ে উঠল...কাঙ্ক্ষিত লেখাটিকে তখন লিখতে শুরু করলাম। 

লেখালেখির জন্য পছন্দের কোনো জায়গা নির্দিষ্ট করা আছে কি?

বিচ্ছিন্ন মরুভূমির মতো কোনো দ্বীপ দরকার সকালে লিখবার জন্য, আর রাতের জন্য দরকার জনবহুল কোনো নগরী। দিনের শুরুতে আমি নীরবতার আশ্চর্য সৌন্দর্য অনুভব করতে করতে লিখি, দিনের শেষ অর্থাৎ আসন্ন সন্ধ্যায় আমি চাই কোলাহল, কথাবার্তা আর প্রচুর বন্ধুবান্ধব। সব সময়ই ভিড় পছন্দ করি, প্রচুর লোকজনের সঙ্গে থাকতে চাই, যাতে দুনিয়ায় এই মুহূর্তে কী ঘটে চলেছে, তা জানতে পারা যায়, সহজে; ব্যাপারটি ফকনারের কথার মতোই কিছুটা, তিনি বলতেন, লিখবার সবচে উপযুক্ত স্থান হচ্ছে বেশ্যালয়। দিনের শুরুতে বেশ্যালয় আশ্চর্য রকমের শান্ত, রাতে সেখানে বেসামাল জীবনের হুল্লোড়।     

ইতালো কালভিনো
ইতালো কালভিনো

ইতালো কালভিনো: শব্দ ও নীরবতা 

আমাদের শতাব্দীর কবিতা থেকে আমরা যা কিছু মূল্যবান অনুভবগুলো পেয়েছি, তা হচ্ছে গভীর মনোযোগ, খুঁটিনাটির জন্য আমাদের প্রগাঢ় প্রেম, মানুষের চেয়ে একেবারে ভিন্ন কিছুর রূপকল্প, একটি বস্তু, একটি চারাগাছ এবং কোনো একটি প্রাণীর জন্য আত্মবিসর্জন; তারপর, এই সবকিছুর মধ্যে বাস্তবতার অনুভবকে চিহ্নিত করা, নৈতিকতাকে চিহ্নিত করা, আমাদের ‘আত্ম’কে, ঠিক যেমনটা উইলিয়াম কার্লোস উইলিয়ামস একটি সিক্ল্যামেন ফুলকে নিয়ে ভেবেছিলেন, মারিয়ান মুর ভেবেছিলেন একটি নটিলাসের সঙ্গে আর একটি বান মাছকে মিথে পরিণত করা নিয়ে।

এখন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, যদি বলেন আপনার সত্যিকার পৃথিবী হচ্ছে লিখিত পৃষ্ঠাগুলো, এ একমাত্র জায়গা, যেখানে আপনি আশ্রয় খুঁজে পান, তাহলে কেন আপনি এই জায়গাটি ছেড়ে যেতে চান? আর কেনই-বা সেই বিপুল জগতে প্রবেশ করতে চান, যাকে আপনি মোটেও নিয়ন্ত্রণ করতে পারবেন না? উত্তর খুব সহজ—লিখবার জন্য। কারণ, আমি একজন লেখক। চারপাশে যা কিছুকে সংঘটিত হতে দেখছি, তা দেখছি খুঁটিয়ে, পর্যবেক্ষকের চোখে; কী ঘটবে, কী ঘটতে চলেছে, সবকিছুর পেছনের গতিটাকে বুঝতে চাইছি, তা লিখছি; তারপর আমার লেখার টেবিলটিকে গুছিয়ে রাখছি, রেখে দিয়ে আমার অন্য কাজগুলো করছি। আবার যখন লেখার টেবিলে ফিরব, আমার শব্দের কারখানা চলতে শুরু করবে, অলিখিত অলক্ষ্য জগৎ তখন আমাকে আমার কারখানায় জ্বালানি সরবরাহ করবে।

এখন আসুন, পরিস্থিতির দিকে আরও গাঢ়ভাবে তাকানো যাক। যা দেখছি, তা কি সত্যই এ রকম? এই সময়ের শ্রেষ্ঠ দর্শন বলছে: না, তুমি ভুল। ভিন্ন দুটি দার্শনিক ভাবনাস্রোতে দুই বিপরীতধর্মী উপসংহার লেখকের মনের ভেতরে জটিলতার জগত যেন গড়ে তুলতে চায়, দুটির একটি তাকে বলে: জগতের অস্তিত্ব নেই, একমাত্র ভাষাই বিদ্যমান; অন্যটি বলছে: সাধারণ ভাষার কোনো মানে নেই। আক্ষরিক অর্থে জগৎ অনির্বচনীয়, ভাষাহীন। প্রথমটির জন্য বলতে হবে পূর্ণগর্ভ ভাষা যেন এক ছায়াবিশ্বকে অবলম্বন করে, আর অপরটি হচ্ছে এমন এক জগৎ, যা নীরব নিস্তব্ধ স্ফিংস, যে দাঁড়িয়ে থাকে শব্দের মরুভূমির ওপর। 

চিন্তার প্রথম স্রোতটি আজকের প্যারিস থেকেই উৎসারিত হয়েছে, আর দ্বিতীয়টি প্রবাহিত হচ্ছে ভিয়েনা থেকে পুরো এক শতাব্দী ধরে; আর এই সময়টা পার হয়েছে বেশ ভাঙচুরের মধ্য দিয়ে, পুনর্জাগরণের উদ্দীপনার ভেতর দিয়ে; আর আজ, এই সব চিন্তার স্রোত আমাদের দেশের চিন্তাজগতেও ব্যাপক বিস্তৃতি লাভ করেছে; দার্শনিক চিন্তা হিসেবে দুটিই নিজেকে সঠিক হিসেবে দাবি করছে; দুটোই লেখকদের দিকে  কয়েকটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে—প্রথমত, শুধু নিজের জন্য কার্যকর একটি ভাষার ব্যবহার; অন্যটি হচ্ছে নীরবতার কাছে পৌঁছানোর জন্য একটি ভাষার ব্যবহার।

আইজ্যাক বাশেভিস সিঙ্গার
আইজ্যাক বাশেভিস সিঙ্গার

আইজ্যাক বাশেভিস সিঙ্গার: আদি পৃথিবীর টানে

আপনার প্রায় সমস্ত লেখালেখিতে, বিশেষ করে ছোটোগল্পগুলোয় অতিপ্রাকৃত ব্যাপারস্যাপার বিশিষ্ট স্থান দখল করে আছে। অতিপ্রাকৃতের প্রতি কেন এত আকর্ষণ আপনার? আপনি কি ব্যক্তিগতভাবে অতিপ্রাকৃতে বিশ্বাসী?

হ্যাঁ, আমি প্রবলভাবে বিশ্বাসী। লেখায় কেন ঘুরেফিরে অতিপ্রাকৃত ব্যাপার চলে আসে, সে কথার উত্তরে বলতে চাই যে এই বিষয়টি সব সময়ই আমার মনের মধ্যে থেকে যায়। মন থেকে তাড়াতে পারি না। আমি আসলে জানি না যে নিজেকে আমি একজন নিগূঢ়তাবাদী বলে ভাবব কি না, তবে আমি সর্বক্ষণ এটা অনুভব করি যে বিভিন্ন রকমের অদৃশ্য শক্তি ও রহস্যময়তা আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। এই জীবনে আমরা যা কিছু করে থাকি, সবকিছুতেই অদৃশ্যের রহস্যময়তার ভূমিকা থাকে। আমি বলতে চাই টেলিপ্যাথি এবং অলোকদৃষ্টি কিংবা অন্তর্দৃষ্টি আমাদের প্রেমের গল্পগুলোতে, এমনকি আমাদের বাণিজ্যিক লেনদেনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে, মানুষ এই জীবনে যা কিছু করে বা করতে চায়, সবকিছুতেই সেই অপার রহস্যময়তার খেলাটা থাকেই। হাজার হাজার বছর আগে, সেই আদিমকাল থেকেই লোকে পশমের কাপড় পরে আসছে, রাতের ঘুমের সময় সেই কাপড় সে যখন তার শরীর থেকে খুলতে গেছে, তখনই তাতে আগুনের ফুলকি দেখতে পেয়েছে। আমি এ কথাটি ভেবে অবাক হই, হাজার বছর আগের সেই সব লোক কাপড়ে আগুনের ফুলকি দেখে ঠিক কী ভাবত! আমি নিশ্চিত যে তারা ব্যাপারটিকে এড়িয়ে যেত, বাচ্চারা হয়তো তাদের মায়ের কাছে জানতে চাইত, এসব কিসের আগুন? আর আমি নিশ্চিত যে মায়েরা তাদের বলতেন, তোমরা কল্পনা করে বের করো। লোকে অবশ্যই এ ব্যাপারে কথা বলতে চাইত না, প্রচণ্ড ভয় পেত, যাতে আগুনের ফুলকির সঙ্গে জাদুকর কিংবা ডাইনিদের সম্বন্ধ সম্পর্কে তাদের মনে অযাচিত সন্দেহের জন্ম না হয়। যেকোনোভাবে বিষয়টিকে তারা এড়িয়ে গেছে, আজ আমাদের ধারণা হয়েছে যে আগুনের সেই ফুলকিগুলো মোটেও দৃষ্টিবিভ্রম কিংবা কুহকবিভ্রম, যা-ই বলি না কেন, সে রকম কিছু ছিল না। আগুনের  ফুলকি সত্যি ছিল আর ফুলকির পেছনে যে শক্তিটি লুকিয়ে ছিল হাজার বছর আগে, সেই শক্তিই আজকের দিনে আমাদের কলকারখানাগুলোকে চালাচ্ছে। আমি বলতে চাই, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এসব ফুলকিকে জ্বলতে দেখেও এড়িয়ে গেছি বা এড়িয়ে চলেছি শুধু বিজ্ঞানের বিশেষায়িত পদ্ধতিতে তাদের প্রমাণ করতে না পারায়। আমার মনে হয়, এখানেই লেখকদের কাজের জায়গা, সেই আলোকমালার সন্ধান লেখকদের জন্য এক আনন্দময় উদ্যাপন। আমার কাছে, অলোকদৃষ্টি এবং টেলিপ্যাথি...প্রেত এবং গৃহভূত...এই সমস্ত কিছুই...

আপনার লেখা পড়ে একবার মনে হয়েছিল যে আপনি মানুষের জ্ঞান এমনকি প্রজ্ঞাকেও সন্দেহের চোখে দেখেন!  

হ্যাঁ, একদিক থেকে কথাটি সত্য। ইদিশ সাহিত্যধারা গড়ে উঠেছিল আলোকায়নের আইডিয়া থেকে; ‘আলোকায়ন’ ব্যাপারটি জীবনের কত গভীর পর্যন্ত যেতে পারবে, সেটা কোনো ব্যাপার নয়, আসলে এভাবেও কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। সমাজতন্ত্র কিংবা অন্য কোনো মতবাদ মানুষকে ক্লেদাক্ত জীবন থেকে মুক্ত করবে, আর ‘নতুন মানব’ তৈরি করবে, সে রকম বিশ্বাসও আমার নেই। লেখকদের সঙ্গে এ নিয়ে অনেক তর্ক হয়েছে। যখন তরুণ ছিলাম, যখন লিখতে শুরু করেছিলাম, সে সময়ে লোকের এই ধারণা ছিল যে একদিন উৎপাদনের উপকরণের মালিকানা সরকারের কাছে চলে যাবে আর ‘নতুন মানব’ তার সুফল ভোগ করবে। হা হা হা, আমি যথেষ্ট চালাক কিংবা চরম নির্বোধ আর এমন এক সন্দেহপ্রবণ লোক, যার মনে হয়েছিল, এসব বাজে কথা। রেলপথ কিংবা কলকারখানাগুলোর মালিকানা কার হাতে, সেটা তো কোনো সমস্যাই নয়, মানুষ আগে যা ছিল, সব সময় সে রকমই থাকবে।

আজকের দিনে এমন বিশেষ কিছু আছে কি, যার দ্বারা মানবতা সংরক্ষিত হবে?

এখন এমন কিছুই আর নেই, যা আমাদের বাঁচাবে। আমরা ব্যাপক উৎকর্ষ সাধন করেছি, কিন্তু আমাদের যাতনা বাড়ছে, দুঃখবোধ বাড়ছে, কিন্তু এই পরিস্থিতি অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিদিনই আমরা আরও নতুন নতুন যন্ত্রণা ও বেদনার জন্ম দিয়ে চলেছি। যে আইডিয়াটিতে বলা হয়ে থাকে যে মানুষকে রক্ষা করা যাবে, তা একটি ধর্মীয় আইডিয়া, এমনকি আধ্যাত্মিক নেতারাও এই দুনিয়ায় মানুষকে রক্ষা করা যাবে, এমন কিছু সম্পর্কে আর বলতে সাহস করবেন না, কোনো পরামর্শ দেবেন না। তাঁরা বলতে চাইবেন, অন্য কোনো জগতে আমাদের আত্মারা রক্ষিত হবে, যদি আমরা এখানে উত্তম জীবনাচরণ করে থাকি, তাহলে একটা আশা থাকে যে আত্মাদের ঠাঁই হবে স্বর্গে। দেখুন, দুনিয়ায় স্বর্গ সৃষ্টির আইডিয়াটি কিন্তু ইহুদি আইডিয়া নয়, এবং অবশ্যই খ্রিস্টান আইডিয়াও নয়, সম্পূর্ণরূপে গ্রিক এবং প্যাগান। লোকে যখন শান্তিপূর্ণ পৃথিবীর কথা বলে, তখন আমিও বলতে চাই, কিছু নির্দিষ্ট শর্তের মাধ্যমে সেটা করা সম্ভব, সেটা সম্ভব করে তোলাটাই একটা বিশাল যুদ্ধ। এখনো মাত্রাতিরিক্ত অশান্তি, অরাজকতা, অসুস্থতা ছড়িয়ে রয়েছে, আর আছে ব্যাপক ট্র্যাজেডি, মানুষকে যা আরও বহুদিন প্রত্যক্ষ করতে হবে, আরও বহুদিন দুঃখভোগ করতে হবে, আদিম কাল থেকে যা আমরা ভোগ করে আসছি। হতাশাবাদী হওয়ার মানে আমার কাছে, বাস্তববাদী হওয়া।

আমাদের সমস্ত দুঃখভোগ সত্ত্বেও, জীবন আমাদের স্বর্গীয় আনন্দ না দেওয়া সত্ত্বেও, জীবনকালে পৃথিবীতেই আমরা স্বর্গ সৃষ্টির আকাঙ্ক্ষা করি, মনে করি এই একটা জায়গা আছে থাকবার জন্য। মানুষ যে মহত্তম জিনিসটি উপহার হিসেবে পেয়েছে, তা হলো স্বাধীন ইচ্ছা, কিন্তু স্বাধীন ইচ্ছার ব্যবহারে আমরা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ স্বাধীন ইচ্ছাই আমাদের জন্য এক মহত্তম উপহার, জীবনকে চরম অর্থহীন করার বদলে একটু হলেও মূল্য প্রদান করে, আমাদের এই বেঁচে থাকাটাও সেই মূল্যের অন্তর্গত। যেখানে আমিও এক অর্থে নিয়তিবাদী লোক, আমিও এটা জানি যে আমরা যা চাই, যেখানে পৌঁছার আকাঙ্ক্ষা করি, তার আকার অনেক বিস্তৃত।     

ওয়াল্ট হুইটম্যান
ওয়াল্ট হুইটম্যান

ওয়াল্ট হুইটম্যান: পাখিদের গান

কতখানি সংগীত যে এখানে (বন্য, সহজ, আদিম, বিষণ্ণ, মধুর) বেজে চলেছে! চরাচরের সমস্ত পাখি আজ এখানে জড়ো হয়েছে, এই কনসার্টে। আমি দেখছিলাম তাদের গলার ভঙ্গি! গত আধঘণ্টা ধরে—যখন থেকে এ জায়গাটিতে এসে বসেছি—দেখছি, তুলোর মতো ঝরা পালকের দল ধীরে ধীরে নেমে আসছে ঝোপঝাড়ের ওপর। পালকগুলো নেমে আসছিল উড়ে উড়ে, অবিরাম। আমার মনে তখন অদ্ভুত স্পন্দময় শিস-ধ্বনির অনুভব, কেননা, খুব ছোট্ট একটা পাখি চকিতে দেখা গেল, মালবেরি-রাঙা পাখিটি ঝোপের চারপাশে চক্কর দিয়ে বসে পড়ল, একা হয়ে! মাথা, ডানা আর শরীর গাঢ় লাল, খুব উজ্জ্বলও নয়, গানও গাইছে না, যে গান এতক্ষণ শুনছিলাম। বিকেল ঠিক চারটার সময় জমকালো এক কনসার্ট আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এক ডজন নানা প্রকারের পাখি যেন প্রবল ইচ্ছাশক্তির বলে একসঙ্গে জড়ো হয়ে গেছে! হঠাৎ বৃষ্টি এসে তাদের ভিজিয়েও দিল, তবু উদ্দাম গান আর থামল না তাদের। এমনই যূথবদ্ধ তারা এই জীবনে। কেউ কাউকে ছেড়ে চলে যাবে না, কোথাও। তারপর আমি যখন ডোবার কাছটায় গাছের গুঁড়িতে এসে বসলাম, তখনো তাদের বহুল স্বরের কোরাস থামেনি। চোখে পড়ল সংগীত থেকে বিছিন্ন একটি খসে পড়া পালক। পালকটি এমনই নিঃসঙ্গ যে মনে হলো তার জানা নেই, জঙ্গলের ভেতরে উড়ে উড়ে কোথায় চলেছে। যেন জীবনের সমস্ত পরিক্রমা শেষে সে-ই একমাত্র একাকিত্বের গান গাইছে। মনে হচ্ছে, তার এই উড়ে যাওয়ার সঙ্গে একাকার হয়ে গেছে মানুষের জন্য পৃথিবীতে নিয়ে আসা ভালোবাসার গান, যে গান অনন্ত জীবনকালের; যার সাক্ষী এই চিরপ্রণম্য সময়!

সূত্র : ভিন্টেজ অ্যান্ড অ্যাংকর বুকস রিডিং সেন্টার ইন্টারভিউ, আলবেয়ার কামুর ডায়েরি, ‘নিউইয়র্ক ইনস্টিটিউট ফর দ্য হিউমিনিটিজ’-এ ইতালো কালভিনো প্রদত্ত ‘জেমস লেকচার’, দ্য নিউইয়র্ক রিভিউ অব বুকস, দ্য প্যারিস রিভিউ ইন্টারভিউ, ফিন্যান্সিয়াল টাইমস, ‘লা ভিদা দে গারসিয়া লোরকা, পোইয়েতা’ শিরোনামে হোশে লুনার প্রবন্ধের অংশবিশেষ, ফেদেরিকো গারসিয়া লোরকার গদ্য সংগ্রহ ‘গভীর গান এবং অন্যান্য প্রবন্ধ’; ‘দ্য ফ্রেগরেন্স অফ গোয়াবা: কনভার্সেশন উইথ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস’, নোটবুক: হোসে সারামাগো, স্পেসিম্যান ডেজ: ওয়াল্ট হুইটম্যান।