শ্রদ্ধা
দূরের মানুষ, আরও দূরে চলে গেলেন
জনপ্রিয় লেখক ও সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন আর নেই। একটি প্রজন্ম নয়, কয়েক প্রজন্ম ধরে যে লেখক শুধু পাঠকেরই নয়, লেখকদেরও স্বপ্ন হয়ে থাকবেন। জনপ্রিয়তম স্পাই সিরিজ ‘মাসুদ রানা’র স্রষ্টা তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা।
মামার বাসা থেকে এসে আমার আম্মা বললেন, তোর একটা চিঠি এসেছে।
আমার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। এখনো স্থায়ী ঠিকানা হিসেবে আমরা মামার বাড়ির ঠিকানা ব্যবহার করি। চিঠিপত্র এলে তাঁদের ঠিকানাতেই আসে। কিন্তু কে আমাকে চিঠি দেবে? জিজ্ঞেস করলাম, কার চিঠি?
আম্মা বললেন, জানি না। দেখ।
হলুদ রঙের পোস্টকার্ডটা হাতে নিই। প্রবল বিস্ময়ের সঙ্গে দেখি, চিঠিটি কাজী আনোয়ার হোসেনের। বিখ্যাত, বহুকাঙ্ক্ষিত কাজী আনোয়ার হোসেন। চিঠি মানে হলুদ পোস্টকার্ড। ‘রহস্য পত্রিকা’ থেকে এসেছে। ‘রহস্য পত্রিকা’র তখন রমরমা অবস্থা। পোস্টকার্ডটি উল্টে দেখি পেছনে লেখা: আপনার লেখাটি মনোনীত হয়েছে। যথাসময়ে প্রকাশিত হবে।
নিচে কাজী আনোয়ার হোসেনের সিগনেচার।
আমার তখন গা কাঁপছে। কাজী আনোয়ার হোসেন আমাকে লিখেছেন! কী আশ্চর্য! অবিশ্বাস্য!
কাজী আনোয়ার হোসেনের সঙ্গে আমার পরিচয় স্কুলজীবনে। আমি তখন একটি বেসরকারি পাঠাগারে স্বল্পকালীন কাজ করি। সেখানে অনেক দৈনিক পত্রিকা আর ম্যাগাজিন রাখা হয়। বেঁধেছেঁদে রাখার পাশাপাশি সেগুলোর নিয়মিত পাঠক আমি। ‘একমাত্র পাঠক’ ব্যবহার করতে পারলাম না। কারণ, আমাদের পাঠ্যাভ্যাস তখনো এতটা কমেনি। বিকেল পাঁচটা বাজলেই অনেকে চলে আসতেন; পত্রিকা, ম্যাগাজিন পড়তেন। লাল মলাটের খাতায় টুকে রেখে বই নিয়ে যেতেন বাড়িতে। যথাসময়ে সেগুলো ফেরত দিয়ে আবার নতুন বই।
তো পাঠাগারটিতে যত পত্রিকা আসত, সবচেয়ে আগ্রহ নিয়ে আমি পড়তাম ‘রহস্য পত্রিকা’। কারা লেখেন না তাতে—শেখ আবদুল হাকিম, রকিব হাসান, ধ্রুব এষ, ইসমাইল আরমান, কাজী মাহবুব হোসেন, রওশন জামিল, শওকত হোসেন এবং কখনো কখনো কাজী আনোয়ার হোসেন। নতুন কয়েকজনও লিখছেন নিয়মিত। সেই সাহসে ১৬ বছর বয়সী আমিও একটি লেখা পাঠিয়ে দিলাম ডাকে। লেখার সাথে একটি ‘ফেরত খাম’ পাঠাতে হয়, পাঠালাম। তারপর অবসানহীন অপেক্ষা।
সে অপেক্ষা যখন শেষ হলো, তখন আমার গা কাঁপছে। কান দিয়ে আক্ষরিক অর্থেই ধোঁয়া বেরোচ্ছে। বারবার সামনে নিয়ে পোস্টকার্ডটি পড়ি: আপনার লেখাটি মনোনীত হয়েছে। যথাসময়ে প্রকাশিত হবে।
সত্যি কাজী আনোয়ার হোসেন তো?
দুই
‘মাসুদ রানা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি।...আসুন, এই দুর্ধর্ষ, চিরনবীন যুবকটির সঙ্গে পরিচিত হই। সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে একটানে তুলে নিয়ে যাবে ও আমাদের স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে। আপনি আমন্ত্রিত।’
কাজী আনোয়ার হোসেনের নাম এলেই শুরুতে সামনে আসে মাসুদ রানা। বড়দের বই দেখে আমি বড় বয়সেই পড়েছি মাসুদ রানা। পড়ার পর নেশা হয়ে গেল। স্কুলেই দেখতাম আমার বন্ধু পাঠ্যবইয়ের ফাঁকে লুকিয়ে লুকিয়ে মাসুদ রানা পড়ছে। বিশেষ বিশেষ জায়গা বের করে সে পড়াত আমাদের। যারা গোল হয়ে পড়তাম, দুকান লাল হয়ে যেত একেকজনের।
আমরা সব সময় চরিত্রের সঙ্গে লেখককে গুলিয়ে ফেলি। একটু বড় হয়ে আমিও ফেলেছিলাম, কোমলে–কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর, দুর্ধর্ষ এবং ‘টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায়-অবিচার অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ-শিহরণ-ভয় আর মৃত্যুর হাতছানি’ লোকটি আসলেই মাসুদ রানা, নাকি কাজী আনোয়ার হোসেন? কাঁচা–পাকা ভুরুর মেজর জেনারেল রাহাত খান (অব.)–ই কাজী আনোয়ার হোসেন নয়তো? কিন্তু পরে যখন ‘ইসকুল বাড়ি’, ‘ক্লাস এইট’, ‘ছোট কুমার’ বা ‘ইতিকথা’ পড়ি—দেখি এই লেখকের ভেতরে আছে শুধু কোমল মন। একই সঙ্গে পড়েছি বিদ্যুৎ মিত্র বা শামসুদ্দীন নওয়াবের বই। অনেক পরে এসে জেনেছি, এই মানুষগুলোও আসলে একজন—কাজী আনোয়ার হোসেন, পাঠকের কাজীদা।
কাজী আনোয়ার হোসেনের সবচেয়ে বড় কৃতিত্ব সেগুন বাগান প্রকাশনী, পরবর্তীকালে সেবা প্রকাশনীর প্রতিষ্ঠা। নব্বই দশকে যখন সত্যিকার অর্থেই মানুষের হাতে হাতে ছিল বই, বাড়িতে গেলেও বই, সেখানে সেবা প্রকাশনীর একটি বইও থাকবে না—তা ভাবাই যায় না। তিন গোয়েন্দা, মাসুদ রানা, কুয়াশা সিরিজ, ওয়েস্টার্ন, সেবা রোমান্টিক—কী বের হয়নি সেখান থেকে। যেকোনো রুচির যেকোনো পাঠক তার পছন্দের বইটি খুঁজে পাবেন সেবা থেকে। সেবার সবচেয়ে বড় কার্যক্রম ছিল ক্ল্যাসিকগুলোর অনুবাদ। ঢাউস আকৃতির একেকটি বইকে ছোট আকারে এবং সহজ ও সাবলীল করে পাঠকের সামনে পরিবেশন করা হতো। কত ক্ল্যাসিক বই যে সেবার কল্যাণে পড়া হয়েছে!
তিন
কাজী আনোয়ার হোসেনের সবচেয়ে বড় কৃতিত্ব সেগুন বাগান প্রকাশনী, পরবর্তীকালে সেবা প্রকাশনীর প্রতিষ্ঠা। নব্বই দশকে যখন সত্যিকার অর্থেই মানুষের হাতে হাতে ছিল বই, বাড়িতে গেলেও বই, সেখানে সেবা প্রকাশনীর একটি বইও থাকবে না—তা ভাবাই যায় না। তিন গোয়েন্দা, মাসুদ রানা, কুয়াশা সিরিজ, ওয়েস্টার্ন, সেবা রোমান্টিক—কী বের হয়নি সেখান থেকে। যেকোনো রুচির যেকোনো পাঠক তার পছন্দের বইটি খুঁজে পাবেন সেবা থেকে। সেবার সবচেয়ে বড় কার্যক্রম ছিল ক্ল্যাসিকগুলোর অনুবাদ।
ঢাউস আকৃতির একেকটি বইকে ছোট আকারে এবং সহজ ও সাবলীল করে পাঠকের সামনে পরিবেশন করা হতো। কত ক্ল্যাসিক বই যে সেবার কল্যাণে পড়া হয়েছে!
প্রতিটি কাজের পেছনে হাত ছিল কাজী আনোয়ার হোসেনের। পরে আড্ডায় জেনেছি, লেখকদের কতভাবে শিখিয়ে–পড়িয়ে নিয়েছেন তিনি। তাঁর সম্পাদনার হাতও ছিল অনন্য। আমাদের সময়ের কাজী আনোয়ার হোসেন যেমন এই সময়ের কাজী আনোয়ার হোসেন নয়, তেমনি সেই কাজী আনোয়ার হোসেনও নয়, যিনি গান গাইতেন।
আর পাঠক তৈরি? পাঠক তৈরিতে কী করেননি কাজী আনোয়ার হোসেন? সেবার যেকোনো একটি বইয়ের পেছনে থাকত প্রকাশিতব্য আরও কয়েকটি বইয়ের বিজ্ঞাপন। সেগুলো এমনভাবে উপস্থাপন করা হতো যে পাঠক অধীর আগ্রহ নিয়ে বসে থাকতেন। বিজ্ঞাপনের আগে ছাপা হতো পাঠকের চিঠি। প্রতিটি বইয়ের পেছনে অনেক চিঠি। সে চিঠিগুলোতে পাওয়া যেত আরও ১০–১৫টি বইয়ের নাম। কোনটা না গিলে বেঁচে যাবে পাঠক?
কাজী আনোয়ার হোসেন ছিলেন লেখক তৈরির কারিগর। তিনি একের পর এক লেখক বানিয়েছেন। হুমায়ূন আহমেদকে দিয়ে লিখিয়েছেন ‘অমানুষ’। তাতে মন ভরেনি তাঁর। পরে একই গল্প নিয়ে নিজে লিখেছেন ‘অগ্নিপুরুষ’। মাসুদ রানার সে বই পড়লে কাঁদবে না, এমন মানুষ পাওয়া ভার। থ্রিলার পড়েও বুঝি পাঠক কাঁদে?
‘রহস্য পত্রিকা’র কথা না বললেই নয়। যুগের পর যুগ ধরে একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করে গেছেন—এটা অভাবনীয়। প্রতিটি লেখার জন্য লেখক রয়্যালটি পাচ্ছে; সেই লেখা আবার যখন সেবার কোনো গল্প সংকলনে যাচ্ছে, আবারও সম্মানী—এ যুগে এসে ভাবা যায়?
কাজী আনোয়ার হোসেন মানেই আঠারো বছরে প্রথম ঢাকায় পা রাখা এক তরুণের সেগুনবাগিচায় ঘুরঘুর করা। বিল নিয়ে আসা। আবার ঘুরঘুর করা। যদি কাজী আনোয়ার হোসেনের সাথে দেখা হয়। একটিবার যদি কথা বলা যায়।
কাজী আনোয়ার হোসেন অন্তরের ভেতরে থেকেই দূরে রয়ে গেলেন। আজ টের পেলাম, আর দেখা হবে না আমাদের। কোনো দিন না!