নাজিম হিকমতের শেষ নারী

তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমতের শেষ জীবনে এসেছিলেন এক নারী। সেই উথালপাথাল প্রেম পরিণতিও পেয়েছিল। আজ ৩ জুন ছিল নাজিম হিকমতের মৃত্যুদিন। এ উপলক্ষে জানা যাক এই কিংবদন্তি কবির শেষ প্রেমকাহিনি সম্পর্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিছু মানুষ উদ্ভিদ সম্পর্কে জানে, কেউ কেউ জানে মৎস্যের কথা
আমি জানি বিচ্ছেদ কাকে বলে।’

‘আত্মজীবনী’ শিরোনামের কবিতায় নাজিম হিকমত লিখেছেন নিজের সম্পর্কে সবটুকু। তুর্কি লেখক ও মনস্তাত্ত্বিক গুন্দুজ ভাসাফ লিখেছেন, তুরস্কের কবি নাজিম হিকমতের মাতৃভাষা যদি হতো এসপানোল, ফরাসি বা ইংরেজি, তাহলে শেক্‌সপিয়ারের মতো বিশ্বব্যাপী সমাদৃত হতেন তিনি। মানবজীবনের সব পরিস্থিতি ধরা পড়েছে তাঁর কবিতায়। ভাসাফ মনে করেন, তুর্কিরা ভাগ্যবান। কারণ, নাজিমের কবিতা মূল ভাষায় পড়তে পারছেন তাঁরা।

নাজিম হিকমতের প্রাপ্তবয়স্ক জীবনের অধিকাংশ সময় কেটেছে জেলে কিংবা নির্বাসনে। জন্মেছিলেন তুরস্কের অভিজাত অটোমান পরিবারে ১৯০২ সালে। মারা যান ১৯৬৩ সালের ৩ জুন।

নাজিমের জীবনের শেষ নারী ভেরা তুলিয়াকোভার সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ছিল ৩০ বছরের। পরিচয়ের সময় ভেরা ছিলেন বিবাহিত, এক কন্যার জননী। সে কথা জেনেও এই রাশান নারীর প্রতি তাঁর আগ্রহ ও আকর্ষণ বাড়তে থাকে। তাঁর সঙ্গে বেশি সময় কাটানোর জন্য একসঙ্গে নাটক লেখা শুরু করেন, যেখানে তিনি লেখেন বয়স্ক চরিত্রগুলো আর ভেরা অল্পবয়সীদের। অসংখ্য কবিতা লেখেন ভেরাকে নিয়ে, অজস্র চিঠি পাঠান পৃথিবীর নানা দেশের নানা শহর থেকে। প্যারিস যাওয়ার আগে ভেরার স্টুডিওতে ফোন করতেন দিনে ১০ বার। বাসার টেলিফোন কেউ না তুললে পড়শিদের বাড়ি ফোন করতেন ভেরা বাসায় ফিরেছেন কি না জানতে। তাঁর স্টুডিওতে যেতেন হাতভর্তি ফুল আর চকলেট নিয়ে। নাজিমের সঙ্গে শেষ কথোপকথন নামের বইতে এসব মধুর স্মৃতিকথা লিখেছেন ভেরা।

নাজিম হিকমত (১৫ জানুয়ারি ১৯০২-৩ জুন ১৯৬৩)
ছবি: সংগৃহীত

ভেরার আগে নাজিম যাঁকে ভালোবাসতেন, তাঁর নাম মুনেভভার। ইস্তাম্বুলের মুনেভভার আর মস্কোর ভেরাকে একই সঙ্গে ভালোবাসার কথা লিখেছেন ‘দুই প্রেম’ শিরোনামের কবিতায়। বলছেন, ‘আমার দুই প্রেমিকা হাসছে আর কাঁদছে দুই ভাষায়’, বলছেন, ‘এক হৃদয়ে দুই প্রেম থাকতে পারে না/ কী ভীষণ মিথ্যা।’ মুনেভভারের আগের নারী গ্যালিনার সঙ্গে সবচেয়ে বেশি দিন ছিলেন তিনি, প্রায় আট বছর। তুলনায় ভেরাকে পেয়েছেন জীবনের শেষ কয়েকটি বছরমাত্র।

ভেরাকে বিয়ে করার অদম্য আকাঙ্ক্ষায় তাঁকে সম্পন্ন করতে হয় গ্যালিনা কোলেসনিকোভার সঙ্গে বিচ্ছেদপ্রক্রিয়াও। ১৯৬০ সালের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গ্যালিনাকে ত্যাগ করার সময় তিনি দুজনের একত্রে উপার্জিত সব সম্পত্তি গ্যালিনাকে দিয়ে দেন, যার মধ্যে ছিল গৃহস্থালি সব জিনিস, ১৯৫৭ মডেলের ভোলগা লিমুজিন, দেড় হাজার বই, ১৩টি চিত্রকর্ম, ২টি টেলিভিশন সেট, ১টি রেডিও, রেকর্ড প্লেয়ার আর টেপ রেকর্ডার, টাইপরাইটার, অ্যাকুয়ারিয়াম, রুপার কাটলারি, সেলাইমেশিন—সবকিছু মিলিয়ে প্রায় ৯০ হাজার রুবল মূল্যমানের সম্পদ। তখন বিদায়ী চিঠিতে তিনি লেখেন গ্যালিনাকে, ‘স্বামী হিসেবে তোমাকে ত্যাগ করছি, কিন্তু সারা জীবন তোমার বন্ধু হিসেবে থেকে যাব, সে তুমি চাও বা না চাও।’

নাজিম ও ভেরার যুগল জীবন শুরু হয় ১৯৬০-এর মার্চে। ভেরা তখনো তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেননি। তাঁকে নিয়ে শঙ্কা আর ভয়, প্রবল অধিকারবোধ আর আগ্রাসী ভালোবাসার তীব্রতায় ভেরা বাধ্য হন স্বামীকে তালাক দিতে। অবশেষে ১৯৬০ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন দুজন।

নাজিমের সঙ্গে শেষ কথোপকথন বইটিতে ভেরা তুলিয়াকোভা যে আলাপগুলো লিপিবদ্ধ করেছেন, সেগুলো কিন্তু বাস্তবের আলাপ নয়। নাজিমের মৃত্যুর পর ভেরা রোজ যেতেন তাঁর সমাধিতে, মনে মনে কথা বলতেন কবির সঙ্গে, অন্তিম বিচ্ছেদের ব্যথা ভুলতে মৃত স্বামীর সঙ্গেই আলাপ করতেন একসঙ্গে কাটানো নাজিমের জীবনের শেষ বছরগুলো নিয়ে, তাঁর সঙ্গে সব মধুর সময়ের স্মৃতিচারণা করতেন কাল্পনিক সংলাপে। এসব সংলাপ লিপিবদ্ধ হয়েছে এ বইয়ে এবং অবশ্যই তা রুশ ভাষায়। কারণ, ভেরা তুর্কি জানতেন না।

নাজিম আর ভেরার উথালপাতাল প্রণয় প্রমাণ করে প্রেমের জন্য বয়স কখনো বাধা হয় না। নাজিমের ভাষ্যে, জেলে কাটানো ১৭ বছর তাঁর মানসপটে যে এক বিমূর্ত নারীরূপ কল্পনা তিনি করতেন, সেই নারীরই মূর্ত রূপ ভেরা, কল্পনার সেই নারীই বাস্তব হয়ে রক্তমাংসের ভেরা হিসেবে আবির্ভূত হয়েছেন তাঁর সামনে। এ সম্পর্কের শুরু থেকেই তাঁরা জানতেন এর পরিণতি হবে বেদনার, বিয়োগাত্মক এবং বিদায় সমাসন্ন। কেননা, কবির বয়স তখন প্রায় ৬০। আর দীর্ঘ কারাবাসের ফলে স্বাস্থ্যের অবস্থাও ভালো নয়। তবুও তাঁর উদ্দাম প্রেম সব বাধাকে তুচ্ছ করেছে, ভেরাও নিজের চেয়ে ৩০ বছরের বড়, প্রাকৃতিক নিয়মেই তাঁর বহু আগে পৃথিবী ছেড়ে বিদায় নেবেন, পুরুষের জন্য ত্যাগ করেছেন সংসার।

নাজিম হিকমতকে অনেকে বলেছেন আশার কবি, অনেকে বলেছেন রোমান্টিক বিপ্লবী, কেউবা তাঁকে মনে করেন স্বপ্নদ্রষ্টা, এক ইউটোপিয়ান সমাজতন্ত্রের, এক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখতেন তিনি, যে জন্য ইস্তাম্বুলের কমিউনিস্ট পার্টির গতানুগতিক রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তাঁর মেলেনি। ভেরার সঙ্গে তাঁর প্রণয়ের অংশটুকু, যা আসলে তাঁর জীবনের শেষ অংশ, সম্পর্কে জানলে এ কথা বোঝা যায় যে আশা আর স্বপ্ন নিয়েই তিনি বাঁচতেন। যে কারণে জেল থেকে বেরিয়ে তাঁর প্রথম কথা ছিল, ‘জীবন সুন্দর, ভাই’, এই নামে একটি আত্মজৈবনিক উপন্যাসও লিখেছেন নাজিম হিকমত।