বাংলার দুই মহাপ্লাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রদ্বীপের মহাপ্লাবনে সলিল সমাধি ঘটেছিল বাকলার জমিদার জগদানন্দ রায়ের। শিল্পীর চোখে সেই দৃশ্য
চন্দ্রদ্বীপের মহাপ্লাবনে সলিল সমাধি ঘটেছিল বাকলার জমিদার জগদানন্দ রায়ের। শিল্পীর চোখে সেই দৃশ্য
>আজ থেকে অনেক অনেক দিন আগে বাঙালি ভেসে গিয়েছিল দুটি মহাপ্লাবনে। লিখতে হয়েছিল পুরো বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি এবং প্রাণিবৈচিত্র্যের নতুন ইতিহাস। দেশের বিভিন্ন স্থানে একটানা বর্ষণের ফলে আবার পাওয়া যাচ্ছে বন্যার আভাস। এর কিছুদিন আগেই বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল। এ বাস্তবতায় বন্যাজনিত বাংলার দুটি দুর্যোগের দিকে ফিরে তাকানো যাক আবার।

চলছে বর্ষাকাল। এই একুশ শতকে এখনো আমাদের সহ্য করতে হচ্ছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। বন্যা-ঝড়-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস এই বাংলা অঞ্চলের জন্য নতুন কোনো ঘটনা নয়। শত শত বছর ধরে বাংলাদেশে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা-প্লাবন-নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। তারপরেও বাঙালি ঘুরে দাঁড়িয়েছে প্রচণ্ড আত্মপ্রত্যয় ও সাহস নিয়ে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, অন্তত দুবার বন্যা-জলোচ্ছ্বাস ‘মহাপ্লাবনে’র মতো পুরো বাংলা অঞ্চলকে বিপর্যস্ত করে তুলেছিল। প্রাণ ও প্রকৃতির ওপর নেমে এসেছিল চরম দুর্দিন। তারপরও ঘুরে দাঁড়িয়েছিল মানুষ, নতুন করে নদী ও ভূপ্রকৃতির ইতিহাস লিখেছিল দৃঢ়ভাবে, শুরু করেছিল জীবনের নতুন জয়গান। এই দুটি প্লাবনের একটি হয়েছিল দক্ষিণাঞ্চলে, ১৫৮৫ সালে। অন্যটি ঘটেছিল তার ২০২ বছর পর উত্তরাঞ্চলে, ১৭৮৭ সালে।

চন্দ্রদ্বীপের মহাপ্লাবন
ষোড়শ শতকে বর্তমান বৃহত্তর বরিশাল পরিচিত ছিল ‘বাকলা’ নামে। অবশ্য এটি ‘চন্দ্রদ্বীপ’ নামেও পরিচিতি পেয়েছে। এই বাকলা বা চন্দ্রদ্বীপসহ পুরো দক্ষিণাঞ্চলে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ঠিক কতবার সামুদ্রিক জলোচ্ছ্বাস আঘাত হেনেছে, তার সঠিক তথ্য পাওয়া যায় না।প্রাচীন সেসব তথ্যের রেকর্ড আমাদের হাতে না থাকলেও ১৫৮৫ সালে বৃহত্তর বরিশালের দক্ষিণ-পূর্বাংশে হয়ে যাওয়া সামুদ্রিক জলোচ্ছ্বাসের ভয়াবহতম ঘটনাটির কথা আমরা জানি। এ সময় বাকলার জমিদার ছিলেন জগদানন্দ রায়। ১৫৮৫ সাল ছিল সম্রাট আকবরের রাজত্বের ২৯তম বছর। সে বছরই ঘটেছিল বাংলার ইতিহাসের ভয়াবহতম প্লাবনের ঘটনাটি।

বেলা ৩টা। বাকলার রাজা জগদানন্দ রায় সে সময়ে তাঁর রাজধানী কচুয়ায় নিজ প্রাসাদে চিত্তবিনোদনে মগ্ন ছিলেন। এ সময় ভয়ংকর এক সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রাসাদের কাছের তেঁতুলিয়া বা ইলিশা নদীর পানি ফুলে-ফেঁপে প্রচণ্ড গতিতে ধেয়ে আসতে থাকে। প্রকৃতির এই হঠাৎ রূপ পরিবর্তনে হতবুদ্ধি হয়ে পড়েন রাজা। এ সময় আত্মরক্ষার অন্য কোনো উপায় না পেয়ে নৌকায় উঠেও তিনি প্রাণ রক্ষা করতে পারেননি। নৌকাসহ তেঁতুলিয়া নদীতে তাঁর সলিল সমাধি ঘটে। রাজপুত্র কন্দর্প নারায়ণ বেশ কয়েকজন অমাত্য-পারিষদসহ মন্দিরের উঁচু চূড়ায় উঠে কোনো রকমে প্রাণ রক্ষা করেন। প্রলয়ংকরী সে জলোচ্ছ্বাসে মানুষসহ প্রায় দুই লাখ প্রাণীর প্রাণহানি ঘটেছিল। (আবুল ফজল আল্লামি, ইংরেজি অনুবাদ: গ্লাডুইন, আইন-ই-আকবরী, পৃ. ৩০৪)।

বর্তমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া মৌজার কাছে কচুয়া নামক জায়গায় ছিল বাকলা বা চন্দ্রদ্বীপের জমিদারদের রাজধানী। তেঁতুলিয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত কচুয়া সে সময়ের একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে স্বীকৃত ছিল। বর্তমানে নদীভাঙনে এই কচুয়ার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। প্রখ্যাত ঐতিহাসিক এবং বাকেরগঞ্জ জেলার ইতিহাস রচনাকারী হেনরি বিভারিজ ১৮৭৪ সালের শেষ দিকে কচুয়া পরিদর্শন করে সেখানকার ঐতিহাসিক দোতলা মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন। রাজবাড়ীর অন্যান্য দালানকোঠাও তাঁর দৃষ্টিগোচর হয়েছিল।

তিস্তার মহাপ্লাবন এবং নতুন প্রবাহ যমুনা
যমুনা নামে বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলা ও আসামে সর্বমোট নদী রয়েছে ৭টি। এগুলোর মধ্যে ব্রহ্মপুত্রের শাখা বর্তমান যমুনা নদীর সৃষ্টি নিকট অতীতে। নতুন এই নদীটি সৃষ্টির ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের নদীপ্রবাহে এসেছে ব্যাপক পরিবর্তন। পাশাপাশি এই অঞ্চলের স্থলভূমিরও পরিবর্তন ঘটে গেছে নদ-নদীগুলোর গতি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। এ ছাড়া ধ্বংস হয়ে গেছে অসংখ্য সমৃদ্ধ জনপদ, নগর ও বন্দর। ব্যবসা-বাণিজ্যসহ বিপুলসংখ্যক মানুষের পেশা ও জীবিকার পরিবর্তন ঘটেছে। মোট কথা, ১৭৮৭ সালে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ করে তিস্তা অববাহিকায় গত এক হাজার বছরের মধ্যে সংঘটিত ভয়াবহতম বন্যা ও প্লাবনে তিস্তা নদীর গতিপথের পরিবর্তন ঘটে। এর ফলে যমুনা নদীর সৃষ্টিসহ ব্রহ্মপুত্র, করতোয়া, পুনর্ভবা, আত্রাই—এসব নদ-নদীর মৃত্যু দশা এবং সবশেষে পদ্মার গতিপথ পরিবর্তন ইত্যাদি ঘটনা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে। বাংলার ভূপ্রকৃতিগত এই যে বিশাল পরিবর্তন, এর পেছনে প্রকৃতির বিরূপ প্রভাব কাজ করেছিল জটিলভাবে।

আইন-ই-আকবরী ও দ্য ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ বইয়ের প্রচ্ছদ
আইন-ই-আকবরী ও দ্য ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ বইয়ের প্রচ্ছদ

অনেক বিশেষজ্ঞের মতে, ১৭৮৭ সালের পরে বাংলায় ভৌগোলিক পরিবর্তনের মূল কারণ হলো ভূমিকম্প। তবে সরকারি তথ্য ও রেকর্ড বলছে, আসল কারণ হলো অতি বৃষ্টি। এর ফলে তিস্তা নদীতে যে ভয়াবহ প্লাবন দেখা দেয়, সেটি শেষ পর্যন্ত বাংলার বিভিন্ন অঞ্চলের নদ-নদীর গতিপথে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। শুধু তা-ই নয়, বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, ঢাকাসহ ফরিদপুর এবং বরিশাল জেলার বিভিন্ন অংশে ভৌগোলিক পরিবর্তন ঘটেছে একই কারণে। ঘটনার সূত্রপাত ১৭৮৭ সালের ২৬ মার্চ। এ দিন থেকে শুরু হয়েছিল মৌসুমি বৃষ্টিপাত, স্বাভাবিকভাবে যা শুরু হওয়ার কথা জুন মাস থেকে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারসহ সমগ্র ডুয়ার্স এলাকা, সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুরের অধিকাংশ জায়গাজুড়ে ২৬ মার্চ থেকে শুরু হওয়া বৃষ্টি অবিরাম ধারায় চলতে থাকে একটানা পাঁচ মাস। অবশেষে ১৭৮৭ সালের মধ্য জুলাইয়ে সাময়িকভাবে বৃষ্টি থেমে যায়। এর ফলে পুরো এলাকার কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রংপুর জেলার চাষিরা যেটুকু বীজ নিজেদের সংগ্রহে রেখেছিলেন, সেটুকু ছিটিয়ে দিলেন দীর্ঘ বৃষ্টির পর সদ্য জেগে ওঠা ভূমিতে। কিন্তু প্রকৃতি এতটাই আগ্রাসী যে সবে গজানো ধানের চারার বেড়ে ওঠার সুযোগই দিল না। ১ আগস্ট থেকে পুনরায় বৃষ্টি শুরু হলো। ইতিমধ্যে তিস্তা ফুলে-ফেঁপে দুই কূল প্লাবিত করেছে একাধিকবার। এবার তিস্তা দেখা দেয় আরও ভয়াবহ রূপে। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে প্রবল বেগে ধেয়ে আসা বিপুল পরিমাণ জলরাশি নিমেষেই প্লাবিত করে বৃহত্তর রংপুরের বিস্তীর্ণ সমতলভূমি। বৃষ্টিপাত চলছিলই। তিস্তার জলরাশির সঙ্গে উত্তরের পাহাড়ি ভূমি থেকে প্রবল স্রোতের টানে নেমে আসে লাখ লাখ টন পাথর খণ্ডসহ বালু-কাদা-পলি।

মেজর জেমস রেনেলের সময় থেকেই তিস্তার মূল প্রবাহপথটি ছিল জলপাইগুড়ি জেলা অতিক্রম করে রংপুর জেলায় প্রবেশের পথ। এরপর তিস্তা দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে দিনাজপুর জেলায় প্রবেশের পর আত্রাই-করতোয়াও পুনর্ভবার ধারায় বিলীন হয়ে শেষ পর্যন্ত গঙ্গা বা পদ্মার ধারায় মিশে যেত। ১৭৮৭ সালের ২৬ মার্চ থেকে শুরু হয়ে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একনাগাড়ে চলা অবিরাম বর্ষণ মাত্র কয়েক দিনের জন্য বিরতি নেয়। এরপর ১ আগস্ট থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টিতে তিস্তার আগের গতিপথের হিসাব গেল পাল্টে। ১৭৮৭ সালের ২৭ আগস্ট বৃহত্তর রংপুর ও জলপাইগুড়ি জেলার লাখ লাখ অসহায় মানুষের জন্য দিনটি ছিল খুবই ভয়ংকর। প্রকৃতির এই এক দিনের তাণ্ডবে রংপুরের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন। উজানের বিশাল জলরাশি তিস্তা ধারণ করতে পারেনি। তিস্তার ধারণক্ষমতার চেয়েও প্রবাহ ছিল কয়েকগুণ বেশি। বিপুল পরিমাণ জলরাশির সঙ্গে লাখ লাখ টন নুড়িপাথর, বালু ও পলি বয়ে এনে তিস্তা ঢেলে দিল আত্রাই, করতোয়া ও পুনর্ভবার মুখে। এতে বালিয়াড়ির সৃষ্টি হলো এবং এই নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হলো। তিস্তা বিপুল পরিমাণ জলরাশি নিয়ে দক্ষিণ-পূর্বমুখী নতুন পথে যাত্রা শুরু করল। নতুন পথ তৈরি হলো ডিমলা, জলঢাকা, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, উলিপুর, চিলমারী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অসংখ্য স্থায়ী জনপদ, প্রাচীন নৌবন্দর, হাট, গঞ্জ ও শহর বিলীন করে। এতে লাখ লাখ গবাদিপশুসহ অসহায় মানুষ বন্যার তাণ্ডবে মৃত্যুমুখে পতিত হলো। রংপুর জেলার তখনকার মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ ১৭৮৭ সালের মহাপ্লাবনে প্রাণ দেয়।

ঘটনার সময় রংপুর জেলার কালেক্টর ছিলেন ডে হার্ট ম্যাকডোয়াল। তিনি একাধিকবার রংপুরের পরিস্থিতি চিঠি লিখে জানান কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত বোর্ড অব রেভিনিউয়ের তখনকার প্রেসিডেন্ট জন শোর-এর কাছে। সেই চিঠিপত্র এবং তিস্তার মহাপ্লাবনসংক্রান্ত ঘটনার বিস্তারিত বর্ণনা লেখা রয়েছে ই জি গ্লেজিয়ার সম্পাদিত অ্যা রিপোর্ট অন দ্য ডিস্ট্রিক্ট অব রংপুর, ১৮৭৩ নামের বইয়ে।

তিস্তার প্রবল স্রোত নতুন পথে ধাবিত হয়ে ব্রহ্মপুত্রে পতিত হয়। স্রোতের সঙ্গে বহন করে আনা বালু-কাদা ব্রহ্মপুত্রের ময়মনসিংহগামী মূল স্রোতের মুখে পলি ও বালুর স্তর ফেলতে থাকে। এভাবে উত্তরে আসাম থেকে প্রবাহিত হওয়া মূল ব্রহ্মপুত্র এবং তিস্তার বহনকৃত বিপুল জলরাশি একত্র হয়ে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্রের মুখে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ দিকে পথ খুঁজতে থাকে। সে সময়ে মানস, সলঙ্গী, জেনাই, দাওকোবা ইত্যাদি বেশ কয়েকটি ছোট আকারের প্রবাহ গাইবান্ধা, বগুড়া, জামালপুর—এসব এলাকা দিয়ে প্রবাহিত হতো। ব্রহ্মপুত্র ও তিস্তার একত্র বিশাল জলরাশি ধীরে ধীরে সে নদীগুলোর প্রবাহপথ দখল করে এবং যমুনা নামে নতুন একটি নদী সৃষ্টি করে আরও দক্ষিণে এগিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত পাবনা ও মানিকগঞ্জের সীমানায় বাইশ কোদালিয়া নামক জায়গায় এসে পদ্মার সঙ্গে মিশে যায়। নতুন প্রবাহ যমুনা ফুলছড়ি ও বাহাদুরাবাদ থেকে বাইশ কোদালিয়া পর্যন্ত নতুন পথ তৈরি করতে সময় নিয়েছিল ৩০ বছর। বাইশ কোদালিয়ার কাছে গোয়ালন্দ পদ্মা-যমুনার মিলনস্থল। এখানে যমুনা পদ্মার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। চাঁদপুরের সামান্য উজানে এসে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। গোয়ালন্দ থেকে চাঁদপুর পর্যন্ত পদ্মার বর্তমান প্রবাহ পথটিও ইদানীংকালের। যমুনা পদ্মার সঙ্গে সংযুক্ত হওয়ার পর পদ্মা এই নতুন পথ ধরে এখন অবধি প্রবহমান। পূর্বে পদ্মা প্রবাহিত হতো ফরিদপুর শহরের পশ্চিম দিক দিয়ে। এরপরে কিছুকাল ভুবনেশ্বর নদ ছিল পদ্মার প্রবাহপথ। ১৮১৫ থেকে ১৮২০ সালের মধ্যে যমুনা নদী এর বর্তমান প্রবাহপথ ধরে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। মিলিত স্রোত পদ্মা নামের নতুন পথ বেছে নেওয়ার সময়ে অসংখ্য প্রাচীন কীর্তি বিনাশ করতে করতে এগিয়েছে। এভাবেই পদ্মা ‘কীর্তিনাশা’ নামে অভিহিত হয়েছে।

সূত্র: আবুল ফজল আল্লামি, আইন-ই-আকবরী, ইংরেজি অনুবাদ গ্লাডউইন, পৃ. ৩০৪, হেনরি বিভারিজ, দ্য ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ, ইটস হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস, লন্ডন, ১৮৭৬, পৃ. ১৩, জে সি জ্যাক, বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, বাকেরগঞ্জ, ক্যালকাটা, ১৯১৪, পৃ. ৫৯-৬০, ই জি. গ্লাইজিয়া, আ রিপোর্ট অন দ্য ডিস্ট্রিক্ট রংপুর, ক্যালকাটা, ১৮৭৩, পৃ. ২৪-২৭, ৭৫-৮৪, শ্রী বৃন্দাবন চন্দ্র পূততুন্ড, চন্দ্রদ্বীপের ইতিহাস, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, বরিশাল ১৩২০, বঙ্গাব্দ পৃ. ১৯, ১২, রোহিনী কুমার সেন, বাকলা, ১৯১৫, পৃ. ৫৯, ৬০ ও মাহবুব সিদ্দিকী, ব্রহ্মপুত্র নদ, ঢাকা, মধ্যমা, ২০১৯, পৃ. ১৪০-১৫৫।