মার্কেসের শেষ দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও মার্সিডিস বার্সার সঙ্গে তাঁদের দুই ছেলে গঞ্জালো ও রদ্রিগো
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দুপুর। ১৭ এপ্রিল ২০১৪। মেহিকো শহর। দোতলায় একটি ঘরে বিছানায় শুয়ে আছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। নার্স ও একান্ত সচিবের মুখ উদ্বিগ্ন। নিচতলায় বসে আড্ডা দিচ্ছিলেন মার্কেসের দুই ছেলে আর তাঁদের মা মার্সিডিস বার্সা। বড় ছেলে দোতলায় গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। লক্ষ করলেন, বাবার সচিব ও নার্স তাঁকে ডাকছেন। নার্সই খবরটা প্রথম দিলেন, তাঁর হৃৎস্পন্দন বন্ধ হয়েছে। তখন বাকিরাও ছুটে এলেন দোতলায়। তখন মৃত মার্কেসের মুখ তোয়ালে দিয়ে বন্ধ করছিলেন নার্স। এর মধ্যে ছেলেদের মা বলে উঠলেন, ‘হচ্ছে না। আরও ভালোভাবে জড়িয়ে দাও।’ সঙ্গে সঙ্গে কান্না—কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে! কিছুক্ষণ পর বারান্দায় গিয়ে বার্সা সিগারেট ধরালেন। যদিও তখন তিনি ক্যানসার আক্রান্ত।

দিনটা ছিল চমৎকার। কয়েক ঘণ্টা আগে একটি পাখি উড়তে গিয়ে বাড়ির পেছনের কাচের দেয়ালে আঘাত পেয়ে সোফার ওপর মরে পড়ে ছিল। ঠিক যে স্থানে বসে থাকতেন মার্কেস।

সদ্য প্রকাশিত বইয়ে এই সব স্মৃতিকথা লিখেছেন মার্কেসের চলচ্চিত্রকার পুত্র রদ্রিগো গার্সিয়া। মার্কেসের বড় ছেলে তিনি। প্রকাশনা সংস্থা হারপারকলিন্স থেকে এ বছরই বেরিয়েছে বইটি। এই বই মূলত মার্কেস ও তাঁর স্ত্রী মার্সিডিস বার্সার শেষ দিনগুলোর স্মৃতিচারণা। নাম আ ফেয়ারওয়েল টু গাবো অ্যান্ড মার্সিডিজ, আ সন্স মেমোয়ার অব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস অ্যান্ড মার্সিডিস বার্সা।

এই যে বাবা মারা গেলেন। ছেলের হঠাৎ মনে পড়ে গেল, এই ঘটনার প্রায় ৫০ বছর আগে লেখা শত বছরের নিঃসঙ্গতার একটি ঘটনা। চমৎকার এক বৃহস্পতিবার দুপুরে উরসুলা মারা যায়। সেদিনও একটা পাখি কাচের দেয়ালে উড়তে গিয়ে বেডরুমে মরে পড়ে ছিল। ফলে জাদুবাস্তবতার যে কল্পিত জগৎ মার্কেস নিজের লেখায় তৈরি করেছিলেন, তিনি সেই জগতের বাসিন্দাও ছিলেন।

স্মৃতি ছিল মার্কেসের লেখার গুরুত্বপূর্ণ একটি উপাদান। তিনি বলেছেন, ‘স্মৃতি হচ্ছে আমার লেখার টুল ও র ম্যাটেরিয়াল। আমি এটা ছাড়া কিচ্ছু করতে পারি না।’ সেই স্মৃতিই তিনি একসময় হারিয়ে ফেলেন। মজা করে ছেলেকে বলেছিলেন, ‘আমি স্মৃতি হারিয়েছি। কিন্তু সৌভাগ্য যে স্মৃতি হারানোটা আমি ভুলেই গিয়েছি।’ মাকোন্দো গ্রামের মানুষ যে স্মৃতি খোয়ানোর রোগে ভুগত, সেই আলঝেইমার্সে লেখক নিজেই কুপোকাত হলেন। পরিস্থিতি এত জটিল হয়ে উঠল যে ছেলেদের চিনতে পারতেন না। স্ত্রীকেও মনে করতে পারতেন না।

শেষ বয়সে একদিন বাগানে পায়চারি করছিলেন নোবেলজয়ী এ লেখক। সচিবকে তিনি জিজ্ঞাসা করলেন, এটা কোথায়?

‘আপনার বাড়ি’, সচিবের কাছে এ উত্তর শোনার পর মার্কেসের বিস্ময় আর কাটে না, ‘হতেই পারে না। আমি বাড়ি যাব। দাদুর পাশে শুয়ে ঘুমাব।’

সদ্য প্রকাশিত আ ফেয়ারওয়েল টু গাবো অ্যান্ড মার্সিডিজ: আ সন্স মেমোয়ার অব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস অ্যান্ড মার্সিডিস বার্সা–এর প্রচ্ছদ

অথচ এই মানুষই একসময় দুচোখ বন্ধ করে টানা পঁয়তাল্লিশ মিনিট স্মৃতি থেকে কবিতা শোনাতে পারতেন। প্রতিদিন সকাল নয়টায় বসতেন লেখার টেবিলে। দুপুর আড়াইটা পর্যন্ত চলত। এ সময় তাঁর সঙ্গে কথা বলা ছিল বারণ। দরকার পড়লে চিরকুট লিখে চুপি চুপি দিয়ে আসতে হতো।

জীবদ্দশায় মার্কেস মৃত্যুকে পারতপক্ষে এড়িয়ে গেছেন। মৃত ব্যক্তিদের শেষকৃত্যে যেতেন না। মেহিকোর ফাইন আর্টস প্যালেসে তাঁর স্মরণসভায় বার্সা পরিচিতজনদের সতর্ক করেন—কেউ যেন কাঁদে না। রাষ্ট্রপতি এনরিক পেনা নিয়েতো লেখকের স্ত্রীকে ‘বিধবা’ বলে সমবেদনা জানিয়েছিলেন। এই ‘বিধবা’ শব্দটি মেনে নিতে পারেননি বার্সা। প্রথম যে সাংবাদিক তাঁর সঙ্গে দেখা করতে আসেন, তাঁকে তিনি অকপট বলেন, ‘যত শিগগির সম্ভব, বিয়ে করব। আমি বিধবা নই। আমি আমিই।’

১৫ আগস্ট ২০২০। কিছুক্ষণ পর বার্সা শ্বাসকষ্টে মারা যাবেন। অক্সিজেন চলছে। ফাঁকে ফাঁকে তিনি সিগারেট টানছেন। এর মধ্যে ছেলে রদ্রিগোকে সতর্ক করছেন, ‘অক্সিজেনের সুইচ বন্ধ কোরো না। আমি ঠিকই ফিরে আসব।’

না, আর ফেরেননি মার্কেসের স্ত্রী।

মার্কেস বলতেন, মানুষের তিনটি জীবন। প্রকাশ্য, ব্যক্তিগত ও গোপন। মার্কেস যে বাঁ চোখে দেখতে পান না, এটা তাঁর ছেলে প্রথম শুনেছিলেন ৫০ বছর পর।

মার্কেস আর বার্সার শেষ দিনগুলো নিয়ে যে বই তাঁদের ছেলে রদ্রিগো লিখেছেন, সেখানে এমন টুকরো টুকরো অনেক গোপনই ফাঁস করেছেন। কেন তিনি এমন করলেন? বাবা রদ্রিগোকে বলেছিলেন, ‘যখন আমি থাকব না, তোমার যা ইচ্ছা কোরো।’

মধ্যাহ্নভোজের টেবিলে মার্কেস ছেলেদের একবার বলেছিলেন, অষ্টাদশ শতাব্দীর রাশিয়ান ক্ল্যাসিকের মতো তিনি একটা বই লিখতে পেরেছেন। সেই ব্যক্তিই শেষ জীবনে তাঁর বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন এই ভয়ে যে এগুলো শেষে তাঁকে লজ্জায় ফেলে না দেয়।

নিজের সাহিত্যিক জীবনী লেখেননি মার্কেস। লিভিং টু টেল দ্য টেইল হলো লেখক হওয়ার আগপর্যন্ত তাঁর জীবনকাহিনি। কিন্তু গার্সিয়া মার্কেসের লেখকজীবনের ঘটনাগুলো জানতে তাঁর ছেলের এই বইয়ের কাছে পাঠককে দ্বারস্থ হতেই হবে।

সূত্র: লিটহাব ডটকম, ওপেন দ্য ম্যাগাজিন ডটকম ও এনওয়াইটাইমস ডটকম